জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বশংবদ আওয়ামী ফ্যাসিবাদের পতন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের সুযোগ সৃষ্টি হয়েছে। যে আকাক্সক্ষাকে সামনে রেখে একাত্তরের মুক্তিযুদ্ধে এ দেশের যুব সমাজ পাকিস্তানি সামরিক জান্তার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে জীবন দিয়ে দেশকে দখলমুক্ত করেছিল; দীর্ঘ সাড়ে পাঁচ দশকেও সে প্রত্যাশা পূরণ হয়নি। পাকিস্তান আমলে যেমন কয়েকটি পরিবারের হাতে রাষ্ট্রীয় সম্পদের প্রাচুর্য জমে উঠেছিল; বাংলাদেশ আমলে সামরিকতন্ত্র থেকেও অনেক বেশি বিপজ্জনক ও রাষ্ট্রঘাতী ভারতীয় আধিপত্যবাদের বশংবদ অত্যাচারী-লুটেরা আওয়ামী ফ্যাসিবাদের মদতে জনগণের সম্পদ লুণ্ঠনের যে মচ্ছব দেখা গেছে তা সাম্প্রতিক ইতিহাসে বিরল।

গত দেড় দশকে শত শত বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করে দেশের ব্যাংকিং সেক্টর, আর্থিক প্রতিষ্ঠান তথা সামগ্রিক জাতীয় অর্থনীতিকে পঙ্গু দেউলিয়া করে তোলা হয়েছে। পুঁজিবাদী অর্থনৈতিক বিশ্বব্যবস্থায় রাষ্ট্রকে আধিপত্যবাদের বশংবদ রাখতে হলে প্রথমে তাকে রাজনৈতিক-সাংস্কৃতিকভাবে বিভাজিত ও অস্থিতিশীল করে তোলার হেজিমনিক এজেন্ডা গ্রহণ করা হয়, সেই সাথে রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন ও অর্থব্যবস্থাকে পঙ্গু করে দিয়ে তার স্বাধীনতা হরণ করে দখলদারিত্ব কায়েমের পথ সুগম করা হয়। গত দেড় দশক ধরে বাংলাদেশে ভারতীয় বশংবদ শেখ হাসিনা সে প্রচেষ্টাই চালিয়ে গেছে। দেশের শিক্ষিত-তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্র প্রস্তুত না করে বিদ্যমান শিল্প কারখানায় ভারতীয় তরুণদের চাকরির সুযোগ অবারিত রাখা হয়েছিল।

দেশের সীমান্ত অরক্ষিত রেখে, সীমান্তের মানুষকে বিএসএফ’র বন্দুকের নিশানা বা চাঁদমারির টার্গেট বানিয়ে প্রতিদিনই সীমান্তে রক্ত ঝরানো হলেও বশংবদ সরকার ছিল এ ব্যাপারে নিঃশব্দ-নিরব। বিশ্বব্যাংক-আইএমএফ থেকে ঋণ নিয়ে সড়ক, বন্দর ও অবকাঠামো উন্নয়নের নামে দেশের মানুষের উপর বিলিয়ন বিলিয়ন ডলারের ঋণের বোঝা চাপিয়ে দিলেও প্রায় বিনামূল্যে ভারতকে ট্রানজিট-করিডোর দিয়ে সেই অবকাঠামো ব্যবহারের বল্গাহীন সুযোগ করে দেয়ার মধ্য দিয়ে দেশকে বড় ধরণের আর্থিক ও সামরিক নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে দেয়া হয়েছিল। একতরফা, ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে ভারতীয় বশংবদ ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চিরস্থায়ী আসন দখলের মধ্য দিয়ে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় সরকারের গণবিরোধী ও রাষ্ট্রবিরোধী ভূমিকার বিরুদ্ধে জনগণের প্রতিবাদের কোনো সুযোগ না থাকায় দেশের প্রতিবাদী ছাত্র-জনতাকে শেষ পর্যন্ত রক্তাক্ত বিপ্লবের পথ বেছে নিতে হয়েছে। এ দেশে সাতচল্লিশ সাল থেকে সুশাসন ও রাজনৈতিক-অর্থনৈতিক অধিকারের প্রশ্নে বার বার লড়াই সংগ্রাম করে, রক্ত দিয়েও বৈষম্য নিরসন ও মানবাধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। নব্বইয়ের গণআন্দোলনের সময় তিন জোটের রূপরেখার মধ্য দিয়ে দেশে স্বৈরতন্ত্রবিরোধী একটি গণতান্ত্রিক ঐক্য প্রতিষ্ঠিত হলেও ভোটের রাজনীতিতে পতিত স্বৈরাচারের সাথে হাত মিলিয়ে সবকিছু ভন্ডুল করে দেয়া হয়েছিল। সে সব অভিজ্ঞতার আলোকে এবার গণঅভ্যুত্থানের যোদ্ধা ও ছাত্র-জনতা জুলাই সনদ বাস্তবায়নের পথে অনড় অবস্থান গ্রহণ করেছে। তবে পতিত ফ্যাসিস্টের পৃষ্ঠপোষক ও দোসররা জুলাই সনদের আকাক্সক্ষাকে ব্যর্থ করে দিয়ে পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরিয়ে নিতে এখনো সক্রিয় রয়েছে। নানা আলামতে বোঝা যাচ্ছে, শেষ মুহূর্তে এসেও ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ভন্ডুল করার দেশি-বিদেশি ষড়যন্ত্র এখনো সক্রিয় রয়েছে।

জুলাই সনদকে মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত জনগণের রাজনৈতিক-অর্থনৈতিক প্রত্যাশা পূরণের একটি মাইলফলক সনদ হিসেবে চিহ্নিত করা যায়। অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন ও গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাবসমূহের আলোকে বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের মতামতের ভিত্তিতে এই সনদের ধারাগুলো গ্রহণ করার পর নানা মতপার্থক্য অতিক্রম করে রাষ্ট্র সংস্কারের এসব প্রস্তাব জুলাই সনদে সন্নিবেশিত হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা কিছু কিছু ক্ষেত্রে আপত্তি বা নোট ডিসেন্ট দিয়ে সনদে স্বাক্ষর করেছিল। এ কথা অনস্বীকার্য যে, বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সব পক্ষের মত অক্ষুণœ রেখে সংস্কার পরিচালনা করা অসম্ভব।

এ কারণেই নোট অব ডিসেন্ট সত্ত্বেও জুলাই সনদে সন্নিবেশিত করে তা রেফারেন্ডাম বা গণভোটের জন্য প্রস্তুত করা হয়েছে। আধিপত্যবাদী শক্তির দাস পতিত ফ্যাসিস্টের সুবিধাভোগী ও দোসররা প্রথমে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচাল করতে চেয়েছিল। নির্বাচন হলে গণভোটে জুলাই সনদের বিপক্ষে অবস্থান জোরদার করতে ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্যাম্পেইন অব্যাহত রেখেছে।

দেড় দশক ধরে বিরোধী দল-মত দমনের মাধ্যমে দোর্দ- প্রতাপে ক্ষমতায় থেকে সংবিধানকে যথেচ্ছ কাঁটাছেড়া ও ভারতের সহায়তায় দেশের প্রায় সব গণমাধ্যমকে নিজেদের প্রপাগান্ডা ম্যাকানিজমের আওতাভুক্ত করে অন্য সব রাজনৈতিক পক্ষকে ‘নাই’ করে দেয়ার পর হঠাৎ সংঘটিত গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ছাড়াই জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিরুদ্ধে তাদের গুপ্ত অবস্থান বড় ধরনের প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারেনি। তবে জাতীয় নির্বাচনে সম্ভাব্য বিজয়ী দল বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করার প্রয়াস লক্ষ করা গেছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছে সরকার। জুলাই অভ্যুত্থানের অন্যতম দাবিদার এনসিপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলনের মত দলগুলোও হ্যাঁ ভোটের পক্ষে নিজেদের অবস্থান শুরুতেই পরিষ্কার করলেও বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বিভ্রান্ত ও দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিফলন দেখা গেছে। এ ক্ষেত্রে ভোটের রাজনীতিতে জামায়াত-এনসিপিকে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা এবং জুলাই অভ্যুত্থানের পর বিএনপিতে ঢুকে পড়া সাবেক আওয়ামী লীগ নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রয়েছে। গণভোটে দলের অবস্থান সম্পর্কে বিএনপি নেতাকর্মীদের এই বিভ্রান্তি দলের তরুণ প্রজন্মের জন্য ভুল ম্যাসেজ দিয়েছে। তবে অনেক দেরীতে হলেও নির্বাচনের ১২ দিন আগে দলের চেয়ারম্যান তারেক রহমান গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে দলের অবস্থান পরিষ্কার করেছেন। রংপুরের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেছেন, আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আপনারা ধানের শীষে ভোট দেয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোটে সিল দেবেন। তার এবক্তব্যের মধ্য দিয়ে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্যের প্রত্যাশার পথে জাতি আরেক ধাপ এগিয়ে গেলো।

জনস্বার্থের প্রশ্নে বিভক্তি, অনৈক্য-বিশৃঙ্খলা জাতির মুক্তি ও অগ্রগতির পথে প্রধান অন্তরায়। তবে ভিন্ন মত ও পথের সহাবস্থানই বহুদলীয় গণতন্ত্রের মূল বৈশিষ্ট্য। বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থার আওতায় সব মতের ঐক্যের মেলবন্ধনের মধ্য দিয়ে রাষ্ট্রকে শক্তিশালী করে তোলা সম্ভব। এর বিপরীতে ফ্যাসিবাদের মূল লক্ষ্য হচ্ছে বিরোধী মতকে নির্মূল করা এবং একদলীয় শাসন চিরস্থায়ী করা। বিগত আওয়ামী রেজিম পলিটিক্যাল ডাইভার্সিটিকে এন্টাগনিজমে রূপ দিয়ে বিরোধী মত দমনে টাইর‌্যানিক্যাল এজেন্ডা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছিল। জুলাই অভ্যুত্থান ছিল সেই অত্যাচারের সম্মিলিত প্রতিক্রিয়া।

জুলাই অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচনে ভোটের হিসাব-নিকাশ ও গণভোটের অবস্থানকে বিভ্রান্ত করতে পুরনো স্বৈরাচারের দোসররা মূলত বিএনপি’র কাঁধে সওয়ার হওয়ার চেষ্টা করেছে। প্রথমত, নির্বাচনের প্রতিযোগিতা- প্রতিদ্বন্দ্বিতাকে বৈরীতা-শত্রুতায় পরিণত করা অতঃপর বিগত আওয়ামী রেজিমের আদলে এন্টাগনিজমের একটা যৌক্তিক ছকে দাঁড় করাতে পারলে নতুন গণতান্ত্রিক বন্দোবস্তের আলোকে জাতিকে ঐক্যবদ্ধ করে দেশকে সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা থেকে বিচ্যুত করা সম্ভব। গত পঞ্চান্ন বছর ধরে ভারতীয় আধিপত্যবাদী এ ফর্মুলায় বাংলাদেশকে পিছিয়ে রাখা সম্ভব হয়েছে। এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মত সরাসরি এন্টি-ইনকাম্বেন্সি ফ্যাক্টর কাজ করছে না। গত ১৫ বছর যারা ক্ষমতায় ছিল সে দল নির্বাচন এবং রাজনীতির বাইরে।

দ্বিতীয়ত, যারা এখন অন্তর্বর্তী সরকার হিসেবে দেশ পরিচালনা করছেন, তারা কোনো দল বা জোটের পক্ষভুক্ত না হওয়ায় এবারের নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আলাদা বৈশিষ্ট্য ধারণ করছে। তৃতীয়ত, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ক্ষমতা বদলের নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারের গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ায় এই নির্বাচন জাতীয় ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। ক্ষমতার প্রতিদ্বন্দ্বিতা গণভোটে শেষ পর্যন্ত জাতীয় ঐক্যের অবস্থান সুসংহত থাকলে তা হবে জাতির জন্য এক অনন্য নজির এবং বড় অর্জন। গণভোট নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপিসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রধান রাজনৈতিক দলগুলোর ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অভিন্ন অবস্থান জাতির জন্য সেই অনন্য সুযোগ সৃষ্টি করেছে। গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে তারেক রহমানের স্পষ্ট অবস্থান ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা গণভোট প্রশ্নে জাতীয় ঐক্যের বার্তা দিয়েছে। তারেক রহমানের এমন ঐক্যের বার্তা কোনো নতুন বিষয় নয়। জুলাই অভ্যুত্থানের অনেক আগেই তিনি লন্ডন থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। গণতান্ত্রিক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে আঞ্চলিক-আন্তর্জাতিক আধিপত্যবাদী শক্তির বাধা বা চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী সরকারের পক্ষে জনগণের সুদৃঢ় ঐক্য ও সমর্থন অপরিহার্য।

রাষ্ট্র সংস্কারের ধারায় এবারের নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় সংসদে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠিত হচ্ছে এবং উচ্চকক্ষের সদস্যরা বিভিন্ন দলের ভোটের আনুপাতিক রেশিও অনুসারে মনোনীত হওয়ার সুযোগ থাকায় প্রায় সব রাজনৈতিক অংশীজনদের অংশীদারিত্ব নিশ্চিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। গতানুগতিক ধারার ‘উইনার্স টেইকস ইট অল’ বা কোনো একক দলের নিরঙ্কুশ বিজয় গণতন্ত্রের জন্য শুভ ফল বয়ে আনেনি। অ্যাবসোলিউট পাওয়ার সব সময়ই একচেটিয়া লুণ্ঠন ও ক্ষমতার অপব্যবহারের পথ খুলে দেয়। জুলাই সনদ এবং গণভোট সেই অ্যাবসোলিউট পাওয়ারের খারাপ দৃষ্টান্ত বদলে দিতে ক্ষমতার ভারসাম্য সৃষ্টির পথ খুলে দিচ্ছে।

অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনে সব পক্ষের প্রস্তাবনা ও আলোচনার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে যে ৮৪টি প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, তার বেশকিছু প্রস্তাবে বিভিন্ন দলের পক্ষ থেকে আপত্তি বা নোট অব ডিসেন্ট দেওয়া আছে। এর মানে হচ্ছে, যে ধারাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে, ক্ষমতায় গেলে সে সব ধারা বাস্তবায়নে সে দল বাধ্য নয়। তবে গণভোটে ‘না’ ভোট বিজয়ী হলে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ দেড় হাজারের বেশি জুলাই যোদ্ধার জীবন ও তিরিশ হাজারের বেশি আহত, পঙ্গু-অন্ধ ও পরিবর্তনকামী ছাত্র-জনতার সংগ্রাম ও আত্মত্যাগ ব্যর্থতায় পর্যবসিত হয়ে রাষ্ট্র পুরনো বন্দোবস্তে ফিরে যাওয়া।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পতিত স্বৈরাচারের সরাসরি অংশগ্রহণ না থাকলেও প্রধান রাজনৈতিক পক্ষগুলোকে ভোটের সমীকরণের প্রলোভনে ফেলে আওয়ামী লীগের রাজনৈতিক ন্যারেটিভ ব্যবহার করে জাতিকে বিভক্ত করার ফাঁদ এখনো সক্রিয় রয়েছে। সেই সাথে বিভিন্ন দলে পতিত স্বৈরাচারের দোসর ও সুবিধাভোগীদের একটি অংশ ভিন্ন ভিন্ন প্লাটফর্ম থেকে নির্বাচনের মাঠে সক্রিয় রয়েছে। তাদেরকে পতিত স্বৈরাচারের দোসরদের প্রক্সি কেন্ডিডেট হিসেবে ধরে নেয়া যায়। বিএনপি ও ইসলামী ধারার রাজনৈতিক দলগুলোর মধ্যকার বিভক্তি ও দ্বন্দ্বের কারণে বহুধা বিভক্ত ভোটের সমীকরণ ব্যবহার করে এসব প্রক্সি প্রার্থীরা আওয়ামী ভোটের বড় অংশকে একত্রিত করে কোথাও কোথাও বিজয় ছিনিয়ে নেয়ার স্বপ্ন দেখছে। পলাতক আওয়ামী লীগ নেতারা ভোট বানচাল ও বর্জনের নীতিগত অবস্থান গ্রহণ করলেও এসব প্রক্সি প্রার্থী ও ভোটাররা তাদের নির্দেশনা আর মানবে বলে মনে হয় না। গত দেড় বছরে পলাতক আওয়ামী লীগ নেতারা দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের লক্ষ্য নিয়ে অনেক নির্দেশনা দিলেও দেশের নেতাকর্মীরা কোনো নির্দেশনা পালনে আগ্রহ দেখায়নি। যারা লুটপাটতন্ত্র কায়েম করে দেশকে দেউলিয়া করে, গণহত্যার নির্দেশ দিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে নেতাকর্মীদের কথা না ভেবে বিদেশে পালিয়ে গেছে, তাদের কথায় আর দেশের রাজনীতি চলছে না, চলবে না।

bari_zamal@yahoo.com