বাংলাদেশ যেন এক অদ্ভুত উটের পিঠে বসে চড়ে আছে। নিত্যপণ্যের দাম বিশ্ব বাজারে যখন কমে তখন দেশে এর কোনো প্রভাব পরিলক্ষিত হয় না। ব্যবসায়ী ও সিন্ডিকেট তখন বলে, এই পণ্য আগের দামে কেনা। সুতরাং দাম কমানোর সুযোগ নেই। যেমন-বর্তমানে আন্তর্জাতিক বাজারে চালের দাম কম। অথচ দেশে এর কোনো প্রভাব নেই। বরং বাড়ছে সব রকম চালের দাম। থাইল্যান্ডে মাঝারি মানের এক কেজি চালের দাম ৪১ টাকা, ভারতে ৫০ টাকা আর বাংলাদেশে ৬৩ টাকা। বিশ্ববাজারে চালের দাম গত এক বছরে ১৩ শতাংশ কমলেও বাংলাদেশে বেড়েছে ৮ শতাংশ। বৈশ্বিক বাজারে চালের দাম গত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এলেও বাংলাদেশে বেড়েছে। দেশে কয়েক বছর ধরে চালের বাজারে বিরাজ করছে অস্থিরতা। অজুহাত হিসেবে বলা হচ্ছে অতি বৃষ্টি, বন্যা, খড়া, অনাবৃষ্টি অথবা কম উৎপাদনের কথা।

প্রতি বছর নানাভাবে চাপে ফেলে বিভিন্ন্ন দেশ থেকে চাল আমদানিতে বাধ্য করা হয় সরকারকে। কখনো শুল্ক মুক্ত অথবা আমদানি শুল্ক কমিয়ে। আবার কখনো ব্যবসায়ীরা সুযোগ মতো চাল আমদানি বন্ধ করে দেন। মোট কথা, যে কোনো উপায়ে ও পথে কতিপয় নিত্যপণ্যের মতো চালের বাজারও রাখেন নিজেদের কব্জায়।\r\nসরকারি সংস্থা টারিফ কমিশনার হিসেব অনুযায়ী দেশে প্রতি বছর চালের চাহিদা ৩ কোটি ৫০ লাখ টন থেকে ৩ কোটি ৮০ লাখ টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অথ্য অনুযায়ী গত ২০২৪-২৫ অর্থবছরে ৪ কোটি ১৫ লাখ টনের বেশি চাল উৎপাদন হয়েছে। যে কারণে বলা হয় চাল উৎপাদনে বাংলাদেশ প্রায় স্বনির্ভর। অর্থাৎ দেশে চালের উৎপাদন হয়েছে ৩৫ থেকে ৬৮ লাখ টন বেশি। এ সময়ে বিদেশ থেকে চাল আমদানি করা হয়েছে ১৪ লাখ টনের বেশি। এর পরও প্রতি বছরেই বাড়ছে চালের দাম।

এর পেছনে যেসব কারণ কাজ করছে, সেগুলো হলো কতিপয় করপোরেট প্রতিষ্ঠান ও মিল মালিকদের কারসাজিসহ বাজারে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, পরিবহনগত জটিলতা ও চাঁদাবাজি, সর্বোপরি পরিসংখ্যানগত দুর্বলতা। ফলে একদিকে যেমন চালের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে কৃষক, অন্যদিকে বঞ্চিত থেকে যাচ্ছে ভোক্তা সাধারণ। \r\nভোক্তা-অধিকার সংগঠন কমজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি বলেন, বর্তমানে চালের বাজার আর চাতাল মালিকদের হাতে নেই। পরিবর্তে গুটিকতক করপোরেট প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করছে চালের বাজার। সংশ্লিষ্টরা অনেক ক্ষেত্রে কৃষকের কাছ থেকে বিপুল পরিমাণ জমি লিজ নিয়ে নিজেরাই ধান আবাদ শুরু করেছে। এরপর ফসল তোলা হলে নিজেরাই তা গুদামজাত করে গড়ে তোলে বিপুল মজুত। বাজারে কৃষকের উৎপাদিত চাল আসে সামান্যই। প্রতি বছর ধান-চালের দাম বাড়িয়ে কৃষকের কাছ থেকে ক্রয় করার ঘোষণা এলেও এক্ষেত্রে সরকারি ক্রয় কেন্দ্রগুলোর আন্তরিকতার ঘাটতি আছে। এই সুযোগে করপোরেট কোম্পানিগুলো পুরোপুরি চালের বাজার নিয়ন্ত্রণের সুযোগ পেয়ে থাকে। তারা বিভিন্ন চাল প্যাকেটজাত ও ব্রান্ডিং করে অতিরিক্ত দামে বিক্রি করে সরবরাহ করে সুপারশপ ও চালের বাজারে। এক্ষেত্রে সাধারণ মানের মোটা চাল পলিশ করে মিনিকেট, নাজিরশাইল নামেও বাজারজাত করে থাকে। উল্লেখ্য, শুধু চাল নয়, ভোজ্যতেল, চিনি, আটা-ময়দা, মসলা প্রায় সব ভোগ্যপণ্যই করপোরেট প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া নিয়ন্ত্রণে। ফলে প্রতিনিয়ত উপেক্ষিত হচ্ছে ভোক্তস্বার্থ এবং জনসাধারণের দুর্ভোগ বাড়ছে। সরকার যদি এ বিষয়ে এখনই সচেতন না হয়, তাহলে অদূর ভবিষ্যতে সংকট আরও গভীর হতে পারে।