জাতীয় সংবাদপত্র দৈনিক জনকণ্ঠের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দেশপ্রেমের চেতনা ধারণ করে ভাষাশহীদদের স্মরণের মাস ফেব্রুয়ারির একুশ তারিখেই এ সংবাদপত্রের প্রকাশনা শুরু হয়। একুশ মানে মাথা নত না করা - এই মূলমন্ত্রকে ধারণ করে ১৯৯৩ সালের ২১ ফেব্রুয়ারি যাত্রা শুরু থেকে আজ পর্যন্ত আর পেছন ফিরে তাকাতে হয়নি। দৈনিক জনকণ্ঠ হয়ে উঠেছে প্রকৃত অর্থেই জনগণের কণ্ঠ। দুর্নীতি-অন্যায়-অবিচার, নির্যাতন-নিপীড়ন, অসত্য ও অধিকার হরণের বিরুদ্ধে সংগ্রামে জনগণের ঝলসে ওঠার শাণিত হাতিয়ার হয়ে উঠেছে জনকণ্ঠ যুগে যুগে। সকল শ্রেণি, পেশা, গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের দুঃখ-দুর্দশা, সমস্যা-সংকট, চাহিদা-ফরিয়াদ সততার সঙ্গে প্রতিফলিত হয়েছে এই সংবাদপত্রে।

কোনো বিশেষ দল বা মতের অন্ধ অনুসারী না হয়ে বিভিন্ন প্রগতিশীল দল ও সুস্থ মতের খবর প্রকাশে নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আসছে জনকণ্ঠ। জাতীয় ইস্যুতে, জাতীয় সংকট মোকাবিলার প্রশ্নে যারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে অবস্থান নিতে পেরেছেন, দলীয় ও গোষ্ঠীগত স্বার্থের পরিবর্তে দেশ ও জাতির স্বার্থকে প্রাধান্য দিয়ে আসছেন, তাদের মুক্ত চিন্তার বাহন হয়ে ওঠায় কোনোদিনই কার্পণ্য করেনি জনকণ্ঠ। \r\nবস্তুনিষ্ঠ, তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা এবং দেশের স্বার্থকে সমুন্নত রেখেই জনকণ্ঠ অগ্রসর হয়েছে। আজ জনকণ্ঠের এই বিশেষ দিনে, এই আনন্দের দিনে জনকণ্ঠ পরিবার জনকণ্ঠের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে। বাংলাদেশের সংবাদপত্র জগতে তাঁর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হবে।

কারণ, তিনি এমন ভূমিকা পালন করেছেন যা অন্য কোনো সম্পাদক ও সংবাদপত্র উদ্যোক্তার পক্ষে সম্ভব হয়নি। সামরিক স্বৈরাচারের সময় মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণমাধ্যমকে এগিয়ে নেওয়া ছিল কঠিন। দেশে সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিষবাষ্প যখন সমস্ত শুভবোধকে গ্রাস করে ফেলছিল, সেই সময় অকুতোভয় গণমাধ্যম হিসেবে জনকণ্ঠ অত্যন্ত প্রগতিশীল ভূমিকা রেখেছিল তাঁরই প্রত্যক্ষ প্রণোদনায়। \r\nতিন দশকের বেশি আগে যখন যাত্রা শুরু করেছিল জনকণ্ঠ তখন একযোগে দেশের পাঁচটি অঞ্চল থেকে জনকণ্ঠ মুদ্রিত হতো। ফলে রাজধানীর সংবাদপত্র পাঠকের মতোই প্রত্যন্ত মফস্বলের পাঠকের হাতেও সাতসকালেই পৌঁছে যেত জনকণ্ঠ। তখন দেশ ডিজিটাল ছিল না। ছিল না ইন্টারনেট। এমনকি কম্পিউটারের ব্যবহারও ছিল সীমিত। এমন একটি সময়ে দেশের নানা স্থান থেকে একযোগে সংবাদপত্র প্রকাশের ভাবনা ও বাস্তবায়নের ভেতর দিয়ে সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ অনন্য অদ্বিতীয় ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এ থেকে তাঁর আধুনিক মানস এবং গণমাধ্যমের প্রতি তাঁর দায়বদ্ধতা তথা দেশপ্রেম আরও সুস্পষ্ট হয়ে ওঠে। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লবের অঙ্গীকার ধারণ করে মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে দৈনিক জনকণ্ঠ সম্পূর্ণ সচেতন। সেই লক্ষ্য ও স্বপ্ন পূরণে আমরা সদাসচেষ্ট। আজ জনকণ্ঠের জন্মদিনে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মাতৃভাষায় প্রকাশিত সংবাদপত্রে নতুন দিনের বার্তা ও অঙ্গীকার নিয়ে পথ চলার চ্যালেঞ্জ গ্রহণে অকুতোভয় আমরা, এই সংবাদপত্রের সর্বস্তরের কর্মী। পাঠকরাই আমাদের মূল শক্তি, প্রকৃত প্রাণ। তাই আজকের এই আনন্দের দিনে সর্বপ্রথম সম্মানিত পাঠক, এর পর জনকণ্ঠের লেখক-বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!