বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের বিতর্কটা বেশ জমে উঠেছে। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রায় শতভাগ পাসের কৃতিত্ব নেওয়া হয়েছিল অসৎ পন্থায়। অর্থাৎ ছেলেমেয়েরা মন দিয়ে লেখাপড়া করছে; শিক্ষাক্ষেত্রে কোনো সমস্যা নেই– এটা বোঝানোর জন্যই পরীক্ষার খাতায় নম্বর বেশি দিয়ে পাসের হার বাড়ানো হতো। অন্যদিকে এ বছর এইচএসসি পরীক্ষায় ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে অর্ধেক ফেল করলেও এবং তা ২২ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার হলেও এটাকে প্রকৃত ফল বলছেন শিক্ষামন্ত্রীসহ শিক্ষাসংশ্লিষ্ট বিশিষ্টজনরা। তারা মনে করেন, এটাই বাস্তবতা।

কিন্তু এ কেমন বাস্তবতা? যারা পাস করেছে তারা তো বেঁচে গেল। যারা ফেল করল তাদের কী হবে? পরিস্থিতির দায় কি শুধুই তাদের? যারা শ্রেণিকক্ষে পড়ান, সেই শিক্ষক বা বিদ্যমান শিক্ষাব্যবস্থার কি কোনো দায় নেই?

এবারের এসএসসি পরীক্ষায়ও ফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে। সারাদেশে প্রায় ৩০০ স্কুলে একজন শিক্ষার্থীও পাস করেনি। এইচএসসিতে কৃতকার্য শিক্ষার্থীশূন্য কলেজের সংখ্যা ২৯৬। কী অবাক কাণ্ড! একটি শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও বোর্ডের পরীক্ষায় পাস করল না, অথচ শিক্ষাপ্রতিষ্ঠানটি টিকে আছে।

নিঃসন্দেহে দেশে অনেক ভালো শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তবে অন্যেরা খারাপ কেন? শিক্ষা দান করে যে প্রতিষ্ঠান, তা খারাপ হলে চলবে কী করে? একই বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের ঘটনা ঘটল। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিখন পদ্ধতির ঘাটতি, মোবাইল ফোনের প্রতি শিক্ষার্থীদের অতিমাত্রায় আসক্তি, অভিভাবকদের উদাসীনতা বোর্ডের পরীক্ষায় ফল বিপর্যয়ের মূল কারণ। তার মানে কারণ শনাক্ত করা গেছে। এবার কি তাহলে অসুখ সারানোর পদক্ষেপ দেখতে পাব?

আমার সাংবাদিকতা জীবনের প্রায় ৪০ বছর পার হতে চলল। একটানা ১৯ বছর দৈনিক ইত্তেফাকে কাজ করেছি। ২০০১ সালের নির্বাচনে জিতে ক্ষমতাসীন বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারে বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। তখন বোর্ডের পরীক্ষায় নকলের বেশ দৌরাত্ম্য ছিল। বোর্ডের পরীক্ষা দেখার জন্য মাননীয় প্রতিমন্ত্রী শিক্ষা বিটে কর্মরত সাংবাদিকদের দেশের একটি জেলা শহরের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যান। সেখানে গিয়ে দেখলাম, পরীক্ষাকেন্দ্রের পেছনে মই বেয়ে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করা হচ্ছে। একজন বৃদ্ধকে দেখলাম রুদ্ধশ্বাসে পরীক্ষার হলের দিকে দৌড়াচ্ছেন। তাঁকে

থামিয়ে জানতে চাইলাম, এভাবে দৌড়াচ্ছেন কেন? আপনার হাতে কী? বৃদ্ধ ভয়ে ভয়ে উত্তর দিলেন– নকল। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি বাবা হয়ে সন্তানকে নকল সরবরাহ করছেন? বৃদ্ধের অসহায় উত্তর– বাবা, আমার তো কেউ নাই। কে আমার ছেলেকে নকল পৌঁছায়া দিবে?

ভাবুন একবার; পরীক্ষায় নকল প্রবণতা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল! এখন সেই অর্থে পরীক্ষায় নকল হয় না। কিন্তু পরীক্ষায় পাসের চেয়ে ফেলের সংখ্যা বেশি। সেই ৪০ বছর আগে থেকে দেখে আসছি, দেশে ইংরেজি এবং অঙ্কে দক্ষ শিক্ষক-শিক্ষিকার বড়ই অভাব। এবার এ ক্ষেত্রে যুক্ত হয়েছে তথ্যপ্রযুক্তি। ইংরেজি ও তথ্যপ্রযুক্তিতে ভালো না করার কারণে এবার এইচএসসিতে পাসের হার ২২ বছরের মধ্যে কম হয়েছে। কী সাংঘাতিক ব্যাপার! ইংরেজি আর তথ্যপ্রযুক্তি জ্ঞান না থাকলে আমাদের ছেলেমেয়েরা বিশ্বের সঙ্গে কোনোভাবেই তাল মেলাতে পারবে না। প্রকৃত বাস্তবতা হলো, আমাদের দেশে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে অঙ্ক, ইংরেজি ও তথ্যপ্রযুক্তির জন্য দক্ষ শিক্ষক নেই। ‘যার কাজ তার সাজে’ বলে কথা আছে। অথচ বাস্তবতা হলো, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিহাস অথবা ভূগোলের শিক্ষক অনেকটা বাধ্য হয়ে ইংরেজি অথবা অঙ্কের ক্লাস নেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে লাইব্রেরিয়ানকেও অঙ্ক, ইংরেজির ক্লাস নিতে দেখা যায়। এটাই বাস্তবতা। তাহলে আমাদের ছেলেমেয়েরা প্রকৃত শিক্ষা পাবে কীভাবে?

শিক্ষামন্ত্রী শিখন পদ্ধতির ঘাটতির কথা; শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনে আসক্তির কথা বলেছেন। এ ক্ষেত্রে স্কুল-কলেজ কর্তৃপক্ষের পাশাপাশি অভিভাবকদেরও দায় আছে। এমনও দেখা যায়, সন্তানের একটি ফোনই যথেষ্ট। অথচ অনেক বাবা-মা তার আদুরে সন্তানকে দামি স্মার্টফোন কিনে দেন এবং এ নিয়ে অন্যদের কাছে গর্ব করেন। কিন্তু দামি স্মার্টফোন সন্তানকে আসলে কোন শিক্ষা দিচ্ছে; তার জন্য কোন ভবিষ্যৎ তৈরি করছে– এ নিয়ে অনেক অভিভাবক সচেতন নন। ছেলেমেয়েরা পরীক্ষায় ভালো না করলে তারা স্কুল অথবা কলেজ কর্তৃপক্ষের প্রতি অভিযোগের আঙুল তোলেন। অন্যদিকে শিক্ষকরা অভিভাবকদের দোষারোপ করতে ছাড়েন না।

এইচএসসির ক্ষেত্রে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে। শিক্ষামন্ত্রী বলেছেন, আমরা পরীক্ষার্থীদের জন্য আরেকটি সুযোগ দিতে চাই। ভালো সিদ্ধান্ত। এদিকে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের সুযোগ দেওয়া হয়েছিল। এর ফলে উল্লেখযোগ্য সংখ্যক ফেল করা পরীক্ষার্থী পাস করেছে। ফলে এ কথা বলাই যায়; পুনর্মূল্যায়নের পর বেশি নম্বর যারা পেয়েছে, তাদের খাতা আগে যে শিক্ষক দেখেছেন তাদের সিদ্ধান্তে নিশ্চয় ভুল ছিল। এই ভুলের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে?

শিক্ষাই জাতির মেরুদণ্ড– এ কথা আমরা প্রায় সবাই জোর দিয়ে বলি। কিন্তু বোর্ডের পরীক্ষায় শোচনীয় ফল বিপর্যয় কোন মেরুদণ্ডের কথা বলে? যে যা-ই বলুক, আসল কথা হলো শিখন পদ্ধতির ঘাটতি দূর করা না গেলে শিক্ষার মানের উন্নয়ন ঘটানো যাবে না। শিখন পদ্ধতির ঘাটতি দূর করার জন্য বিষয়ভিত্তিক মেধাবী শিক্ষক দরকার। আমরা কি আদৌ সেই পথে হাঁটছি?

রেজানুর রহমান: কথাসাহিত্যিক, নাট্যকার; সম্পাদক, আনন্দ আলো