দেশের বিপুল সংখ্যক মানুষ প্রতিনিয়ত বিদেশ যাচ্ছে। কেউ কাজ করতে, কেউ পড়াশোনা করতে বিদেশ যাচ্ছে। বিদেশ যেতে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হয়। মজার বিষয় হলো, এই আধুনিক যুগে একজন বিদেশগামী মানুষের ভিসা লাগাতে যে সময় লাগে তার চেয়ে কয়েকগুণ বেশি সময় লাগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে। প্রথমে পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র সরকারি গেজেটেড প্রথম শ্রেণির চাকরিজীবী দ্বারা সত্যায়িত করতে হয়, সত্যায়িত না করলে আবেদন বাতিল করে দেওয়া হয়। ওয়ার্ড কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যান থেকে নাগরিক সনদপত্র সংগ্রহ করতে হয়। তারপর অনলাইনে আবেদন করতে হয়। আবেদন করার সপ্তাহখানেকের ভিতর উপজেলা থেকে ফোন দেয় ডকুমেন্ট নিয়ে উপজেলায় দেখা করার জন্য। সবকিছু ঠিক থাকলে আরও সপ্তাহখানেক পর সার্টিফিকেট তৈরি হয়েছে জানানো মর্মে মেসেজ আসার পর এসপি অফিস বা উপজেলা থেকে সংগ্রহ করতে হয়। সব মিলিয়ে ১৫-২০ দিন সময় লাগে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাতে পেতে। অথচ সত্যায়িত এবং ব্যক্তি সম্পর্কে যাচাই-বাছাই করার জন্য দেশের কোনো নাগরিককে থানায় যাওয়ার প্রয়োজনই নেই। কারণ, কারো নামে মামলা আছে কি না তা তো এখন পুলিশ স্টেশনগুলো তাদের নিজস্ব পোর্টালে ক্লিক করেই দেখতে পারে। তাছাড়া বর্তমানে ই-পাসপোর্ট হওয়ায় তদন্ত করাও তো সহজ। সুতরাং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেতে প্রচলিত হয়রানিমূলক ব্যবস্থা বাদ দিয়ে আধুনিক ব্যবস্থা চালু করা এখন সময়ের দাবি।

মুজতবা শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।