বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে অফুরন্ত সম্ভাবনার হাতছানি। নতুন করে বাংলাদেশকে সাজাবার এক মোক্ষম সুযোগ এসে দাঁড়িয়েছে তাঁর সামনে। একই সাথে কিছু চ্যালেঞ্জও তাঁকে মোকাবিলা করতে হবে। নির্বাচনের আর মাত্র মাসখানেক বাকি। দেশের রাজনৈতিক বাস্তবতায় বিএনপির জনপ্রিয়তা এখন আকাশচুম্বি। দেশের সব শ্রেণি-পেশার মানুষ, রাজনীতি সচেতন মহল, কূটনৈতিকমহল, ব্যবসায়ী সমাজ, মিডিয়াকর্মী সকলের চোখ এখন বিএনপির দিকে। দেশি-বিদেশি সকল সংস্থা মনে করছে, বাংলাদেশের নেক্সট প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বিএনপিকে নিয়ে মানুষ ভাবতে শুরু করেছে। দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত মানুষ পছন্দের দলকে নির্বাচিত করার স্বপ্ন দেখছে। দেশ স্থিতিশীল ও স্বনির্ভর হবে, বেকারত্ব কমবে, মানুষ তার ধর্মীয় অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। কিন্তু অভ্যুত্থানের পর মানুষের সামনে কিছু অনাকাক্সিক্ষত বাস্তবতা পরিলক্ষিত হয়। ফ্যাসিস্ট হাসিনা ও তার সাঙ্গপাঙ্গরা দেশ ছেড়ে পালালেও মানুষ সেই অর্থে স্বস্থি অনুভব করতে পারেনি। ক্রমশই প্রতিপক্ষকে ঘায়েলের উগ্রবাদী রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠছে। ধারাবাহিকভাবে পির-ফকির, অলি-আউলিয়াদের মাজার ভাঙচুর, জায়গাজমি দখল, প্রকাশ্যে মানুষকে পিটিয়ে হত্যা, লাশ পোড়িয়ে দেওয়া, সর্বোপরী বিচারহীন এক মব সংস্কৃতি দৈত্য-দানবের আকার ধারণ করেছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। এগুলো মানুষকে স্বস্তির বদলে অনাকাক্সিক্ষত বিপদের আশঙ্কায় ফেলে দেয়। দেশ রাজনৈতিকভাবে ক্রমশ অস্থির হয়ে উঠেছে। রাজনৈতিকভাবে সোস্যাল মিডিয়ায় টার্গেট হয়েছে বিএনপি ও দলের শীর্ষ নেতা তারেক রহমান।

আওয়ামী লীগের চেয়েও বিএনপি খারাপ প্রমাণের অপচেষ্টা চালাচ্ছে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী একটি দলের অনলাইন অ্যাক্টিভিস্টরা। এতে সর্বশক্তি নিয়োগ করে তারা। এমনকি এই দলের শীর্ষ ব্যক্তিরাও বক্তব্য বিবৃতিতে বিএনপিকে চাঁদাবাজ, দখলদার, জালিম ট্যাগিং দিয়ে আক্রমণ করছেন। শুরু হয়েছে রাজনীতিতে বিএনপিকে কোনঠাসা করার কূটচাল। এর অংশ হিসেবে প্রবাস ফেরত বিশেষ দলের জনপ্রিয় এক তরুণ মাওলানাকে দিয়ে সুকৌশলে বিএনপিবিরোধী ন্যারেটিভ তৈরি করা হয়েছে। লাখো জনতার ভর মজলিসে তিনি বলেছেন, ‘একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।’ এগুলো ছিল বিএনপি ব্যাশিং পরিকল্পনার অংশ। এই গোষ্ঠীর প্রধান টার্গেট ছিল সহসা নির্বাচন হতে না দেওয়া। কারণ, তারা জানে নির্বাচন হলে বিএনপি বিপুল সংখ্যাগরিষ্টতা নিয়ে জয়লাভ করবে এবং সরকার গঠন করবে। এতে তাদের ক্ষমতা খর্ব হবে। এজন্য সংস্কার, পিআর, গণভোট ইত্যাদি বিষয় সামনে নিয়ে আসা হয়। ড. ইউনূসকে দীর্ঘমেয়াদে ক্ষমতায় রেখে বিরাজনীতিকরণের অপচেষ্টাও চালানো হয়। কিন্তু বিএনপির কান্ডারি তারেক রহমানের সঠিক নেতৃত্ব ও দলের প্রাজ্ঞ নেতা সালাহ উদ্দিন আহমদসহ অন্যান্য সিনিয়র নেতার রাজনৈতিক সচেতনতা ও দলের গণভিত্তির কারণে তাদের এসমস্ত অপকৌশল বুমেরাং হয়ে যায়।

আর এটা চেনা যায় দলের দুঃসময়ে। সুসময়ে সবাই বন্ধু হতে চায়। এই মুহূর্তে বিএনপির বন্ধু হবে না। কিন্তু বন্ধুবেশী শত্রুকে চিনতে হলে অতীতের শিক্ষাটা জরুরি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির প্রকাশ্য প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ এবং তাদের প্রধান টার্গেট ছিলেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। কারণ, ফ্যাসিস্ট হাসিনা জানতেন, যতদিন জিয়া পরিবার বেঁচে থাকবে ততদিন বিএনপিকে ভাঙা যাবে না। তারপরেও বিএনপিতে ভাঙন ধরাতে কম চেষ্টা করা হয়নি। এতকিছুর পরও তারেক রহমানের বলিষ্ট নেতৃত্বে বিএনপি টিকে রয়েছে। কিন্তু হাসিনা ও আওয়ামী লীগহীন বাংলাদেশে বিএনপির বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামি। বিগত দেড়বছর এই দলের নেতাকর্মীরা প্রকাশ্যে অপ্রকাশ্যে বিএনপির বিরুদ্ধে লাগাতার বিষোদগার করে গেছে।

দীর্ঘদিনের মিত্র বিএনপি তাদের কাছে চরম শত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশের আপোসহীন নেত্রী ও গণতন্ত্রের আয়রন লেডি বেগম খালেদা জিয়া যখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের বেডে তখনও এই গোষ্ঠী তারেক রহমানকে ব্যাশিং করেছে। বেগম জিয়ার জন্য মেকি আবেগ দেখিয়ে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাজেভাবে নোংরামি করেছে। সোশ্যাল মিডিয়ায় বেগম খালেদা জিয়ার মুমূর্ষু অবস্থা নিয়ে প্রোপাগান্ডা চালিয়েছে। বলা হয়েছে, তারেক রহমান মৃত মাকে নিয়ে রাজনীতি করছেন। এই নষ্ট রাজনীতির কালচার ফ্যাসিস্ট আমলের চেয়ে কোনো অংশে কম ছিল না। এতো কিছুর পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির শীর্ষ নেতা যখন দেশে ফিরলেন মানুষ পঙ্গপালের মতো তাঁর দিকে ছুটে গেছে। তিনি পেয়েছেন অভূতপূর্ব রাজসিক সংবর্ধনা। আল্লাহর হুকুমে বেগম জিয়া মারা যাওয়ার পর আবারও দেশবাসী জিয়া পরিবারের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করেছে। কিন্তু এর মধ্যে রাজনীতিতে অবাক করার মতো কিছু পরিবর্তন ঘটেছে। জামায়াতি অনলাইন ও অফলাইন ব্লক হঠাৎ করেই সুর বদল করেছে। তাদের কথাবার্তা, আচার আচরণ রাতারাতি পাল্টে গেছে। দলের নেতারা বোল পাল্টাতে শুরু করেছেন। তারা এখন শহিদ প্রেসিডেন্ট মেজর জিয়া ও বাংলাদেশের আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পাটাতনে দাঁড়িয়ে দেশ পরিচালনা করার খায়েশ ব্যক্ত করছেন। ইতোমধ্যে তারেক রহমানের সাথে দেখাও করেছেন। এমন কি তাদের শীর্ষ নেতা বলেছেন, নির্বাচনের পরপরই তারেক রহমানের সাথে বসে দেশ পরিচালনার ব্যাপারে আলোচনা করবেন। তার মানে আবারো বিএনপিকে ভুলিয়ে-বালিয়ে ক্ষমতার অংশীদার হওয়া! বিএনপিকে ইতিহাস মনে রাখতে হবে, দুধকলা দিয়ে কাল সাপ পুষলে সেই সাপ একদিন না একদিন বিষদাঁত ফোটাবেই।

একটি মধ্য ডানপন্থী দল হিসাবে বিএনপির প্রতি জনসাধারণের একটা আস্থা ও ভরসার জায়গা তৈরি হয়েছে তা ধরে রাখতে হবে। হাওর-বাওর, নদী-সাগর অধ্যুষিত নরম মাটির দেশের নাম বাংলাদেশ। মাটির মতোই এদেশের মানুষের মন নরম। তারা অন্তরে যেমন ধর্মকে লালন করেন, তেমনই দেশীয় কৃষ্টি-কালচারের প্রতি রয়েছে নাড়ীর টান। এ মাটি কখনো অতি-ডান কিংবা অতি-বাম চেতনা গ্রহণ করেনি। কিন্তু জামায়াতের সাথে অতীতে বিএনপির জোটবদ্ধতাকে দেশের স্বাধীনতার পক্ষের মানুষ ভালোভাবে নেয়নি। অন্যদিকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ট মানুষ পির-আউলিয়া, মাজার, খানকা ও সুফিবাদ পছন্দ করে। উগ্রতাকে তারা সবসময়ই ঘৃণা করে। আদর্শিক কারণেই এই মানুষগুলো জামায়াতে ইসলামিকে অপছন্দ করে। কিন্তু বিএনপি যখন জামায়াতের সাথে জোট করে স্বভাবতই তারা এটা মেনে নিতে পারেনি।

বিপরীতে তারা জামায়াতবিরোধী জোট আওয়ামী লীগের দিকে ঝুঁকে পড়ে। এই ঝুঁকে পড়াটা আওয়ামী আদর্শের দিকে ছিল না, এটা নিছক জামায়াতের বিরুদ্ধে অবস্থান ছিল। জামায়াতের সাথে বিএনপির অতীত রাজনৈতিক আপোসের জন্য অনেক খেসারত দিতে হয়েছে। বিএনপি যখন জামায়াতের সঙ্গ ত্যাগ করেছে মানুষ বিএনপির প্রতি আবারও তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ না থাকলেও জামায়াত এখনো দ্বিতীয় শক্তি হতে পারেনি। আদতে তারা এখনো চতুর্থ কিংবা পঞ্চম সারির দল। যতোটা না অনলাইনে তারা হাইপ তুলেন, ওজনে তারা আসলে ততোটা নয়। সুতরাং বিএনপি একা নয়। তাদের সাথে এদেশের অধিকাংশ মানুষ আছে। বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক বাজার তারেক রহমান ধরে রাখতে পারবেন বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।

কারণ, জামায়াতের রাজনীতির সাথে বিএনপির রাজনীতি কখনো একাকার হওয়ার সুযোগ নেই। জামায়াত মওদুদী মতবাদ দ্বারা পরিপুষ্ট একটি দল। যাদের আট দশক ধরে মানুষ প্রত্যাখ্যান করে আসছে। অন্যদিকে, বিএনপি একটি ইসলামি মূল্যবোধ স¤পন্ন মধ্য ডানপন্থী দল। বাংলাদেশের সকল বাস্তবতা রাজনৈতিকভাবে বিএনপি ধারণ করে। এদেশে ইসলামি মূল্যবোধ ও মুক্তিযুদ্ধকে ধারণ করা ছাড়া রাজনীতিতে কেউই পুনর্বাসিত হতে পারবে না। ইতোমধ্যে বামপন্থী ফ্রন্টের নেতারাও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন। তারাও মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে ক্ষমতায় না আনার প্রতি জোর দিয়েছেন। তারেক রহমানও বলেছেন, মুক্তিযুদ্ধই আমাদের মূল ভিত্তি।

বলা যায়, বর্তমানে প্রকৃত ইসলামপন্থী সাধারণ মানুষ ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিই চায় বিএনপি সরকার গঠন করুক। এই আকাক্সক্ষাও মানুষের সহমর্মিতার জায়গা বিএনপিকে শক্তভাবে ধারণ করতে হবে। বেগম জিয়ার ইন্তেকালের পর শীঘ্রই দলের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তারেক রহমান। নিশ্চয়ই দলকে নতুনভাবে সাজানোর তাঁর পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে আমাদের প্রস্তাব হবে বিএনপি, যুবদল, ছাত্রদলের যোগ্য ও মেধাবীদের অগ্রাধিকার দেওয়া। কারণ, বিএনপির এবারের মতো নির্বাচনে জিতে আসাটাই মুখ্য বিষয় নয়। আগামীতে অনেক চ্যালেঞ্জ আসবে সে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। এটা শুধু রাজধানীকেন্দ্রিক নয় বরং মফস্বলকেও ঢেলে সাজাতে হবে। দলীয় সংস্কারে ছাত্রদলকে বেশি গুরুত্ব দিতে হবে। এরাই আগামীর বিএনপি, আগামীর বাংলাদেশ। ছাত্রদল হবে মেধাবীদের সংগঠন। যাদের অবস্থান হবে ক্যা¤পাস, পড়ার টেবিল, ছাত্রদের অধিকার আদায়ে সোচ্চার। তাদেরকে যদি শুধু বিএনপির কর্মসূচি বাস্তবায়ন ও ফাই-ফরমায়েশ শুনার জন্য তৈরি করা হয় তাহলে ভবিষ্যত অন্ধকার। লেজুড়ভিত্তির রাজনীতি থেকে ছাত্র সংগঠনকে মুক্তি দিতে হবে। এছাড়া অসততা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জোরপূর্বক ক্যা¤পাস দখলের রাজনীতি থেকে সরিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, আদর্শিক রাজনীতি এক বা দুই টার্মের জন্য নয়। দেশকে ভালো কিছু দিতে না পারলে দল জনসমর্থন হারাবে। জনসমর্থন হারালে কঠিন রাজনৈতিক বাস্তবতা মোকাবিলা বিএনপির জন্য অত্যন্ত কঠিন হবে।

লেখক: কলামিস্ট।