মানুষে মানুষে পার্থক্যের একটা বুনিয়াদ হলো জাতিগত কৌলীন্যবোধ। জাতিগত অহমিকা সহবস্থানের অন্তরায়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিলো জাতিগত শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার অহংকার থেকে। ডব্লিউ বুশ, টনি ব্লেয়ার, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহুর সন্ত্রাসবিরোধী যুদ্ধ সন্ত্রাস দমনের জন্য নয়, বরং পাশ্চাত্যকে বিশেষত মার্কিনীদের সুপার পাওয়ার হওয়ার জাতিগত অহমিকাকে বিশ্বে প্রভুর আসনে বসাবার জন্য। এই অহমিকার জন্ম পাশ্চাত্য সমাজে তাদের ইতিহাসের শুরু থেকে। গ্রিক সভ্যতার ঘোষণা হলো, যারা গ্রিক নয়, তারা গ্রিকদের ক্রীতদাস হবে, এটাই প্রকৃতির ইচ্ছা। আর পৃথিবীর ৩০ ভাগের উপরও অধিকার বার্তায়নি সেই রোমকরাও বিশ্বাস করতো, পৃথিবীর সব সম্পদ তাদের জন্যই। তারা নিজেদের পরিচয় দিত পৃথিবীর সব মানুষের প্রভু বলে।
আর আজকের পাশ্চাত্যের পরম বন্ধু ইহুদিদের ঘোষণা হল, যখন তোমার পূজনীয় প্রভু কোন নগরকে তোমার অধীন করবেন, তখন নগরের প্রতিটি পুরুষকে তলোয়ারের তীক্ষ্ণতায় হনন করো। তোমার শত্রুর সবকিছু তুমি ভোগ করবে। অন্যদিকে মুসলমানরা কল্যাণের প্রবক্তা হিসেবে বিশ্বের শ্রেষ্ঠ জাতি এবং তাদের কল্যাণ ও মুক্তির আদর্শ ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ একথা ঠিক, কিন্তু ইসলাম অন্য জাতির ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং সহাবস্থানকে স্বাভাবিক হিসেবে ঘোষণা করেছে। শত্রু হলেও শত্রু যেহেতু মানুষ তাই তার মৌলিক ও ন্যায্য অধিকারের সংরক্ষণ করেছে।
খলিফা হযরত আবু বকর (রা.) তাঁর সৈন্যবাহিনীকে শত্রু দেশে পাঠাবার সময় তাদের নির্দেশ দিতেন, অর্থ অপহরণ করোনা, তশরুপ করোনা, প্রতারণা করোনা, শিশু কিংবা বৃদ্ধকে কিংবা স্ত্রী লোককে হত্যা করো না, খেজুর গাছ কাটবে না বা দগ্ধ করবে না, কোন ফলের গাছ কাটবে না, গির্জা ধ্বংস করবে না, ফসল দগ্ধ করো না। আর হযরত ওমরের নির্দেশ হলো, যুদ্ধে ভীরুতা প্রদর্শন করো না। তোমার শক্তি থাকলেও কারো অঙ্গচ্ছেদ করো না। বিজয়ী হলে বাড়াবাড়ি ধ্বংস করো না। বৃদ্ধ ও নাবালককে হত্যা করো না, বরং দুই বাহিনীর মধ্যে যুদ্ধের সময় তাদের এড়িয়ে চলার চেষ্টা করো। ইসলামে মানবিকতার শ্রেষ্ঠত্ব এবং পাশ্চাত্যের পৈশাচিকতার দৃষ্টান্ত ইতিহাস বহুবার প্রত্যক্ষ করেছে। ক্রুসেডের যুদ্ধে মুসলমানরা যখন জেরুজালেম দখল করে, তখন একজন খ্রিস্টান ইহুদির গায়ে হাত দেয়া হয়নি। কিন্তু পাশ্চাত্যের খ্রিস্টান বাহিনী যখন জেরুজালেম দখল করে, তখন নগরীর ৭০ হাজার নারী, পুরুষ ও শিশুকে হত্যা করে। বিনা প্রমাণে, বিনা বিচারে মার্কিন বাহিনী আফগানিস্তানে যে গণহত্যা চালিয়েছে তা তাদের ইতিহাসেরই ধারাবাহিকতা। আর মুসলমানদের আদর্শ ও ঐতিহ্যের ধারাবাহিকতা হলো সহনশীলতা ও সহাবস্থান। গ্রিক ও রোমান সভ্যতা যেখানে বলেছে অন্য সব মানুষকে দাস বানানোর জন্য, সেখানে হযরত ওমরের শাসনকালে সিরিয়ার একজন ধর্মযাজক ইউরোপের একজন বন্ধুকে লিখেছিলেন, ‘এইসব আরব যাদের আল্লাহ এ যুগে প্রভুত্ব করার ক্ষমতা দিয়েছেন, তারা আমাদেরও প্রভু হয়েছেন। কিংবা তারা খ্রিস্ট ধর্মের সাথে আদৌ কোন সংঘর্ষে লিপ্ত হয় না, বরং তারা আমাদের ধর্ম রক্ষা করে, আমাদের ধর্মযাজক ও সাধুদের প্রতি সম্মান প্রদর্শন করে এবং আমাদের গির্জা ও মঠে চাঁদা প্রদান করে।’ ইতিহাসে এমন কাহিনীর শেষ নেই।
গ্রিক ও রোমান সভ্যতা এবং আজকের পাশ্চাত্য কোনো দেশ দখল করলে সেখানকার মানুষকে দাসে পরিণত করেছে এবং তাদের সবকিছুকে ভোগের বস্তু ধরে নিয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এর প্রমাণ দুনিয়ার মানুষ দেখেছে। অন্যদিকে ইসলাম বিজিত দেশের মানুষকে দেখেছে মানুষ হিসেবে। তাদের মৌলিক অধিকারকে পবিত্র জ্ঞান করেছে। খোলাফায়ে রাশেদার যুগে কোন নতুন ভূখ- মুসলমানদের দখলে এলে সেখানকার মানুষকে আর শত্রুর দৃষ্টিতে দেখা হতো না। মুক্ত মানুষ হিসেবে তাদের অধিকার দেয়া হতো যে, তারা এক বছর সময়কালের মধ্যে যেন সিদ্ধান্ত নেয় যে, তারা তাদের পছন্দ মত অন্য কোনো দেশে চলে যাবে, না মুসলিম দেশের নাগরিক হিসেবে বসবাস করবে।
মুসলিম দেশের নাগরিক হিসেবে থাকলে অমুসলিম হওয়া সত্বেও যোগ্যতার ভিত্তিতে খিলাফতে রাশেদার অধীনে রাষ্ট্রের বড় বড় পদে তাদের নিয়োজিত করা হতো। জিজিয়ার প্রশ্নে পশ্চিমা ঐতিহাসিকদের মতে, মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হয়। পশ্চিমাদের এই অভিযোগ মিথ্যা। জিজিয়া কোনো নিপীড়নমূলক বা বৈষম্যমূলক ট্যাক্স নয়। অমুসলিমরা যুদ্ধে না যাওয়ার বিনিময়ে এই নিরাপত্তা ট্যাক্স দিয়ে থাকে। মুসলিম নাগরিকরা যুদ্ধে গিয়ে জীবন ও সম্পদের যে ঝুঁকি নেয়, সেই তুলনায় অমুসলিম নাগরিকদের এই নিরাপত্তাকর খুবই কম। বিজিত দেশের অমুসলমানদের সম্পদে হাত দেয়া হয় না, তাদের উপর যে জিজিয়া ধার্য করা হয়, সেটাও তাদের সাধ্য অনুসারে এবং নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থের উপর কোন জিজিয়া আরোপ করা হয় না।
সবচেয়ে লক্ষনীয় ব্যাপার হলো, যদি অমুসলিমদের নিরাপত্তা দিতে ইসলামী সরকার অসমর্থ হতেন, তাহলে জিজিয়া হিসেবে আদায়কৃত অর্থ অমুসলিমদের ফেরত দেয়া হতো। হযরত ওমরের যুগে মুসলমানরা হেমস দখল করেছিলো। পরবর্তীকালে সামরিক প্রয়োজনে যখন হিমস থেকে মুসলমানদের সরে আসতে হলো তখন মুসলিম সেনাপতি অমুসলিমদের তাদের জিজিয়া করের টাকা ফেরত দিয়ে এসেছিলেন। এমন দৃষ্টান্ত পাশ্চাত্যের গোটা ইতিহাস খুঁজলে একটিও পাওয়া যাবে না বরং পাশ্চাত্যের এটাই ঐতিহ্য যে, তাদের সেনাদল যখন কোন দেশ থেকে পিছু হটতে বাধ্য হয় তখন তারা পোড়ামাটি নীতি ধারণ করে এবং লুণ্ঠন ও ধ্বংসের মাধ্যমে সে ভূখ-ের মানুষকে সর্বস্বান্ত করে। রাশিয়ার পোড়ামাটি নীতির কাছেই জার্মান বাহিনীর পরাজয় ঘটেছিল। আফগানিস্তানে রুশবাহিনী যে পোড়ামাটি নীতি অনুসরণ করেছে এবং পাশ্চাত্য বাহিনী আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়া, মিশর, ইয়েমেন, তিউনেশিয়া তার সাক্ষী আজ গোটা পৃথিবীর মানুষ। অদৃষ্টের পরিহাস! এই পাশ্চাত্য আজ মুসলমানদেরকে মানবাধিকার শেখাতে চাচ্ছে।
পশ্চিমারা এখন গণতন্ত্র ও মানবাধিকারের সাংঘাতিক প্রবক্তা সেজেছে। আর ইসলামকে মানবতাবিরোধী, মধ্যযুগীয় এবং অসহিষ্ণু বলা হচ্ছে। অথচ, এই সেদিন মাত্র ১৯৪৮ সালে ওরা জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার আইন পাস করায়। অন্যদিকে সেই ৬১০ খ্রিস্টাব্দে ইসলামের মহানবী (সা.) ঘোষণা করেন যে, বংশ, বর্ণ, জাতি নির্বিশেষে সব মানুষ সমান। ৬২৪ খ্রিস্টাব্দে ইসলামের মহানবী বদর যুদ্ধের পর যুদ্ধবন্দীদের ব্যাপারে বিধি নির্ধারণ করেন যে, বিজয়ী সৈনিকরা না খেয়েও যুদ্ধবন্দীদের খাওয়াবেন। ১৮৬৩ সালে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বন্ধ হয়। এ বন্ধ করার আইন পাস করতে যে গৃহযুদ্ধ হয়েছিলো তাতে সোয়া ছয় লাখ মানুষ নিহিত হয়। অথচ ইসলামের নবী দাস প্রথা বিলুপ্ত সূচনা করেন এবং দাসরা মুক্ত হতে থাকেন। ইসলাম এও বিধান করে যে, একজন দাস মুক্ত না হওয়া পর্যন্ত তার খাওয়া, পরা ইত্যাদি সংক্রান্ত অধিকার তার মালিকের সমপর্যায়ে হবে। ১৮৩৫ সালে মার্কিন মেয়েরা তাদের জন্য প্রথম স্কুলে যাওয়ার সুযোগ পায়। অন্যদিকে ইসলাম চৌদ্দশ বছর আগেই মেয়েদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করে। ১৮৪৮ সালে মার্কিন মেয়েরা সম্পত্তি ভোগের অধিকার লাভ করে। আর ইসলাম তার শুরুতেই পিতা, স্বামী, প্রমুখ আত্মীয়র সম্পত্তিতে নারীর অধিকার সুনির্দিষ্ট করে দেয়। ভোটাধিকারও মার্কিন মেয়েরা পায় মাত্র ১৯২০ সালে আর মুসলিম মেয়েরা এই রাজনৈতিক অধিকার পেয়েছে পুরুষের সাথে সাথেই। এ হতচ্ছাড়া অবস্থা যে পাশ্চাত্যের, সেই পাশ্চাত্য আজ ইসলামকে মানবাধিকার শিখাতে চায়। পাশ্চাত্যের এ অজ্ঞতার কারণ পাশ্চাত্যের ঐতিহাসিক ও বুদ্ধিজীবীদের সত্য গোপন। ওদের আন্তর্জাতিক আইন রচনার ইতিহাস শুরু হয় গ্রিসের নগর রাষ্ট্র দিয়ে। তারপর রোমান সভ্যতার বর্ণনা দিয়ে তারা লাফ দিয়ে চলে আসে আধুনিক যুগে।
আফগানিস্তানে মার্কিন বাহিনী আফগান বন্দিদের পশুর মত হত্যা করেছে। কালা-ই-জাহাঙ্গীর দুর্গের নিরপরাধ কয়েক সহস্র বন্দির রক্তের দাগ মানুষের মন থেকে কোনদিনই মুছে যাবার নয়। পণ্যবাহী কন্টেইনারে তুলে শত-শত বন্দিকে যেভাবে শাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে, তা শুধু ইউরোপের রোমানদের মধ্যযুগীয় বর্বরতাকেই স্মরণ করিয়ে দেয়। পাশ্চাত্যরা শিক্ষিত হয়েছে বটে কিন্তু প্রকৃত মনুষ্যত্ব তাদের সৃষ্টি হয়নি। তারা মনের দিক দিয়ে এখনও সেই মধ্যযুগে অবস্থান করছে, যখন বন্দিদেরকে হিংস্র ক্ষুধার্ত পশুর মুখে তুলে দেয়া হতো। আল-কায়েদা ও তালেবান বন্দীদের ক্যারিবিয়ান সাগরের গুয়ানতানামো তে যেভাবে, যে পরিবেশে রাখা হয় সেভাবে পশুকেও তার খোঁয়াড়ে রাখা হয় না। এক্ষেত্রে স্বৈরাচারী নিপীড়ক স্ট্যালিনকেও হার মানিয়েছে। শীর্ষ গণতন্ত্র ও মানবাধিকারচর্চার দেশ হবার দাবিদার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার পদে থাকা অবস্থায় তার বিচার হয় না। গণতন্ত্রের অধীনে জনপ্রতিনিধি হয়েও জনগণের চেয়ে তাদের অধিকার বেশি। আজকের আত্মমুখী পাশ্চাত্য সভ্যতা তার বিশ্বজয়ের হাতিয়ার হিসেবে শেকড়হীন এক গণতন্ত্র ও নিয়ন্ত্রণহীন এক মুক্ত অর্থনীতি বিশ্বের সবার উপর চাপিয়ে দিতে চায়। তারা একটুও চিন্তা করে না, পাশ্চাত্য ৩০০ বছরের অভিজ্ঞতা নিয়ে গণতন্ত্র ও অর্থব্যবস্থার যে পর্যায়ে পৌঁছেছে, এশিয়া-আফ্রিকার উন্নয়নশীল দেশগুলো পরাধীনতার ক্লেদ তাদের শরীর থেকে না মুছতেই, শিক্ষা ও সংস্কৃতি উন্নয়নের মাধ্যমে জাতি গঠনের প্রাথমিক পর্যায়ে অতিক্রম না করতেই এবং অর্থনীতি তার নিজের পায়ে উঠে দাঁড়াবার আগেই কি করে তারা পাশ্চাত্যের সেই পর্যায়ে গিয়ে দাঁড়াবে? প্রকৃতপক্ষে এশিয়া-আফ্রিকার উপনিবেশ পীড়িত মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার খর্ব করাই এ আর এক প্রয়াস।
লেখক: গবেষক ও কলামিস্ট।
