জনস্বাস্থ্য ও পরিবেশনীতি বিশেষজ্ঞ সৈয়দ মাহবুবুল আলম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) প্রতিষ্ঠাতা। তিনি সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের তামাক ও নীতি প্রণয়ন কমিটিতে আইন বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। তিনি ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক হিসেবে কাজ করেছেন। সাক্ষাৎকার নিয়েছেন সমকালের জ্যেষ্ঠ সহসম্পাদক মাহফুজুর রহমান মানিক ।
সমকাল: সম্প্রতি একটা খবর বেরিয়েছে– চট্টগ্রামে নদী, পাহাড় শেষ হচ্ছে, মামলা মোটে ৫ শতাংশ। এটিই কি পরিবেশ আদালতের বাস্তবতা?
সৈয়দ মাহবুবুল আলম : পরিবেশ আদালতে পরিবেশসংক্রান্ত মামলা কম থাকায় অন্যান্য মামলার বিচারকাজও হয়। পরিবেশ অধিদপ্তর মামলার চেয়ে অর্থদণ্ডের দিকে বেশি প্রাধান্য দিয়ে আসছে। এ ছাড়া আইন প্রয়োগের ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতকে অগ্রাধিকার দিয়ে থাকে। পরিবেশ আদালতের আইনের সবচেয়ে বড় সমস্যা–এ আইনে আদালতে সাধারণ মানুষ বা সংগঠন সরাসরি মামলা করতে পারে না। আবার মামলা হলেও এগুলো বছরের পর বছর ঝুলে থাকে।
সমকাল : সাধারণ মানুষ বা পরিবেশবাদী সংগঠন সহজে মামলা করতে পারে না কেন?
সৈয়দ মাহবুবুল আলম : পরিবেশ আদালত আইনে বলা রয়েছে, পরিদর্শকের লিখিত রিপোর্ট ব্যতিরেকে কোনো পরিবেশ আদালত পরিবেশ আইনের অধীনে কোনো ক্ষতিপূরণের দাবি বিচারার্থে গ্রহণ করিবে না; যার কারণে পরিবেশ আদালতে সহজে মামলা করা যায় না। শুধু পরিবেশ আদালত আইন নয়, বাংলাদেশে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ আইনে কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তার লিখিত অভিযোগ ছাড়া মামলা না করতে পারার বিধান আছে। যেমন তামাক নিয়ন্ত্রণ আইন। ফলে এসব আইনের প্রয়োগও খুবই হতাশাজনক। অপরাধ সংঘটিত হলে নাগরিকদের কার্যত কিছুই করার থাকে না।
সমকাল : পরিবেশ আদালত বাংলাদেশে কোথায় কোথায় আছে, সেগুলো সেভাবে কার্যকর নয় কেন?
সৈয়দ মাহবুবুল আলম : বর্তমানে ঢাকা ও চট্টগ্রামে মাত্র দুটি পরিবেশ আদালত এবং ঢাকায় একটি পরিবেশ আপিল আদালত কার্যকর রয়েছে। ১৬ কোটি মানুষের জন্য এই সংখ্যা অত্যন্ত অপ্রতুল। বাস্তবে দেশের প্রতিটি জেলায় অন্তত একটি পরিবেশ আদালত থাকা প্রয়োজন ছিল। পরিবেশসংক্রান্ত আইনি কাঠামো ও অন্যান্য বিষয় দেশে তুলনামূলক নতুন হওয়ায় বিচারক, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন ছিল। একইভাবে পরিবেশ আদালত আইন বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি ছিল, যা কাঙ্ক্ষিতভাবে হয়নি।
সমকাল : আমাদের পরিবেশ আইনের সঙ্গে পরিবেশ আদালতের সম্পর্ক কতটা?
সৈয়দ মাহবুবুল আলম : পরিবেশ আইন এবং পরিবেশ আদালত এ দুটো একে অপরের পরিপূরক। পরিবেশ আদালতের অস্তিত্বই এসেছে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এবং পরিবেশ আদালত আইন ২০১০ থেকে। অর্থাৎ পরিবেশ আইন নির্ধারণ করে কোন কর্মকাণ্ড অপরাধ এবং পরিবেশ আদালত নির্ধারণ করেন সেই অপরাধের বিচার কীভাবে হবে। পরিবেশ আইন যতই শক্তিশালী হোক, যদি তার প্রয়োগের ব্যবস্থা না থাকে তবে আইন অকার্যকর। পরিবেশ আদালত সেই প্রয়োগের দায়িত্ব পালন করেন। আদালত আইনে যা যা ক্ষমতা দেওয়া হয়েছে, তার মধ্যে আইন অনুযায়ী দূষণকারীকে শাস্তি নির্ধারণ, প্রমাণ যাচাই, ল্যাব রিপোর্ট পরীক্ষা, নির্দেশনা ও আদেশ প্রদান, পরিবেশ ক্ষতি পূরণে ক্ষতিপূরণ আদায় ইত্যাদি উল্লেখযোগ্য। পরিবেশ আদালত পরিবেশ আইনকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের একটি কথা মনে রাখা জরুরি, আদালতের বিচার ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। আদালতের বিচারিক সিদ্ধান্ত সমাজের মাঝে এক ধরনের বার্তা দেয়, যা নাগরিকদের আইন পালনে দায়বদ্ধতা সৃষ্টি করে। পরিবেশ আদালতের রায়গুলো ভবিষ্যৎ পরিবেশ আইন ও নীতির জন্য নির্দেশনা হিসেবে কাজ করে।
সমকাল: পরিবেশ আদালতের বিচারকদের প্রশিক্ষণ ও দক্ষতা বিষয়ে আপনার মত কী?
সৈয়দ মাহবুবুল আলম : পরিবেশ দূষণ, ধ্বংস একটি চলমান প্রক্রিয়া। নিত্যনতুন গবেষণা হচ্ছে এ বিষয়ে। পরিবেশের নতুন নতুন সমস্যা ও সমাধানের প্রমাণ আসছে। সে কারণে এ বিষয়ে অবশ্যই আদালতের সঙ্গে সংশ্লিষ্ট প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানো জরুরি। জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে সবাই উপকৃত হবে।
সমকাল : পরিবেশ দূষণ বা প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহার রোধে পরিবেশসংক্রান্ত আইনের ভূমিকা কতটা কার্যকর?
সৈয়দ মাহবুবুল আলম: পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহারের কারণে পরিবেশ ধ্বংস হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের একার পক্ষে এই দূষণকারীদের প্রতিরোধ করা সম্ভব না। পরিবেশ দূষণ প্রতিরোধে নাগরিকদের সঙ্গে নিতে হবে। যত বেশি নাগরিক আইনের আশ্রয় নেবে পরিবেশ অধিদপ্তর তত শক্তিশালী হবে। কিন্তু আইন প্রয়োগ ব্যবস্থায় পরিবেশ অধিদপ্তরকে ভ্রাম্যমাণ আদালত নির্ভরতা থেকে বের হয়ে আসতে হবে; যাতে পরিবেশ আইন প্রয়োগ ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক রূপ পায়। তবে বিদ্যমান পরিবেশ আদালত আইনের সংশোধন না করা হলে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহার রোধ করা সম্ভব হবে না। সমকাল : পরিবেশ আদালত কার্যকর করতে পরিবেশ অধিদপ্তর কীভাবে ভূমিকা রাখতে পারে?
সৈয়দ মাহবুবুল আল ম: পরিবেশ আদালত কার্যকর করতে পরিবেশ অধিদপ্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অধিদপ্তর আইনগতভাবে পরিবেশ অপরাধের বিরুদ্ধে তদন্ত পরিচালনা, দূষণকারী প্রতিষ্ঠান, শিল্পকারখানা বা ব্যক্তির বিরুদ্ধে বৈজ্ঞানিক ও কারিগরি তথ্য-প্রমাণ সংগ্রহ করে আদালতে উপস্থাপন করা, নমুনা সংগ্রহ, ল্যাব পরীক্ষা, দূষণমাত্রা নির্ধারণ ইত্যাদি সঠিকভাবে নথিভুক্ত করতে পারে। এ ছাড়া তদন্ত শেষে আদালতে মামলা দায়ের বা প্রতিবেদন দাখিল করা পরিবেশ অধিদপ্তরের অন্যতম দায়িত্ব। পাশাপাশি পরিবেশ আদালতের নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরিদর্শন এবং শাস্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো নির্দেশনা পালন করছে কিনা–তা পর্যবেক্ষণ করে হালনাগাদ তথ্য দিয়ে আদালতকে সহযোগিতা করতে পারে।
সমকাল : আইনি সংস্কার বা প্রশাসনিক দিক থেকে পরিবেশ আদালত আরও কার্যকর করতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে?
সৈয়দ মাহবুবুল আলম : পরিবেশ আদালত আইন সংস্কার বর্তমান সময়ে জরুরি একটি বিষয়। এ আইনে নাগরিকদের সরাসরি মামলা করার অধিকার নিশ্চিত করতে হবে। পরিবেশ অধিদপ্তরকে অধিকতর ক্ষমতা দিতে হবে। পরিবেশ অধিদপ্তরকে দ্রুত তদন্ত, তল্লাশি, প্রমাণ জব্দ ও মামলা দায়েরের ক্ষেত্রে আরও স্বাধীনতা ও আইনি কর্তৃত্ব দেওয়া। জরিমানা ও কারাদণ্ডের পরিমাণ বাড়ানো, যাতে শাস্তি প্রতিরোধমূলক প্রভাব সৃষ্টি করে। একাধিক বিষয় একসঙ্গে মোকাবিলার জন্য বিশেষ বিধান সংযোজন। পরিবেশ আইনে দক্ষ বিশেষ প্রসিকিউটরের মাধ্যমে জটিল বা বড় মামলাগুলো পরিচালনার ব্যবস্থা করা। ব্যক্তি, প্রতিষ্ঠান বা পরিবেশবাদী সংগঠনের পক্ষে আদালতে মামলা দায়েরের সুযোগ ও প্রক্রিয়াকে আরও সহজ করা। প্রশাসনিক দিক থেকে উন্নয়নমূলক পদক্ষেপের অংশ হিসেবে আদালতের সংখ্যা বাড়ানো। অনেক জেলা থেকেই মামলা করতে ঢাকা বা চট্টগ্রামে যেতে হয়। এতে সময়, ভোগান্তি ও ব্যয় বাড়ে। বিভাগীয় বা জেলা পর্যায়ে আরও আদালত স্থাপন করলে বিচার প্রক্রিয়া দ্রুত হবে। পরিবেশ অধিদপ্তরের মাঠ পর্যায়ের অফিসে আধুনিক ল্যাব, যন্ত্রপাতি এবং প্রশিক্ষিত কর্মকর্তা বাড়ানো, যাতে বিজ্ঞানভিত্তিক প্রমাণ উপস্থাপন সহজ হয়। অনলাইনে অভিযোগ দাখিল, মামলা ট্র্যাকিং, রিপোর্ট জমা ইত্যাদি ডিজিটাল সিস্টেম উন্নয়ন করা, যাতে স্বচ্ছতা এবং দ্রুততা দুটোই বাড়বে। পুলিশ, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, শিল্প মন্ত্রণালয় মিলে সমন্বিত টাস্কফোর্স গঠন করা।
সমকাল: আইন-আদালতও কেন পরিবেশ দূষণ থামাতে পারছে না?
সৈয়দ মাহবুবুল আলম: বাংলাদেশে দুটি পরিবেশ আদালত এবং একটি আপিল আদালত আছে, যা বিশাল জনগোষ্ঠীর তুলনায় কম; বেশির ভাগই বিভাগীয় শহরে কেন্দ্রীভূত। ফলে দূরবর্তী অঞ্চলের পরিবেশ অপরাধগুলো দ্রুত বিচার পাওয়া কঠিন।
সমকাল : পরিবেশ দূষণ থামাতে পরিবেশ আদালতের পাশাপাশি আর কী উদ্যোগ নেওয়া যেতে পারে?
সৈয়দ মাহবুবুল আলম: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ আদালত গুরুত্বপূর্ণ। তবে আদালতের পাশাপাশি আরও কিছু বিষয় নিশ্চিত না করা হলে দূষণ পুরোপুরি রোধ করা সম্ভব নয়। পরিবেশ দূষণকারীরা পরিকল্পিত এবং সংঘবদ্ধভাবে পরিবেশ দূষণ, দখল করছে। তাই পরিবেশ অধিদপ্তরকে দায়িত্বশীল ও দক্ষ করতে হবে। পরিবেশ দূষণ নজরদারিতে নাগরিক ও সিভিল সোসাইটিকে আইনিভাবে সম্পৃক্ত করতে হবে। নিয়মিত পরিদর্শন, আকস্মিক পরীক্ষা, দূষণমাত্রা মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া অনলাইন মনিটরিং সিস্টেম চালু করতে হবে। শিল্পাঞ্চলে ইটিপি সঠিকভাবে চলছে কিনা, তা ডিজিটালভাবে পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। দূষণকারীর কাছ থেকে সরাসরি পরিবেশ পুনর্গঠন ব্যয় আদায় ব্যবস্থার পাশাপাশি পুনরাবৃত্তি ঘটলে জরিমানা বহুগুণ বাড়ানো, অনুমোদন স্থগিত বা কারখানা সিলগালা নিশ্চিত করতে হবে। পরিবেশ অধিদপ্তরকে আইন প্রয়োগ সংস্থা হিসেবে গড়ে তুলতে হবে। এ ছাড়া ইউনিয়ন, পৌরসভা, সিটি করপোরেশনকে স্থানীয় দূষণ নিয়ন্ত্রণে স্পষ্ট দায়িত্ব দেওয়া যেতে পারে।
সমকাল : সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
সৈয়দ মাহবুবুল আলম : আপনাকেও ধন্যবাদ। সমকালের জন্য শুভকামনা
