টানা দুই মাস ধরে মূল্যস্ফীতির হার বাড়ছে। গত ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.৪৯ শতাংশ, যা নভেম্বর মাসে ছিল ৮.২৯ শতাংশ। আগের অক্টোবর মাসে মূল্যস্ফীতি ৩৯ মাসের মধ্যে সর্বনি¤œ ৮.১৭ শতাংশে নেমে এলেও নভেম্বর-ডিসেম্বরে তা আবার বাড়তে শুরু করে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ডিসেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে ৭.৭১ শতাংশ হয়েছে, যা নভেম্বরে ছিল ৭.৩৬ শতাংশ।

অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৯.১৩ শতাংশে পৌঁছেছে। গ্রামাঞ্চলে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৮.৪৮ শতাংশ এবং শহরে ৮.৫৫ শতাংশ রেকর্ড করা হয়েছে, যা দুই ক্ষেত্রেই নভেম্বরের চেয়ে বেশি। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৬.৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করলেও অর্থবছরের মাঝামাঝি সময়ে তা থেকে সূচক সরে যাচ্ছে। মূল্যস্ফীতি বৃদ্ধির এই চাপ সীমিত আয়ের মানুষের ওপর বাড়তি দুর্ভোগ তৈরি করছে। দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের কেন্দ্রীয় ব্যাংক পলিসি রেট বৃদ্ধির পাশাপাশি অন্য কিছু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উচ্চ মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। চীনের মূল্যস্ফীতির হার গত আগস্টে ছিল শূন্য দশমিক ৪১ শতাংশ।

আগস্টে অন্যান্য দেশের মধ্যে হংকংয়ের ১ দশমিক ১ শতাংশ, ভারতের ২ দশমিক ০৭ শতাংশ, জাপানের ২ দশমিক ৭ শতাংশ, ইন্দোনেশিয়ার ২ দশমিক ৩ শতাংশ, ভুটানের ৩ দশমিক ৬৪ শতাংশ, মালদ্বীপের ৪ শতাংশ, ভিয়েতনামের ৩ দশমিক ২৪ শতাংশ, নেপালের ১ দশমিক ৬৮ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ১ দশমিক ৭ শতাংশ এবং ফিলিপিন্সের মূল্যস্ফীতির হার ছিল ১ দশমিক ৫ শতাংশ। কিন্তু বাংলাদেশে গত আগস্টে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ। এর অর্থ হচ্ছে, দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশই তাদের অর্থনীতিতে সৃষ্ট উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সক্ষম হলেও আমরা এক্ষেত্রে ব্যর্থ হয়েছি। আমরা উচ্চ মূল্যস্ফীতি কমাতে পারছি না। ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৬৫ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে এসে তা ৯ দশমিক ০২ শতাংশে উন্নীত হয়। সাম্প্রতিক সময়ের মধ্যে একক মাস হিসাবে সবচেয়ে উচ্চ মূল্যস্ফীতি প্রত্যক্ষ করা যায় ২০২৪ সালের জুলাইয়ে। সেই সময় মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছিল ১১ দশমিক ৬৬ শতাংশে। গত তিন বছর ধরে অভ্যন্তরীণ অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর পাশাপাশি মানুষের মজুরির হার আনুপাতিকভাবে বাড়ছে না। ফলে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। মূল্যস্ফীতি এবং মজুরি বৃদ্ধির প্রবণতা বিপরীতমুখী হওয়ার কারণে মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়ছে।

সবচেয়ে উদ্বেগ সৃষ্টি করেছে খাদ্যপণ্যের অস্বাভাবিক উচ্চমূল্য। নির্দিষ্ট আয়ের নি¤œ-মধ্যবিত্ত ও দরিদ্র পরিবারগুলো উচ্চ মূল্যস্ফীতির কারণে সবচেয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। উচ্চ মূল্যস্ফীতির অভিঘাত সহ্য করতে না পেরে অনেক পরিবার দারিদ্র্যসীমার নিচে নেমে যেতে বাধ্য হচ্ছে। দীর্ঘকালীন মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রার মান হচ্ছে নি¤œমুখী। পরিবারগুলো তাদের অবস্থান ধরে রাখতে পারছে না। অনেক পরিবারকে ঋণ করে চলতে হচ্ছে। প্রচারমাধ্যমে প্রায়ই প্রত্যক্ষ করা যায়, ব্যাংকিং সেক্টরে আমানতের পরিমাণ হ্রাস পাচ্ছে। মানুষের হাতে নগদ টাকা বাড়ছে বলা হলেও প্রকৃতপক্ষে অনেক পরিবারকে তাদের নিত্যদিনের খরচ নির্বাহের জন্য ব্যাংকে সঞ্চিত অর্থ উত্তোলন করে ব্যয় নির্বাহ করতে হচ্ছে। বাজারে গেলে অনুধাবন করা যায় জিনিসপত্রের দাম কতটা বেড়েছে।

দেশে এর আগেও বিভিন্ন সময় উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা প্রত্যক্ষ করা গেছে। কিন্তু কোনোবারই এত দীর্ঘ সময় ধরে মূল্যস্ফীতি বিরাজমান ছিল না। বাংলাদেশ বর্তমানে যে উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা প্রত্যক্ষ করছে, তা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। বিগত সরকারের আমলে এ প্রবণতা শুরু হয়। উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করে আসছে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাংঘর্ষিক নীতির কারণে মূল্যস্ফীতি না কমে বরং বেড়েছে। বাংলাদেশ ব্যাংক উচ্চ মূল্যস্ফীতির প্রবণতা রোধে পলিসি রেট বারবার বৃদ্ধি করেছে। পাশাপাশি ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশে ফিক্সড করে রাখে।

ফলে শিডিউল ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি সুদে ঋণ গ্রহণ করলেও সেই ঋণের অর্থ উদ্যোক্তা এবং সাধারণ গ্রাহকদের মাঝে প্রদানের ক্ষেত্রে আগের চেয়ে বেশি সুদ আরোপ করতে পারেনি। এ অবস্থায় ব্যাংকগুলো ঋণ সংকোচন নীতি গ্রহণ করে, যদিও সরকার সমর্থক ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক ব্যবস্থাপনার ওপর চাপ প্রয়োগ করে ঋণ বের করে নেয়। একপর্যায়ে অবস্থা এমন হয় যে, বিরাজমান মূল্যস্ফীতির চেয়ে ব্যাংক ঋণের সুদের হার ছিল তুলনামূলক কম। পলিসি রেট বৃদ্ধির উদ্দেশ্য ছিল ব্যক্তি খাতে ব্যাংক ঋণের প্রবাহ নিয়ন্ত্রণ করে বাজারে অর্থ সরবরাহ কমিয়ে আনা, যাতে ভোক্তারা চাইলেই পণ্য ক্রয়ের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে না পারে। কিন্তু ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশে ফিক্সড থাকার সময় সাধারণ গ্রাহকরা ব্যাংক থেকে প্রত্যাশিত মাত্রায় ঋণ না পেলেও মহলবিশেষ তাদের প্রভাব বিস্তার করে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণের নামে হাতিয়ে নেয়। ফলে বাজারে অর্থ সরবরাহ কমানোর যে প্রচেষ্টা, তা সফল হয়নি।

সেই সময় এক মুদ্রানীতিতে ব্যক্তি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৪ দশমিক ১ শতাংশ। বাস্তবে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি অর্জিত হয় ১৪ দশমিক ৭ শতাংশ। অর্থাৎ নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৬ শতাংশ বেশি। অথচ একই সময়ে শিল্পে ব্যবহার্য ক্যাপিটাল মেশিনারিজ আমদানি ব্যাপকভাবে কমেছিল। কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য আমদানি ১৪ শতাংশ করে কমেছিল। সংগত কারণেই প্রশ্ন উত্থাপিত হতে পারে, তাহলে ব্যক্তি খাতে দেওয়া নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণের অর্থ কোথায় গেল? একশ্রেণির উদ্যোক্তা শিল্প স্থাপনের নামে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে তা ভিন্ন খাতে প্রবাহিত করেছে বলে অভিযোগ রয়েছে।

এমনকি ব্যাংক ঋণের অর্থ বিদেশে পাচার হয়েছে বলেও অভিযোগ রয়েছে। গত বছর জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটলে সরাসরি সমর্থনপুষ্ট ব্যবসায়ী গোষ্ঠীও দৃশ্যপট থেকে আড়ালে চলে যায়। বাংলাদেশ ব্যাংকের নতুন প্রশাসন ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদ হার (৯ শতাংশ) প্রত্যাহার করে তা বাজারভিত্তিক করে। এর ফলে বাজারে অর্থের জোগান কমে যায়। পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে অনেকটা বিলম্বে। বিগত সরকার আমলে ব্যাংক ঋণের সর্বোচ্চ সুদহার ৯ শতাংশ নির্ধারণ করা না হলে মূল্যস্ফীতি পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করত না। ব্যাংক ঋণের সুদের হার বাজারভিত্তিক করার ফলে ব্যক্তি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধির হার ৭ শতাংশের নিচে নেমে এসেছে। এ অবস্থা দীর্ঘস্থায়ী হলে ব্যক্তি খাতে বিনিয়োগের ক্ষেত্রে মারাত্মক স্থবিরতা নেমে আসতে পারে। যা কর্মসংস্থানের সুযোগ সংকুচিত করবে এবং চূড়ান্ত পর্যায়ে সরকারের দারিদ্র্যবিমোচন কার্যক্রম বিঘিœত করবে। অর্থনৈতিক ক্ষেত্রে বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হচ্ছে উচ্চ মূল্যস্ফীতিকে দ্রুত কমিয়ে সহনীয় পর্যায়ে নামিয়ে আনা।

কিন্তু বিগত এক বছরের বেশি সময়ে বাংলাদেশ ব্যাংক এক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। অবশ্য এটা ঠিক, শুধু পলিসি রেট বৃদ্ধি অথবা সংকোচনমূলক মুদ্রানীতি বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে উচ্চ মূল্যস্ফীতি প্রবণতা রোধ করা যাবে না। এজন্য আরও কিছু ব্যবস্থা নিতে হবে। বাজারব্যবস্থার ওপর সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নেই। ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো যে কোনো সময় পণ্যমূল্য বৃদ্ধি করে গণদুর্ভোগ সৃষ্টি করতে পারেন। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছু নীতি-আদর্শ মেনে চলতে হয়। অধিকাংশ ব্যবসায়ীর মধ্যে ব্যবসায়িক নীতি-আদর্শ মেনে চলার প্রবণতা লক্ষ করা যায় না। তাদের কাছে অতি মুনাফা অর্জনই মূল লক্ষ্য বলে বিবেচিত হয়। বাজারে শক্তিশালী ব্যবসায়ী সিন্ডিকেট তৎপর রয়েছে। কিন্তু কোনো সরকারই ব্যবসায়ী সিন্ডিকেটের অস্তিত্ব স্বীকার করতে চায় না। দমন করা তো দূরের কথা।

সরকার পরিবর্তন হলে ব্যবসায়ী সিন্ডিকেট তাদের রাজনৈতিক পরিচয় পালটে ফেলে। ফলে কোনো সরকারই তাদের কিছু বলে না। যারা পণ্য আমদানির সময় ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থ পাচার করে, তারা যে পণ্য দেশে নিয়ে আসে, তা প্রদর্শিত মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করে না। ফলে আন্তর্জাতিক বাজারের তুলনায় স্থানীয় বাজারে পণ্যের মূল্য সবসময়ই বেশি থাকে। অর্থ উপদেষ্টা গত ৩০ সেপ্টেম্বর তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন, চাঁদাবাজির কারণে পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে। গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর বিভিন্ন মহল নতুন করে চাঁদাবাজিতে যুক্ত হয়েছে। আগে যারা চাঁদাবাজি করত, তারাও নেপথ্যে থেকে চাঁদাবাজি করছে। রাজনৈতিক সরকার ছাড়া চাঁদাবাজি বন্ধ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আগে যেখানে এক টাকা চাঁদা নেওয়া হতো, এখন সেখানে দেড় টাকা থেকে ২ টাকা চাঁদা নেওয়া হচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৩ শতাংশ। আগামী জুনের মধ্যে তা ৭ শতাংশে নেমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, সাধারণভাবে বাংলাদেশের মতো অর্থনীতিতে সাড়ে ৩-৪ শতাংশ পর্যন্ত মূল্যস্ফীতিকে সহনীয় বলা যেতে পারে। বাংলাদেশে মূল্যস্ফীতি নির্ধারণের জন্য শহরের ৪২২টি এবং গ্রামের ৩১৮টি অর্থাৎ মোট ৭৪০টি পণ্যকে বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে বেশকিছু পণ্য আছে, যা সাধারণ মানুষ খুব একটা ব্যবহার করে না। মূল্যস্ফীতি ক্যালকুলেট করার সময় এসব অপ্রয়োজনীয় পণ্য বাদ দিয়ে মূল্যায়ন করা হলে মূল্যস্ফীতির প্রকৃত চিত্র পাওয়া যেতে পারে। এ মুহূর্তে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা আবশ্যক। কারণ, সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতির চাপে বড়ই অসহায় অবস্থার মধ্যে রয়েছে। মূল্যস্ফীতির চাপে দেশের জনগণ এখন বিপর্যয়ের মুখে এসে দাঁড়িয়েছে।

লেখক : সাবেক কর কমিশনার ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-ন্যাশনাল এফএফ ফাউন্ডেশন