বাংলাদেশে দুর্নীতি নিয়ে কথা বললেই অনেকের চোখে আগে ভেসে ওঠে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশনস ইনডেক্স (CPI)। CPI ২০২৩-এ বাংলাদেশের অবস্থান খারাপ হয়েছে, আর উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসের পথে দুর্নীতি বড় বাধা। কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে বর্তমান বাস্তবতার সঙ্গে এই আলোচনা জুড়তে হলে একটি জরুরি প্রশ্ন তুলতে হয়: CP-এর স্কোর যতই খারাপ হোক, সাধারণ মানুষের কাছে দুর্নীতি মূলত ধরা দেয় দৈনন্দিন জীবনের অতিরিক্ত খরচ, বিভিন্ন সরকারি সেবা নিতে ঘুষ প্রদান, বিলম্ব আর অনিশ্চয়তা হিসেবে আর সেটাই আজকের সবচেয়ে কঠিন বাস্তবতা।\r\nকরাপশন পারসেপশনস ইনডেক্সে সমস্যা হলো ধারাবাহিক অবনতি। এই অবনতি যাতে কমে আসে এটাই হবে নতুন নির্বাচিত সরকারের প্রধান কাজ।
দুর্নীতি নিয়ে খবরের শিরোনাম হয় ১৮০ দেশের মধ্যে দশম। বাস্তবে করাপশন পারসেপশনস ইনডেক্স ( মূলত স্কোর-ভিত্তিক একটি ধারণাসূচক; শূন্য মানে বেশি দুর্নীতি, ১০০ মানে কম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিশ্লেষণ অনুযায়ী করাপশন পারসেপশনস ইনডেক্সে ২০২৩-এ বাংলাদেশের স্কোর ছিল ২৪। বিশ্বে ১০টি সর্বনিম্ন স্কোরধারী দেশের মধ্যে একটি। আর করাপশন পারসেপশনস ইনডেক্স ২০২৪-এ বাংলাদেশের স্কোর আরও কমে ২৩ হয়েছে। অর্থাৎ কততম নিয়ে বিতর্ক করেও লাভ নেই। বার্তাটা স্পষ্ট, ধারাবাহিকভাবে স্কোর খারাপ। \r\nসেবা খাতের ঘুষ অর্থনীতি, যেখানে দুর্নীতি সরাসরি সাধারণ নাগরিকের সঙ্গে ঘটে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট ও বিআরটিএ এই তিন খাতে ঘুষ বা দুর্নীতি বেশি। বর্তমান বাস্তবতাও এই কথাকে আরও কড়া ভাষায় সমর্থন করে।
টিআইবির ২০২৪ সালের জাতীয় গৃহস্থালি জরিপে বলা হয় ৭০ দশমিক ৯ শতাংশ পরিবার কোনো না কোনো সেবা নিতে গিয়ে ঘুষ দিতে হয়। যা খুবই দুঃখজনক। পাসপোর্ট ও বিআরটিএ সবচেয়ে দুর্নীতিপ্রবণ সেবাদাতা হিসেবে উঠে এসেছে। এখানেই দুর্নীতি ধারণা থেকে বাস্তব ক্ষতি হয়ে যায়। কারণ ঘুষ কেবল নৈতিক সমস্যা নয়, এটা এক ধরনের অপ্রকাশ্য কর: দরিদ্র মানুষকে সবচেয়ে বেশি চাপ দেয়, মধ্যবিত্তকে সবচেয়ে বেশি ক্ষয় করে, আর রাষ্ট্রকে সবচেয়ে বেশি অবিশ্বাস্য করে তোলে।\r\nঅর্থপাচার উন্নয়নের উল্টো স্রোত। দেশের কষ্টার্জিত অর্থ বিদেশে আরাম-আয়েশে ব্যয় করার জন্য এক শ্রেণির অসাধু ব্যক্তি ক্রমাগত অর্থ পাচার করছে। এ দৃশ্য অত্যন্ত উদ্বেগজনক।
দুঃখজনকভাবে, বাংলাদেশ থেকে অর্থ পাচার বন্ধ তো হচ্ছেই না; বরং সময়ের সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে আসছে। আমরা প্রত্যাশা করেছিলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অর্থ পাচার রোধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু বাস্তব চিত্র আমাদের সেই আশা পূরণ করেনি। বরং অনেক ক্ষেত্রে হতাশাই বেড়েছে।\r\nসংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ। একই প্রতিবেদনে বলা হয়,২০২৩ সালে এ অঙ্ক ছিল ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের জমাকৃত অর্থ ৫৭ কোটি ১৮ লাখ সুইস ফ্রাঁ বেড়েছে।
এ ধরনের প্রবণতা কেবল দুঃখজনকই নয়; এটি দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও সামগ্রিক অর্থনীতির জন্যও বড় হুমকি। অর্থ পাচারকে দুর্নীতির কেন্দ্রীয় উপসর্গ হিসেবে দেখা হয়। স্বাধীনতার পর থেকে ৫০ বছরে প্রায় ১২ লাখ কোটি টাকা পাচার, বাণিজ্যের মাধ্যমে প্রতি বছর গড়ে ৭৫৩.৩৭ কোটি ডলার পাচার এমন নানা হিসাব রয়েছে। এসব সংখ্যা নিয়ে গবেষকভেদে তফাত থাকতেই পারে, কিন্তু দিকনির্দেশ একটাই, দেশে বিনিয়োগ হওয়া উচিত এমন পুঁজি বাইরে চলে যাচ্ছে।\r\nআর সাম্প্রতিক বছরগুলোতে অ্যাসেট রিকভারি বা পাচার হওয়া সম্পদ উদ্ধার, রাষ্ট্রীয় অগ্রাধিকারে এসেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কতটুকু কার্যকর হলো, তা জাতি জানার অধিকার রাখে।
একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমেও আগের শাসনামলে বড় অঙ্কের অর্থ পাচারের অভিযোগ এবং তা উদ্ধারে উদ্যোগের কথা উঠে এসেছে। এখানে সবচেয়ে জরুরি বিষয় হলো-উদ্ধার প্রক্রিয়া যদি নির্বাচনী রাজনীতির হাতিয়ার হয়, তবে বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে; আর যদি প্রাতিষ্ঠানিক ন্যায্যতার ভিত্তিতে চলে, তবে সেটাই হবে দুর্নীতি কমানোর সবচেয়ে বড় বার্তা।\r\n২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ আবার বড় একটি রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি ২০২৬ নির্ধারিত এবং দেশ চলেছে অন্তর্বর্তী নেতৃত্বের অধীনে। এমন সময় দুর্নীতি প্রশ্নটি শুধু প্রশাসনিক নয়, রাষ্ট্রের নতুন সামাজিক চুক্তি তৈরির প্রশ্ন।
কারণ উন্নয়ন প্রকল্প, ব্যাংকিং, ভূমি, পুলিশিং সবখানে যদি রাঘববোয়াল ধরলে ব্যবস্থা কেঁপে উঠবে ধরনের ভয় কাজ করে, তবে জিরো টলারেন্স স্লোগান কাগজেই থেকে যায়। তাহলে দুর্নীতি কমবে না। \r\nবাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি দমন এখন আর শুধু নৈতিক স্লোগান নয়, এটা নির্বাচনী বৈধতা, রাষ্ট্র সংস্কার এবং অর্থনীতি টিকিয়ে রাখার প্রশ্ন। তাই সাম্প্রতিক নির্বাচনী ইশতেহার ও বক্তব্যে প্রায় সব বড় দলই দুর্নীতির বিরুদ্ধে কড়া প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু প্রতিশ্রুতির ভাষা ও বাস্তবায়নের রোডম্যাপ এক জিনিস নয়। \r\nবিএনপি তাদের ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং বিচার বিভাগ ও দুদকের স্বাধীনতা জোরদার করার কথা বলেছে।
বিএনপির চেয়ারম্যান দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স দেখাবে বলে নানা জনসভায় যে বক্তব্য দিয়েছেন তাতেও মনে হচ্ছে। একই সঙ্গে দলটি বলছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি, আইনের শাসন, প্রশাসনিক সংস্কার এসবকে তারা শাসনব্যবস্থার কেন্দ্রীয় অগ্রাধিকার করবে। এ ধরনের প্রতিশ্রুতির রাজনৈতিক তাৎপর্য বড়: দুর্নীতিকে তারা ব্যক্তিগত অপরাধ হিসেবে দেখবে এবং সিস্টেম-ডিজাইন সমস্যা হিসেবে দেখাতে চাইছে, যেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, নিয়োগ-বদলিতে দলীয় হস্তক্ষেপ বন্ধ করবে বলে মনে হচ্ছে। বিচারহীনতা কমিয়ে নিয়ে আসবে সব মিলেই দুর্নীতিকে বিএনপি ব্যাপক গুরুত্ব দিচ্ছে যাতে আর কেউ দুর্নীতি না করতে পারে।
\r\nজামায়াতের আমিরের সাম্প্রতিক নির্বাচনী বক্তব্যে দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি এসেছে সবচেয়ে সরাসরি ভাষায়, আমরা দুর্নীতি করব না এবং কাউকে করতেও দেব না, ব্যাংক লুট বন্ধ এবং পাচার হওয়া টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার কথা বলেছেন। এখানে প্রতিশ্রুতির ফোকাস দুটি জায়গায় (১) আর্থিক খাতের লুট-রাজনীতি ঠেকানো, (২) অর্থ পাচার ও অবৈধ সম্পদ পুনরুদ্ধার। এ ধরনের প্রতিশ্রুতি জনপ্রিয় হয় কারণ মানুষ দুর্নীতির সবচেয়ে বড় ক্ষতি দেখে ব্যাংক, প্রকল্প ও বড় লেনদেনে, যেখানে টাকা হারায় রাষ্ট্র, আর চাপ পড়ে সাধারণ নাগরিকের ওপর। \r\nতাহলে করণীয় কী স্লোগান নয়, সিস্টেম বদল করুন। তাই আমরা সাধারণ জনগণ প্রত্যাশা করি যাতে নির্বাচনের পর যেন দলগুলো তাঁদের প্রতিশ্রুতি বজায় রাখে।
সার্বিক অর্থে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ কঠোর প্রয়োগ, হুণ্ডি বন্ধ, ওভার ইনভয়েসিং এবং বাণিজ্য কারসাজি মনিটরিং বাড়াতে হবে। \r\nসেবা খাতে যেমন- পাসপোর্ট/বিআরটিএ/থানা যেখানেই মানব-ইচ্ছাধীন সিদ্ধান্ত বেশি, সেখানেই ঘুষ বাড়ে। ডিজিটাল ট্র্যাকিং, নির্দিষ্ট সময়সীমা, ক্যাশলেস পেমেন্ট, অভিযোগ নিষ্পত্তির বাধ্যতামূলক মেট্রিক এসবকে আইন বা বিধিমালায় বাধ্যতামূলক করতে হবে। দুদক/নিয়ন্ত্রক প্রতিষ্ঠানকে বাস্তব ক্ষমতা ও বিশ্বাসযোগ্যতা করে তুলতে হলে দুদককে আরও শক্তিশালী করতে হবে। এছাড়াও পাবলিক প্রকিউরমেন্ট ও বড় প্রকল্পে ওপেন কন্ট্র্যাক্টিং সংস্কৃতি গড়ে তুলতে হবে। বড় প্রকল্পের চুক্তি, সাব-কন্ট্রাক্ট, উপকারভোগী মালিকানা সব প্রকাশ্য হলে কিকব্যাক স্পেস ছোট হয়। নাগরিক ও মিডিয়া নজরদারিও তখন তথ্যভিত্তিক হয়।\r\nদুর্নীতি নিয়ে আমরা অনেক দিন নৈতিক উপদেশ দিয়েছি, জিরো টলারেন্স বলেছি, আবার খারাপ র্যাঙ্কিং দেখে হতাশও হয়েছি। কিন্তু আজকের বাস্তবতা বলে দুর্নীতি কমাতে হলে মানুষের দৈনন্দিন সেবায় ঘুষের সুযোগ বন্ধ, পাচারের পথ সংকুচিত এবং প্রভাবশালীর ক্ষেত্রেও শাস্তির নিশ্চয়তা এই তিনটি জায়গায় একসঙ্গে আঘাত করতে হবে। নইলে দুর্নীতির স্কোর বদলাবে না, আর নাগরিকের জীবন থেকে দুর্নীতির অতিরিক্ত খরচও যাবে না, যে খরচটা সবচেয়ে বেশি দেয় সেই মানুষটি, যার দেওয়ার ক্ষমতা সবচেয়ে কম।\r\nলেখক : সহযোগী অধ্যাপক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
