মাটি, পানি ও বাতাসের মাধ্যমে প্রতিনিয়ত মানুষের খাদ্যে বিভিন্ন বিষাক্ত রাসায়নিক পদার্থের উপস্থিতি এবং তজ্জনিত কারণে জনস্বাস্থ্যের ঝুঁকি মোকাবিলায় যথাযথ কার্যক্রম গ্রহণ এবং খাদ্যে ভেজাল প্রতিরোধের লক্ষ্যে রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দেশে খাদ্যদূষণের ভয়াবহ তথ্য-উপাত্ত উঠে আসে। যেমন- বিশ্ব খাদ্য সংস্থার গবেষণা অনুযায়ী খাদ্যবাহিত বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত হয়ে প্রতি বছর বিশ্বে মারা যায় ৬০ কোটি মানুষ। যাদের মধ্যে রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক শিশু ও নারী। বাংলাদেশে প্রতি বছর ৩ কোটি শিশু আক্রান্ত হয়ে থাকে খাদ্যদূষণে।

জনস্বাস্থ্যের ব্যাপক ঝুঁকি বিবেচনায় খাদ্যদূষণ প্রতিরোধ এবং ঝুঁকি কমাতে জরুরি উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। তিনি বলেছেন কীভাবে খাদ্যদূষণ মোকাবিলা করা যায়, সে ব্যবস্থা আমাদের নিতে হবে। কেননা, আমাদের সন্তান, বাবা-মা, আপনজন- সবাই এর ভুক্তভোগী। নিজেদের স্বার্থে সবাইকে একসঙ্গে এ সংকট মোকাবিলা করতে হবে । বিস্তারিত আলোচনার পর সংশ্লিষ্ট সব দপ্তর ও বিশেষজ্ঞদের খাদ্যদূষণ মোকাবিলায় প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত প্রস্তাবনা লিখিত আকারে প্রেরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। \r\nআমরা দৈনিক যেসব খাবার খাচ্ছি তা দেহের জন্য কতটা নিরাপদ! প্রধান খাদ্য ভাতের চাল, ডাল, সবজি, ফলমূল, প্যাকেটজাতসহ এমন খাদ্যদ্রব্য নেই, যা ভেজাল বা মিশ্রণের অন্তর্ভুক্ত নয়।

দেশের ব্যবসায়ীদের নৈতিক অবক্ষয় এর মূল কারণ। তারা অধিক মুনাফার লোভে মানুষের জীবন হুমকির মুখে ফেলতে একটুও ভাবে না। অধিকাংশ মধ্যম আয়ের পরিবারে ভাতের জন্য পুষ্টিহীন মিনিকেট চালের ব্যবহার হয়। এর অধিকাংশই মোটা চাল মেশিনে কেটে তৈরি করা হয়। সবজি বা মাছ দীর্ঘদিন ভালো রাখার জন্য ব্যবহার করা হয় ফরমালিন। এটি একটি বর্ণহীন তীব্র গন্ধযুক্ত রাসায়নিক পদার্থ, যা টেক্সটাইল, কাগজ, রঞ্জক, অবকাঠামো শিল্প এবং মানুষের মৃতদেহ সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। \r\nফরমালিনের ব্যবহার নাক ও শ্বাসনালির জ্বালাপোড়া ছাড়াও সর্দি, গলার ঘা, স্বরযন্ত্রের প্রদাহ, ব্রংকাইটিস ও নিউমোনিয়া রোগের জন্য দায়ী। শুঁটকিতে ব্যবহৃত হয় ডিডিটি, যা ৪৯টি দেশে নিষিদ্ধ হলেও দেশে এর যথেচ্ছ ব্যবহার হচ্ছে। এর ব্যবহারে বিভিন্ন ধরনের ক্যান্সার যেমন- স্তন ক্যান্সার, যকৃৎ ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার হতে পারে। আকর্ষণীয় করে তুলতে খাবারে অতি মাত্রায় রঙের ব্যবহার তো রয়েছেই। রংসমৃদ্ধ খাদ্যসামগ্রী চুলকানি, জন্ডিস, প্রদাহ সৃষ্টি করতে পারে। মুড়ি, গুড় ইত্যাদি সাদা করতে ব্যবহার করা হয় ইউরিয়া। \r\nএসব অনিয়ম দমন করতে সর্বাগ্রে ভোক্তাদের সচেতন হতে হবে। নিজের এবং পরিবারের জন্য যা কেনা হচ্ছে, সেটি কতটা নিরাপদ তা যাচাই-বাছাই করে নিতে হবে। বর্তমানে দেশের ভোক্তা অধিকার সংস্থা ও আইন বেশ সক্রিয়। তারা দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের সাহায্যে প্রায়ই অভিযান চালিয়ে দোকান, শপিং মল, রেস্টুরেন্ট ইত্যাদিতে ভেজাল পণ্যদ্রব্য জব্দ করছে। জরিমানাসহ শাস্তির ব্যবস্থাও আছে। ভোক্তা নিজের অবস্থান থেকে সচেতন হলে এবং সরকার তার উদ্যোগে কঠোরতা অবলম্বন করলেই খাদ্যদূষণ বা খাদ্যে ভেজাল বন্ধ হতে পারে।