বোরো, রবিশস্য ও আলুর আবাদের ভরা মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ন্যায্যমূল্যে সার না পাওয়ায় কৃষকের দুশ্চিন্তা ও দুর্ভোগ বেড়েছে। ডিলারদের কাছ থেকে সার কিনতে গেলেও সরকারি দামে ডিএপি, টিএসপি এবং এমওপি সার বাধ্য হয়ে কৃষককে কিনতে হচ্ছে চড়া দামে। এতে স্বভাবতই কৃষিপণ্যের দাম বৃদ্ধি পাবে আগামীতে। একই সঙ্গে বেড়ে যাবে চাষাবাদের খরচও। প্রতি বস্তা ডিএপি সার সরকারি দামের চেয়ে বেশি দামে পাওয়া যাচ্ছে ১৩০০ থেকে ১৪০০ টাকায়। টিএসপি সারের বরাদ্দ শেষ হয়ে যাওয়ার অজুহাতে প্রতি বস্তা পাওয়া যাচ্ছে ১৬৫০ থেকে ১৮০০ টাকায়। এছাড়া ইউরিয়া এবং এমওপি সারের দামও বেশি। এ বিষয়ে কৃষি অর্থনীতি বিষয়ক গবেষক মোজাম্মেল হোসেন বলেন, প্রধানত তিনটি কারণে বাড়ছে সারের দাম। প্রথমত কৃষকের জন্য সারের বরাদ্দ পর্যাপ্ত নয়।

দ্বিতীয়ত, ডিলার পর্যায়ে অনিয়ম ও অবৈধ মজুত। তৃতীয়ত, পুকুরে ও জলাশয়ে মাছ চাষের জন্য ইউরিয়া ও টিএসপি সারের প্রয়োগ হচ্ছে। এই সংকটের দ্রুত সমাধানের জন্য প্রয়োজন ডিজিটাল সিস্টেম চালু, হঠাৎ পরিদর্শন বাড়ানো এবং কৃষকের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করে। \r\nআশার কথা এই যে, কৃষকদের মানসম্মত সার ন্যায্য দামে সরবরাহ নিশ্চিতে এবং অসাধু ডিলারদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য নতুন আইন করতে যাচ্ছে সরকার। এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সার ব্যবস্থাপনা আইন-২০২৫-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত আইনে সারের অবৈধ মজুত ও ব্যবসা এবং সারে ভেজাল দেওয়ার অপরাধে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে।

আইনটির যে কোনো বিধান লঙ্ঘনের জন্য কোনো ব্যক্তি এই অপরাধে দোষী সাব্যস্ত হলে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও দশ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। নতুন এই আইনটি বাস্তবায়িত হলে কৃষকের সার প্রাপ্তি সহজ হবে এবং এর ফলে তারা উপকৃত হবেন বলেই প্রত্যাশা। \r\nঅতীতে যে বা যারা রাজনৈতিক বিবেচনা অথবা অনিয়মের মাধ্যমে ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন, তারাই মূলত সারের দাম বৃদ্ধির জন্য দায়ী। যে কারণে সরকার সার নীতিমালা সংশোধনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসির) বর্তমানে ৭ হাজার ১৫০ জন ডিলার রয়েছে। তাদের মধ্যে বিআইডিসি অনুমোদিত ডিলার ৫ হাজার ২২ জন এবং বিসিআইসির ২ হাজার ২৮ জন। এখানেই ঘটেছে যত অনিয়ম ও অব্যবস্থাপনা। অনেকে একাই ৭-৮টি লাইসেন্স নিয়েছেন। অনেকে অনিয়মের আশ্রয়ে ডিলারশিপ নিয়ে বর্তমানে রয়েছেন পলাতক। ফলে সরবরাহকৃত সার তুলছেন না। পড়ে রয়েছে গুদামে। ফলে সারের কৃত্রিম সংকটসহ ডিলারদের কারসাজি চলছে নানাভাবে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে সরকারকে।