অপরাধ করলেই গ্রেপ্তার - এমন কঠোর বার্তা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গত রবিবার মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে তিনি এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) এতে যুক্ত ছিলেন। আইজিপি বলেন, চাঁদাবাজি, বেআইনি কর্মকান্ড, মবসহ বিশৃঙ্খল বিভিন্ন অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা আইন মেনে অভিযুক্তদের গ্রেপ্তার করবেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে, গণ-অভ্যুত্থানের পর অনেক জায়গায় পুলিশ মব সন্ত্রাস ও বাধার মুখে অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি।
তাই নতুন নির্বাচিত সরকার গঠনের পর মাঠ পর্যায়ে পুলিশ প্রশাসনের আইন প্রয়োগের বিষয়টি উঠে আসে। তিনি এও বলেন, যে কোনো মূল্যে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে। যে কোনো অপরাধের জন্য দলমত নির্বিশেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিতে হবে কঠোর আইনানুগ ব্যবস্থা। মহাসড়কে ডাকাতি বন্ধ করতে হবে। এক্ষেত্রে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। মোটকথা, পুলিশ মাথা উঁচু করে দায়িত্ব পালন করতে চায়। আইজিপির বক্তব্যে এই বার্তাই উঠে এসেছে। যা প্রকারান্তরে জনআকাক্সক্ষার প্রতিফলন।\r\nঅন্তর্বর্তী সরকারের আমলে দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে- সে বিষয়ে দ্বিমতের অবকাশ নেই। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি হয়েছে আরও জটিল, ঘোলাটে এবং ক্রমাবনতিশীল।
একে উপলক্ষ করে দেশের কোথাও না কোথাও প্রতিদিনই নির্বাচনী অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, মোটরসাইকেলে আগুন, প্রতিপক্ষের ওপর হামলা-পাল্টাহামলার ঘটনাও ঘটেছে। এক্ষেত্রে পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাত, মারামারি, খুনোখুনি এমনকি সন্ত্রাসী কার্যকলাপসহ হতাহতের সংখ্যাও কম নয়। যে কারণে সে সময়ে একাধিকবার তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠেছিল। \r\nএর অনিবার্য নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনেও। যে কারণে নাগরিক জীবনে বিরাজ করেছে ভয়-ভীতি শঙ্কা-অনিশ্চয়তা এমনকি আতঙ্ক। আইনশৃঙ্খলা বাহিনী তথা পুলিশ যেখানে নির্বাচনী পরিস্থিতি সামলাতে ব্যস্ত সে অবকাশে একশ্রেণির দুষ্কৃতকারী ও সন্ত্রাসী হামলে পড়ছে জনপদে। চুরি-ডাকাতি, ছিনতাই রাহাজানির ঘটনা তো বেড়েছে প্রায় প্রতিদিনই। দেশের কোথাও না কোথাও হত্যা, অগ্নিসংযোগ করে পুড়িয়ে মারাসহ একাধিক মব সন্ত্রাসের ঘটনাও ঘটেছে। যেগুলোর কোনো বিচার হয়নি।\r\nঅনেকেরই প্রত্যাশা ছিল, ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের পর এ সকল ক্ষেত্রে রাষ্ট্র ও সমাজ ঘুরে দাঁড়াবে, অন্তর্বর্তী সরকার এতে নেতৃত্ব দেবে। বাস্তবে উল্টোটাই ঘটেছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে দরগা-মাজার ইত্যাদি স্থাপনায় যেসব হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে, সেগুলোর কোনোটারই বিচার হয়নি। আমরা মনে করি, এহেন অরাজক পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। নতুন নির্বাচিত সরকারকে এর রাশ টেনে ধরতে হবে কঠোর হস্তে। সে ক্ষেত্রে উল্লিখিত সকল বর্বর ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সচেতন মানুষদেরও এ বিষয়ে সোচ্চার থাকা জরুরি।
