মৌমাছি প্রাণিজগতের অন্যতম পরিশ্রমী পতঙ্গ। ক্ষুদ্র এই জীবের বিপুল পরিশ্রমের পুরোটা ফল ভোগ করে মানুষ ও পরিবেশ। ফুলের সুষ্ঠু পরাগায়নে সহায়তা করে মৌমাছি যা ফল, ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ফল উৎপাদন বাড়লে বীজ উৎপাদনও বাড়ে। তাতে বাড়ে নতুন গাছ। বাড়ে বনও। প্রাকৃতিক বনের ক্ষেত্রে এটি আরও বেশি সত্য। এসবের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে মৌমাছি। দুঃখজনক হলো, মৌমাছিদের এখন বড়ই দুর্দিন। রীতিমতো মড়ক লেগেছে যেন, কাতারে কাতারে মারা যাচ্ছে মৌমাছি। সর্ষেখেতে নির্বিচার কীটনাশক ছিটানোর ফলেই এমনটি ঘটছে বলে একজন গবেষকের অভিমত। সরেজমিনে অনুসন্ধান করেই এ তথ্য পেয়েছেন তিনি। গবেষক গওহার নঈম ওয়ারা মৌচাষি হামিদ আলীর বরাত দিয়ে জানালেন হতাশার কথা। তার শ’ পাঁচেক মৌবাক্স আছে।
টাঙ্গাইল, মানিকগঞ্জ ঘুরে ঘুরে এই মৌসুমে তিনি সর্ষে/ধনিয়া/কালোজিরা ফুলের মধু সংগ্রহ করেন। লিচুর ফুল এলে চলে যান নাটোর, লালপুর, পাকশী, ঈশ্বরদী। গবেষক সবিস্তারে লিখেছেন- ‘হামিদ আলীর মন খারাপ। তিনি প্রতিবারের মতো এবারও গিয়েছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নে। সেখানকার উকিয়ারা গ্রামের আবুল মিয়ার সঙ্গে তার অনেকদিনের ‘শেয়ার’। দু’জন মিলে প্রায় ৯০০ বাক্সের চাষবাস। এক এক বাক্সে ৫০-৬০ হাজার মৌমাছি। এখন (মাঠ ভরা ফুলের সময়) প্রতি বাক্সে দিনে এক লিটার মধু পাওয়ার কথা। মধু দূরে থাক, মৌমাছি মারা যাচ্ছে কাতারে কাতারে। কিন্তু কেন ? হামিদ আলী তার সরল ভাষায় বলেন, ভূত; ভূত লেগেছে সর্ষে ফুলে। অল্পবিদ্যা নিয়ে নানা বাগধারা আছে।
তবু আমার অল্প বিদ্যার ওপর ভর করে বলে ফেলি, ‘মিথাইল সিলিসাইলেট পানিতে গুলে দিলেই তো মৌমাছি বাঁচানো যায়।’ কষ্টের মধ্যেও হেসে ফেলেন হামিদ আলী। ‘কোনো কিছুতেই কাম হচ্ছে না ইটা তো একারাইন নয় যে মিথাইলে কাজ হবে। (একারাইন রোগ প্রাপ্তবয়স্ক মৌমাছিদের হয়ে থাকে। একরাপিস নামের এককোষী পরজীবী মৌমাছির কণ্ঠনালি বা শ্বাসনালিতে ঢুকে দেহের ভেতরের তরল পদার্থ খেয়ে ফেলে এবং ডিম পাড়ে। ফলে মৌমাছির শ্বাসনালি কীটাণু ভর্তি হয়ে পড়ে। ক্রমেই শ্বাস বন্ধ হয়ে মৌমাছি মারা যায়।)’\r\nসিরাজগঞ্জ জেলার কৃষি অফিস সূত্রে জানা জানা যায়, সর্ষে খেতে নির্বিচার কীটনাশক ছিটানো হচ্ছে যা মৌমাছির মৃত্যুর প্রধান কারণ। বিশেষজ্ঞরা জানালেন, দিনের বেলায় ওষুধ ছিটানোর কারণে মৌমাছি মারা পড়ছে। বাক্সের মৌমাছি সূর্য ওঠার পর থেকে আসরের ওয়াক্ত পর্যন্ত মাঠের ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। বিকেলের মধ্যেই মৌমাছিগুলো ফিরে যায় বাক্সে। কৃষকেরা বিকেলে শর্ষে খেতে কীটনাশক ছিটালে মৌমাছির কোনো ক্ষতি হতো না। কৃষকদের অসচেতনতার জন্য এমনটি হয়েছে। বিভিন্ন জেলার কৃষি বিভাগ দাবি করছে, তারা ইতোমধ্যে বিভিন্ন উপজেলার সর্ষে চাষিদের এ বিষয়ে সচেতন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। \r\nমৌমাছি ও মধুশিল্পের জন্য বড় ক্ষতি বয়ে আনার ঝুঁকি এখন স্পষ্ট। টাঙ্গাইলের হামিদ আলী হয়তো ঘুরে দাঁড়াতে পারবেন না, কিন্তু অন্য হামিদরা যেন তার মতো হারিয়ে না যান, সেদিকে আমাদের নজর দেওয়া জরুরি। সব প্রচার মাধ্যমে সর্ষে খেতে কীটনাশক প্রয়োগের বিরুদ্ধে প্রচার জোরদার করা চাই।
