কয়েকদিন আগে রাজধানীর প্রসিদ্ধ একটি হাসপাতালে আমার ছোট বোনের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করেছে। প্রথম সন্তান সিজারের মাধ্যমে জন্ম নেওয়ায় এবারও স্বাভাবিক প্রসবের সম্ভাবনা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে গর্ভাবস্থার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় মা ও গর্ভের সন্তান দুজনের অবস্থা ছিল স্বাভাবিক। কোনো জটিলতা ধরা পড়েনি। একই সঙ্গে ছোট বোন নিজেও মানসিকভাবে স্বাভাবিক প্রসবের জন্য প্রস্তুত ছিল।

হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। খুব দ্রুত সিজারের প্রস্তুতি শুরু হলো। রোগী ও অভিভাবকদের ওপরও এক ধরনের চাপ তৈরি হতে লাগল যেন সিজার করাটাই স্বাভাবিক, আর নরমাল ডেলিভারির কথা বলাটা অস্বাভাবিক! এখানেই শুরু হলো অদ্ভুত এক ‘যুদ্ধ’–

ডাক্তারের সঙ্গে চিকিৎসকের যুদ্ধ! আমার চিকিৎসক ভাই যখন চিকিৎসাগত যুক্তিতে তৎক্ষণাৎ সিজারে সম্মতি দিতে চাইল না, তখন হাসপাতালের একজন নার্স এমন একটি মন্তব্য করলেন, যা আমাদের স্তব্ধ করার পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার গভীর সংকট নিয়ে ভাবতে বাধ্য করে। তিনি অনেকটা ব্যঙ্গ করে বললেন, ‘উনি কি আসলেই ডাক্তার? ডাক্তার হলে তো এতক্ষণ বোঝানো লাগত না!’ কথাটি শুনে মনে হলো, আজকাল হয়তো ডাক্তার হওয়ার সংজ্ঞাটাও বদলে গেছে! রোগীকে বুঝিয়ে সিদ্ধান্ত নিতে সময় দেওয়া, চিকিৎসার বিকল্প নিয়ে আলোচনা করা, ঝুঁকিসুবিধা ব্যাখ্যা করা–এসব যদি চিকিৎসকের দুর্বলতা হয়, আর প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে সিজারে রাজি হয়ে যাওয়া যদি ‘ভালো ডাক্তার’ হওয়ার প্রমাণ হয়, তাহলে সত্যিই আমাদের নতুন করে ভাবতে হবে–আমরা কেমন চিকিৎসাব্যবস্থা তৈরি করছি?

আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহর অশেষ রহমতে কোনো অস্ত্রোপচার ছাড়া ছোট বোনের স্বাভাবিক প্রসব সম্পন্ন হয়েছে। অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে বলা দরকার, সিজার নিজে কোনো খারাপ চিকিৎসা নয়। অনেক ক্ষেত্রে সিজারিয়ান অপারেশন জীবন রক্ষা করে, মা ও শিশুকে গুরুতর ঝুঁকি থেকে বাঁচায়। চিকিৎসাগত প্রয়োজন থাকলে সিজারই হতে পারে সর্বোত্তম সিদ্ধান্ত। প্রশ্ন সিজার নিয়ে নয়; প্রশ্ন হলো প্রয়োজনের আগে সিজারকে অভ্যাসে পরিণত করা নিয়ে।

একজন রোগী হাসপাতালে গেলে সে শুধু একজন ‘কাস্টমার’ নয়; সে একজন মানুষ। তার ভয় আছে, প্রশ্ন আছে, অধিকার আছে, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা আছে। চিকিৎসকের কাজ শুধু প্রেসক্রিপশন লেখা নয়; রোগীর অবস্থা বোঝানো, সম্ভাব্য পথগুলো জানানো এবং যুক্তিসংগত সিদ্ধান্ত নিতে সহায়তা করাও চিকিৎসারই অংশ। হাসপাতাল যদি রোগীর অসহায়ত্বকে সুযোগ হিসেবে দেখে, যদি দ্রুত সিদ্ধান্ত আদায় করাকে দক্ষতা মনে করে, তাহলে চিকিৎসার প্রযুক্তি যত উন্নত হোক, সেখানে মানবিক মূল্যবোধের অভাব স্পষ্ট। চিকিৎসা পেশা অন্য দশটি পেশার মতো নয়। এখানে ভুল সিদ্ধান্তের মূল্য অনেক সময় টাকা দিয়ে পরিশোধ করা যায় না–কখনও একটি জীবন, কখনও একটি পরিবার, কখনও একটি অনাগত ভবিষ্যৎ তার মূল্য দেয়। সেদিন আমাদের পরিবারের অভিজ্ঞতা শেষ পর্যন্ত সুখের ছিল। কিন্তু প্রতিটি পরিবার তো এমন সৌভাগ্যবান নয়। প্রতিটি পরিবারের সঙ্গে দুজন চিকিৎসক থাকেন না, যারা হাসপাতালের কথার বিপরীতে দাঁড়িয়ে যুক্তি দিয়ে প্রশ্ন করতে পারেন।

সেদিনের এই ঘটনা একটি পুরোনো অথচ জরুরি প্রশ্ন আবারও আমাদের সামনে এনেছে–হাসপাতাল কি শুধু চিকিৎসা দেওয়ার স্থান, নাকি সত্যিই মানুষের সেবা করার স্থান? এই প্রশ্নের উত্তর শুধু চিকিৎসকদের নয়; হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স, ব্যবস্থাপনা এবং পুরো স্বাস্থ্যব্যবস্থাকে দিতে হবে। কারণ রোগী যখন হাসপাতালে আসে, তখন সে শুধু চিকিৎসা নিতে আসে না; সে তার জীবন এবং প্রিয়জনের জীবন আমাদের হাতে আমানত রেখে আসে। আমানতের সঙ্গে ব্যবসার হিসাব মেলানো যায় না।

তোফায়েল আহমাদ: প্রশিক্ষক (আরবি), জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটি