হজরত আদম (আ.) থেকে ঈসা (আ.) পর্যন্ত সম্মানিত নবী-রাসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবাই কোনো না কোনো নির্দিষ্ট ভূখণ্ড অঞ্চল, গোত্র বা দলের হেদায়েতের জন্য প্রেরিত হয়েছিলেন। খ্রিস্টীয় ৬ষ্ঠ ও ৭ম শতাব্দীর দিকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে আদম সন্তান। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনজীবনেও পরিচিতি হতে চলেছে দ্রুত। কিন্তু সে অনুপাতে মানুষের জীবন চলার কোনো নির্দিষ্ট ও সর্বজনীন বিধিবিধান ছিল না। পূর্ববর্তী নবীরা (আ.) যা শিখিয়ে গেছেন মানুষ ভুলতে বসেছিল সবই। ফলে দিন দিন জনজীবনে নেমে আসে অশান্তি অরাজকতা। আইনশৃঙ্খলা আনুগত্য বোধ ছিল মানুষের অজানা। Might is right - জোর যার মুল্লুক তার- এ ছিল জীবন চলার পাথেয়। ফলে হত্যা, হানাহানি, রাহাজানি ইত্যাদির সয়লাব বয়ে যাচ্ছে।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে, ধর্মীয় মূল্যবোধ ও তাওহীদের নাম নিশানা তো ধুলোয় মিশে গেছে আর যত খোদাদ্রোহিতা ও অসামাজিকতা উঠেছে মাথাচাড়া দিয়ে। পুরো দুনিয়ায় এ বিভীষিকাময় পরিবেশে এখন আর কোনো আঞ্চলিক বা গোত্রীয় মহাপুরুষের কাম নেই। এখন দরকার একজন শক্তিশালী বিশ্ব নেতৃত্বের। যার পরশে পুরো জাহানে সমানভাবে আসবে শান্তি-সমৃদ্ধি ধর্মীয় মূল্যবোধ ও তৌহিদের জোয়ার। \r\nইতিহাসের এই দাবির পরিপ্রেক্ষিতে আল্লাহ শান্তির দূত ও মুক্তির রাজপুরুষ হিসেবে পাঠালেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদকে (সা.)।
সামাজিক শৃঙ্খলা, আইনের শাসন, মানবাধিকার, দুর্নীতি দমন ও ধর্মীয় অনুশাসন জাগ্রত করার মাধ্যমে মানুষের ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির বন্দোবস্ত করার জন্য একজন পরিচালকের যে সব গুণাগুণ ও বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলোর সমাহার ঘটিয়েছেন মহান আল্লাহ হজরত রাসুলে পাকের জীবনে। তার মাধ্যমে আল্লাহ পূর্ণতা দান করেছেন আল্লাহর শাশ্বত ধর্ম ইসলামকে। সুতরাং তিনিই সমগ্র দুনিয়ার একমাত্র আদর্শ তার পর আর কোনো মহাপুরুষ কিংবা মতাদর্শের প্রয়োজন নেই মানুষের পথ চলার জন্য। হজরতই (সা.) হচ্ছেন বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ অনুকরণীয় আদর্শ, সর্বকালীন মুক্তির দিশারী, রাহমাতুল্লিল আলামীন। মানুষের ব্যক্তিজীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন ও আন্তর্জাতিক জীবনের প্রচ্ছন্ন আদর্শ।
আজ সে মহান নেতা রাসুলে মাকবুল (সা.)-এর পয়দায়েশ ও ওফাতের পুতঃস্মৃতিবিজড়িত মাহে রবিউল আউয়াল আমাদের মাঝে চলমান। এ দিনে আমাদের তাঁর চরিত্র বৈশিষ্ট্য, ব্যক্তিত্ব ও কৃতিত্বগুলো পুনঃপুনঃ হৃদয়ঙ্গম করত তার প্রতি আরও অধিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা প্রদর্শন করে এগিয়ে যেতে হবে তার আদর্শ বাস্তবায়নের দিকে। তাহলেই আজকের বিশ্ব শান্তি-প্রগতি ও সমৃদ্ধির স্বর্গপানে ধাবিত হবে। \r\nআমাদের উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, আল্লাহর রাসুলের (সা.) জীবনালেখ্যের মধ্যে রয়েছে তোমাদের জন্য প্রশংসিত আদর্শ। আর সে আদর্শের পূর্ণাঙ্গ রূপ আল কুরআন এখনো অক্ষত ও অবিক্রীত অবস্থায় আমাদের মাঝে বিদ্যমান।
একদা জনৈক সাহাবা মা আয়েশার (রা.) খিদমতে হাজির হয়ে প্রিয় নবী (সা.)-এর চরিত্র সম্বন্ধে জানতে চাইলেন, জবাবে উম্মুল মু মিনীন আয়েশা বললেন: কুরআনে যে আদর্শ ও চরিত্রের বর্ণনা পাওয়া যায় হজরতের চরিত্রও ঠিক অনুরূপ। ইসলামী দুনিয়ার ৪র্থ খলিফা হজরত আলীর (রা.) ভাষায়: আল্লাহর হাবীব নিজের চরিত্র হতে তিনটি জিনিস দূরে সরিয়ে দিয়েছিলেন- ১. তর্ক-বিতর্ক, ২. অপ্রয়োজনীয় কথা, ৩. কারো অভ্যন্তরীণ ব্যাপার মুখে নিতেন না, প্রকাশ করতেন না কারো দোষ। \r\nনবীজী ছিলেন যেমনি বিনয়ী তেমনি মিষ্টভাষী। অতিরোগের মুহূর্তেও তিনি কোন দিন কাউকে কটু কথা বলেননি। তাঁর মধুময় ব্যবহারে শত্রুরাও মুগ্ধ হয়ে যেত। অসতর্ক মুহূর্তেও তাঁর মুখ হতে কোন দিন মিথ্যা কথা বের হয়নি।
সত্যবাদিতার জন্যই আরববাসীরা তাঁকে আল আমীন আস সাদিক উপাধিতে ভূষিত করেছিল। অভাবগ্রস্তকে তিনি কখনো হতাশ করেননি। নিজে না খেয়েও তিনি গরিব, মুসাফির ও ক্ষুধার্তদের ক্ষুধা নিবৃত্ত করতেন। শত্রু-মিত্র স্বজন-পরজন সবার জন্য তার করুণা সমানভাবে বর্ষিত হতো। বিপদের মুহূর্তে তিনি কোনোদিন অসৎ পন্থা অবলম্বন করেননি বা নেননি কোনো মিথ্যার আশ্রয়। হজরত ছিলেন দৃঢ় মনোবল এবং অসীম ব্যক্তিত্বের অধিকারী। কঠিন বিপদের কথা জেনেও তিনি আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতেন। \r\nতিনি ছিলেন ক্ষমার মূর্ত প্রতীক। সন্তুষ্ট চিত্তে তিনি যে কোনো চির শত্রুকেও ক্ষমা করতে পারতেন। মক্কা জয়ের পর তিনি প্রাণঘাতী শত্রুকেও ক্ষমা করে ক্ষমা উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।
তাঁর ক্ষমার দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিক মুইর কত সুন্দর বলেছেন, The Magnanimity with which Mohammad treated a people which had so long hated and rejected him was worthy of admiration. একবার যুদ্ধ ক্ষেত্রে বলা হলো: হে আল্লাহর রাসুল (সা.), আপনি যদি শত্রুদের জন্য বদদোয়া করতেন, তাহলে খুবই ভালো হতো। প্রিয় নবী (সা.) বললেন, আল্লাহ আমাকে রহমতস্বরূপ পাঠিয়েছেন, বদদোয়া করার জন্য পাঠাননি (বুখারী মুসলিম)। হাদিসে আরও এসেছে, একব্যক্তি তাঁকে হত্যা করতে এলো, বিষয়টি জানাজানি হয়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, এ ব্যক্তি আপনাকে হত্যা করতে এসেছে। সে লোক ভয়ে ভীত সন্ত্রস্ত হলো। কিন্তু রাসুল (সা.) তাকে এ বলে সান্ত্বনা দিলেন, ভয় করো না, ভয় করো না, তুমি আমাকে কতল করতে পারবে না। রাসুল (সা.) তাকে ক্ষমা করে দিলেন।
অশেষ গৌরব, সীমাহীন প্রতিপত্তি ও রাজৈশ্বর্যের মালিক হয়েও তিনি নিতান্ত সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর গাছের পাতা আর কাদা মাটির তৈরি একটি বাড়িতে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব হজরত (সা.) বাস করতেন। উটের লোমের তৈরি একটি কম্বলই ছিল তার বিছানা। \r\nপ্রিয় নবী (সা.) ছিলেন সত্যিকারের এবং আদর্শ সামাজিক ব্যক্তিত্ব। নিজেকে শ্রমিক বলতে তিনি গৌরব বোধ করতেন। তিনি একাধারে প্রেমময় স্বামী, স্নেহময় পিতা, ধৈর্যশীল সংসারী, দরদী বন্ধু, সফল ব্যবসায়ী, মহান আইনপ্রণেতা, দক্ষ শাসক-দূরদর্শী রাজনীতিজ্ঞ সর্বস্তরেই তিনি সকলের ঊর্ধ্বে। তিনি বিভিন্ন যুদ্ধে পরাক্রমশঅলী শত্রুদের পরাজিত করে নিজেকে সাহসী যোদ্ধা বলে প্রমাণিত করেছেন। বদর, ওহুদ ও খন্দকের যুদ্ধে নিপুণ সেনাপতিরূপে তিনি অসামান্য কৃতিত্বের পরিচয় দেন।
সকল অবস্থাতেই হজরত নিজেকে সুখী মনে করতেন। কঠিন বিপদের সম্মুখীন হয়েও খুশী মনে সকলের সঙ্গে আলাপ-আলোচনা করতেন। বাস্তবিক নবীজীর তুলনা স্বয়ং তিনিই। মানুষ যা কিছু সুন্দর ও মহৎ কল্পনা করতে পারে নবীজী একা ছিলেন জ্বলন্ত আদর্শ। নিঃসন্দেহে স্রষ্টার সেরা সৃষ্টি তিনি। তিনিই আমাদের জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় উসওয়াতুন হাসানাহ - সর্বোত্তম মহান আদর্শ। \r\nতিক্ত হলেও সত্য যে, যারা আমরা আজ সত্যিকারের মুসলমান বলে দাবি করি, দাবি করি নবী রাসুলের উত্তরাধিকালী হিসেবে তারা আজ নবীর সে সর্বজনীন ও সর্বকালীন আদর্শ ও উপযোগিতাকে বেমালুম ভুলে বসেছি। আবার অনেকে অন্ধের হাতি ধরার মতো নবী জীবনকে দেখেছি খণ্ডিত রূপ, দলাদলি ও আন্তঃকোন্দলে আমরা সতত বিভক্ত আজ। তাই একত আমরা নিজেরাই পরিশুদ্ধি অর্জন করতে পারছি না, না পারছি জড়বাদী সভ্যতার নাগপাশে আবদ্ধ আজকের বিশ্বমানবতাকে মুক্তির রাজপথ দেখাতে। সুতরাং আসুন, আল্লাহর কাছে কায়মনোবাক্যে মুনাজাত করি আল্লাহ পাক প্রিয় নবী সাললল্লাাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শের খণ্ডিত অনুসরণ থেকে আমাদের হেফাজত করে নবীজীর পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণে নিজেদের দেহমন সবটুকুন সমর্পণ করার তৌফিক দিন এবং বাতিলের মোকাবিলা ও ইকামতে দীনের পথে সর্বস্ব ত্যাগের সাহস ও শক্তি দিন। \r\nলেখক : অধ্যাপক, টিভি উপস্থাপক ও \r\nজাতীয় পুরস্কারপ্রাপ্ত খতিব\r\nmi_rafiq@yahoo.com
