বুধবার রাতে প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাষণে তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে বিএনপি সরকারের প্রধান অগ্রাধিকার। দলীয় বা রাজনৈতিক প্রভাব-প্রতিপত্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা। প্রধানমন্ত্রীর এই স্পষ্ট বক্তব্য মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায়। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে চরম অবনতি ঘটেছিল, সর্বস্তরে স্বেচ্ছাচারিতা ও মবসন্ত্রাসের আধিপত্য দেখা গিয়েছিল, সেটি থেকে জাতি নিষ্কৃতি চাইছিল। সরকারের পরিবর্তন মানেই যে রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে, এমন নয়।

তবে রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার শীর্ষ ব্যক্তি যদি কঠোর সংকল্পবদ্ধ থেকে সবকিছুর আগে স্বদেশের উন্নতি ও দেশবাসীর কল্যাণে রাষ্ট্রনায়োকোচিত পদক্ষেপ গ্রহণ করেন এবং দৃঢ়তার সঙ্গে অবস্থান ধরে রেখে দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে জাতীয় প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেন, তাহলে সুদিন ফিরতে সময়ও লাগে না খুব বেশি।\r\nপ্রধানমন্ত্রী তাঁর ভাষণে জবাবদিহিমূলক একটি নতুন সরকারের যাত্রা শুরুর কথা বলেছেন। দেশবাসীর উদ্দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে পাহাড় কিংবা সমতলে বসবাসকারী, এই দেশ আমাদের সবার বলে যে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন, সেটির যথার্থ প্রতিফলন দেখার প্রত্যাশায় থাকবে জাতি।

প্রকৃত সভ্য, শিক্ষিত, পরমতসহিষ্ণু, মুক্তমনা, নারীবান্ধব ও উদারনৈতিক সমাজেই কেবল এমনটি প্রত্যক্ষ করা যায়। আমরা বিশ্বাস করতে চাই, প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করার প্রচেষ্টায় আন্তরিকতার পরিচয় দেবে বর্তমান সরকার। বিএনপি সরকারের কথিত লক্ষ্য একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা সফল হোক, এমন স্বপ্নই দেখবে প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক।\r\nবর্তমান সরকার পবিত্র রমজানে ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ- উভয়ের স্বার্থ রক্ষা করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। সরকারের পক্ষ থেকে কী ধরনের উদ্যোগ নিলে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিংবা ক্রেতা-বিক্রেতা উভয়ের স্বার্থ রক্ষা হবে, এ ব্যাপারে যে কোনো ধরনের পরামর্শ কিংবা অভিযোগ শুনতে সরকার প্রস্তুত, এমন সদিচ্ছার প্রকাশও ঘটেছে তাঁর ভাষণে, যা প্রশংসাযোগ্য। \r\nসদ্য অভিষিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যে রাষ্ট্রনায়োকোচিত দূরদর্শী পরিকল্পনা গ্রহণের ইঙ্গিত অপ্রকাশিত নয়। আইনের শাসনে রাষ্ট্র পরিচালনার কথা আমরা অতীতেও শুনেছি। দলীয় প্রভাবমুক্ত থেকে আইনের শাসন প্রতিষ্ঠার কাজটি মোটেও সহজ নয়। নবগঠিত সরকার তথা মন্ত্রিসভার প্রতিটি সদস্য যদি মনেপ্রাণে দেশসেবার ব্রতকে সফল করে তুলতে চান, তাহলে কাজে তার প্রতিফলন খুঁজবে দেশবাসী। প্রথমেই চলে আসে দুর্নীতি নিয়ন্ত্রণের বিষয়টি। দুর্নীতি দূর করা এবং সুনীতি প্রতিষ্ঠা করা, এই দুটি কাজে সরকার স্বল্প সময়ের ভেতরে দৃশ্যমান অগ্রযাত্রার প্রকাশ ঘটাতে সক্ষম হবে, এমনটাই প্রত্যাশা।