ভূমিকম্প একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ, যা মানুষসহ কৃষি খাতের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। ভূমিকম্পের পরপরই দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে ফসল উৎপাদন, প্রাণিসম্পদ ও মৎস্যসহ সমগ্র কৃষি অর্থনীতি হুমকির মুখে পড়তে বাধ্য। তাই ভূমিকম্প পরবর্তী সময়ে কৃষি খাত রক্ষায় সুনির্দিষ্ট পরিকল্পনা ও করণীয় নির্ধারণ অত্যন্ত জরুরি।
বর্তমান প্রেক্ষাপটে নিজেদের নিরাপদ রাখতে ভূমিকম্প সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানার চেষ্টা করছে সাধারণ মানুষ। এক্ষেত্রে তথ্য জানার সহজ মাধ্যম হিসেবে অনেকেই আশ্রয় নিচ্ছে সার্চ ইঞ্জিন গুগলের। আমিও কৃষিতে ভূমিকম্পে ক্ষতি বিষয়ে গুগলের সার্চ দিয়ে জানার চেষ্টা করেছি। এক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য তথ্য না পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছি। তারাও আমাকে বলেছেন, দেশে ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা, খরাÑ এসব নিয়মিত ঘটায় সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু এ বিষয়ে পরিমাণভিত্তিক ও বিস্তৃত গবেষণা খুবই সীমিত।
ভূমিকম্প কৃষিতে কী ধরনের ক্ষতি করে, এ ব্যাপারে গুগলের সার্চের মাধ্যমে জানতে পারলাম, ভূমিকম্প কৃষিতে সরাসরি ক্ষতি করে, যেমন মাটি ফেটে যাওয়া, ফসল নষ্ট হওয়া এবং অবকাঠামো ভেঙে পড়া। পরোক্ষ প্রভাবগুলোর মধ্যে রয়েছে, সেচ ব্যবস্থা ও সার কারখানার মতো জরুরি অবকাঠামোর ক্ষতি, যা কৃষি উৎপাদনকে বাধাগ্রস্ত করে। এছাড়াও, ভূমিকম্পের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ, যেমন ভূমিধস বা সুনামি, কৃষি জমিকে দীর্ঘমেয়াদে অনুর্বর করে তুলতে পারে। আরও বিস্তারিত জানতে আমি কৃষিবিদ এবং খামারিদের সঙ্গেও কথা বলেছি।
নরসিংদীর বেলাবো উপজেলার সততা পোল্ট্রি খামারের মালিক কৃষিবিদ মো. আলমগীর হোসেন। তার খামারে প্রায় ৫ হাজার লেয়ার মুরগি রয়েছে। স্বাভাবিক সময়ে এসব মুরগি প্রতিদিন গড়ে ২৪ শতাধিক ডিম দেয়। কিন্তু সাম্প্রতিক ভূকম্পন ও শব্দ মুরগির মাঝে তীব্র ভীতি ও মানসিক চাপ সৃষ্টি করে। এতে করে উৎপাদন হ্রাস পায়। ভূমিকম্পের পরদিন ডিম উৎপাদন কমে দাঁড়ায় ২১৭৫টিতে। হিসাব করে দেখা যায়, আগের তুলনায় প্রায় ২২৫টি ডিম কম উৎপাদন হয়েছে, যা মোট উৎপাদনের প্রায় ১০ শতাংশ। পরেদিন ৬ শতাংশ, তৃতীয় দিন ৩ শতাংশ এবং চতুর্থ দিন স্বাভাবিকভাবে ডিম দিচ্ছে। ভূমিকম্পের ফলে ডিম উৎপাদনের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়, যার মধ্যে রয়েছে প্রত্যক্ষ মৃত্যুহার, চাপ এবং খাদ্য সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার মতো পরোক্ষ প্রভাব। উদাহরণস্বরূপ, তুরস্কে ২০২৩ সালে একটি ভূমিকম্পের ফলে হাতাই প্রদেশে মুরগির ডিম পাড়ার উৎপাদন ১৫.৬৫ শতাংশ হ্রাস পায়। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পজনিত ভয়, শব্দ ও খাঁচার নড়াচড়া মুরগির মধ্যে তীব্র স্ট্রেস তৈরি করে, যার ফলে উৎপাদন ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। সাধারণ কম্পনে ডিম উৎপাদন ১০-২০ শতাংশ, মাঝারি মাত্রায় ২০-৩০ শতাংশ, আর তীব্র ভূমিকম্পে উৎপাদন ৩০-৫০ শতাংশ পর্যন্ত কমে যায়। এর কারণ হচ্ছে, স্ট্রেস বাড়লে মুরগি কম খায়, কম পানি পান করে। ফলে তাদের বিপাক প্রক্রিয়া ধীর হয়, যা ডিম উৎপাদনে তাৎক্ষণিক বিরূপ প্রভাব ফেলে।
ভূমিকম্পের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে। এতে মৎস্য সম্পদের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। ফলে মাছের বাসস্থান, প্রজনন ক্ষেত্র ব্যাহত এবং খাদ্যের উৎসকে প্রভাবিত করে থাকে, যা মাছের সংখ্যা হ্রাসের কারণ হতে পারে। কম্পনে পুকুর বা জলাশয়ের তলদেশ নড়ে গিয়ে পানি ঘোলা হয়ে যায়। তলদেশের অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উপরে উঠে এসে মাছের শ্বাসকষ্ট তৈরি করে। পানির পিএইচ, তাপমাত্রা হঠাৎ বদলে যায়, যা মাছের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া, ভূমিকম্পে মাছ ভয় পেয়ে খাদ্য খাওয়া কমিয়ে দেয়, স্ট্রেসের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগের আক্রমণ বাড়ে যেমন ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি। এমনকি, জলাশয় শুকিয়ে যাওয়া বা পানি সরে যেতে পারে।
সমুদ্রের তলদেশে বড় ধরনের ভূমিকম্প হলে সৃষ্ট সুনামি উপকূলীয় অঞ্চলের এবং অগভীর জলের মাছের ব্যাপক প্রাণহানি ঘটায়। ঢেউয়ের আঘাতে বা পানি সরে যাওয়ার ফলে মাছ উপকূলে নিক্ষিপ্ত হয়ে মারা যায়। ভূমিকম্পের নদীর তলদেশ উঁচু হয়ে যায় এবং পুরনো পথে স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়, যা নদীকে নতুন এবং অপেক্ষাকৃত নিচু পথ ধরে প্রবাহিত হতে বাধ্য করে। উদাহরণস্বরূপ, ১৭৬২ সালের একটি বড় ভূমিকম্পের প্রভাবে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তিত হয়েছিল এবং এটি বর্তমানে যমুনা নদী নামে পরিচিত।
ভূমিকম্পে গরু, মহিষ, ছাগল, ভেড়া শারীরিক, আচরণগত এবং উৎপাদনশীলতায় ক্ষতির সম্মুখীন হয়। চরম ভীতির কারণে খাবার ও পানি গ্রহণ কমে যেতে পারে। এতে দুধের উৎপাদন হ্রাস পার। পরোক্ষ প্রভাবগুলির মধ্যে রয়েছে খাদ্য ও পশুচিকিৎসার যতেœর জন্য সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত, পানি ও খাদ্য উৎসের দূষণ, রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি বৃদ্ধি এবং পণ্যের ক্ষতি ও উৎপাদন ক্ষমতা হ্রাসের কারণে কৃষকদের উপর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে তুরস্কের দক্ষিণাঞ্চল এবং উত্তর সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পের পরে খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)’র রিপোর্টে দেখা গেছে যে, কৃষি খাতে মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে, পশু উৎপাদনে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ভূমিকম্পের কারণে তুরস্কের কৃষি উৎপাদনের ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এক রিপোর্ট অনুযায়ী, প্রায় ৪০ হাজার গবাদিপশু এবং অন্যান্য পালিত প্রাণির মৃত্যু হয়েছিল।
এটা ঠিক যে, ভূমিকম্পকে সম্পূণরূপে প্রতিরোধ করা সম্ভব না। এমন সংকটময় সময়ে আতঙ্ক নয়, বৈজ্ঞানিক প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি, পশু ও পোল্ট্রি খামার নির্মাণ নীতিমালা এবং কার্যকর মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এর ক্ষতি ব্যাপকভাবে কমানো সম্ভব। মনে রাখতে হবে, ভূমিকম্প শুধু বাসস্থান নয়Ñ খামার, শস্যভা-ার, সেচব্যবস্থা ও কৃষকের জীবিকা সরাসরি হুমকির মুখে ফেলে। প্রস্তুতি হিসেবে, খামার শ্রমিক ও কৃষকদের ভূমিকম্পের সময় কী করতে হবে এবং জরুরি পরিকল্পনা সম্পর্কে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষিকে দুর্যোগ-সহনশীল কৃষিতে রূপান্তর করতে হবে। এর জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দুর্যোগ সহনশীল ফসলের জাত উদ্ভাবন জরুরি।
ভূমিকম্পে মাটি ফাটল, ফসল ক্ষতির পরিমাণ নিরূপণ, পানি পরিবর্তন বিশ্লেষণ, মৎস্য চাষব্যবস্থায় ভূমিকম্পজনিত ঝুঁকি বিষয়ে উচ্চ মানের গবেষণা ও উদ্ভাবনের জন্য বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্রে যথাযথ অর্থায়ন নিশ্চিত করা জরুরি। দুর্যোগকে ছোটভাবে দেখা যাবে না; প্রতিটি প্রস্তুতি পরিকল্পিত ও সমন্বিত হতে হবে। এক্ষেত্রে, কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলোতে ভূমিকম্প গবেষণা ইউনিট চালু করতে হবে। ভূমিকম্প থেকে কৃষিকে রক্ষা করার জন্য কৃষি সরঞ্জাম, বীজ, সার এবং ফসলের জন্য শক্তিশালী ও ভূমিকম্প-প্রতিরোধী শেড বা গুদাম তৈরি করা যেতে পারে। কৃষি বাজেটে ভূমিকম্প অভিযোজন তহবিল গঠন করা যেতে পারে। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের অর্থায়নে ক্ষুদ্র কৃষকের জন্য দুর্যোগ বীমা চালু করতে হবে। সহজ করে বললে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের শুধু নগদ সহায়তা নয় বরং দীর্ঘমেয়াদি সমাধান জরুরি। এই ক্ষেত্রে কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে শস্যবীমা বা কৃষিবীমা সহায়ক শক্তি হিসেবে দাঁড়াতে পারে। ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে বিভিন্ন ধরনের শস্যবীমার মাধ্যমে কৃষকদের সুরক্ষাবলয় আছে। এ ছাড়া দুর্যোগ-সহনশীল কৃষি অবকাঠামো নির্মাণ, পশু ও পোল্ট্রি খামারের উন্নত কাঠামো নকশা উন্নয়ন, জটিলতা ছাড়া ব্যাংক ঋণে ছাড়, ভর্তুকি, আধুনিক চাষ প্রযুক্তি এবং কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে।
লেখক: কৃষিবিদ, উপ-পরিচালক, শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়।
