বাংলাদেশের শহুরে মধ্যবিত্ত পরিবার আজ এক অদৃশ্য কিন্তু গভীর সংকটের মধ্যে পড়েছে। এই সংকট অর্থনীতির মন্দা নয়, রাজনীতির বিভাজনও নয়; এটি ঘরের ভেতরের জীবনের এক নিঃশব্দ টানাপোড়েন- বাসার কাজের মানুষ বা সহায়তাকারীর অভাব। একসময় টেলিভিশনের নাটকে দেখা যেত মধ্যবিত্ত পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ- রহিমার মা বা কাদের -এর মতো কেউ, যিনি বাজার থেকে শুরু করে রান্না, কাপড় ধোয়া, শিশুর যত্ন, অতিথি আপ্যায়ন- সব কিছুতেই ব্যস্ত থাকতেন নিঃশব্দে। পরিবারের আনন্দ, ছুটির দিনের বিশ্রাম, কিংবা ছোটখাটো সামাজিক আয়োজন- সব কিছুর অন্তরালে ছিলেন এই মানুষগুলো।

কিন্তু আজ শহরের হাজারো ফ্ল্যাটে, অফিস থেকে ফেরা ক্লান্ত মুখগুলোর পাশে সেই মানুষটির অনুপস্থিতি ক্রমেই স্পষ্ট হচ্ছে।\r\nএকটা সময় ছিল যখন শহরের ঘরে ঘরে কাজের মানুষ পাওয়া যেত তুলনামূলকভাবে সহজে। গ্রাম থেকে সদ্য শহরে আসা কোনো নারী বা তরুণী ছোটখাটো কাজ নিয়ে শুরু করতেন জীবন। সে সময়টাতে তাদের কাজের বিনিময়ে থাকা-খাওয়া, কাপড়, এমনকি অনেক ক্ষেত্রে চিকিৎসা বা উৎসবে বোনাসের ব্যবস্থাও থাকতো। এক অর্থে তারা পরিবারেই এক সদস্য ছিলেন। কিন্তু সেই সময় এখন অতীত।\r\nআজকের শহুরে বাস্তবতায়, চাকরিজীবী দম্পতি- যাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিসে সময় কাটাতে হয়- তাদের জন্য ঘরের কাজ এক বিশাল চাপ হয়ে দাঁড়িয়েছে।

সকালে অফিসের আগে রান্না, শিশুকে স্কুলে পাঠানো, বাজার, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার- সবকিছু একসঙ্গে সামলানো প্রায় অসম্ভব। যদি কখনো কোনো সহায়ক পাওয়া যায়ও, তার স্থায়িত্ব থাকে না। কেউ থাকে দুই সপ্তাহ, কেউ এক মাস- তারপর আবার নতুন কাউকে খোঁজার যুদ্ধ শুরু।\r\nমধ্যবিত্তের এই হাহাকার শুধুই শারীরিক ক্লান্তি বা দৈনন্দিন বিশৃঙ্খলার নয়; এটি মানসিক চাপেরও উৎস। অফিস থেকে ফিরে কেউ যখন ক্লান্ত শরীর নিয়ে আবার রান্নাঘরে ঢোকেন, থালা-বাসন ধোন, কাপড় গুছান, তখন দিনের শেষে মানসিক অবসাদ বাড়ে। এই চাপ শুধু ব্যক্তির ওপর পড়ে না, পরিবারের সম্পর্কেও প্রভাব ফেলে। অনেকে বলেন, আগে পরিবারে একসঙ্গে বসে গল্প করা, টেলিভিশন দেখা, বা সন্তানদের সঙ্গে সময় কাটানোর অবকাশ ছিল।

এখন ঘরের ভেতরের কাজের ভারে সে আনন্দ প্রায় হারিয়ে গেছে।\r\nঅর্থনৈতিক দিক থেকেও পরিস্থিতি কঠিন। মুদ্রাস্ফীতি, বাজারের ঊর্ধ্বগতি, সন্তানের শিক্ষা খরচ- সব মিলিয়ে এক পরিবারের আয়ে সংসার চালানো দুঃসাধ্য। ফলে কাজের মানুষ রাখার অতিরিক্ত ব্যয় অনেকের পক্ষে বহন করা অসম্ভব। এমনকি দুজনই চাকরি করলেও, পুরো সময়ের একজন হেল্পার রাখার মতো সামর্থ্য থাকে না। অনেকে ছুটে বুয়া দিয়ে কোনোরকমে সামাল দেন- যিনি সকালে এসে দুয়েক ঘণ্টা কাজ করে চলে যান। কিন্তু এতে ঘরের কাজ পুরোপুরি হয় না; বরং অর্ধসমাপ্ত থাকে সারাদিন।\r\nঅন্যদিকে, উচ্চবিত্ত শ্রেণিতে এই সমস্যা তুলনামূলক কম। তারা বেশি পারিশ্রমিক, আলাদা থাকার জায়গা, এমনকি বোনাস বা ছুটি দিয়ে কাজের মানুষ ধরে রাখতে পারেন।

তাদের কাছে বুয়া বা ড্রাইভার শুধুই কর্মী নয়, প্রয়োজনীয় সার্ভিস স্টাফ। কিন্তু মধ্যবিত্তের জন্য এই সুবিধা বিলাসিতা। তাদের আয় সীমিত, ব্যয় অনন্ত। এই সংকটের পেছনে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের গভীর কারণ রয়েছে। প্রথমত, নারীর কর্মসংস্থান বেড়েছে। গার্মেন্টস শিল্প, বেসরকারি অফিস, দোকানপাট, পার্লার, রেস্টুরেন্ট- প্রতিটি খাতে নারী শ্রমিকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এক সময় যারা ঘরের কাজ করতেন, এখন তারা নিজেরাই একটি নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট মজুরিতে কাজ করতে চান, যেখানে বাসায় থেকে ২৪ ঘণ্টা পরাধীন থাকতে হয় না। এটা শুধু অর্থনৈতিক নয়, স্বাধীনতারও প্রশ্ন। দ্বিতীয়ত, শহুরে জীবনের কাঠামোও এখন আর ঐতিহ্যগত নয়। একক পরিবারে, দুই রুমের ফ্ল্যাটে, কাজের মানুষের জন্য আলাদা ঘর রাখার সুযোগ নেই।

নিরাপত্তা ও গোপনীয়তার কারণে অনেক পরিবারও পুরো সময়ের হেল্পার রাখতে আগ্রহী নয়। অন্যদিকে, অনেক সহায়কও এখন এমন পরিবেশে থাকতে চান না, যেখানে বিশ্রাম, সম্মান বা স্বাধীনতার সুযোগ সীমিত।\r\nবাসার কাজের মানুষদের সঙ্গে আচরণের বিষয়টিও এখন আলোচনায় এসেছে। অনেকে অভিযোগ করেন, অনেক পরিবারের মধ্যে এখনো কর্মচারীদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়। দীর্ঘ সময় কাজ, বেতন বকেয়া, বিশ্রামের অভাব, কিংবা তুচ্ছ কারণে চাকরি থেকে বের করে দেওয়া- এসব অভিজ্ঞতা তাদের মনোবল ভেঙে দেয়। ফলে অনেকেই অন্য খাতে চলে যাচ্ছেন, যেখানে কাজের পরিবেশ তুলনামূলক ভালো। এই সামাজিক রূপান্তরকে শুধু বুয়া পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ করে থামলে হবে না।

এটি শ্রমবাজার, নারীর স্বাধীনতা, প্রযুক্তি ব্যবহার এবং পরিবার কাঠামোর পরিবর্তনের এক সম্মিলিত প্রতিচ্ছবি। কাজের মানুষদের শ্রমের মর্যাদা বাড়ছে, কিন্তু তার সমান্তরালে মধ্যবিত্ত পরিবার নতুন এক বাস্তবতার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না।\r\nবাংলাদেশে ঘরের কাজ এখনো প্রযুক্তিনির্ভর নয়। অনেকের ঘরে ফ্রিজ, ওয়াশিং মেশিন, রাইস কুকার থাকলেও, সেগুলো ব্যবহারের অভ্যাস বা দক্ষতা সেভাবে তৈরি হয়নি। বিদেশে যেখানে একটি রোবট ভ্যাকুয়াম বা ডিশওয়াশার দিয়ে ঘর পরিষ্কার বা বাসন ধোয়া হয়, সেখানে বাংলাদেশে এখনো অনেক কিছু হাতে করতে হয়। ফলে ঘরের কাজের সময় ও শ্রম কমানো সম্ভব হয় না।\r\nএই সংকটের সামাজিক দিকও কম গুরুত্বপূর্ণ নয়। একসময় কাজের মানুষরা পরিবারের অংশ হতেন।

তারা শিশুদের বড় করতেন, পরিবারের উৎসবে অংশ নিতেন, এমনকি কঠিন সময়ে পাশে থাকতেন। আজ সেই মানবিক বন্ধন হারিয়ে গেছে। শ্রমের বিনিময়ে পারিশ্রমিক- এই যান্ত্রিক সম্পর্কেই সীমাবদ্ধ হয়ে গেছে সবকিছু। সম্পর্কের উষ্ণতা হারিয়ে যাওয়ায় এক ধরনের পারস্পরিক অবিশ্বাস তৈরি হয়েছে, যা উভয় পক্ষকেই দূরে ঠেলে দিয়েছে।\r\nতবে সমস্যার সমাধান শুধু আবেগ দিয়ে হবে না; প্রয়োজন বাস্তব পদক্ষেপের। প্রথমত, ঘরের কাজকে অদক্ষ শ্রম হিসেবে না দেখে গৃহস্থালি পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া দরকার। কাজের মানুষদের জন্য প্রশিক্ষণ, নিয়মিত বেতন, ছুটি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এতে একদিকে কর্মসংস্থান বাড়বে, অন্যদিকে কাজের মানও উন্নত হবে। দ্বিতীয়ত, মধ্যবিত্ত পরিবারগুলোকেও নিজেদের জীবনধারা কিছুটা বদলাতে হবে।

ঘরের কাজের চাপ কমাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো দরকার। অনলাইন বাজার, আধুনিক রান্নার সরঞ্জাম, ওয়াশিং মেশিন, ড্রাই ক্লিনিং সার্ভিস- এসব ব্যবহার করলে দৈনন্দিন শ্রম অনেক কমে আসে। পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে কাজ ভাগ করে নেওয়ার সংস্কৃতিও তৈরি করতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই স্বনির্ভরতার শিক্ষা দেওয়া, রান্না বা ঘরের ছোট কাজ শেখানো জরুরি।\r\nতৃতীয়ত, সরকার ও সিটি করপোরেশন পর্যায়ে ঘরোয়া সহায়ক কর্মীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র ও নিবন্ধন ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে নিরাপত্তা নিশ্চিত হবে, মধ্যবিত্ত পরিবারও বিশ্বাসযোগ্য কর্মী পাবে। একই সঙ্গে কাজের মানুষদের শ্রমিক হিসেবে স্বীকৃতি ও সুরক্ষা বৃদ্ধি পাবে।\r\nআজকের শহুরে মধ্যবিত্ত বুঝতে পারছে- এই হাহাকার শুধু এক দিনের সমস্যা নয়।

এটি শহুরে জীবনের পরিবর্তনের গভীর প্রতিচ্ছবি। ঘরের কাজের ভারে মানুষ যখন ক্লান্ত, তখন এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে, পারিবারিক সম্পর্কে, এমনকি সমাজের সামগ্রিক শান্তিতেও।\r\nএখন সময় এসেছে বাস্তব সমাধানের পথে এগোনোর। পরিবার, সমাজ ও রাষ্ট্র- তিন পক্ষকেই দায়িত্ব নিতে হবে। কাজের মানুষদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরি করতে হবে, আবার পরিবারগুলোকে শেখাতে হবে কীভাবে নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাওয়ানো যায়। কারণ এই সমস্যা কেবল ঘরের নয়- এটি জীবনযাত্রার, সংস্কৃতির এবং সময়ের পরিবর্তনের সংকেত। শহরের ফ্ল্যাটবন্দি জীবনে, অফিসের চাপ, সন্তানের শিক্ষা, আর অর্থনৈতিক টানাপোড়েনের মাঝে একজন রহিমার মা -এর অনুপস্থিতি যেন ক্রমে মধ্যবিত্ত জীবনের ক্লান্ত প্রতীকে পরিণত হয়েছে।\r\nযদি এখনই সমাধানের উদ্যোগ না নেওয়া যায়, তবে আগামী প্রজন্মের শহুরে জীবন আরও ব্যস্ত, আরও নিরস, আরও ক্লান্ত হয়ে পড়বে। কাজের মানুষ আর মধ্যবিত্ত- এই দুই শ্রেণির মধ্যে নতুন বোঝাপড়া, পারস্পরিক সম্মান এবং বাস্তব সহযোগিতাই পারে এই নিরব হাহাকার কিছুটা হলেও প্রশমিত করতে।\r\nলেখক : অধ্যাপক\r\nচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়