মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো তার নিজের জীবনের নিরাপত্তা। জীবনের নিরাপত্তা না পেলে তার সব চাওয়া পাওয়া, নাগরিক অধিকার সবকিছু অর্থহীন। সাম্প্রতিক সময়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাসচালক জুলহাস দুর্বৃত্তের আগুনে বাসের ভেতর পুড়ে মারা গেছেন। মৃত্যুর আগে তিনি জানতেও পারেননি, তার অপরাধ কি। আসলে তার কোনো অপরাধ নেই। নতুন করে আবার আগুনসন্ত্রাস জেগে উঠেছে। এই আগুনসন্ত্রাসের জন্য বেশ কিছু প্রাণ চলে গেছে, অনেক বাসমালিক চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। আগুনসন্ত্রাস মানুষের কাছে ভয় ও আতঙ্কের বিষয়। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলিতে চারজন আহত ও একজন মারা যায়। পুরনো ঢাকায় হাসপাতালের সামনে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে। মনোনয়ন নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের গৌরীপুরে মারা গেছেন এক ছাত্রদল নেতা।
খুন, আগুন, ককটেল বিস্ফোরণ সব মিলিয়ে দেশে এক চরম অস্থিরতা বিরাজ করছে। এর সঙ্গে চলছে মব সন্ত্রাস। \r\nমানুষের জীবনে এখন অনিশ্চয়তা বিদ্যমান। এর সঙ্গে আছে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের মারাত্মক উৎপাত। সারাদেশেই খুন, ধর্ষণ এক ভয়াবহ ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। এর থেকে পরিত্রাণ খোঁজা জরুরি। সামান্য বিরোধ থেকে বাড়ি ভাঙচুর, খুনের ঘটনা ঘটছে সারাদেশে। বেশ কয়েক মাস পূর্বে আমরা পাথর দিয়ে ক্ষত বিক্ষত করে ব্যবসায়ীকে হত্যার ঘটনা জেনেছি। জেনেছি সামান্য কারণে বিশ্ববিদ্যালয় ছাত্র পারভেজ, সাম্যের খুনের ঘটনা, আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনা। এসব ঘটনা সারাদেশে আলোড়ন তুলেছিল, মানুষের ভেতর ক্ষোভ ও ক্ষতের তৈরি করেছিল।
এসব খুন, ধর্ষণের ঘটনার অন্যতম কারণ সঠিক বিচারের না হওয়া, ধীর গতিতে বিচার সম্পন্ন হওয়া, বিচার ব্যবস্থার ওপর প্রভাবশালী মহলের প্রভাব তৈরি করা, যুবক-যুবতীদের সামাজিক পারিবারিক সুশিক্ষার অভাব, মাদকাসক্তি, অস্ত্রের সহজলভ্যতা। কিশোর গ্যাং ও কিছু অসাধু প্রভাবশালী লোকদের দ্বারা কিশোর, যুবকদের হাতে হাতে নানা ধরনের অস্ত্র ছড়িয়ে পড়ছে। মাদকাসক্ত যুবক-যুবতীরা যে কোনো অপরাধে জড়িয়ে পড়ছে। খুন থেকে নানা ধরনের অপরাধ করতে এরা ভয় পাচ্ছে না। মাদক ব্যবসায়ীদের উপযুক্ত শাস্তির দেয়া গেলে, মাদক চোরাচালান প্রতিরোধ করা গেলে ও সোশাল স্কুলিং সঠিকভাবে করা গেলে যেমন কমতো মাদকাসক্ত যুবকের সংখ্যা, তেমনি কমে যেত অপরাধ। \r\nনামকাওয়াস্তে অপরাধ দমন, মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান তেমন কোনো কাজে আসে না। তাই নিরাপত্তা বাহিনীতে আরও স্বচ্ছতা আনয়ন জরুরি। বেকারত্বও খুন, ধর্ষণসহ অপরাধ বাড়ার জন্য দায়ী। অপরাধী চক্র অনেক সময়েই বেকার লোককে লোভে ফেলে অপরাধী চক্রের সদস্য বানিয়ে ফেলে। বর্তমান সময়ে আগুনসন্ত্রাস, নানান নাশকতা ও খুন মানুষের ভেতর ব্যাপক আতঙ্ক তৈরি করেছে। মানুষের নিরাপত্তা দেয়া সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সরকারকে মানুষের জীবনের নিরাপত্তা দিতে আরও অধিক তৎপর হতে হবে। জীবনের নিরাপত্তা না দিতে পারলে সরকারের যাবতীয় অর্জন ব্যর্থতায় পর্যবসিত হবে। \r\nময়মনসিংহ থেকে
