প্রতি বছর ১৫ অক্টোবর সারাবিশ্বে ‘বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস’ হিসাবে পালন করা হয়। বিশ্বের প্রতিটি দেশের দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর ন্যায় বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর বিষয়ে সচেতনতা ও সাদা ছড়ির তাৎপর্য তুলে ধরে এই দিনটি উদযাপন করা হচ্ছে। যুগ যুগ ধরে সাদাছড়ির যথাযথ ব্যবহার, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে শনাক্ত করতে ও নিরাপদ পথ চলাচলের ক্ষেত্রে স্বনির্ভরতা নিশ্চিতকরণে ভূমিকা রাখছে। কোনো ব্যক্তিকে সাদাছড়ি নিয়ে চলতে দেখলে অপ্রতিবন্ধী মানুষ বুঝতে পারেন যে সাদাছড়ি ব্যবহারকারী ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী। তার প্রতি সচেতন হওয়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মনোভাব পোষণ করা এবং নিরাপদে সর্বক্ষেত্রে স্বাধীনভাবে চলাচলের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেয়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচলের প্রতীক হিসেবে সাদাছড়ি ব্যবহারের প্রচলন শুরু হয় মূলত ১৯৩০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে। এরই ধারাবাহিকতায় ১৯৬৪ সালে অক্টোবর মাসে মার্কিন কংগ্রেসে এই মর্মে একটি আইন পাস হয় যে, প্রতি বছর ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রে সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হবে। পরবর্তীতে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য ব্লাইন্ড’ (যেটি বর্তমানে ‘ওয়ার্ল্ড ব্লাইন্ড ইউনিয়ন’ নামে পরিচিত) ১৯৬৯ সালে প্রথমবারের মত শুধু দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে, যেখানে অংশ গ্রহণ করে ৬৮টি রাষ্ট্র থেকে আগত প্রায় তিন শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে দৃষ্টিপ্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা, নিরাপদ চলাচল ও আর্থসামাজিক উন্নয়নে কিছু প্রস্তাবনা গ্রহণ করা হয়, যার মধ্যে অন্যতম ছিল প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা। এ প্রস্তাবনার মধ্যদিয়ে সাদাছড়ি নিরাপত্তা দিবস বৈশ্বিক রূপ লাভ করে।
আন্তর্জাতিকভাবে এ দিবস পালনের অন্যতম উদ্দেশ্য হলো, প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় অন্তর্ভুক্ত করা। এটা করতে গেলে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন জরুরি। আবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়া জরুরি, অথচ এ ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে রয়েছি। ২০২০ সালে বিশ্বের সব দেশ কর্তৃক ’টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ গৃহীত হয়েছিল, যেখানে দারিদ্র্য দূরীকরণ, ধরণী সুরক্ষা এবং সব মানুষ যেন ২০৩০ সালের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি অর্জন করতে পারে, তার সার্বজনীন আহ্বান জানানো হয়েছিল। ‘কাউকেই পিছনে রাখা যাবে না’ এই অঙ্গীকারের মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো সবচেয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রাধিকারভিত্তিক উন্নয়নের জন্য অঙ্গীকারাবদ্ধ। বর্তমানে অর্থনৈতিক অগ্রগতি সত্ত্বেও আমাদের দেশে প্রতিবন্ধী ব্যক্তিরা আর্থসামাজিক সুবিধা থেকে বঞ্চিত। অর্থনৈতিক উন্নয়ন ও সমাজ জীবনে পরিপূর্ণ অংশগ্রহণের ক্ষেত্রে নানা বাধার সম্মুখীন হয়েছে তারা, যা টেকসই উন্নয়নের অন্তরায়। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন মানুষের মৌলিক অধিকার ও স্বাভাবিক জীবনযাত্রার মান নিশ্চিত করে। উন্নয়নকে টেকসই করার জন্য আর্থসামাজিক বাধাগুলোকে অতিক্রম করে সবার পরিপূর্ণ অংশ গ্রহণের সুযোগ তৈরির মাধ্যমে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা দরকার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূল কথা হচ্ছে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্তিকরণ। এ লক্ষ্যমাত্রার ১০ নাম্বারে বৈষম্য হ্রাস করার কথা বলা হয়েছে। বর্তমানে বাংলাদেশের সামনে বড় একটি চ্যালেঞ্জ হলো, তার নাগরিকদের সঠিক মানবসম্পদ হিসেবে তৈরি করা, আর এ উন্নয়ন যাত্রায় অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ও দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিবন্ধীদের উন্নয়নে সরকার বিশেষ ভাতা, শিক্ষা উপবৃত্তি, বিনা সুদে ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা, স্বাস্থ্য সুবিধাসহ নানা প্রশংসনীয় উদ্যোগ নিলেও এখনও এই ক্ষেত্রে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। উল্লেখযোগ্য চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে প্রতিবন্ধীদের আর্থিক সম্পৃক্তায় অন্তর্ভুক্তি, দক্ষতা উন্নয়নে কার্যকরী পদক্ষেপ, যথাযথ কর্মসংস্থান, প্রতিবন্ধীবান্ধব কর্ম পরিবেশের ব্যবস্থা নেয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, তাদের আর্থিক সম্পৃক্ততার মাধ্যমে সমাজের মূলধারায় অন্তর্ভুক্তিকরণের বিষয়টি, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বড় চ্যালেঞ্জ।
প্রতিবন্ধীদের জন্য যদি তাদের বিশেষ চাহিদাগুলো মাথায় রেখে ভৌত অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে পদক্ষেপ নেয়া যায়, তবে তাদের কর্মক্ষমতা ও সক্ষমতা প্রচলিত ধারণার সুস্থ শরীরের থেকে কোনোভাবেই খাটো নয়। প্রতিবন্ধীবান্ধব ভৌত অবকাঠামো নির্মাণ, প্রশিক্ষণ প্রদান ও কর্মসংস্থান ব্যবস্থা করার ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক যে বাধাগুলো আছে, সেগুলো দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া দরকার। এই লক্ষ্যে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক পরিচালিত এক জরিপের উদ্ধৃতি দিয়ে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) জানায় আমাদের দেশের প্রায় ৮ থেকে ১০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধিতার শিকার। বার্ডো দৃষ্টি প্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য ১৭ জুলাই, ১৯৯১ সাল থেকে জাতীয় পর্যায়ে কাজ করে আসছে। উক্ত কাজের মধ্যে রয়েছে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য আবাসিক বিদ্যালয়, কম্পিউটার প্রশিক্ষণ, ব্রেইল লাইব্রেরি, ব্রেইল বই প্রডাকশন সেন্টার, চাকরি প্রদান, সামাজিক নিরাপত্তা ও সমাজভিত্তিক পুনর্বাসন কার্যক্রম।
প্রায় এক যুগ হতে চলল বাংলাদেশ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সনদ অনুস্বাক্ষর করেছে। কিন্তু এতে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাগ্যের তেমন একটা পরিবর্তন হয়নি। দেশে এখনও প্রতিবন্ধীদের প্রবেশ গম্যতার অভাব সর্বত্র, কারণ ইমারত নির্মাণ বিধিমালা মানছে না কেউ। এছাড়া গণপরিবহন ব্যবস্থা এখনও প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব নয়। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের কমিটিগুলো কার্যকর হচ্ছে না।
আমাদের দেশের অধিকাংশ মানুষের মধ্যে প্রতিবন্ধিতা বিষয়ে প্রায় ক্ষেত্রেই নেতিবাচক ধারণা রয়েছে। বার্ডোর নির্বাহী পরিচালক, দৃষ্টিপ্রতিবন্ধী মো. সাইদুল হকের মতে, প্রতিবন্ধীদের কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, সামজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্বরিত সহায়তা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের ওপর সব ধরনের হয়রানি বন্ধের জন্য একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা খুবই জরুরি। যদি একটি পৃথক মন্ত্রণালয় গঠন করা হয়, তবে এটি তাদের অধিকার আদায়ের ক্ষেত্রে সহায়ক হবে। প্রতিবন্ধীদের উন্নয়নের সঙ্গে জাতীয় উন্নয়ন এর একটি যোগসূত্র আছে। যদি প্রতিবন্ধীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হয়, তাহলে তারা জাতীয় উন্নয়ন ও উৎপাদনশীলতায় প্রভুত অবদান রাখতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। তিনি আশা প্রকাশ করেন, আরও বেশি সংখ্যক অধিকার ভিত্তিক সংগঠন এ দেশে প্রতিষ্ঠিত হবে এবং অন্যান্য সংগঠন যারা বর্তমানে উন্নয়ন খাতে কাজ করে, তারাও প্রতিবন্ধীদের জন্য কর্মসূচি বা পদক্ষেপ নিবে। জাতীয় এবং আন্তর্জাতিক পর্ষায়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা র জন্য নানাবিধ পদক্ষেপ নেয়া উচিত বলে তিনি মনে করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে ১৩ ডিসেম্বর, ২০০৬ সালে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা বিষয়ক সনদ অনুমোদন করা হয়, যেটা প্রতিবন্ধী ব্যক্তিদের মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতা সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং তাদের সহজাত মর্যাদার প্রতি যথাযতভাবে সম্মানের জন্য গৃহীত হয়েছিল। বাংলাদেশ সরকার সনদটি ৩০ নভেম্বর, ২০০৭ সালে অনুস্বাক্ষর করে। এরপর থেকেই দিবসটি পালিত হয়ে আসছে দেশব্যাপী। জাতীয় উন্নয়নে বৃহত্তর স্বার্থেই প্রতিবন্ধীদের উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা প্রয়োজন। সংশ্লিষ্ট সবাইকে একটি অধিকার ভিত্তিক সমাজ বিনির্মাণ করার জন্য যথাযথ ভূমিকা পালন করতে হবে, যেখানে সবাই কোনোরূপ বৈষম্য ছাড়াই তাদের অধিকারগুলো ভোগ করতে পারে। আমাদের জাতীয় সংবিধানেও এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। এ দিবস পালনের উদ্যোগ তখনই সার্থক হবে, যখন প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং সংশ্লিষ্ট সবাই ইতিবাচক মনোভাব নিয়ে এই বিষয়ে এগিয়ে আসবেন।
লেখক : সাংবাদিক-কলামিস্ট।
