ঢাকায় সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৫ সম্মেলন সদ্য সমাপ্ত হলো। এতে বিশ্বের ৮৫ দেশের ২০০ আলোচকসহ ৩০০ ডেলিগেট ও ১ হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। সম্মেলনের প্রথম দিন এককভাবে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট অর্থনীতিবিদ সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বাংলাদেশকে সর্বউন্নত দেশের (এলডিসি) সুরক্ষিত খোলস থেকে বেরিয়ে আসতে হবে। উল্লেখ্য, সম্প্রতি এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পরবর্তী সুবিধা-অসুবিধা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিভিন্ন মহলে।
সরকারের নীতিনির্ধাকরাও এ নিয়ে দোটানায় রয়েছেন বলে প্রতীয়মান হয়। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার ধরে রাখার পুরনো চিন্তাধারারও সমালোচনা করেন তিনি। এ সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের তৈরি পোশাকের বাজার ৮০০ কোটি ডলারের মতো। কিন্তু রাজনৈতিক কারণে বাজারটি ক্রমেই অনিশ্চিত হয়ে পড়ছে। এই অনিশ্চয়তা অর্থনীতির কারণে নয়। সে অবস্থায় বাংলাদেশকে বর্তমানে পশ্চিমমুখী নয়, পূর্বমুখী নীতি গ্রহণ করতে হবে। ইতোমধ্যে বিশ্বব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে ক্রমেই। এক সময় সারাবিশ্ব পশ্চিমের শাসনে থাকলেও এখন ক্রমশ চলে যাচ্ছে পূর্বদিকে। সামগ্রিক বিচারে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের শ্রেষ্ঠ জিডিপি হলেও চীন অনেকেটাই ওপরে উঠে এসেছে। দ্রুত এগিয়ে যাচ্ছে ভারতও। বর্তমানে দক্ষিণের দেশগুলোর প্রধান বাণিজ্যিক অংশীদার চীন। বৈশ্বিক পুুঁজির বড় একটি অংশ সরবরাহ করছে চীন। অনেক দেশ ইতোমধ্যে চীনের বাজারে প্রবেশ করেছে এবং চীনা পুঁজি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে।
কিন্তু বাংলাদেশ তার নিকটবর্তী দুটি বড় দেশ চীন ও ভারতের বাজার ব্যবহার করতে পারেনি। বাংলাদেশের নীতি নির্ধাকরদের এক্ষেত্রে আরও বেশি গতিশীল হতে হবে। এর পাশাপাশি বেসরকারি খাততে হবে আরও উদ্ভাবনী শক্তি সম্পন্ন। যে বাজারে পুঁজি সবচেয়ে বেশি সহজলভ্য এবং সেখানে দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধির সম্ভাবনা আছে বাংলাদেশের সেদিকে যাওয়া উচিত বলে মনে করেন রেহমান সোবহান। পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে তিনি বলেন, এই দেশগুলো শুল্ক আরোপ এবং প্রযুক্তির রপ্তানিতে সীমাবদ্ধাতা আরোপ করে ক্ষয়িষ্ণু অর্থনৈতির প্রাধান্য ধরে রাখার চেষ্টা করছে। এগুলোর সঙ্গে বাজার অর্থনীতির সম্পর্ক নেই। এই নীতির দীর্ঘস্থায়িত্বও নেই। ফলে পশ্চিমের দেশগুলো সুরক্ষাবাদী নীতির মাধ্যমে খুব বেশি এগোতে পারবে না উন্মুক্ত বাজার হিসেবে নির্ভরযোগ্যতা বজায় রাখতে। ফলে তাদের আধিপত্য ক্রমেই হ্রাস পাবে। মনে রাখতে হবে, বর্তমানে চীন প্রায় ৭০টি দেশের প্রধান বাণিজ্যিক অংশীদার। অথচ যুক্তরাষ্ট্রের প্রভাব মূলত পশ্চিম ইউরোপ এবং কিছু ছোট ক্যারিবীয় দেশের মধ্যে। এই পরিস্থিতিতে পশ্চিমমুখী নীতির পরিবের্ত পূর্বমুখী নীতির প্রতি ক্রমেই ঝুঁকে পড়ছে বিশ্ব বাজার ব্যবস্থা।
