আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বহুবছর ধরে সাজানো নির্বাচনের পর বাংলাদেশের প্রায় ১২ কোটি ভোটার ইতিহাসের অন্যতম সেরা নির্বাচনের অপেক্ষায় আছে। আশা করা যায়, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ একটি ভোট উপহার দিয়ে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা বিবেচনায় সুষ্ঠু নির্বাচন বেশ কঠিন। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।

গত ১৩ ডিসেম্বরের একটি ঘটনা দিয়ে শুরু করছি। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একটি বক্তব্যে বলেন, ‘ওসমান হাদিকে আক্রমণকারী একজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে ডাকসুর ভিপি সাদিক কায়েম চা খায়।’ সেই সঙ্গে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের একটি বক্তব্য কোট করেন। কিছুক্ষণ পর পুলিশ কমিশনার বিবৃতি দিয়ে জানান, তিনি এমন কোনো কথা বলেননি। অবশেষে এই ব্লেইম গেমের সমাপ্তি হয় অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর দুঃখ প্রকাশের মধ্য দিয়ে। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশের ঘটনাটিকে একটি নতুন রাজনৈতিক পরিবর্তন হিসেবে দেখি। কারণ, এখন জনগণ বিশেষ করে নতুন প্রজন্ম বা জেন-জি মাইক গরম করা মুখস্থ বক্তব্য পছন্দ করে না। ভুল হলে সহজ স্বীকারোক্তি তারা দারুণভাবে গ্রহণ করে।

আমি একটা ব্যাপারে অবাক হয়েছি। ছবি বা ফটোকার্ডটি এআই জেনারেটেড ছিল। ফ্যাক্ট চেক না করায় তিনি হয়তো বুঝতে পারেননি। কিন্তু তাঁর বক্তব্যের সঙ্গে সঙ্গে কর্মীরা যে ‘ঠিক-ঠিক’ বলে চিৎকার দিল, তাদের কেউ কি জানত না? নাকি নেতা যা বলবে, সবই ঠিক? যাক সে সব আলাপ, এআই-তে ফিরি। নির্বাচনে প্রচারণার নতুন এবং সবচেয়ে বড় উপায় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। ঠিক এই জায়গাতেই মুনশিয়ানা দেখাতে কোটি কোটি টাকা ব্যয় করছে প্রার্থীরা। ইতিবাচক প্রচারণার বাইরে হরহামেশাই আমরা নেতিবাচক প্রচারণা দেখতে পাই। এআই দিয়ে ভুয়া স্ক্রিনশট তৈরি, বক্তব্য বানানো, ভুয়া কল রেকর্ড তৈরি, অশালীন বা অন্তরঙ্গ মুহূর্তের ছবি তৈরি কিংবা গুজব ছড়ানোর মতো কাজ প্রতিনিয়ত বেড়েই চলেছে। আগামী নির্বাচনে এআই দিয়ে ডিপফেক ভিডিও বা অডিও বানিয়ে প্রার্থীর নামে মিথ্যা বক্তব্য ছড়ানো হবে, যা ভোটারদের আচরণ ও মতামত প্রকাশকে প্রভাবিত করবে। এআই অ্যালগরিদম দিয়ে নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করে ম্যানিপুলেটিভ বিজ্ঞাপন দেখানো হবে। ফলে আবেগ, ভয় বা ঘৃণাকে কাজে লাগিয়ে ভোটের সিদ্ধান্ত বদলানো অনেকটাই সহজ হয়ে উঠবে। আবার বট অ্যাকাউন্ট ব্যবহার করে কৃত্রিম জনপ্রিয়তা দেখানোর ঘটনা তো আছেই।

সবচেয়ে বেশি বিপদে আছে গণমাধ্যমগুলো। বেসরকারি নিউজ চ্যানেল যমুনা টিভির অনুরূপ ফটোকার্ড বানিয়ে আনোয়ার টিভির বাজারে আসার গল্প আমাদের সবারই জানা। প্রতিদিন সরাসরি টিভি চ্যানেল ও পত্রিকার নাম ব্যবহার করে মনমতো শিরোনাম দিয়ে ফটোকার্ড বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সাধারণ জনগণ সেগুলো সহজেই বিশ্বাস করছে। বিরোধী দলের বদনামে তৈরি এসব মিথ্যা ফটোকার্ড গর্বের সঙ্গে শেয়ার দিচ্ছেন ছাত্রনেতা থেকে শুরু করে জাতীয় নেতা পর্যন্ত সবাই।

ধরা যাক, কোনো মন্ত্রী দেশের বাইরে গেছেন। এমন অবস্থায় কোনো একটি নিউজ চ্যানেলের নামে ভুয়া ফটোকার্ড বানিয়ে ছেড়ে দেওয়া হলো ‘তিনি আর নেই।’ মুহূর্তের মধ্যেই শত শত কমেন্ট আসতে লাগলো-ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজার হাজার শেয়ার হলো। এই খবর জানতে পেরে মন্ত্রী মহোদয় ফেসবুক পেইজে কিংবা বাংলাদেশ টেলিভিশনে একটি ভিডিও বার্তা পাঠালেন ‘আমি মারা যাইনি। আমি রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে এসেছি।’ শুনতে হাস্যকর মনে হলেও, বাংলাদেশের প্রেক্ষাপটে কৃত্রিম বুদ্ধিমত্তা ঠিক এতটাই ভয়াবহ রূপ ধারণ করেছে।

এবার আসি ভিজ্যুয়াল মিডিয়া বা ভিডিওতে। মনগড়া কথা বলে কমান্ড দিলে মাত্র কয়েক সেকেন্ডেই যেকোনো ভিডিও বানিয়ে দিতে পারে এআই, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশের জন্য বড় হুমকি। ভোট চুরি, জাল ভোট কিংবা ভোটকেন্দ্রে হামলা এবং হামলায় মানুষের নিহত হওয়ার এআই জেনারেটেড ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে সহজেই পরিস্থিতির অবনতি করা সম্ভব। কারণ, দেশের মানুষ ফেসবুকে যা দেখে সেটাই বিশ্বাস করে। ভিডিওর আরেকটি ভার্সন আছে, যার নাম ‘মাস্টার কাটিং’। অর্থাৎ, কোনো একজন বলেছেন, ‘ভাই-সব অমুক দলের সকল নেতাকর্মী ও প্রার্থী। দুর্নীতিবাজ ও চাঁদাবাজ। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মুক্ত।’ মাস্টার কাটিং করে এই গোটা বক্তব্যকে ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া যায়।

স্বাধীনতার ৫৪ বছর পর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, সেই নির্বাচন যেন কৃত্রিম বুদ্ধিমত্তা কোনোভাবেই প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সরকারকে হতে হবে কঠোর। রাজনৈতিক দলগুলোরও সমান দায়িত্ব রয়েছে। নৈতিকতার জায়গা থেকে নিজ দলেও যেন কোনো নেতাকর্মী কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার না করে, সে বিষয়ে প্রকাশ্য নির্দেশনা দিতে হবে। পাশাপাশি আমাদের অর্থাৎ জনগণকেও হতে হবে সচেতন। আগে হাত দিয়ে খুঁজে দেখতে হবে কান ঠিক জায়গায় আছে কি না, তারপরই চিলের পিছে দৌড়াতে হবে। লেখক: শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।