‘নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। নির্বাচনের পর সবাই মিলে একটি নতুন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন।’Ñ জাতির উদ্দ্যেশ্যে এমন হৃদয়স্পর্ষী অমীয় বাণী দিয়েছেন নোবেলজয়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্বাধীনতার অর্ধশতাব্দীকালে আমরা বাংলাদেশের প্রতিটি নির্বাচনের সময় দেখে এসেছি, কেন্দ্র দখল করে ব্যালট পেপার ছিনতাই ও খুন খারাপির মতো অপসংস্কৃতি। প্রতিবারের মতো এবারও নির্বাচনী ফল সামনে রেখে মানুষের মধ্যে এক অদৃশ্য অনুভূতি কাজ করছে।
প্রত্যাশা, শঙ্কা-আতঙ্ক, স্মৃতি ও ভবিষ্যতের হিসাব-নিকাশÑ সব মিলিয়ে জাতি দাঁড়িয়ে আছে এক চরম সন্ধিক্ষণে। যদিও এবারের বিষয়টি ব্যতিক্রম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর হ্যাঁ-না এর গণভোটÑ এই দ্বৈত সিদ্ধান্তের প্রাক্কালে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ সেই সন্ধিক্ষণের গুরুত্বই আমাদের মনে করিয়ে দেয়। আমরা মনে করি, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার ছিল সরব। আমরা এও মনে করি, এই ভোট শুধু সরকার গঠনের নয়, দীর্ঘ বঞ্চনার জবাব দেওয়ারও এক অনন্য হাতিয়ার। ইতিহাসের দায় কাঁধে নিয়েই মানুষ ভোট কেন্দ্রে গিয়েছে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। এ নির্বাচনে ১২.৭৭ কোটি ভোটারের মধ্যে ৪.৫৭ মিলিয়ন তরুণ-জেনজি, যারা প্রথমবারের মতো ভোট দিয়েছে।
এই তরুণরাই চব্বিশের জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থানে দেড় হাজার তাজাপ্রাণের শাহাদাতের বিনিময়ে ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছে। আমরা দৃঢ়চিত্তে বিশ্বাস করি, ফলাফল যা-ই হোক, একটি সত্য অস্বীকার করার উপায় নেই যে, গণতন্ত্রের শক্তি কেবল ব্যালটের বাক্সে সীমাবদ্ধ নয়। গণতন্ত্র টিকে থাকে সুশাসনে, জবাবদিহিতায়, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর অবস্থানের মাধ্যমে। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২৫’-এ বাংলাদেশের অবস্থানের এক ধাপ অবনতি হয়ে ১৩তম হয়েছে। যদিও স্কোর এক পয়েন্ট বেড়ে ২৪ হয়েছে, তবু বৈশ্বিক তালিকায় অবস্থানের এই অবনতি আগামীর নতুন সরকারের জন্য সতর্কবার্তা। জনগণের মনে প্রশ্ন জাগতে পারে, তবে কি আমরা দুর্নীতির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি? এই প্রশ্ন কোন মামুলি প্রশ্ন নয়, এটি রাষ্ট্রের নৈতিক ভিত্তি টিকিয়ে রাখার প্রশ্ন। নির্বাচন যতই অবাধ, সুষ্ঠু ও প্রযুক্তিনির্ভর হোক, যদি রাষ্ট্রযন্ত্রের ভেতরে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পায়, তবে জনগণের প্রত্যাশা কোনোদিনই পূরণ হবে না।
ভোট দিয়ে মানুষ যে আস্থা প্রকাশ করে, তা টিকিয়ে রাখতে হলে নতুন সরকার যে-ই আসুক প্রথম দিন থেকেই তাদের ইশতেহারে প্রদর্শিত দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে হবে। প্রশাসন, বিচারব্যবস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীÑ সবখানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না হলে গণভোটের অঙ্গীকারও কাগুজে বাঘ হিসেবেই থাকবে। ফলাফল যা-ই হোক, বিজয়ী ও পরাজিত উভয়ের জন্যই এটি আত্মসমালোচনার সময়। রাজনীতি যদি কেবল ক্ষমতার পালাবদলে সীমাবদ্ধ থাকে, তবে জাতির কাক্সিক্ষত বন্দোবস্ত কখনই আলোর মুখ দেখবে না। গণ-অভ্যুত্থানের চেতনা, জুলাই সনদের প্রতিশ্রুতি, তরুণদের স্বপ্নÑএসব তখনই অর্থবহ হবে, যখন রাষ্ট্র দুর্নীতির সংস্কৃতি ভেঙে একটি ন্যায়ভিত্তিক সমাজ কাঠামো গড়ে তুলবে। ভোটের ফলাফল যা-ই হোক, বাংলাদেশকে এগোতে হবে সুশাসনের পথে। কারণ, শেষ পর্যন্ত ইতিহাস বিজয়ীকে নয়, ন্যায়কে মনে রাখে।
