ইরানের বিরুদ্ধে ইসরাইল-আমেরিকার সামরিক আগ্রাসন নতুন বা হঠাৎ চেপে বসা কোনো বিষয় নয়। সাতচল্লিশ বছর ধরে ইরানিরা একটি বিপ্লবকে রক্ষা করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রতিরোধ সংগ্রাম ও প্রস্তুতি গ্রহণ করেছে। আর সেই বিপ্লব রাজনৈতিক-অর্থনৈতিক ও সাংস্কৃতিক কারণে ইরানিদের জন্য অনিবার্য করে তোলা হয়েছিল। কারণ হাজার বছর ধরে চলা শাহের শাসন শেষ পর্যন্ত পশ্চিমা বশংবদ শাসনে পরিনত হওয়াকে সাধারণ ইরানিরা মেনে নিতে পারেনি। পশ্চিমাদের দ্বারা প্রভাবিত হয়ে আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আস্থাশীল হয়ে পঞ্চাশের দশকের শুরুর দিকে ইরানে প্রথম গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করা হয়েছিল। ইরানের মোসাদ্দেকে হোসেনের সরকারই ছিল মধ্যপ্রাচ্যে কোনো মুসলিম দেশের প্রথম গণতান্ত্রিক সরকার।
গণহতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার জনগণের আশা-আকাঙ্খার বাস্তবায়ন ঘটাতে সচেষ্ট হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু বিধি বাম। আরব শাসকরা যেভাবে পশ্চিমাদের যোগসাজশে নিজেদের তেলসম্পদ বা পেট্টোডলারের ভাগাভাগিতে লিপ্ত হয়ে জনগণকে প্রাপ্য অংশ থেকে বঞ্চিত করছিল, মোসাদ্দেক সে ধারা থেকে বেরিয়ে এসে ইরানের তেল সম্পদকে জনগণের কল্যানে, জাতির অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে লাগানোর উদ্যোগ হিসেবে এ্যাংলো-ইরানিয়ান তেল কোম্পানিকে জাতীয়করণ করেছিলেন। এই অপরাধে বৃটিশ ও আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিক্ষোভ-বিদ্রোহের উস্কানি দিয়ে বিনা রক্তপাতে মোসাদ্দেক সরকারের পতন ঘটিয়ে পশ্চিমা বশংবদ পাহলবি রাজাকে পুনরায় পূর্ণ ক্ষমতা দিয়ে ক্ষমতায় বসায়।
রেজা শাহ পাহলবি ইসরাইলের সাথে হাত মিলিয়ে ইরানকে পশ্চিমা সাংস্কৃতিক ধারায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। ইসরাইলের হাতে পূর্ব জেরুজালেম ও আল আকসার পতন এবং জনগণের সম্পদের উপর পশ্চিমাদের আরোপিত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যর্থ করে দেয়ার দৃষ্টান্ত থেকে ইরানের জনগণ ইসলামি বিপ্লবকেই সমর্থন করেছিল। বিপ্লবের রাজনৈতিক কর্মকা-ের বড় অংশই হচ্ছে জনগণকে একটি আদর্শিক শিক্ষা ও সাংস্কৃতিক ভাবধারায় ঐক্যবদ্ধ করা। ইরান বিপ্লবের নেতা ইমাম খোমেনি প্রথমে তেহরান ছেড়ে ইরাকে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। শাহের চাপে ইরাক সরকার তাঁকে ইরাক ছাড়তে বাধ্য করলে তিনি সেখান থেকে প্যারিসে চলে যান। প্যারিসের উদার গণতান্ত্রিক পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতার সুযোগকে কাজে লাগিয়ে ইমাম খোমেনি ইরানে ইসলামি বিপ্লবের ন্যারেটিভ প্রচার করতে থাকেন। দেশে থাকা হাজার হাজার অনুসারি ও কর্মী বাহিনী শাহের প্রশাসনের অভ্যন্তরে বিপ্লবের শেকড়কে ক্রমশ ছড়িয়ে এক সময় তা মহীরূহে পরিনত করতে সক্ষম হন। ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি যেদিন ইরানের বিপ্লবী জনতা শাহের অনুগত পুলিশ, সেনাবাহিনীসহ বিশেষ প্রতিরক্ষা ইউনিটগুলোকে পরাস্ত করে রাজপথের দখল নিতে সক্ষম হয় এবং প্যারিস থেকে ইমাম খোমেনি তেহরান বিমান বন্দরে অবতরণ করে সেদিন তেহরানের রাস্তায় কোটি জনতার সমাগম ঘটেছিল। তাদের শ্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ।
মার্কিন বংশবদ পাহলবি শাহ যুক্তরাষ্ট্রে পালিয়ে গেলেও বিপ্লবীরা মার্কিন কনস্যুলেট ভবন থেকে দুই শতাধিক মার্কিন নাগরিককে আটক করে মাসের পর মাস ধরে অবরুদ্ধ রাখার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনকে এক প্রত্যক্ষ চ্যালেঞ্জের মুখে ঠেলে দেয়। সর্ব সাম্প্রতিক ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো পর্যন্ত গত কয়েক দশকে মার্কিন কমান্ডোরা বিভিন্ন দেশ থেকে অনেক শাসককে ধরে নিয়ে শাস্তি দিতে পারলেও ইরানে আটক মার্কিন নাগরিকদের মুক্ত করতে পারেনি। সেই থেকে বহুমাত্রিক কারণে ইরানের বিপ্লবী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অনেক বড় টার্গেট।
শাতিল আরব নৌসীমার বিরোধকে কাজে লাগিয়ে সাদ্দাম হোসেনকে দিয়ে যুদ্ধ বাঁধিয়ে সর্বাধুনিক সমরাস্ত্র, প্রযুক্তি ও বিপুল অর্থনৈতিক সহায়তা নিয়ে পুরো মধ্যপ্রাচ্যের শাসকরা, আমেরিকাসহ পশ্চিমা বিশ্ব ৮ বছর ধরে ইরাকের পাশে থেকেও ইরানকে পরাজিত করতে পারেনি। এরপর সাড়ে চার দশক ধরে অব্যাহত হুমকি, পশ্চিমা বাণিজ্য নিষেধাজ্ঞা, মোসাদের টার্গেট কিলিংয়ের বাস্তবতা সামনে রেখে ইরান আগামির সম্ভাব্য পশ্চিমা ও আঞ্চলিক জোটের সামরিক আগ্রাসন মোকাবেলার প্রস্তুতি গ্রহণ করেছে। অর্থনৈতিক ওপ্রযুক্তিগত সীমাবদ্ধতাকে সামনে রেখে এসিমেট্্িরক বা অসম যুদ্ধের রূপরেখা নিয়ে কাজ করেছে ইরান।
ধর্মীয় ও নিজস্ব রাজনৈতিক-সাংস্কৃতিক মতাদর্শ আঁকড়ে থেকে পশ্চিমা সা¤্রাজ্যবাদ ও জায়নবাদিদের নিয়ন্ত্রিত কর্পোরেট মিডিয়ার সমন্বিত প্রোপাগান্ডার বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির বিকাশ ইরানকে আন্তর্জাতিক নেতৃত্বের আসনে বসিয়েছে। ইরানি সাহিত্য, চলচ্চিত্র, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী প্রতিভা তাদের বিরুদ্ধে পশ্চিমা অপপ্রচারকে ব্যর্থ করে দিতে বিশেষ ভূমিকা রেখেছে। দুই শতাব্দী আগের ফরাসি বিপ্লব এবং বিংশ শতকের গোড়ার দিকের রুশ বলশেভিক বিপ্লবের পর ইরানের ইসলামি বিপ্লবকে গত শতকের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়।
পশ্চিমা বিরূপ প্রভাবে সত্তুর বছরের মাথায় সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব ব্যর্থ হয়ে গেলেও দুইটি মহাযুদ্ধে কোটি মানুষের রক্ত ঝরিয়ে প্রতিষ্ঠিত পশ্চিমা একাধিপত্যের বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ইরান বিপ্লব প্রায় অর্ধ শতাব্দী ধরে টিকে থাকার পর এখন চূড়ান্ত আগ্রাসনের সম্মুখীন হয়েছে। যুদ্ধের প্রথম সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্র ও জায়নবাদী ইসরাইলিদের সব হিসাব-নিকাশ ব্যর্থ প্রমান করে দিয়েছে। তাদের গ্রেটার ইসরাইল প্রতিষ্ঠার স্বপ্নকে দু:স্বপ্নে পরিনত করেছে ইরানের বিপ্লবী জনগণ। প্রথম দিনের বিমান হামলায় স্কুলের শত শত শিশু এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা বা ইরানের সুপ্রিম লিডার ইমাম খামেনেয়িকে হত্যার মধ্য দিয়ে খুব সহজ বিজয় নিশ্চিত করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। এর আগে দুই বছর ধরে বোমা হামলা করে হাজার বছরের সমৃদ্ধ জনপদ গাজা সিটিকে পুরো ধ্বংসস্তুপ ও গণহত্যার নগরীতে পরিনত করার পর ডোনাল্ড ট্রাম্প একটি যুদ্ধ বিরতির নাটক সাজিয়ে গাজাকে নিজের মালিকানাধীন একটি প্রমোদ নগরীতে পরিনত করার খায়েশ প্রকাশ করেছিলেন ট্রাম্প। ইরানে আগ্রাসন ও রেজিম বদল করে নিজেদের পুতুল সরকার বসানোর স্বপ্ন এখন ট্রাম্প-নেতানিয়াহুর দু:স্বপ্নে পরিনত হয়েছে। গত আড়াইশ বছরের ইতিহাসে আর কখনো মার্কিন প্রতিরক্ষা বাহিনী এত বড় বিপর্যয়ের সম্মুখীন হয়নি।
ইরান-আমেরিকা যুদ্ধ বিশ্বের জ্বালানি ও খাদ্য নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতির জন্য বড় সংকট সৃষ্টি করেছে। আমাদের মত দেশেও এর প্রভাব ক্রমে প্রকট আকারে দেখা দিতে শুরু করেছে। বাংলাদেশে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই যুদ্ধ সরকারকে বড় ধরণের সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। সঠিক দিকনির্দেশনা ও পলিসি গ্রহণের মাধ্যমে সরকার হয়তো জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রাথমিক ধাপগুলো অতিক্রম করতে পারবে। কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরাও একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে দীর্ঘ দেড় দশক পর নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছি।
যদিও উপযুক্ত রাজনৈতিক নেতৃত্বের অভাবে চব্বিশের জুলাই বিপ্লব প্রথম প্রহরেই তার পথ হারিয়ে শ্রেফ একটি ক্ষমতার পালাবদলের রাজনৈতিক অভ্যুত্থানে পরিনত হয়েছে। এই ব্যর্থতার দায় যতটা না বিপ্লবের সাথে জড়িত তরুণ নেতৃত্বের, তার চেয়ে অনেক বেশি দেশের রাজনৈতিক দলগুলোর উপর বর্তায়। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বেশি কঠিন, এই অমোঘ সত্যটি ইরানি জনগণ ও বিপ্লবী নেতৃত্ব সম্যকভাবে উপলব্ধি করে বিপ্লব রক্ষায় রাজনৈতিক, সাংস্কৃতি, অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিক লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করেছে। ইরানের ইতিহাস, বিপ্লবী নেতৃত্ব ও জনগণের কাছে তৃতীয় বিশ্বের নাগরিকদের অনুকরণ ও অনুসরনীয় অনেক কিছুই আছে। রাজনৈতিক ইতিহাস ইরানের মত বিপ্লবাত্মক না হলেও এক জটিল ভূরাজনৈতিক বাস্তবতার সম্মুখীন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চ্যালেঞ্জ বা পথচলা কুসুমাস্তীর্ণ নয়। বাঙালি মুসলমানের একমাত্র স্বাধীন রাষ্ট্রের গঠন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা অর্জন এবং বারবার পথ হারানোর বাস্তবতায় বারবার রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপদানের প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে তা প্রতিরোধের কার্যকর রাজনৈতিক-সাংস্কৃতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলাই এখনকার মূল প্রস্তাবনা হওয়া জরুরি। চব্বিশের জুলাইয়ের বিপ্লবের অনিবার্য বাস্তবতা এবং সেই বিপ্লবকে ব্যর্থ করে দিতে দেশি-বিদেশি নানামুখী ঘাত-প্রতিঘাত ও ষড়যন্ত্রের ধারাবাহিক প্রবণতা থেকে অভিজ্ঞতা ও রসদ সংগ্রহ প্রতিরোধ লড়াইয়ের প্রতিপাদ্য ঠিক করাই এখনকার রাজনীতির মূল লক্ষ্য হওয়া বাঞ্ছনীয়।
ইরানিরা যেমন হাজার হাজার বছরের সভ্যতা ও সাংস্কৃতিক উত্তরাধিকারের এক সন্ধিক্ষণে ইসলাম ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করেছে ; একইভাবে বাঙালি মুসলমানও হাজার হাজার বছরের সভ্যতার উত্তরাধিকারের সন্ধিক্ষণে দ্বিতীয় মিলিনিয়ামের শুরুতে ইসলাম ধর্ম ও সংস্কৃতিকে জীবন বিধান হিসেবে গ্রহণ করেছিল। বখতিয়ার খিলজির বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে এই বাংলায় রাজনৈতিক মাৎস্যন্যায় ও দু:শাসনের অবসান ঘটিয়ে সাম্য- মৈত্রীর এক শান্তিপূর্ণ জনপদে পরিনত হয়। দিল্লীর সুলতান ও মোঘলদের বাহিনীকেও এখানে এসে বারবার হোঁচট খেতে হয়েছে। বাংলাদেশ আজ চানক্যবাদী রাজনৈতিক-অর্থনৈতিক আধিপত্যবাদি ষড়যন্ত্রে পথ হারাতে বসেছে।
সেই ১৮৫৭ সালের সিপাহী বিপ্লব থেকে ১৯০৫ সালের বঙ্গ প্রদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, একাত্তুরের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা এবং ২০২৪ এর জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ের প্রতিকূল বাস্তবতার পেছনে যে অভিন্ন শক্তি সক্রিয় রয়েছে, তা কোনো অলীক গল্প নয়, ঐতিহাসিক বাস্তবতা। ৯ কোটি ইরানির মধ্যে এখনো কিছু পশ্চিমা পদলেহি, পতিত শাহের অনুগত অনুসারি ও মোসাদের এজেন্ট রয়েছে। ২০২৫ সালের জুনে ১২ দিনের যুদ্ধের প্রথম আক্রমনেই ইরানি শীর্ষ নেতৃত্ব ইসরাইল-আমেরিকান এজেন্টদের গাদ্দারির শিকার হয়। একভাবে ২০২৬ সালের চূড়ান্ত যুদ্ধের প্রথম হামলায় সর্বোচ্চ নেতা এবং সামরিক কমান্ডারদের নিহত হওয়ার পেছনেও দেশের অভ্যন্তরে থাকা বিশ্বাসঘাতকদের নেপথ্য ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে।
ইসলামি বিপ্লবী সরকার ও বিপ্লবী গার্ড বাহিনীর পাশে অটলভাবে দাঁড়ানো ৯ কোটি ইমানদার, দেশপ্রেমিক ইরানির কাছে গুটিকতক বিদেশি দালাল বারবার খড়কুটোর মত ভেসে গেছে। আঠারো কোটি মুসলমানের মুক্তির স্বপ্ন আধিপত্যবাদী শক্তির ক্রীড়নকদের হাতে চিরস্থায়ী জিম্মি রাখার ষড়যন্ত্র জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ব্যর্থ হয়েছে। তবে লক্ষ্যহীন রাজনৈতিক বিভাজন ও ভোটের রাজনীতির হিসাব-নিকাষ গণঅভ্যুত্থানকে বাজারে বিকিয়ে দেয়ার প্রয়াস থাকলেও দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে জাতি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রস্তুতি গ্রহণের সুযোগ পেয়েছে। এজন্য জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তিকে প্রথমেই তার ঐতিহাসিক প্রেক্ষাপট ও রাজনৈতিক-সাংস্কৃতিক ন্যারেটিভ ঠিক করার দিকে মনোযোগ দিতে হবে।
আধুনিক বিশ্ব রাজনীতিতে জাতীয়তাবাদের উত্থানের প্রেক্ষাপটের সাথে ফরাসি বিপ্লব ও ইউরোপে জাতিরাষ্ট্রের আধিপত্যবাদী নীতির আগ্রাসী মনোভাবকে দায়ী করা হয়। ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে রাজার কর্তৃত্বের স্থলে নাগরিকের আইনগত সাম্য ও সুরক্ষার বিধান নিশ্চিত করা হয়, যা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি হিসেবে পরিগণিত হয়। প্রতিবেশি দেশের আধিপত্যবাদী নীতি বা হেজিমনির কারণে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা বারবার হোঁচট খাওয়ার প্রেক্ষাপটে গত চার দশকের আন্দোলন সংগ্রাম ও ব্যর্থতার ধারাবাহিকতায় চব্বিশের জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। এরপর দেখা গেল এই বিপ্লব যেন প্রতিবেশি দেশের শাসক গোষ্ঠির মাথায় বজ্রাঘাত হয়ে দেখা দিয়েছে।
৯ কোটি মানুষের ইরান ইসলামি বিপ্লবকে ধারণ করে পশ্চিমা আধিপত্যবাদের চ্যালেঞ্জ মোকাবেলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। একইভাবে আঠারো কোটি মানুষের বাংলাদেশ নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক-অর্থনৈতিক স্বাতন্ত্র্য ও মুক্তির লক্ষ্যকে সামনে রেখে প্রতিবেশি হিন্দুত্ববাদী রাষ্ট্রের আগ্রাসন মোকাবেলা করছে। ইরান-আমেরিকা যুদ্ধের বাস্তবতায় মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলো থেকে ক্ষুদ্র দেশগুলোর অনেক শিক্ষণীয় রয়েছে। বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে চীন-মার্কিন পরাশক্তির সমীকরণে কোনো আঞ্চলিক রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই। আঞ্চলিক-আন্তর্জাতিক পরাশক্তিগুলো নিজেদের সর্বেসর্বা ভাব পরিহার করে একটি সমন্বিত রাজনৈতিক-অর্থনৈতিক কাঠামোর ভেতর বোঝাপড়ায় উন্নীত হওয়া জরুরি। ক্ষুদ্র জাতিরাষ্ট্রকে অবশ্যই আঞ্চলিক এবং আভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্যের দিকে মনোনিবেশ করতে হবে। বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী ও নেতৃত্বকে অবশ্যই নতুন চিন্তা, ধ্যান-ধারণা ও জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র বিনির্মানে নেতৃত্ব দেয়ার উপযোগী হয়ে গড়ে উঠতে হবে। সকল ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা ব্যর্থ করে দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐকবদ্ধ নতুন গণতান্ত্রিক বাংলাদেশ একাত্তুরের স্বাধীনতা ও চব্বিশের জুলাই অভ্যুত্থান লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যাবে।
bari_zamal@yahoo.com
