বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্পের ঐতিহ্য ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। মঙ্গলবার ভারতের নয়াদিল্লির লালকেল্লায় এক অধিবেশনে ইউনেসকোর রিপ্রেজেন্টেটিভ লিস্ট অব ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটিতে (আইসিএইচ) আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে এটি। বাংলাদেশের ষষ্ঠ আইসিএইচ উপাদান হিসেবে টাঙ্গাইল বয়নশিল্প চূড়ান্তভাবে তালিকাভুক্ত হলো। দেশের জন্য এটি পরম গৌরবের। এর আগে ২০০৮ সালে বাউলসংগীত, ২০১৩ সালে ঐতিহ্যবাহী জামদানি বয়নশিল্প, ২০১৬ সালে পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে ঐতিহ্যবাহী শীতলপাটি বয়নশিল্প, ২০২৩ সালে রিকশা ও রিকশা পেইন্টিং তালিকাভুক্ত হয়। ২০২৩ সাল পর্যন্ত প্রতিবছর এই স্বীকৃতি দেওয়া হতো।

এর পর থেকে দুই বছর অন্তর এই স্বীকৃতি দেওয়া হচ্ছে।\r\nটাঙ্গাইলে প্রজন্মান্তরে হস্তচালিত তাঁতে শাড়ি বয়নের কৌশল শুধু কারুশিল্প নয়, বরং একটি সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যও। স্থানীয় কারিগরদের শ্রম, রং, নকশা, কৌশল আর সৃজনশীল নৈপুণ্যের সমন্বয়ে প্রতীয়মান হয় এর শিল্পরূপ। এই পরম্পরাগত বয়নশিল্পকে বাংলাদেশের বস্ত্রসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন বিশেষজ্ঞরা।\r\nউল্লেখ্য, জামদানি ২০১৩ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে প্রথম ঐতিহ্যবাহী বয়নশিল্প হিসেবে ইউনেসকোর আইসিএইচের তালিকাভুক্তির পর ২০১৬ সালে ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা পায়। এবার হয়েছে তার উল্টো। গত বছর টাঙ্গাইল শাড়ি ভৌগোলিক নির্দেশক পণ্যের মর্যাদা পাওয়ার পরই পেল এই স্বীকৃতি।

ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ বা বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হলো সেই সব জ্ঞান, দক্ষতা, প্রথা, আচরণ ও শিল্প-অনুশীলন, যা কোনো সমাজ ও সম্প্রদায় পরম্পরাগতভাবে টিকিয়ে রাখে।\r\nইউনেসকোর আইসিএইচের তালিকার বিশেষত্ব হলো এটি কোনো দেশের বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি ও মর্যাদা দেয়। তালিকাভুক্ত হলে কয়েকটি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়। যেমন- ১. বৈশ্বিক স্বীকৃতি: ঐতিহ্যের সাংস্কৃতিক গুরুত্ব আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়। ২. সম্প্রদায় ও শিল্পীদের মর্যাদা বৃদ্ধি: স্থানীয় কারিগর বা অনুশীলনকারীরা দক্ষতার মূল্যায়ন পান। \r\nআশা করা যায়, আন্তর্জাতিক মানচিত্রে টাঙ্গাইল শাড়ির অবস্থান আরও শক্তিশালী হবে; বাজার চাহিদা বৃদ্ধির সম্ভাবনা বাড়বে এবং তরুণ প্রজন্মের মধ্যে ঐতিহ্যগত বয়নশিল্প শেখার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। পাশাপাশি সরকারের জন্য সংরক্ষণমূলক নীতি প্রণয়ন, প্রশিক্ষণকেন্দ্র স্থাপন ও ভৌগোলিক নির্দেশক সুরক্ষা জোরদার করার সুযোগ তৈরি হবে। অবশ্য ইউনেসকোর তালিকাভুক্তি কোনো অর্থনৈতিক সহায়তার নিশ্চয়তা নয়; বরং এটি সুযোগ ও সক্ষমতা তৈরির ভিত্তি।\r\nঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ততকালীন বঙ্গের টাঙ্গাইলের বসাক সম্প্রদায়ের তাঁতিরা টাঙ্গাইল শাড়ি বুনতেন। টাঙ্গাইল শাড়ি এখন শুধু একটি পোশাক নয়, এটি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক, যা বিশ্ব দরবারে দেশের ঐতিহ্যকে তুলে ধরছে।