শিশুরা ধরিত্রীর সর্বত্রই নিষ্পাপ ও সবার কাছে ভলোবাসায় পরিপূর্ণ মমতার আধার। যাদের দিকে তাকালে প্রকৃতি প্রদত্ত অকৃত্রিম অনুভূতি তৈরি হয়। সেই শিশু যদি বাবা-মার সামনে অগ্নিদগ্ধ হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে যায়- তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে আয়েশার আকুতি ‘আব্বু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও’Ñএমনই এক মর্মান্তিক মৃত্যু।

শুক্রবার গভীর রাতে স্থানীয় বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা দিয়ে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। ফলে ঘুমন্ত অবস্থায় অগ্নিসন্ত্রাসের নির্মম শিকার সাত বছরের কন্যা আয়েশা বেগম বিনতিসহ দু’জনের অকাল মৃত্যু ঘটেছে। অগ্নিদগ্ধ হয়েছেন বেলাল এবং তার দুই মেয়ে সালমা ও বীথি আক্তার। মানুষ এতটা নৃশংসও হতে পারে? গভীর রাতে নিজ ঘরে যখন মানুষ তার পরিবার-পরিজন নিয়ে সারাদিনের কর্মক্লান্ত শরীরের অবসাদগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণ পেতে দেহ এলিয়ে দেয় বিছানায়Ñ সেখানেও যদি মানুষের জীবন নিরাপদ না হয়, তবে কোথায় মানুষ তার নিজের নিরাপত্তা খুঁজে পাবে? এর কোন জবাব আমাদের কাছে নেই। মানুষ কতটা হায়েনা হলে- ঘরের দরজা বাইরে থেকে তালা ঝুলিয়ে পেট্রোল ঢেলে আগুন দিতে পারে? এটি কোনো রাজনৈতিক আক্রোশ হতে পারে না।

এটি পরিকল্পিত হত্যার চেষ্টা। অন্যদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক পোশাক কারখানায় কর্মরত ও ধর্মীয় পরিচয়ে হিন্দু শ্রমিককে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। প্রায় একই সময়ে একই নৃশংস প্রক্রিয়ায় চট্টগ্রামের রাউজানে তিন হিন্দু পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়। ঘটনাগুলো পৃথক হলেও এগুলোর উদ্দেশ্য যে রাষ্ট্র ও সমাজকে পশ্চাৎমুখী ও অস্থির করে তোলাÑ সে বিষয়ে সন্দেহের অবকাশ সামান্য। আসন্ন নির্বাচনকে বানচাল করে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করাও এ সকল গুরুতর অপরাধের উদ্দেশ্য বলে মনে করা যায়। তদুপরি এই ঘটনাগুলো সামগ্রিক আইনশৃঙ্খলার অবনতির সঙ্গে সম্পর্কিত। অনেকেরই আশা ছিল, গত বৎসরের গণঅভ্যুত্থানের পর এ সকল ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজ ঘুরে দাঁড়াবে; অন্তর্বর্তী সরকার এতে নেতৃত্ব দেবে। বাস্তবে উল্টোটাই ঘটেছে বলে মনে হচ্ছে। গত বৎসরের ৫ আগস্টের পর হতে অদ্যাবধি যত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে; দরগা-মাজার ইত্যাদি স্থাপনায় হামলা-ভাঙচুর হয়েছে, সেগুলোর কোনোটারই বিচার এমনকি স্বচ্ছ তদন্ত পর্যন্ত হয়নি।

এই প্রেক্ষাপটে মতপ্রকাশের অধিকারসহ সর্বজনীন মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা মনে করি, এহেন অরাজক পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। সরকারকে এর রাশ টেনে ধরতে হবে। সে ক্ষেত্রে উল্লিখিত সকল বর্বর ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সচেতন মানুষদেরও এ বিষয়ে সোচ্চার থাকা জরুরি বলে আমরা মনে করি।