বাংলাদেশের অর্থনীতির বর্তমান গতিপথ পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, সরকারি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। কিন্তু সেই অনুপাতে রাজস্ব আয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি থমকে আছে, যা দেশের অর্থনীতির জন্য একটি গভীর কাঠামোগত চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই পরিস্থিতি কেবল আর্থিক ঝুঁকির ইঙ্গিত দেয় না, বরং এটি উন্নয়নের মানসিকতা এবং রাষ্ট্রীয় অগ্রাধিকারের দিকেও প্রশ্ন ছুঁড়ে দেয়। ২০২৫ সালের জুনে সরকারের মোট ঋণ ২১ লাখ ৪৪ হাজার ৩৪ কোটি টাকায় পৌঁছেছে, যা গত এক বছরে প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৯ সাল থেকে এই ঋণের স্থিতি বেড়েছে প্রায় ১৫ লাখ ৫৮ হাজার কোটি টাকা। সরকারের ঋণভার উদ্বেগজনকভাবে বৃদ্ধির এই প্রবণতা বিশ্লেষণ করতে এবং এর টেকসই সমাধানের পথ খুঁজে বের করতে বিশ্ব অর্থনীতির দুটি প্রধান শক্তি-চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের- ঋণ গ্রহণ ও উন্নয়ন কৌশল বিচার করা অত্যাবশ্যক।
বাংলাদেশের আর্থিক কাঠামোগত দুর্বলতার উৎস ও ঋণের চাপ
বাংলাদেশে সরকারি ঋণের দ্রুত বৃদ্ধির পেছনে রয়েছে দুর্বল রাজস্ব আহরণ, বিনিয়োগে মন্দা এবং সামগ্রিক অর্থনৈতিক অস্থিরতা। মোট ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণ প্রায় ১১ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ ৯ লাখ ৪৯ হাজার কোটি টাকা। এই ঋণের পরিমাণ জিডিপির অনুপাতে এখনো আন্তর্জাতিক মানদণ্ডের সীমার মধ্যে থাকলেও, ঋণ পরিশোধের সক্ষমতা এবং রাজস্ব আয়ের দুর্বলতার কারণে ঝুঁকি ক্রমান্বয়ে বাড়ছে। অর্থ মন্ত্রণালয় এবং অর্থনীতিবিদদের বিশ্লেষণ অনুযায়ী, সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে বাংলাদেশের দুর্বল রাজস্ব ভিত্তি থেকে। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত সর্বনিম্ন, যা মাত্র ৭ থেকে ৭.৫ শতাংশ। অভ্যন্তরীণ ঋণের ওপর এই নির্ভরতা অর্থনীতির জন্য গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া বয়ে আনছে।
সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংকগুলো থেকে বেশি ঋণ নেওয়ায়, বেসরকারি খাতে ঋণ সংকুচিত হচ্ছে, যা অর্থনীতির ভাষায় ক্রাউডিং আউট নামে পরিচিত। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করায় সুদের হার রয়েছে উচ্চপর্যায়ে। ফলে নতুন বিনিয়োগের অভাব দেখা দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ২০২৫ সালের জুলাই মাসের শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ইতিহাসে প্রথমবারের মতো নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি বিনিয়োগের এই স্থবিরতা নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে না এবং অর্থনীতির উৎপাদনশীল চাকা মন্থর হয়ে আসছে। এই পরিস্থিতিতে নেওয়া ঋণ ভবিষ্যতের আয় সৃষ্টি করতে ব্যর্থ হয়ে কেবল দায়ের পাহাড় তৈরি করছে। ঋণ বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে সুদ পরিশোধের বোঝাও। ২০২৪-২৫ অর্থবছরে সরকার সুদ বাবদ পরিশোধ করেছে ১ লাখ ৩২ হাজার ৪৬০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। দেশীয় ঋণের সুদ ১৬ শতাংশ এবং বৈদেশিক ঋণের সুদ ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যদি এই প্রবণতা চলতে থাকে, তবে ২০২৫-২৬ অর্থবছর থেকে সুদ পরিশোধই দেশের বাজেটের বৃহত্তম একক ব্যয় খাত হয়ে উঠবে, যা উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা খাতে সরকারের ব্যয় করার ক্ষমতাকে নিশ্চিতভাবে সীমিত করবে।
এডিপি স্থবিরতা ও ঋণের অনুৎপাদনশীল ব্যবহার
বাংলাদেশের বর্তমান ঋণ সংকটের গভীরতা কেবল ঋণের পরিমাণের মধ্যে নিহিত নয়, বরং এর পেছনে রয়েছে ঋণের অনুৎপাদনশীল ব্যবহার এবং উন্নয়ন মানসিকতার দুর্বলতা। ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার ৬৮ শতাংশের নিচে নেমে আসে, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। জুলাই থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত এডিপি বাস্তবায়ন হার ৮.৩৩ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের (৭.৯০ শতাংশ) চেয়ে সামান্য বেশি হলেও, টাকার অংকে ব্যয় কমেছে। এই স্থবিরতার প্রধান কারণ ছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পর উন্নয়ন প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা ও উপযোগিতা নতুনভাবে মূল্যায়ন করা। বহু প্রকল্প বাদ দেওয়া হয়েছে বা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এ প্রবণতা ইঙ্গিত করে, পূর্ববর্তী সময়ে উন্নয়ন প্রকল্প নির্বাচনে অর্থনৈতিক উপযোগিতার চেয়ে রাজনৈতিক বিবেচনা বেশি গুরুত্ব পেয়েছিল, যা উন্নয়ন প্রশাসনে প্রাতিষ্ঠানিক দুর্বলতাকে প্রতিফলিত করে। তবে উন্নয়ন ব্যয় কমানো সত্ত্বেও ঋণের ওপর নির্ভরতা কমেনি, যার অর্থ হলো ঋণের অর্থ এখন সরাসরি উৎপাদনশীল অবকাঠামো নির্মাণ বা প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হওয়ার পরিবর্তে রাজস্ব ঘাটতি মেটানো ও সুদ পরিশোধের দিকে প্রবাহিত হচ্ছে। এ ধরনের ঋণ টেকসই হয় না, বরং তা দ্রুত ঋণ পরিশোধের সক্ষমতাকে ক্ষুণ্ন করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের বৈদেশিক ঋণকে এখন ‘মধ্যম-ঝুঁকিপূর্ণ’ হিসেবে মূল্যায়ন করছে। এই রেটিং অবনমনের প্রধান কারণ হলো ঋণ-রপ্তানি অনুপাত, যা ১৬২ শতাংশ এবং এটি নিরাপদ সীমার অনেক ওপরে। এই চ্যালেঞ্জের সবচেয়ে বড় দিকটি হলো আসন্ন ঋণ পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ সাল থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো মেগা প্রকল্পগুলোর জন্য নেওয়া ঋণের কিস্তি পরিশোধ দ্রুত বাড়বে, যা ২০৩৪ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। যদিও রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট অর্থপ্রদানের জটিলতা নিরসনে, রূপপুর প্রকল্পের মূল ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা মার্চ ২০২৭ থেকে পিছিয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৮ পর্যন্ত বর্ধিত করেছে এবং এটি ২০ বছর ধরে পরিশোধের সুযোগ দিয়েছে। তবে এটি সাময়িক স্বস্তি। ফলে ঋণের মূল বেদনা অনুভব করা অনিবার্য, আগামীতে দেশের অর্থনীতির সংকট তীব্রতর করবে।
চীনের উন্নয়ন দর্শন
চীনের উন্নয়নের মানসিকতা ঐতিহাসিকভাবে বৃহৎ আকারের, ঋণ-সহায়ক অবকাঠামো নির্মাণ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ দ্বারা চালিত। গত চার দশকে চীন বিশাল অভ্যন্তরীণ ঋণের মাধ্যমে দ্রুত অবকাঠামো নির্মাণ এবং শিল্পে বিনিয়োগ করে নিজেদের শক্তিশালী করেছে। ২০২৪ সালের হিসাব অনুযায়ী, চীনের সরকারি ঋণ-জিডিপি অনুপাত প্রায় ৭৭ শতাংশ, যা তুলনামূলকভাবে উচ্চ হলেও, তাদের উচ্চ অভ্যন্তরীণ সঞ্চয় হার এবং কেন্দ্রীয় সরকারের শক্তিশালী নিয়ন্ত্রণ ক্ষমতা এই চাপ বহন করতে সক্ষম। বেইজিং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) মাধ্যমে চীন বিশ্বজুড়ে বিশেষত উন্নয়নশীল দেশগুলোতে বৃহত্তম বিদেশি সরকারি ঋণদাতা হিসেবে আবির্ভূত হয়েছে। পশ্চিমা দেশগুলো একে ঋণ ফাঁদ কূটনীতি হিসেবে অভিহিত করলেও, চীন এই উদ্যোগকে ‘উভয় পক্ষের জয়’ নিশ্চিতকারী সহযোগিতা হিসেবে দেখে।
যুক্তরাষ্ট্রের ব্যতিক্রমী কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণ এবং উন্নয়ন মানসিকতা চীনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন এবং ব্যতিক্রমী, যা মূলত ডলারের বৈশ্বিক রিজার্ভ কারেন্সি মর্যাদার ওপর নির্ভরশীল। বিশ্বের সর্বোচ্চ সরকারি ঋণের বোঝা বহন করা সত্ত্বেও (২০২৫ সালে যা জিডিপির প্রায় ১৩০ শতাংশ), যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ সহনশীল ও শক্তিশালী ভাব দেখায়। এই ভাব দেখানোর ভিত্তি হলো ডলারের ‘অতিরিক্ত সুবিধা’। বিশ্লেষণে দেখা যায়, ডলারের বৈশ্বিক মর্যাদা যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের সহনশীলতার স্তরকে প্রায় ২২ শতাংশ বাড়িয়ে দেয়। এ কারণে যুক্তরাষ্ট্র তার নিজস্ব মুদ্রায় বিপুল পরিমাণ ঋণ নিতে পারে। ফলে সুদের হার কম থাকে এবং মুদ্রা অবমূল্যায়নের ঝুঁকি থাকে না। বাংলাদেশের মতো যেসব দেশ বৈদেশিক ঋণ প্রধানত ডলারে করে, তাদের জন্য রপ্তানি আয় না বাড়লে এই সুবিধা সম্পূর্ণ অনুপস্থিত থাকে এবং ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে ঋণের ব্যবহার প্রধানত প্রতি-আবর্তনমূলক আর্থিক নীতির সরঞ্জাম হিসেবে কাজ করে। অর্থাৎ, অর্থনৈতিক মন্দা বা দুর্বলতার সময় সরকার ব্যয় বৃদ্ধি বা কর কমানোর জন্য ঋণ নেয়, যাতে সামগ্রিক চাহিদা উদ্দীপিত হয়। এটি অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে সহায়তা করে।
বাংলাদেশের জন্য কৌশলগত পথরেখা
চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ গ্রহণ ও উন্নয়ন মানসিকতা বিশ্লেষণ করে বাংলাদেশের জন্য স্পষ্ট কৌশলগত পদক্ষেপ নির্ধারণ করা যায়। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো, ঋণের পরিমাণ বৃদ্ধি পেলেও সেই ঋণ উৎপাদনশীল খাতে বিনিয়োগ হচ্ছে না এবং রাজস্ব ভিত্তি দুর্বল। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে দ্বিমুখী কৌশল অবলম্বন করতে হবে- ঋণের গুণগত মান বৃদ্ধি করা এবং রাজস্ব সক্ষমতা জোরদার করা। কৌশলগত পথরেখা কার্যকর করার জন্য প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা অপরিহার্য। কেননা, বাংলাদেশের বর্তমান ঋণনির্ভর উন্নয়ন মডেলটি অত্যন্ত নাজুক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০২৫ সালের নভেম্বর মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য ও আন্তর্জাতিক সংস্থার মূল্যায়ন স্পষ্টতই ইঙ্গিত করে যে, রাজস্ব আহরণে দুর্বলতা, বিনিয়োগ স্থবিরতা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মন্থরতা যদি দ্রুত নিয়ন্ত্রণ না করা হয়, তবে দেশের ঋণচাপ আগামী বছরগুলোতে আরও তীব্র হবে। মনে রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত সুবিধা’ এবং চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন উৎপাদনশীল মডেল’ কোনোটিই বাংলাদেশের জন্য সরাসরি অনুসরণযোগ্য না হলেও, উভয় মডেলের সফল উপাদানসমূহ থেকে শিক্ষা গ্রহণ করা অপরিহার্য। বাংলাদেশের নীতিনির্ধারকদের এখন দ্রুত রাজস্ব সংস্কারের মাধ্যমে কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ঋণ ব্যবস্থাপনায় আধুনিকীকরণ এবং ঋণ গ্রহণে কঠোর কৌশলগত বাছাইয়ের মাধ্যমে কেবল রপ্তানি এবং উৎপাদনসহায়ক প্রকল্পে অর্থায়ন নিশ্চিত করতে হবে। যদি সময়মতো কৌশলগত এসব পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ২০২৬-২৭ সাল থেকে শুরু হতে যাওয়া বড় আকারের বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধের চাপ মোকাবিলা করা দেশের সামষ্টিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে। যা দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও প্রবৃদ্ধির গতিকে গুরুতরভাবে বাধাগ্রস্ত করবে।
লেখক : অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
