ঢাকা শহরে বসবাসকারী মানুষের তুলনায় একেবারে সংকীর্ণ ও অপ্রতুল যে ফুটপাত বা পথচারী হাঁটার রাস্তা আছে, তা হকার বা চা-সিগারেটের দোকানের দখলে। সমস্ত ফুটপাত হয়ত ফাস্টফুড, না হলে ভ্যানে করে বিক্রিরত ভাজাপোড়া, চা-নাস্তা, ফল-ফলাদি, কাপড়চোপড়, গৃহস্থালির টুকিটাকি, সবজি এমনকি কিছু খাবার হোটেলসহ নানাবিধ স্থায়ী অথবা অস্থায়ী দোকানে পরিপূর্ণ। কোনো কোনো ক্ষেত্রে পুরো ফুটপাতের উপরে এসব দোকান স্থায়ীভাবে বসে গেছে। আবার কিছু কিছু ভ্যান জাতীয় গাড়িতে করে রাস্তার উপর বসিয়ে ফুটপাতের দিকে মুখ করে পুরোদমে বেচাবিক্রি চলছে। এসব ফুটপাত দিয়ে হাঁটার সময় মনে হয় এগুলো কি আসলেই পথচারীদের জন্য নির্মিত হয়েছিল নাকি এসব হকারদের জন্য? এমনিতেই অধিকাংশ ফুটপাতের বর্তমান চিত্র হচ্ছে, কোথাও ফুটপাত আছে আবার কোথাও নেই। নামেমাত্র যেসব ফুটপাত আছে, তার অধিকাংশই হকারের দখলে। বরাবরই এসকল ফুটপাত যে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে যাচ্ছে, সেটা দেখার কেউ নেই বলে প্রতীয়মান হয়। ছোট ছোট দোকান, নির্মাণ সামগ্রী, ব্যবসা সামগ্রী আর হকারদের ঠেলে পথচারীরা নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছে। আবার কোথাও কোথাও পাশের দোকানের পণ্যসামগ্রী ফুটপাত দখল করে দোকানের সামনে এমনভাবে রাখা হয় যেটা দেখে যেকারোরই মনে হবে যেন, ফুটপাত ঐ দোকানীর নিজের সম্পত্তি। এখন প্রশ্ন হচ্ছে, এসব ফুটপাতে ব্যবসা বা খাবার বিক্রয় কেন করবে? কাদের কথামত এসব ফুটপাত দখল করে হকার বসেছে বা স্থায়ী-অস্থায়ী দোকান বসেছে? অবশ্য এসব প্রশ্নের উত্তরের জন্য খুব বেশি বেগ পেতে হয়নি।
একটু বিস্তারিত ভাবেই বলি। মাঝেমধ্যেই অফিসের ফাঁকে চা-নাস্তা খেতে বাইরে বের হই। এই চায়ের দোকানগুলো সবই ফুটপাত দখল করে তাদের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তো সেদিন কথার এক ফাঁকে চা বিক্রেতাকে জিজ্ঞাসা করলাম এখানে দোকান দিলে কাউকে ভাড়া দিতে হয় কিনা। উত্তরে চা দোকানীর থেকে যে তথ্য পেলাম, সেটাতে চক্ষু চড়ক গাছে ওঠার মত অবস্থা হল। তার ভ্যান সদৃশ একটা দোকান থেকে মাসে নাকি ১২ হাজার টাকা চাঁদা দেওয়া লাগে। কাদের চাঁদা দেয় জানতে চাইলে জানা গেল, এলাকার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাদের এই চাঁদা দেওয়া লাগে। তবে এই তথ্য আগে থেকে জানা ছিল যে ফুটপাত দখলের জন্য দেশে এমন বহু ক্ষমতাধর ব্যক্তিবর্গ আছে, যারা সরকারি সম্পত্তি অন্যের কাছে ইজারা দিয়ে সেখান থেকে নিয়মিত হারে ভাড়া বা চাঁদা নেয়। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে এসব চাঁদা আদায়কারীদের হাতও বদল হয়। কিন্তু সেই চাঁদার পরিমাণ যে এত বেশি, সেই সম্পর্কে বিস্তর ধারণা ছিলনা। এসব তথ্য শোনার পরে পরিষ্কার হলাম যে, আশপাশের এসব ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান থেকে মোটা অঙ্কের চাঁদা একটা গ্রুপ প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে। যদিও বিষয়টি এখন আর গোপন নেই। কেননা, দেশের সব শহরে এমন ফুটপাত দখল করে যেমন বিভিন্ন দোকান, অবৈধ স্থাপনা গড়ে উঠছে সেখান থেকে যে রাজনৈতিক নেতৃবৃন্দের নেতারা মোটা অঙ্কের বাণিজ্য গড়ে তুলেছে সেটা সকলের জানা। বিভিন্ন সময়ে বিভিন্ন দৈনিকে এসব নিয়ে নানান প্রতিবেদনও তৈরি হয়েছে কিন্তু তাতে ফলপ্রসূ তেমন কোন পরিবর্তন দেখা যায়নি।
সম্প্রতি দেখলাম ঢাকা মেডিকেল এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে বসেছে অন্তত ৫০০ দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে চা, সিগারেট, ফল, খাবার, ডাব, পান, শরবত, গৃহস্থলির টুকিটাকি জিনিস যেমনঃ বালিশ, কাথা, কম্বল, বিছানা, থালা, গ্লাসসহ অসংখ্য জিনিস। মূলত ঢাকা মেডিকেলে আসা রোগী ও তাদের স্বজনদের ঘিরেই চলে তাদের ব্যবসা। সামান্য এদিক সেদিক ছাড়া দেশের অন্যান্য সকল সরকারি এবং বেসরকারি মেডিকেলের চিত্রও প্রায় একই রকম। এসকল অস্থায়ী দোকান থেকে মোটা অঙ্কের চাঁদা নেয় কিছু সুবিধাবাদী লোকেরা। ফুটপাত দখল করে গড়ে ওঠা এসকল অস্থায়ী দোকান পাঠ একদিকে যেমন জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে চাঁদাবাজদের রমরমা বাণিজ্যে প্রত্যক্ষভাবে সাহায্য করছে। ফুটপাতে ভাসমান এসব ব্যবসায়ী, হকার, অবৈধ পার্কিং ইত্যাদি কারণে ব্যস্ততম রাস্তাগুলোতে দিনের বেশির ভাগ সময় লেগে থাকে যানজট। ভুক্তভোগী জনগণ যেন মেনেই নিয়েছে এই পরিস্থিতিকে। সম্প্রতি দেখলাম প্রশাসন ফুটপাত দখলমুক্ত করতে বেশ কার্যকর ভূমিকা নিয়েছে। অনেক এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়েছে। ফলস্বরূপ, রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত হয়ে জনমনে স্বস্তি ফিরেছে। নির্বিঘেœ চলাচল করতে পারছেন পথচারীরা। কমেছে যানজট। চিরচেনা শহরের চিত্র যেন হঠাৎই বদলে গেছে। রাস্তা দখল করে স্থায়ী দোকানগুলো কোথাও কোথাও সরু গলিতে সারিবদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু কোন কোন এলাকায় উচ্ছেদের কয়েক ঘণ্টা পরেই দোকান বসানো হয়েছে প্রভাবশালীদের সহযোগিতায়।
তবে ফুটপাত দখলমুক্ত রাখতে সিটি কর্পোরেশন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানা যায়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের মানুষের যাতায়াত সহজ করতে এবং রাস্তায় শৃঙ্খলা বজায় রাখতে এই সমন্বিত উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলিস্তান। গুলিস্তানের চারপাশের ফুটপাত ও সড়ক আগে যেখানে ছিলো হকারদের দোকানপাট, ক্রেতাদের ভিড় এবং পথচারীদের চলাচলে বাধা। ঢাকার যে কোনো দিকে গাড়িতে গুলিস্তান পাড়ি দিতে ঘণ্টার পর ঘন্টা সময় লেগে যেত। ভিড়ের মধ্যে ছিলো ছিনতাই ও পকেটমার আতঙ্ক। শুধু গুলিস্তান নয়, রাজধানীর নিউমার্কেট, মগবাজার, বাংলামটর, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আনন্দবাজার, বঙ্গবাজার, পান্থপথ, গ্রিন রোড, দৈনিক বাংলা, ফকিরাপুল, নাইটিঙ্গেল মোড়, খিলগাঁও ক্রসিং, মালিবাগ রেলগেট, ফার্মগেট, ইন্দিরা রোড ও কারওয়ান বাজার এলাকায় ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। নগরবাসী এরই মধ্যেই এই উদ্যোগকে প্রশংসা করেছেন। তবে ডিএমপি ট্রাফিক পুলিশ ও ম্যাজিস্ট্রেটের দাবি, তাদের উচ্ছেদ অভিযান কার্যকর হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম শুরু করা হয়েছে। ঢাকার সড়কে দুর্ঘটনায় নিহতদের অর্ধেকেরও বেশি পথচারী। তাই পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে দ্রুত সময়ে নগরবাসীর জন্য নিরাপদ চলাচলের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে। প্রশাসনের এই উদ্যোগ সত্যিই প্রশংসানীয়। তবে শুধুমাত্র রাজধানী নয় দেশের সকল বিভাগীয় শহর থেকে শুরু করে জেলা শহরগুলোর অবস্থাও প্রায় একইরকম। সেই বিষয়েও প্রশাসনের কঠোর হতে হবে। ফুটপাতে ব্যবসা করে একটি বড় সংখ্যার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে। তাদের বিষয়টিও মাথায় রাখতে হবে। প্রয়োজনে পার্শ্ববর্তী কোন উন্নত দেশের দিকে নজর দেওয়া যেতে পারে। ফুটপাত মুক্ত রাখতে ঐ সকল দেশ কি ব্যবস্থা নেয় সেই বিষয়ে ভেবে দেখতে পারে। উদাহরণস্বরূপ, চীনের দিকে নজর দেওয়া যেতে পারে। এই বিষয়ে বাস্তব অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় ভাগাভাগি করতে চাই।
চীনে দীর্ঘ ৪ বছরের থাকার অভিজ্ঞতায় কখনো চোখে পড়েনি সেখানে ফুটপাত দখল করে কোন হকার বা দোকান বসেছে। কারণ, চীনে ফুটপাতে হকারদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য বেশ কিছু কার্যকর পদ্ধতি অনুসরণ করা হয়, যার ফলে সাধারণ মানুষের চলাচলে খুব একটা বিঘœ ঘটে না। চীনের শহর ব্যবস্থাপনায় ফুটপাত দখলমুক্ত রাখা এবং হকারদের সুশৃঙ্খলভাবে পরিচালনা জন্য অত্যন্ত পরিকল্পিত এবং প্রযুক্তিনির্ভর পদ্ধতি অনুসরণ করে। এর মূল ভিত্তি হলো কঠোর আইন প্রয়োগ এবং বিকল্প কর্মসংস্থানের সমন্বয়। তবে এটি বলা ঠিক হবেনা যে, চীনের ফুটপাতে কখনোই হকার থাকে না। বরং হকারদের জন্য নির্দিষ্ট স্থান ও সময় বরাদ্দ করা থাকে। একটু পরিস্কার করে বললে এমনটি দাঁড়ায় যে, চীনের শহরগুলোতে হকারদের জন্য আলাদা ‘স্ট্রিট ভেন্ডিং জোন’ বা নির্দিষ্ট এলাকা ঠিক করে দেওয়া থাকে। সেখানে তারা বৈধভাবে ব্যবসা করতে পারে, যার ফলে সাধারণ পথচারীদের হাঁটার পথে কোনো সমস্যা হয় না। অনেক শহরে হকারদের বসার জন্য নির্দিষ্ট সময় (যেমন, রাত ৮টার পর) নির্ধারণ করা থাকে। এতে দিনের ব্যস্ত সময়ে ফুটপাত সম্পূর্ণ ফাঁকা থাকে।
ফুটপাত দখলমুক্ত রাখতে চীনা কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর। প্রতিটি রাস্তায় সিসিটিভি ক্যামেরা এবং ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হয়। আইন অমান্য করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। শহর ব্যবস্থাপনা বা শৃঙ্খলার জন্য চীনে পুলিশ ছাড়াও ‘চেনগুয়ান’ নামক একটি বিশেষ আইন প্রয়োগকারী সংস্থা কাজ করে। যাদের মূল কাজই হলো শহরের সৌন্দর্য রক্ষা, ফুটপাত বা রাস্তা দখলমুক্ত রাখা। তারা নিয়মিত দলবদ্ধভাবে বিভিন্ন রাস্তায় টহল দেয়। এই বাহিনী হকারদের পুরোপুরি নিষিদ্ধ না করে বরং স্থানভেদে ৩টি জোনে ভাগ করে দেয়। এই জোনের মধ্যে প্রথম জোন হিসেবে নিষিদ্ধ জোনের নামকরণ করা হয়েছে। এই জোনের আওতায় রয়েছে প্রধান বাণিজ্যিক এলাকা, সরকারি অফিস বা ব্যস্ততম মোড়। যেখানে হকার বসা সম্পূর্ণ নিষেধ। নির্দিষ্ট দিনে বা নির্দিষ্ট সময়ে (যেমন: ‘হলিডে মার্কেট’ বা ‘নাইট মার্কেট’) কিছু জোনে ব্যবসার অনুমতি দেওয়া হয়। এই জোনকে বলা হয় নিয়ন্ত্রিত জোন। নির্দিষ্ট কিছু আবাসিক এলাকা বা অলিগলিতে লাইসেন্সধারী হকাররা স্থায়ীভাবে বসতে পারে। এই জোনকে বলা হয় অনুমোদিত জোন। লাইসেন্সহীন কোনো হকার ফুটপাতে বসলে তাদের মালামাল জব্দ বা জরিমানা করা হয়। এছাড়াও চীনের অনেক জায়গায় পথচারীদের সুবিধার জন্য হকারদের বিশেষ হলিডে মার্কেট বা নাইট মার্কেট-এ পুনর্বাসন করা হয়।
তবে একথা বলতেই হয় যে, করোনা পরবর্তী সময়ে বেকারত্ব কমাতে চীন সরকার ‘স্ট্রিট স্টল ইকোনমি’ বা ভ্রাম্যমাণ দোকান ব্যবস্থাকে উৎসাহিত করেছে, কিন্তু তা অত্যন্ত সুশৃঙ্খলভাবে। এই উদ্দেশে হকারদের ডিজিটাল নিবন্ধন সম্পন্ন করে কিউআর কোড ভিত্তিক লাইসেন্স দেওয়া হয়। এতে হকারদের অবস্থান এবং পণ্যের মান তদারকি করা সহজ হয়। দিনের বেলা যে রাস্তাটি ব্যস্ত থাকে, সেটিই রাত ৮টার পর নাইট মার্কেট হিসেবে ব্যবহৃত হয়। কাজ শেষে হকাররা নিজ দায়িত্বে জায়গা পরিষ্কার করে চলে যায়। চীনের প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তায় উন্নত মানের সিসিটিভি ক্যামেরা রয়েছে। যদি কোনো হকার দীর্ঘক্ষণ ফুটপাত দখল করে থাকে, কিংবা নিয়মের ব্যত্যয় করে তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাকে স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হয়। চীন প্রযুক্তিগত দিক থেকে বহুলাংশে এগিয়ে থাকায় কোনো মানুষের উপস্থিতি ছাড়াই তদারকি সম্ভব হয়। চীনে ফুটপাতে ব্যবসার অন্যতম শর্ত হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা। হকাররা নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার করতে বাধ্য এবং পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত ২৪ ঘণ্টা শহর পরিষ্কারে নিয়োজিত থাকে। চীনের এই মডেল থেকে বোঝা যায় যে, শুধুমাত্র উচ্ছেদ করে সমাধান সম্ভব নয়; বরং পুনর্বাসন ও কঠোর নজরদারির সমন্বয়ই ফুটপাত দখলমুক্ত রাখার আসল রহস্য। আবার হকারদের থেকে নির্দিষ্ট টাকা বা চাঁদা নেওয়ার বিনিময়ে কোন স্থানে ব্যবসা করতে দেওয়ার মত বিষয় কখনো চোখে পড়েনি। চীনা জনগণ আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আইন প্রণয়নে বেশ কঠোর। এজন্য চীনা প্রশাসনের পক্ষ থেকে যেসকল পদক্ষেপ নেওয়া হয় সেগুলো কাউকে কখনো অমান্য করতে দেখা যায় না। ফলে তাদের অধিকাংশ সুচিন্তিত পরিকল্পনা ও মতামত সফলতার মুখ দেখে।
এর বিপরীতে, বর্তমানে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বা খুলনার মতো শহরগুলোতে নিয়মিত উচ্ছেদ অভিযান চালানোর পরও ফুটপাতগুলো বারবার হকারদের দখলে চলে যাচ্ছে। চীনের মতো সুপরিকল্পিত পুনর্বাসন ব্যবস্থা বা দীর্ঘমেয়াদী কঠোর তদারকি না থাকায় আমাদের দেশের ফুটপাতগুলো পথচারীবান্ধব রাখা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। চীনের ব্যবস্থাকে অনুসরণ করে সম্পূর্ণ বাস্তবায়ন সম্ভব না হলেও ধাপে ধাপে বিষয়গুলো বস্তবায়ন করা যেতে পারে। তবে এক্ষেত্রে সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে হবে। লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com
