প্রাবন্ধিক ও গবেষক এবং সরকারি কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত ড. কুদরত-ই-হুদা বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বিশেষজ্ঞ পদে কর্মরত আছেন। স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে। একই বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। প্রকাশিত গ্রন্থ: শওকত ওসমান ও সত্যেন সেনের উপন্যাস: আঙ্গিক বিচার; জসীমউদ্দীন; জাতীয়তাবাদী চিন্তার বিকাশ: বাংলাদেশের ষাটের দশকের কবিতা; জসীমউদ্দীন: আধুনিকতা ছাড়িয়ে। বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত বাঙালির চিন্তা ২১১ খণ্ড সিরিজের বাঙালির সমাজচিন্তা ১১ খণ্ড ও বাঙালির শিক্ষাচিন্তা ১০ খণ্ডের অন্যতম সম্পাদক। সাংস্কৃতিক রাজনীতি, ইতিহাস অনুসন্ধান, উত্তর-উপনিবেশবাদ আগ্রহ ও চর্চার এলাকা। গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন ‘মহাকবি মধুসূদন পদক-২০২৩’। তাঁর জন্ম ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের সহসম্পাদক ইফতেখারুল ইসলাম ।
সমকাল: বাংলা ভাষা কতটা বাংলাভাষীদের হয়ে উঠেছে? কিংবা বাংলা ভাষা কতটা আমাদের হয়ে উঠেছে?
কুদরত-ই-হুদা: আপনার এই প্রশ্ন কেউ সাধারণভাবে শুনলে একটু অবাক হতে পারেন। বলতে পারেন, বাংলা ভাষা কতটা বাংলাভাষীদের বা আমাদের হয়ে উঠতে পেরেছে–এটা আবার কেমন প্রশ্ন! বাংলা ভাষা তো পুরোটাই বাংলা ভাষীদের/আমাদের। এর আবার মাপামাপির কী আছে! কিন্তু আপনার প্রশ্নটা অতটা সরল না। এর মধ্যে একটা ঘোরতর সন্দেহ দানা বেঁধে আছে। বাংলাদেশে বাংলা ভাষার যে-অবস্থা, তাতে আপনার প্রশ্নের মধ্যকার সন্দেহ অমূলক না। বাস্তব পরিস্থিতিই তো যে কোনো প্রশ্নের প্রসূতি। এদিক থেকে দেখলে আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে। তবু বলি। বাংলাদেশে বাংলাভাষী মানুষদের মধ্যে একশ রকম ফ্যাঁকড়া আছে। পাহাড়ি-সমতলি, উচ্চবিত্ত-মধ্যবিত্ত-নিম্নবিত্ত, বিত্তহীন-গরিব-কাঙাল–আপাতত এই কয়টা ফ্যাঁকড়ার কথা ভাবেন। আপনি সহজেই বুঝবেন বাংলা ভাষা কার কতটা হয়ে উঠেছে। এক কথায় যদি বলতে বলেন তো বলব, বাংলা ভাষা অবশ্যই এদের সবার হয়ে ওঠেনি। আমি যতটুকু বুঝি, তাতে এই ভাষাটা বেশ জুতমতো সাধারণ ও গরিব মানুষদের পুরোপুরিভাবে হয়ে উঠতে পেরেছে। অন্যদের, মানে বড়লোকদের, কোট-টাই পরা ‘হাজার-দুহাজারওয়ালাদের’ একটু কমই হয়ে উঠতে পেরেছে। এটা নতুন কোনো প্রবণতা না। তবে বর্তমানে এই পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে বেশ প্রকট আকার ধারণ করেছে।
সমকাল: বহু তাত্ত্বিকের মতে, শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এটি কতটা বাস্তব?
কুদরত-ই-হুদা: আসলে ‘বহু তাত্ত্বিক’ নয়; পৃথিবীর তাবৎ তাত্ত্বিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদের মত ওটাই যে, শিক্ষার মাধ্যম হবে অবশ্যই মাতৃভাষা। উন্নত বিশ্বের যে কোনো দেশের দিকে তাকালে ব্যাপারটা বুঝতে পারবেন। ওই মাতৃভাষায় শিক্ষাবিষয়ক তত্ত্ব বাংলাদেশের ক্ষেত্রে পুরোপুরি খাটেনি। ঢাকা শিক্ষার মাধ্যমের প্রশ্নে প্রবলভাবে আন্তর্জাতিকতা নামক শ্লেষ্মা রোগে আক্রান্ত। খালি চোখে দেখলে মনে হয়, আমাদের দেশেও তো মাতৃভাষায় শিক্ষা দেওয়া হয়। কথা সত্য। বাংলাদেশে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা বাংলাতেই চলে। এটিই তো শিক্ষার শেষ না। যে স্তরকে বলা হয় জ্ঞান উৎপাদনী স্তর, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার প্রায় ষোলো আনা কিন্তু ইংরেজিতেই চলে। আর গবেষণার কথা বাদ দেওয়াই ভালো। কারণ, ওটা প্রায় শতভাগ ইংরেজিতেই হয়ে থাকে। এখানকার গবেষণাপত্রগুলো দেখলে আপনার মনে হবে যে এগুলো বিদেশিদের জন্য লেখা হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের শিক্ষার মাধ্যমের পরিস্থিতিকে বলা যায় একটা খচ্চর পরিস্থিতি; না ঘোড়া না গাধা। তবে ঘোড়া মানে যদি ইংরেজি হয় সেদিকেই বাংলাদেশের শিক্ষার মাধ্যমের মাথাটা একটু বেশি ঝোঁকানো। এ তো গেল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিচালিত শিক্ষায় মাতৃভাষা ব্যবহারের হাল-হকিকত। রাষ্ট্রীয় বা সরকারি শিক্ষা ব্যবস্থার বাইরে বাংলাদেশে একটি বড় অংশের মানুষ পড়ে ইংরেজি মাধ্যমে। এই মাধ্যমে সাধারণত ধনীর সন্তানসন্ততিরা পড়ে। যারা ইংরেজি মাধ্যম কিনতে পারে না, তাদের বড় একটা অংশ যায় ইংরেজি ভার্সনে। আর হারাধনের শেষ ছেলেটি অগত্যা নিরুপায় হয়ে বাংলা মাধ্যমে পড়ে। এই তো বাংলাদেশে শিক্ষাব্যবস্থায় মাতৃভাষার অবস্থা ও অবস্থান!
সমকাল: ভা ষার চর্চার ক্ষেত্রে সামাজিক মাধ্যম ও প্রযুক্তি কী ধরনের প্রভাব ফেলেছে?
কুদরত-ই-হুদা: ভাষার চর্চার ক্ষেত্রে সামাজিক মাধ্যম ও প্রযুক্তির একটা বড় প্রভাব থাকারই কথা। কারণ, যত দিন যাচ্ছে ততই মানুষের জীবন ওই দুটোর সঙ্গে অনিবার্যভাবে জড়িয়ে যাচ্ছে। আপনি চাইলেই এগুলোকে এড়াতে পারেন না; পারছেন না। ফলে আমি মনে করি ভাষার চর্চার ক্ষেত্রে সামাজিক মাধ্যম ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। যদিও এই দুই মাধ্যমে বাংলার ব্যবহার সীমিত।
সমকাল : বিজ্ঞান ও আইনের ভাষা হিসেবে বাংলা ভাষা কতটা গ্রহণযোগ্য?
কুদরত-ই-হুদা : আপনার এই প্রশ্নের মধ্যে একটি ধরতাই ব্যাপার আছে। ব্যাপারটি হচ্ছে এই যে, বিজ্ঞান ও আইনের ভাষা হিসেবে বাংলার গ্রহণযোগ্যতা কম। বিজ্ঞান ও আইনের ভাষা হিসেবে বাংলা গ্রহণযোগ্য বা যথোপযুক্ত নয়–কথাটি বহু পুরোনো। এমনিতে আমাদের দেশে বিজ্ঞানচর্চা কম হয়। যা হয় তার প্রায় পুরোটা বরাবরই ইংরেজি ভাষায় চর্চিত হয়েছে এবং এখনও হচ্ছে। আইনের ভাষা হিসেবে একসময় ফারসির চল ছিল। কিন্তু ফারসিকে হটিয়ে একসময় এ অঞ্চলে এই শাখাকেও দখল করে নেয় ইংরেজি। অবশ্য নিম্ন আদালতে বাংলার চল বেশ পুরোনো। কিন্তু উচ্চ আদালত পুরোটাই ইংরেজির দখলে। কোর্ট-কাচারি যার দখলেই থাক, আইনের বই পুরোটাই ইংরেজির দখলে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগগুলো তো বটেই। ব্রিটিশ আমলে এই দুই শাখায় মানে বিজ্ঞান ও আইনে ইংরেজির দাপট থাকাটা অস্বাভাবিক কিছু না। বাংলা আমলে, বিশেষ করে বাংলাদেশ আমলেও ওই একই চল কিছুতেই গৌরবের ব্যাপার না। শুধু বিজ্ঞান ও আইন না, অন্য নানা ব্যাপারেও বাংলা ভাষাকে অনুপযোগী ভাবা হয়। এই ব্যাপারটা আসলে ক্রমে ঘটেছে।
সমকাল: আপনি বলতে চাচ্ছেন বাংলা পরাধীন আমলের মতো স্বাধীন দেশেও ব্রাত্য থাকছে?
কুদরত-ই-হুদা: ব্রিটিশ আমলে বাংলা ভাষা ইংরেজির চাপের মধ্যে ছিল। পাকিস্তান আমলে ছিল উর্দুর চাপে। বাংলাদেশ আমলে বাংলাকে কেউ চাপে রাখেনি। কিন্তু লক্ষ্য করলে দেখবেন, আগের ওই দুই আমলেই বাংলার চর্চা হয়েছে সবচেয়ে বেশি। আমি শুধু সাহিত্যিক চর্চার কথা বলছি না। নানা ডিসিপ্লিনে বাংলা ভাষার ব্যবহার ও উৎকর্ষ বাংলাদেশ পর্বের চেয়ে ওই দুই আমলে বেশি ও গভীরভাবে হয়েছে। কথাটা আমি বিজ্ঞান ও আইনে বাংলার ব্যবহারের ব্যাপারটি মাথায় রেখেই বলছি। আসলে আমরা বাংলাদেশ পর্বে বাংলা ভাষাকে একটা কাগুজে বাঘে পরিণত করে রেখেছি। এর বহুবিচিত্র নির্বিকল্প ব্যবহারের ব্যাপারে কখনোই সিদ্ধান্ত নিইনি। জাতীয় চৈতন্য আবিষ্কার ও প্রকাশের বাহন হিসেবে বাংলা ভাষার সর্বস্তরিক ব্যবহার নিশ্চিত করার কার্যকর উদ্যোগ গ্রহণ করিনি।
সমকাল: ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইন তো এখনও জারি আছে।
কুদরত-ই-হুদা: আছে। আরও হয়তো বলবেন, প্রতিবছর বেশ ঘটা করে একুশে ফেব্রুয়ারি পালিত হয়। বাংলা ভাষাকে নিয়ে কত কত অহংকারী কবিতা-গল্প রচিত হয়, এটিও সত্য। কিন্তু এগুলো আসলে লালনের ওই গানের মতো, ‘গাছ কেটে জল ঢালো পাতায়, এ চাতুরি শিখলে কোথায়!’ এগুলো আসলেই জাতীয়তাবাদী জিকিরের ফেনা। রাষ্ট্রের সদিচ্ছা থাকলে বিচিত্র পরিসরে, এমনকি বিজ্ঞান ও আইনেও, বাংলা ব্যবহারের কার্যকর উদ্যোগ নিত। কিন্তু তা হয়নি।
সমকাল: বিজ্ঞান ও আইনে বাংলা ভাষা ব্যবহারের গুরুত্ব সম্পর্কে একটু বলবেন?
কুদরত-ই-হু দা: ভাষাকে আপনি যত বহুবিচিত্র স্তরে ব্যবহার করবেন ততই ভাষা বলশালী হয়; প্রকাশক্ষম হয়। যত বিচিত্র অভিজ্ঞতা মোকাবিলা করা থেকে ভাষাকে সরিয়ে রাখবেন, ভাষা ততই দুর্বল হতে থাকবে। শুধু সাহিত্য রচনা করে ভাষাকে কাঙ্ক্ষিত মাত্রায় শক্তিশালী করা যায় না। বাংলাদেশে বাংলার ওই বহুবিচিত্র ব্যবহার নাই বলে ভাষাটি পরিকল্পিতভাবে হীনবল হচ্ছে। এবং এই প্রশ্ন বৈধতা পাচ্ছে যে ‘বিজ্ঞান বা আইনের ভাষা হিসেবে বাংলা কতটা গ্রহণযোগ্য?’ বাংলায় বিজ্ঞান ও আইন চর্চা করেছেন এমন ব্যক্তিদের উদাহরণ আছে। কিন্তু ব্যক্তির সেসব চর্চার উদাহরণ দিতে চাই না। কারণ এসব চর্চার মাত্রাটা ব্যক্তির ওপর নির্ভর করে না। এটি একান্তই রাষ্ট্রের চাওয়া না-চাওয়ার মামলা; পরিকল্পনা ও আকাঙ্ক্ষার মামলা।
সমকাল: উচ্চশিক্ষায় বাংলা ভাষা ব্যবহারে কী ধরনের বাধা রয়েছে বলে মনে করেন?
কুদরত-ই-হুদা: আগের এক প্রশ্নের জবাবে আপনাকে বলেছি যে, উচ্চশিক্ষায় প্রকৃতপক্ষে বাংলা নেই। নেই কেন, বাধা কী–এমন প্রশ্ন করলে আমি বলব এর কারণ ও বাধা একটি না, অনেক। ঢাকা অভাবনীয় মাত্রায় মনস্তাত্ত্বিকভাবে উপনিবেশিত একটি এলাকা। এখানে ইংরেজিকে যে পরিমাণ অনিবার্য ভাবা হয়, একসময়ের উপনিবেশের মৌতাত খোদ কলকাতায় তা হয় কিনা আমার সন্দেহ আছে। ঢাকাকে আমার অনেক সময় উপনিবেশের বিষ্ঠা মনে হয়। এখানে বিশেষত শিক্ষিত শ্রেণির মধ্যে এই ধারণা বদ্ধমূল, যা কিছু বাইরের তা কিছু মহৎ ও মহান। উচ্চশিক্ষার ব্যাপারটি এখানে নিয়ন্ত্রিত হয় আপাদমস্তক উপনিবেশিত মন-মনস্তত্ত্ব এবং ওই শিক্ষায় শিক্ষিত শ্রেণির দ্বারা।
সমকাল : একটি স্বাধীন রাষ্ট্রে এতটা উপনিবেশিত মন-মনস্তত্ত্ব থাকে কী করে?
কুদরত-ই-হুদা: রাষ্ট্র কখনোই এখানে দরদ দিয়ে কাজের ভেতর দিয়ে তার জাতীয় চৈতন্যের আবিষ্কার করতে চায়নি। এ কারণে যে স্তরে জ্ঞান উৎপাদিত হয়, সেই স্তরে শুধু নয়, কোনো স্তরেই শিক্ষার মাধ্যম হিসেবে সর্বাত্মকভাবে বাংলার প্রচলন করতে পারেনি। বাংলাদেশ একটি আন্তর্জাতিক চৈতন্যে আচ্ছন্ন দেশ। এখানে জাতীয় চৈতন্য আপনি খুঁজে পাবেন না। ফলে উচ্চশিক্ষায় কেন, কোথাও আপনি কার্যকরভাবে বাংলাকে পাবেন না।
সমকাল: বাংলায় উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট পরিভাষা ও বই না থাকাকেও দায়ী করা হয়।
কুদরত-ই-হুদা: এ প্রসঙ্গে আমি বলব, বাংলা বই আপনি পাবেন কীভাবে? আপনি শুরুই করেছেন ইংরেজি দিয়ে। ইংরেজি বিদ্যের লোক দিয়ে বাংলা বই লেখাবেন, অনুবাদ করাবেন–তা হতেই পারে না। সলিমুল্লাহ খান যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুই লাইন শুদ্ধ করে বাংলা লিখতে পারেন না–কথাটা পুরোপুরি সত্য না হলেও খুব বেশি মিথ্যা হওয়ার সুযোগ নেই। ‘ইংরেজের’ কলম দিয়ে বাংলা আসবে কী করে বলেন! আপনি যদি আজকে উচ্চশিক্ষায় বাংলা প্রচলনের কথা বলেন তো প্রথমেই আপনাকে হামলা করবেন ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। কারণ, ইংরেজিতে পড়তে পড়তে এখন আর তাদের বাংলাটা আসে না। ফলে বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে পড়া শিক্ষকরাও উচ্চশিক্ষায় বাংলা প্রচলনের একটি বড় বাধা বলে মনে করি। উচ্চশিক্ষায় বাংলা চালুর ব্যাপারটি বহুমাত্রিক জটিলতার দুষ্টচক্রে বাধা পড়ে আছে।
সমকাল : রাষ্ট্র, ক্ষমতা ও বাংলা ভাষার ব্যবহার–এই ত্রিধারার সম্পর্ক কীভাবে দেখেন?
কুদরত-ই-হুদা: আপনি এই প্রশ্নে মোক্ষম জায়গাটা শনাক্ত করেছেন। আসলে বাংলা ভাষার ব্যবহারের ব্যাপারটা ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার বিষয় না। এটি একান্তভাবেই রাষ্ট্র ও ক্ষমতাকেন্দ্রের সঙ্গে যুক্ত। প্রথম দুটোর কার্যকর সদিচ্ছা ও আকাঙ্ক্ষার প্যারামিটারের ওঠানামার সঙ্গে সঙ্গে বাংলা ভাষার ব্যবহারের পারদও ওঠানামা করে এবং করছে। আমার আগের উত্তরগুলোর আলোকে নিশ্চয়ই ব্যাপারটা কিছুটা খোলাসা হয়েছে।
সমকাল: সাংস্কৃতিক পুঁজি হিসেবে বাংলা কতটা শক্তিশালী? কিংবা বাংলা ভাষায় কথা বলাটা স্ট্যাটাসের কোন স্তর চিহ্নিত করে?
কুদরত-ই-হুদা: আপনার প্রশ্নের দুই অংশ আসলে দুই রকম। ‘কিংবা’ শব্দটা দিয়ে জুড়ে দেওয়ার কারণে একই বলে মনে হচ্ছে। আসলে তা নয়। প্রথম অংশের উত্তরে বলব, সাংস্কৃতিক পুঁজি হিসেবে বাংলাদেশে বাংলাটা এখনও মোটামুটি শক্তিশালীই। কারণ, যাকে আমরা বাঙালি সংস্কৃতি বলি, এ দেশে তার ভোক্তা মূলত সাধারণ মানুষ। এই মানুষরাই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ। ফলে বাংলা ভাষার মাধ্যমে যারা সাংস্কৃতিক চর্চা করেন তাদের গ্রহণযোগ্যতা এখনও বেশ আছে। কিন্তু গণমানুষের কাছে গ্রহণযোগ্য বলে তা শক্তিশালী–বাংলাদেশে এই ভাবনার সুযোগ কম। এখানে শক্তিশালীর ধারণা প্রধানত রাষ্ট্রক্ষমতা ও এর আশপাশের বলয়ের সঙ্গে যুক্ত। ওই পরিসরে সাংস্কৃতিক পুঁজি হিসেবে বাংলার মূল্য অত্যন্ত কম। বাংলা ভাষায় বা সুন্দর বাংলা ভাষায় কথা বলা হয়তো ষাটের দশকে একটি স্ট্যাটাসের ব্যাপার ছিল। এখন ওই স্ট্যাটাসের অবনমন ঘটেছে। একসময় যেমন উর্দুতে কথা বলা একটি ‘হাই স্ট্যাটাসের’ ব্যাপার ছিল, এখন সেটি প্রায় একচ্ছত্রভাবে ইংরেজির দখলে চলে গেছে।
সমকাল : বাংলা ভাষা কতটা রাষ্ট্রীয় ভাষা হিসেবে গড়ে উঠতে পেরেছে?
কুদরত-ই-হুদা : বাংলা আগেও সাধারণ অশিক্ষিত নিরক্ষর মানুষের ভাষা ছিল। এখনও তাই-ই আছে। পাকিস্তানিরা উর্দুর বিপরীতে বাংলাকে হেয় জ্ঞান করত। এখন ইংরেজির বিপরীতে হেয় জ্ঞান করা হয়। বাংলা তার রাষ্ট্রীয় আভিজাত্য ও মর্যাদা অর্জনের সংগ্রামে এখনও লিপ্ত। এই আভিজাত্য ও মর্যাদার প্রশ্নে বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্যই এ দেশের মানুষ ১৯৫২ সালে প্রাণ দিয়েছিল। সেই ইতিহাস স্মরণ করে বাংলা ভাষা রাষ্ট্রের সর্বস্তরে ব্যবহৃত হোক, আরও সত্যিকার রাষ্ট্রভাষা হয়ে উঠুক, মর্যাদাবান হয়ে উঠুক–এ প্রত্যাশা করি। একুশে ফেব্রুয়ারির মতো একটি ইতিহাস আছে যে জাতির, সেই জাতির একজন সাধারণ মানুষ হিসেবে এই প্রত্যাশা বোধ করি খুব বড় কিছু না।
সমকাল: সময় দেওয়ার জন্য ধন্যবাদ
কুদরত-ই-হুদা: আপনাকে ও সমকালকেও ধন্যবাদ।
