অবশেষে বহু প্রতীক্ষার প্রহর পেরিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পৃথিবীর ইতিহাসে বহু স্বদেশ প্রত্যাবর্তন ঘটেছে, কিন্তু আজ যে দিনটি বাংলাদেশের বুকে ধেয়ে আসছে, তা যেন নিজের ইতিহাস নিজেই লিখতে প্রস্তুত হয়ে আছে। পৃথিবীর কোনো জাতি আগে কখনোই দেখেনি এমন এক প্রতীক্ষা প্রহর, এমন আবেগ, ঘোর লাগা অনুরণন, এমন প্রবল উত্তেজনা, উন্মাদনা। যা আমাদের সামনে ঘটতে যাচ্ছে, তার সংজ্ঞা একদিন শুধু সেই দিনই দেবে। ঢাকা, যে শহর প্রতিদিন সীমাহীন যানজটে, প্রবল কোলাহলে, ক্লান্তিতে নুয়ে পড়ে, হঠাৎই সেই শহর পরিণত হয়েছে এক বিস্ময়কর মহাসমুদ্রে। কংক্রিটের অরণ্যের বুক চিরে উঠে এসেছে কোটি কোটি মানুষের স্রোত, যেন শহর নয় একটি প্রাণ ফিরে পাওয়া ক্ষুধার্ত জাতির স্পন্দিত হৃদয়।
আজকের ঢাকায় একটাই প্রশ্ন“নেতা কতক্ষণে পৌঁছাবেন?” চায়ের দোকান, রাস্তার মোড়, অফিস, বাসস্ট্যান্ড, সব জায়গায় কথার উত্তাপ যেন আগুন হয়ে ছড়িয়ে পড়েছে। দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ঢাকায় ছুটে আসছে। গাবতলী, টঙ্গি, যাত্রাবাড়ী, সাভার, নারায়ণগঞ্জ, সব সড়ক আজ এক দিকে গিয়েছে। মানুষ ভুলে গেছে কাজ, পেশা, দায়িত্ব। শ্রমিক কারখানা ফেলে এসেছে, কৃষক জমি ফেলে, ছাত্র ব রেখেই, ব্যবসায়ী দোকান খোলা রেখে। যেন আজ একজন মানুষকে দেখা, এই একটিমাত্র লক্ষ্যই দেশের মানুষের একান্ত সত্য।
রেলস্টেশনগুলো ভেঙে পড়েছে মানুষের ঢলে। কেউ টিকিটের তোয়াক্কা করছে না, কেউ চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে নামছে। বাসস্ট্যান্ডে বাস এসে থামার আগেই লাফিয়ে নামছে যাত্রী। লঞ্চঘাট থেকে নেমে যাত্রীরা ছুটছেন একদিকেই, একটাই গন্তব্য : বিমানবন্দর। কিন্তু কোটি মানুষ কি আদৌ বিমানবন্দর পর্যন্ত পৌঁছাতে পারবে? সে প্রশ্ন কেউ করছে না, কেউ ভাবছে না। তা ভাবার সময় নেই আজ। কারণ আজ মানুষের ভিড়কে আটকে রাখার মতো কোনো শক্তি নেই, দৃষ্টি, মন, হৃদয়, শ্বাস, সব কিছুই আজ এক বিন্দুতে একত্রিত হয়েছে।
টেলিভিশন চ্যানেলগুলো লাইভ করছে প্রতিটি মুহূর্ত। ক্যামেরাম্যানের হাত কাঁপছে মানুষের চাপ সামলাতে। সামাজিক মাধ্যমে সিগন্যাল নেই, ফোন লাইন ডেড হয়ে গেছে, তবুও মানুষ সংযুক্ত এক অদৃশ্য ডোরায়, যার নাম, প্রেম, আশাবাদ, পরিবর্তনের অবারিত আকাঙ্ক্ষা। আজকের ঢাকায় কোনো নিয়ম নেই, কোনো শাসন নেই। রয়েছে শুধু এক আবেগ—“নেতা আসছেন।”
কার জন্য এমন উন্মাদনা? কার জন্য আজ চোখ ভিজে উঠছে কোটি মানুষের? কার জন্য দেশের সমস্ত ব্যস্ততা, সমস্ত ব্যক্তিগত জীবন আজ মুছে গেছে? উত্তর একটাই, নাম তাঁর তারেক রহমান। ১৭ বছরের দীর্ঘ নির্বাসন জীবন শেষ করে তিনি ফিরছেন দেশে। ১/১১-এর দমননীতি, অসংখ্য মিথ্যা মামলা, নির্মম নির্যাতন ও রাজনৈতিক প্রতিহিংসা তাঁকে দেশ থেকে দূরে রেখেছিল, কিন্তু তিনি দেশের রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন প্রতিদিন, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি আন্দোলনের ডাক-ঘণ্টায়। লন্ডনের একটি ঘর থেকে তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক।
বাংলাদেশের ইতিহাসে বারবার সংকটের মুহূর্তে দায়িত্ব এসেছে একটি পরিবারের হাতে। ১৯৭৫-এর অস্থিরতার পরে দায়িত্ব নিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ১৯৯০-এর স্বৈরাচারের পতনের পর মানুষ দায়িত্ব দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আজ সেই একই ইতিহাস আবার দোরগোড়ায় দাঁড়িয়েছে। মানুষ আবার সেই পরিবারের দিকেই তাকিয়ে আছে। এটাই তারেক রহমানের ঐতিহাসিক দায়, এটাই সময়ের আহ্বান, এটাই মানুষের প্রতি জিয়া পরিবারের দায়িত্ব।
বিমানবন্দরের ভেতর অপেক্ষা মুহূর্ত মাত্র। আর বাইরে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছে স্লোগান—“নেতা আসছেন… নেতা আসছেন…”। এ ডাক একজন নেতাকে স্বাগত জানানোর ডাক মাত্র নয়, এটা একটি জাতির মুক্তির প্রেরণা, গণতন্ত্রের প্রত্যাবর্তন, নতুন বাংলাদেশের আশার আলো, আঁধারের গায়ে গায়ে পরশ। মানুষ জানে, হয়ত তাঁরা তাঁকে চোখে দেখতে পারবে না অথবা গাড়ির জানালা দিয়ে মাত্র এক ঝলক দেখতে পাবে। তবুও সেই এক ঝলকের জন্য তাঁরা জীবন বাজি রেখে ছুটে এসেছে।
এই প্রতীক্ষার মাঝে এক করুণ বেদনার ছায়া ওড়ে। হাসপাতালের বিছানায় শুয়ে আছেন আপোশহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে লড়ছেন। তিনি বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্বের নারী সংগ্রামের একজন অগ্রসেনানী। পুরোটা জীবন লড়েছেন ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। দেশের মানুষ মনে মনে ভাবছে, হয়ত প্রিয় সন্তান আজ ফিরে এসে মায়ের সামনে দাঁড়াবেন। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, তারেক রহমান খুব শিগ্গিরই ফিরবেন। আর মানুষ? তারা তো গুনছে একেকটা মুহূর্ত, একেকটা নিশ্বাস।
বাংলাদেশ আজ যেন শ্বাসরুদ্ধ হয়ে অপেক্ষায়, একটি বিমান নামবে, একটি দরজা খুলবে, আর কোটি মানুষের কণ্ঠে একসাথে ধ্বনিত হবে “নেতা এসেছেন।”
