আধুনিক শাসনব্যবস্থায় ই-গভর্ন্যান্স বা ইলেকট্রনিক গভর্ন্যান্স কেবল একটি ডিজিটাল রূপান্তর নয়, বরং এটি প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অধিকার সুসংহত করার বিশেষ মাধ্যম। বাংলাদেশের প্রেক্ষিতে কার্যকর ই-গভর্ন্যান্স প্রতিষ্ঠার সুবিধা অত্যন্ত ব্যাপক ও সুদূরপ্রসারী। প্রথমত, ই-গভর্ন্যান্স সেবার ডেমোক্রেটাইজেশন বা গণতান্ত্রিকীকরণ ঘটায়। প্রথাগত প্রশাসনিক প্রক্রিয়ায় প্রভাবশালী ব্যক্তি বা প্রশাসনিক পরিচিতি যাদের রয়েছে, তারা সহজেই বিভিন্ন সেবা সুবিধা গ্রহণ করতে পারলেও সাধারণ ও দূরবর্তী অঞ্চলের নাগরিকরা প্রায়ই বঞ্চিত হন। ই-গভর্ন্যান্স ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগী বা দালালের দৌরাত্ম্য এবং ঘুষ ও দুর্নীতি দূর করে প্রত্যেক নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হয়। দ্বিতীয়ত, সরকারি কার্যক্রমে কাজের গতি বা দক্ষতা বৃদ্ধি পায় এবং সময় ও খরচের সাশ্রয় ঘটে। উদাহরণস্বরূপ, ইলেকট্রনিক গভর্ন্যান্স প্রকিউরমেন্ট বা ই-জিপি ব্যবস্থার সফল বাস্তবায়ন বাংলাদেশের সরকারি দরপত্র প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পরিবর্তন এনেছে। এ ছাড়া স্থানীয় পর্যায়ে রুরাল ডিজিটাল সেন্টার চালুর ফলে গ্রামের সাধারণ জনগণ হাতের কাছেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা পাচ্ছেন।
তবে এই বিপুল সম্ভাবনা সত্ত্বেও বাংলাদেশে ই-গভর্ন্যান্স পূর্ণাঙ্গভাবে কার্যকর করার ক্ষেত্রে একাধিক দৃশ্যমান ও গভীর চ্যালেঞ্জ রয়েছে। গবেষণায় দেখা যায়, বাংলাদেশে প্রধানত দুই ধরনের ডিজিটাল বিভাজন বা ডিজিটাল ডিভাইড বিরাজ করছে। একটি ভৌগোলিক ডিজিটাল বিভাজন, অপরটি ডিজিটাল সাক্ষরতার অভাব। ঢাকা বা বড় শহরগুলোতে যে মানের উচ্চগতির ইন্টারনেট ও প্রযুক্তিগত অবকাঠামো পাওয়া যায়; প্রান্তিক বা দূরবর্তী এলাকায় যেমন চর, হাওর বা পাহাড়ি অঞ্চলে তা অনুপস্থিত। প্রান্তিক এলাকায় ইন্টারনেটের গতি অত্যন্ত ধীর এবং এর খরচও তুলনামূলক অনেক বেশি। সরকারি স্তরে প্রায় ৭০০ থেকে ৮০০টি সেবা অনলাইনে অন্তর্ভুক্ত করার দাবি করা হলেও বাস্তবিক অর্থে সেগুলোর সিংহভাগই শতভাগ ডিজিটাল বা এন্ড-টু-এন্ড নয়। নাগরিকদের এখনও আবেদনের প্রাথমিক ধাপ অনলাইনে করার পর চূড়ান্ত সেবা গ্রহণ বা কাগজপত্র জমা দিতে সরকারি অফিসে সশরীরে উপস্থিত হতে হয়।
প্রান্তিক অঞ্চলের অধিবাসী যেমন চর, হাওর বা দূরবর্তী গ্রামের অধিবাসীরা এতদিন শারীরিক দূরত্ব ও যোগাযোগের সুব্যবস্থা না থাকায় উপজেলা বা জেলা সদরে গিয়ে সরকারি সেবা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতেন। রুরাল ডিজিটাল সেন্টার এবং সমন্বিত মোবাইল অ্যাপের সাহায্যে এখন তারা নিজ ইউনিয়নেই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা, জমিজমার নামজারি, জন্মমৃত্যু নিবন্ধন, কৃষি সহায়তা ও দূরশিক্ষণ সুবিধার তথ্য সহজেই পাচ্ছেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষায়িত ডিজিটাল ইন্টারফেস নিশ্চিত করা গেলে তারা কারও ওপর নির্ভর না করেই স্বতন্ত্রভাবে বিভিন্ন পরিষেবা ও সরকারি উপবৃত্তির আবেদন করতে পারেন। এ জন্য ব্রেইল সাপোর্ট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা স্ক্রিন রিডার সুবিধাযুক্ত পোর্টাল তৈরি এবং স্থানীয় সার্ভিস সেন্টারগুলোতে ভৌত ও ডিজিটাল প্রবেশগম্যতা নিশ্চিত করা অত্যাবশ্যক।
কার্যকর, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং অন্তর্ভুক্তিমূলক ই-গভর্ন্যান্স ব্যবস্থা বাস্তবায়নে কিছু সুনির্দিষ্ট সুপারিশ বিবেচনায় নেওয়া যেতে পারে। প্রথমত, প্রান্তিক ও ডিজিটালি অনগ্রসর অঞ্চলে জোরালো ডিজিটাল সাক্ষরতা অভিযান পরিচালনা করা প্রয়োজন। প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্যকে সরকার প্রদত্ত ডিজিটাল সেবার ব্যবহারে দক্ষ করে তুলতে ‘এক পরিবার এক ডিজিটাল সদস্য’ উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। বিশেষ করে নারী ও যুবসমাজের জন্য সুনির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা উচিত।
দ্বিতীয়ত, আংশিক ডিজিটালাইজেশন পরিহার করে শতভাগ বা এন্ড-টু-এন্ড ডিজিটাল সেবা স্ট্যান্ডার্ড চালু করতে হবে। আবেদনের শুরু থেকে যাচাইকরণ, ফি প্রদান এবং চূড়ান্ত সনদ বা সেবা প্রদান যেন সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যায়, সে ব্যবস্থা নিশ্চিত করা আবশ্যক। নাগরিকরা যাতে সেবা পাওয়ার প্রতিটি ধাপের অগ্রগতি ট্র্যাক করতে পারেন, সে জন্য একক ট্র্যাকিং ব্যবস্থা গড়ে তুলতে হবে। তৃতীয়ত, স্থানীয় স্তরে ডিজিটাল অবকাঠামোর সক্ষমতা বৃদ্ধি করা অপরিহার্য। সরকারি কেন্দ্রগুলোতে কেবল হার্ডওয়্যার সরবরাহ করলেই চলবে না, বরং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণে প্রাইভেট সেক্টরের সঙ্গে নির্দিষ্ট সার্ভিস লেভেল এগ্রিমেন্ট বা ম্যানেজড সার্ভিসেস মডেলে যাওয়া যেতে পারে, যাতে যন্ত্রপাতির নিরবচ্ছিন্ন কার্যকারিতা নিশ্চিত হয়। দেশের ১০ সহস্রাধিক পোস্ট অফিস ও সাব-পোস্ট অফিসের বিস্তৃত নেটওয়ার্ককে আধুনিকীকরণ করে সমন্বিত ডিজিটাল সেবাকেন্দ্র হিসেবে কার্যকর ব্যবহার করা সম্ভব।
চতুর্থত, নাগরিক সেবা সহজতর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় হেল্পডেস্কের ব্যবহার বাড়ানো দরকার। সর্বোপরি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে ই-গভর্ন্যান্স নিশ্চিত করার ক্ষেত্রে নাগরিককেন্দ্রিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। সমন্বিত, নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব ই-গভর্ন্যান্স কাঠামো গড়ে তুলতে পারলে তা বাংলাদেশে সামাজিক সমতা প্রতিষ্ঠা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে যুগান্তকারী ভূমিকা পালন করবে।
সৈয়দ আলমাস কবীর: সাবেক সভাপতি, বেসিস
