অন্তর্বর্তী সরকারের আমলে দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে- এ বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি হচ্ছে আরও জটিল, ঘোলাটে এবং ক্রমাবনতিশীল। একে উপলক্ষ করে দেশের কোথাও না কোথাও প্রতিদিনই নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, মোটরসাইকেলে আগুন, প্রতিপক্ষের ওপর হামলা-পাল্টাহামলা, সর্বোপরি বিক্ষোভ মিছিল, মামলা রাজপথ অবরোধসহ মানববন্ধনের ঘটনাও ঘটছে। এক্ষেত্রে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত মারামারি খুনোখুনি এমনকি সন্ত্রাসী কার্যকলাপসহ হতাহতের সংখ্যাও কম নয়। \r\nএর অনিবার্য নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনেও। যে কারণে নাগরিক জীবনে বিরাজ করছে ভয়-ভীতি শঙ্কা অনিশ্চয়তা এমনকি আতঙ্ক।
আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশ যেখানে নির্বাচনী ডামাডোল সামলাতে ব্যস্ত, সে অবকাশে একশ্রেণির দুষ্কৃতকারী ও সন্ত্রাসী হামলে পড়ছে জনপদে। চুরি-ডাকাতি, ছিনতাই রাহাজানির ঘটনা বাড়ছে প্রায় প্রতিদিনই। গত শুক্রবার রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন দগরিয়া এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় চঞ্চল চন্দ্র ভৌমিক নামে এক তরুণের অগ্নিদগ্ধ মৃতদেহ। পুলিশ ঘটনার আলামত ও সিসিটিভি ফুটেজ দেখে বলছে, অজ্ঞাতনামা কেউ গ্যারেজটিতে আগুন লাগিয়ে দিয়েছে রাতের অন্ধকারে। ফুটেজে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্যারেজের মালিকের ধারণা, এটি কোনো দুর্ঘটনা মনে হয় না। পরিবারের ধারণাও তাই।
এদিকে বগুড়ার দুপচাঁচিয়ার উপজেলার পাঁচোঘা পশ্চিমপাড়া গ্রামে আনেছা বিবি নাম্নি এক বৃদ্ধাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে কান থেকে দুল ছিঁড়ে নেওয়ার খবর পাওয়া গেছে গত শনিবার রাতে। দুটি ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। \r\nঅন্যদিকে, ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক পোশাক কারখানায় কর্মরত ও ধর্মীয় পরিচয়ে হিন্দু শ্রমিককে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। প্রায় একই সময়ে একই নৃশংস প্রক্রিয়ায় চট্টগ্রামের রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়। ঘটনাগুলো পৃথক হলেও এগুলোর উদ্দেশ্য যে রাষ্ট্র ও সমাজকে পশ্চাৎমুখী ও অস্থির করে তোলা- সে বিষয়ে সন্দেহের অবকাশ সামান্য। এই ঘটনাগুলো সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে সম্পর্কিত। \r\nঅনেকেরই আশা ছিল, ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের পর এ সকল ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজ ঘুরে দাঁড়াবে, অন্তর্বর্তী সরকার এতে নেতৃত্ব দেবে। বাস্তবে উল্টোটাই ঘটেছে বলে মনে হচ্ছে। গতবছরের ৫ আগস্টের পর হতে অদ্যাবধি ধর্ম-বর্ণ নির্বিশেষে দরগা-মাজার ইত্যাদি স্থাপনায় যেসব হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলোর কোনোটারই বিচার হয়নি। আমরা মনে করি, এহেন অরাজক পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। সরকারকে এর রাশ টেনে ধরতে হবে। সে ক্ষেত্রে উল্লিখিত সকল ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সচেতন মানুষদেরও এ বিষয়ে সোচ্চার থাকা জরুরি।
