নির্দিষ্ট মেয়াদান্তে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতার বদলের নাম গণতন্ত্র নয়। গণতন্ত্র একটি বহুমাত্রিক রাজনৈতিক-সাংস্কৃতিক ব্যবস্থা ও মূল্যবোধের নাম। নির্ধারিত সাংবিধানিক ব্যবস্থার আওতায় পাঁচ বা চার বছর পর পর জাতীয় নির্বাচনে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় নিজেদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পায় জনগণ। কিন্তু গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে শক্তিশালী করার বদলে জনমতকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে এবং রাষ্ট্রকে ফ্যাসিবাদী ব্যবস্থায় রূপান্তরিত করতে ইচ্ছেমত সংবিধানের কাটাছেঁড়া করে নির্বাচনসহ সামগ্রিক রাষ্ট্রব্যবস্থাকে একটি নির্দিষ্ট মতাদর্শে পরিচালিত করার রাজনৈতিক-সাংস্কৃতিক বয়ান হাজির করে তা জনমনে প্রোথিত করা হয়।

জুলাই অভ্যুত্থান ছিল আওয়ামী ফ্যাসিবাদী রাষ্ট্রের তেমন একটি কর্মযজ্ঞ থেকে সৃষ্ট সংক্ষোভের বাস্তব প্রতিক্রিয়া। জুলাই অভ্যুত্থান পরবর্তী অর্ন্তবর্তী সরকারের কাছে মানুষের যে পরিবর্তনের প্রত্যাশা, তা মূলত বিগত ৫৪ বছরের রাষ্ট্রীয় ব্যর্থতা এবং শেষ ১৭ বছরে গড়ে তোলা ক্লেপ্টোক্রেসি ও ফ্যাসিজম থেকে রাষ্ট্রকে সাফ-সুতরো করে স্বচ্ছ, সত্যিকারের জনপ্রতিনিধিত্বশীল, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক কাঠামোর উপর দাঁড় করানোর চিরায়ত আকাক্সক্ষার প্রতিফলন। গণঅভ্যুত্থান ঠেকাতে যারা গণহত্যার নির্দেশ দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এবং বর্তমানে যারা দেশে একটি নির্বাচনী দৌড়ে অংশগ্রহণ করে আগামিতে রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিচ্ছেন, তারাই দেশের শাসকগোষ্ঠি, অর্থাৎ তারা গত ৫৪ বছর রাষ্ট্র পরিচালনার অংশিদারিত্বে ছিলেন।

কিন্তু তারা জনগণের প্রত্যাশিত রাষ্ট্র বিনির্মাণে ব্যর্থ হয়েছেন। এ ব্যর্থতার সূচনা হয়েছিলো পাকিস্তান রাষ্ট্রের আওতায় অনুষ্ঠিত একটি প্রাদেশিক পরিষদের নির্বাচনের মধ্য দিয়ে গঠিত পার্লামেন্টের অধীনে গৃহিত সংবিধানের মধ্য দিয়ে। নতুন রাষ্ট্রের মূলনীতি ও সংবিধান প্রণয়নে গণভোট ও সাংবিধানিক পরিষদ গঠণের অপরিহার্য বাস্তবতাকে পাশ কাটিয়ে জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক ব্যবস্থাকে একটি একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থায় রূপান্তরের কারণেই শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালে তার পরিবারসহ নির্মম পরিনতির সম্মুখীন হতে হয়।

সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় সিপাহী-জনতার মধ্য থেকে উদ্ভুত নেতা হিসেবে জিয়াউর রহমান শেখ মুজিবের ভুল থেকে শিক্ষা নিয়ে জনপ্রত্যাশা ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি নির্মাণের দায় নিয়ে গণতান্ত্রিক সংস্কার ও উৎপাদনমুখী রাজনৈতিক কর্মসূচি গ্রহণের লক্ষ্যে দেশে প্রথম গণভোটের আয়োজন করেছিলেন। জিয়ার ১৯ দফা রাজনৈতিক কর্মসূচি কোনো দলীয় কর্মসূচি ছিলনা। গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রারম্ভে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামের মত এক সময় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলোও নতুনভাবে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পায়। তবে শেখ মুজিবের উত্তরাধিকার হিসেবে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করে রাজনীতি করার সুযোগ পেয়েও জনগণের সমর্থন ও আস্থা অর্জন করে ক্ষমতা লাভের সুযোগ পায়নি। দেড় দশক পর ১৯৯৬ সালে পিতার ভুলের জন্য ক্ষমা চেয়ে, প্রতিশোধ-প্রতিহিংসার রাজনীতির পুনরাবৃত্তি না করার অঙ্গীকারের সাথে সাথে ধর্মনিরপেক্ষতার মুখোশ ঢেকে হিজাব ও তসবিহ পরে ভোট চেয়েও ভোটের মাঠে প্রয়োজনীয় সংখ্যক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে পতিত স্বৈরাচার এরশাদের সমর্থন নিয়ে প্রথম সরকার পরিচালনার সুযোগ পেয়েছিল শেখ হাসিনা। জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা পূরণে চরমভাবে ব্যর্থ শেখ হাসিনার পক্ষে দেশের জনসমর্থন আর কখনোই অনুকূল হয়নি। মুসলিম বিদ্বেষী ওয়ার অন টেররিজমে লিপ্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে আঞ্চলিক কৌশলগত অংশীদার ভারতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে ওয়ান-ইলেভেন সরকারের নীলনকশায় একটি ফেব্রিকেটেড নির্বাচনের মধ্য দিয়ে ২০০৯ সালে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো হয়েছিল।

মাত্র চার বছরের মধ্যে দেশের সবচেয়ে নন্দিত রাজনৈতিক নেতার আসন থেকে বিচ্যুত হয়ে সবচেয়ে নিন্দিত ও গণধিকৃত নেতায় পরিনত হয়ে নির্মম হত্যাকা-ের মধ্য দিয়ে শেখ মুজিবকে বিদায় নিতে হয়েছিল। আল্লাহর ইচ্ছায় দেশের জনগণই সর্বোচ্চ বিচারক। রাজনৈতিক নেতা হিসেবে জনপ্রত্যাশা পূরণ ও জনগণকে দেয়া প্রতিশ্রুতি বা কমিটমেন্ট রক্ষা করা অথবা জনগণের রায় মাথা পেতে নিয়ে ক্ষমতার মসনদ থেকে বিদায় নেয়াই গণতান্ত্রিক ব্যবস্থার উপর আস্থাশীল একজন রাজনৈতিক নেতার মূল বৈশিষ্ট্য। শেখ মুজিব জনগণের রায়ের পথ রুদ্ধ করে দিয়ে গণবিস্ফোরণ ও গণবিপ্লবের মধ্য দিয়ে নিজের পতন নিশ্চিত করেছিলেন। শেখ হাসিনা পিতার পরিনাম থেকে শিক্ষা না নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে পিতার চেয়েও বড় স্বৈরাচারে পরিনত হয়েছিলেন।

প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুন, গণহত্যা ও নিপীড়নের পথ বেছে নিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে একটি চিরস্থায়ী ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করে দেড় দশকে জনগণের সংক্ষোভকে অগ্নিগর্ভ করে তুলেছিলেন। কোটি মানুষ রাজপথে নেমে এসে বন্দুকের নলের সম্মুখে বুক টান করে দাঁড়িয়ে রাজপথ রক্তাক্ত করে বাংলাদেশের জেনজি প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত করেছে। ওরা শেখ হাসিনার পতন ঘটিয়েই থেমে থাকেনি। ওরা জানে শেখ হাসিনা কোনো স্বাধীন সত্তা নয়, সে ভারতীয় আধিপত্যবাদের ক্রীড়ণক, পতনের পর একমাত্র ভারতই তাঁকে আশ্রয় দিয়েছে এবং সেখানে বসেই সে দিল্লির গোয়েন্দাদের সাথে মিলে-মিশে বাংলাদেশকে অস্থিতিশীল ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার বহুমাত্রিক এজেন্ডা ও মিশন বাস্তবায়নে লিপ্ত রয়েছে।

জুলাই অভ্যুত্থানের শুরু থেকে এখন পর্যন্ত পতিত স্বৈরাচার সেই এজেন্ডা বাস্তবায়নে বিরামহীনভাবে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। একাত্তুরের মুক্তিযোদ্ধা প্রজন্মের অনেকে এখনো বেঁচে আছেন। তাঁরা যে কারণে, যে মহৎ লক্ষ্যকে সামনে রেখে একাত্তরে অস্ত্র হাতে নিয়ে কিংবা স্ব স্ব অবস্থান থেকে লড়াই করেছিলেন এবং চুয়ান্ন বছর পর এখনকার জেন-জি প্রজন্ম ও তাদের পিতা-মাতারা দেশ নিয়ে যে স্বপ্ন দেখেছেন, তা প্রায় অভিন্ন। উভয় প্রজন্ম নিজেদের জীবন দিয়ে একটি গণতান্ত্রিক, বৈষম্যমুক্ত স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল। একাত্তর পরবর্তী সরকারগুলোর ধারাবাহিক ব্যর্থতার খেসারত দিচ্ছে দেশের ২০ কোটি মানুষ। চব্বিশের জুলাইয়ের যোদ্ধারা সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে জাতিকে আবারো একটি স্বাধীন সত্তায় ফিরিয়ে আনতে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও গণতান্ত্রিক রূপান্তরের রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মসূচি আহ্বান করছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী সংস্কার কর্মসূচি এবং গণভোটের মধ্য দিয়ে সেই রাজনৈতিক ও শাসনতান্ত্রিক রূপান্তরকেই নিশ্চিত করা হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম গণভোট আয়োজনের মধ্য দিয়ে দেশকে গণতান্ত্রিক রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থায় উত্তরণ ঘটানোর পদক্ষেপ নিয়েছিলেন। সেই গণভোটের আগে তিনি দেশবাসির কাছে ১৯ দফা রাজনৈতিক-অর্থনৈতিক কর্মসূচি তুলে ধরেছিলেন। এরপর রাজনৈতিক দল বিএনপি গঠন ও কর্মসূচি বাস্তবায়নে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণে জনগণের ম্যান্ডেট লাভের জন্য ১৯৭৭ সালের ৩০মে গণভোট আয়োজন করেন, সেখানে ৮৮ শতাংশ ভোটার গণভোটে অংশ নেন এবং প্রায় ৯৯ শতাংশ ভোটার হ্যাঁ ব্যালটে ভোট দিয়ে জিয়াউর রহমানের প্রতি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা প্রকাশ করেন।

জিয়া হত্যাকা-ের পর গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত সরকারকে হটিয়ে জেনারেল এরশাদ ক্ষমতা দখল করে দেশে সামরিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করলেও তিনি জিয়াউর রহমানের অনুকরণে উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে ১৯৮৫ সালে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় গণভোট (হ্যাঁ/ না) আয়োজন করে জনগণের ম্যান্ডেট নিয়েছিলেন। দেশের ইতিহাসে তৃতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার গঠণের পর রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের প্রস্তাবকে সামনে রেখে। মাত্র ৩৫ শতাংশ মানুষ সে গনভোটে অংশ নিয়েছিল এবং তাদের প্রায় ৮৫ শতাংশ প্রস্তাবের পক্ষে এবং প্রায় ১৫ শতাংশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেন।

এভাবেই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে সংসদীয় ব্যবস্থা পুন:প্রবর্তন করা হয় এবং তিনি দেশের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে নতুন ইতিহাসের অংশে পরিনত হন। গত অর্ধ শতাব্দীতে অনুষ্ঠিত তিনটি গণভোটের প্রকৃতি, পরিস্থিতি ও বাস্তবতা ছিল ভিন্ন ভিন্ন। প্রথম গণভোটে প্রেসিডেন্ট জিয়া একটি একদলীয় ফ্যাসিবাদী ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্র উন্নয়নমুখী রাজনৈতিক ধারায় উত্তরণে সফল হয়েছিলেন। বিশ্বে তিনি একজন বিরল সেনাশাসক যিনি একদলীয় ফ্যাসিস্ট রিজিমকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরে নেতৃত্ব দিয়ে সফল হন। অন্যদিকে জেনারেল এরশাদ একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং নিজের রাজনৈতিক কর্মসূচির পক্ষে জনসমর্থনের প্রলেপ লাগাতে গণভোটের আশ্রয় নেন।

দেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণভোটটি জুলাই অভ্যুত্থানের পরপরই অনুষ্ঠিত হওয়া সমীচিন ছিল। জাতির বিশেষ প্রয়োজনে নোবেল লরিয়েট প্রফেসর ড. ইউনূসের অর্ন্তবর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং তার সরকারের নেয়া সংস্কার প্রস্তাবসমূহ এবং জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেটকে সামনে রেখে এই গণভোটের দাবি জুলাই যোদ্ধা ও অভ্যুত্থানের অংশীজনদের। তবে জুলাই সনদ নিয়ে এক ধরনের মতৈক্য প্রতিষ্ঠিত হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন প্রসঙ্গে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হওয়ায় তা সম্ভব হয়নি। বিশেষত বিএনপির আপত্তির মুখে তা সম্ভব হয়নি। এ কথা নিশ্চিত যে, জুলাই অভ্যুত্থানের সমর্থক সব পক্ষ সংস্কার ও জুলাই সনদের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশি নতুন প্রজন্মের বিশাল জনগোষ্ঠি গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক জটিলতা উত্তরণ ঘটিয়ে আইনগত বাধ্যবাধকতা নিশ্চিত করতে চান। পুরনো রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক কাঠামোর বিপরীতে জুলাই যোদ্ধাদের নতুন রাজনৈতিক দল গঠনের দুর্বল প্রক্রিয়া এবং আধিপত্যবাদ নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রোপাগান্ডা ম্যাকানিজমের মধ্যে অনেকটা বিতর্কিত হয়ে পড়া এনসিপির বাইরে জুলাই অভ্যুত্থানের সক্রিয় যোদ্ধাদের বড় অংশ জুলাই সনদের পক্ষে অটল অবস্থান রাষ্ট্রকে জুলাই সনদ বাস্তবায়ন ও গনভোট নিশ্চিত করতে বাধ্য করছে। শরিফ ওসমান হাদির মতো তরুণরা নিজের জীবন বাজি রেখে নতুন রাজনৈতিক-সাংস্কৃতিক বন্দোবস্তের স্বপক্ষে তাদের লড়াই জারি রেখেছেন।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি। এখনো নির্বাচন নিয়ে এক ধরণের অনিশ্চয়তার ধোঁয়াশা কাটেনি। নির্বাচন নিয়ে এমন অস্বচ্ছতা, অনিশ্চয়তার পেছনে নানাবিধ কারণ যুক্ত থাকলেও গণভোট নিয়ে প্রধান রাজনৈতিক দল বিএনপির অবস্থান নিয়ে এক ধরণের ধোঁয়াশা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে। ভোটের রাজনীতিতে পতিত স্বৈরাচারের একটা বড় ভোটব্যাংক আছে, তাতে কোনো সন্দেহ নেই। সেই ভোটের লোভে বিএনপি-জামায়াতের মধ্যে এক ধরণের প্রতিযোগিতা ও আপসকামীতাও দেখা গেছে। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের বাস্তবতাকে পাশ কাটিয়ে শুধুমাত্র ক্ষমতার রাজনীতিতে মশগুল হয়ে পড়া তাদের জন্য আত্মঘাতী হবে।

গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অর্ন্তবর্তী সরকার, বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামি আন্দোলনসহ সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সমঝোতা ও ইতিবাচক সমর্থন থাকলেও বিশেষত সোশ্যাল মিডিয়ায় ও নব্য বিএনপি কর্মীদের বিতর্কিত ভূমিকা বিএনপি’র অবস্থানকে বিতর্কিত করার প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। যে ধরণের রাজনৈতিক বাস্তবতায় শহীদ জিয়া গণভোটের মাধ্যমে নিজের নৈতিক ও রাজনৈতিক অবস্থানকে পাকাপোক্ত করেছিলেন, প্রায় পঞ্চাশ বছর পর সেই রাজনৈতিক বাস্তবতার পুনরাবৃত্তি ঘটেছে।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে আধিপত্যবাদী শক্তির রক্তচক্ষুর সামনে আপোষহীন শহীদ জিয়া ও খালেদা জিয়ার সংগঠন বিএনপি এবং তাদের সুযোগ্য উত্তরসুরী তারেক রহমানের সামনে এক সন্ধিক্ষণ ও ঐতিহাসিক ক্রান্তিকালের পরীক্ষা আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জনমত কিছু বিএনপি নেতাকর্মীর বিতর্কিত ভূমিকা ও গণভোটে ‘না’ এর পক্ষে প্রচারণা খারাপ বার্তা বহন করছে। এক্ষেত্রে দলের শীর্ষ নেতাদের অবস্থান পরিষ্কার হওয়া জরুরি। ক্ষমতা বদলের নির্বাচন মেয়াদান্তে বারবার হবে। গত ৫৫ বছরেও তার মধ্য দিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। দেশকে গণতান্ত্রিক ও বৈষম্যহীন ব্যবস্থায় প্রতিষ্ঠিত করা যায়নি। এবারের জুলাই অভ্যুত্থান ছিল তারই প্রতিক্রিয়া। আমাদের সন্তানরা জীবন দিয়ে প্রবল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে নতুন স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা বাস্তবায়নের সুযোগ এনে দিয়েছে। চরম নির্যাতন-নিপীড়নের মুখে বেগম খালেদা জিয়া দেড় দশক ধরে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রেখেছিলেন। আওয়ামী ভোটের ফাঁদে পড়ে বিএনপির একশ্রেণীর নেতাকর্মী যদি জুলাই অভ্যুত্থানের স্পিরিটের বিপরীতে গিয়ে যদি গণভোটে বিতর্কিত ভূমিকা গ্রহণ করেন, তা দলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। কারণ, জুলাই অভ্যুত্থান ও আগামীর রাজনৈতিক নেতৃত্বের উত্তরাধিকার একই সঙ্গে জুলাই অভ্যুত্থান, শহীদ জিয়া এবং খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও অবস্থানের মানদ-েই নির্ধারিত হবে।

bari_zamal@yahoo.com