আজ ২৭ সেপ্টেম্বর, বিশ্ব পর্যটন দিবস। প্রতি বছর এ দিনটি আমাদের মনে করিয়ে দেয়— পর্যটন কেবল অবকাশযাপন, বিনোদন কিংবা ভ্রমণের বিষয় নয়; এটি কর্মসংস্থান, স্থানীয় অর্থনীতিকে সচল করা, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি, বৈদেশিক মুদ্রা অর্জন, সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং আঞ্চলিক বৈষম্য কমানোর একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাতিয়ার। বাংলাদেশের মতো বিপুল জনসংখ্যার দেশে, যেখানে কর্মসংস্থান ও অর্থনীতির বহুমুখীকরণ বড় চ্যালেঞ্জ, সেখানে পর্যটন শিল্পকে আর প্রান্তিক খাত হিসেবে দেখার সুযোগ নেই। বিশ্ব অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব এখন পরিসংখ্যানেই স্পষ্ট। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের (ডব্লিওটিটিসি) সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্ব অর্থনীতিতে ভ্রমণ ও পর্যটন খাতের অবদান ছিল ১১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বৈশ্বিক জিডিপির ৯.৮ শতাংশ। একই বছরে খাতটি বিশ্বজুড়ে ৩৬৬ মিলিয়ন কর্মসংস্থান নিশ্চিত করেছে। অর্থাৎ বিশ্বের প্রায় প্রতি নয়টি চাকরির একটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পর্যটনের সঙ্গে সম্পর্কিত। ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটকদের ব্যয়ও রেকর্ড ২.০২ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে।

বাংলাদেশের জন্য এ বাস্তবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যটনের সঙ্গে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, কৃষি, মৎস্য, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, বিনোদন ও ক্ষুদ্র ব্যবসার সরাসরি সম্পর্ক রয়েছে। একজন পর্যটক কোনো এলাকায় গিয়ে যে অর্থ ব্যয় করেন, তা শুধু হোটেল বা রিসোর্ট মালিকের আয় বাড়ায় না; এর একটি অংশ যায় পরিবহন শ্রমিক, স্থানীয় কৃষক, ফল বিক্রেতা, নৌযানচালক, গাইড, কারুশিল্পী, ক্ষুদ্র উদ্যোক্তা ও স্থানীয় শিল্পীর হাতে। ফলে পর্যটন খাতকে সঠিকভাবে পরিকল্পনা করে কাজে লাগাতে পারলে এটি একটি শক্তিশালী স্থানীয় অর্থনৈতিক ইকোসিস্টেমে পরিণত হতে পারে। কিন্তু সম্ভাবনার তুলনায় বাংলাদেশের পর্যটন আয় এখনো সীমিত। ২০২৪ সালে দেশে বিদেশি দর্শনার্থীর সংখ্যা ছয় লাখের কিছু বেশি হলেও ২০২৫ সালে তা ৫ লাখ ৮৫ হাজার ১৪৫-এ নেমে এসেছে; ২০২৪ সালের ৬ লাখ ৩৩ হাজার ৯৪ জনের তুলনায় যা ৭.৬ শতাংশ কম। সাম্প্রতিক প্রতিবেদনে ভারতীয় দর্শনার্থী কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে শুধু পর্যটক সংখ্যা নয়— তাঁদের অবস্থানকাল, মাথাপিছু ব্যয়, সেবার মান এবং স্থানীয় অর্থনীতিতে ব্যয়ের অংশ— এসব সূচকও এখন পর্যটননীতির কেন্দ্রীয় বিবেচনায় আসা প্রয়োজন।

এখানেই বাংলাদেশের সামনে বড় প্রশ্ন— আমরা কি শুধু পর্যটক বাড়াতে চাই, নাকি পর্যটনকে অর্থনৈতিক রূপান্তরের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাই? দ্বিতীয় পথটি বেছে নিতে হলে পর্যটনকে বিচ্ছিন্ন কোনো বিনোদন খাত নয়, বরং কর্মসংস্থান, বিনিয়োগ, স্থানীয় উৎপাদন ও বৈদেশিক মুদ্রা অর্জনের সমন্বিত অর্থনৈতিক খাত হিসেবে দেখতে হবে। এই বাস্তবতায় পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের পর্যটন অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় ক্ষেত্র। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান— এই তিন জেলা নিয়ে গঠিত প্রায় ১৩,২৯৫ বর্গকিলোমিটারের এ অঞ্চল পাহাড়, বন, হ্রদ, ঝরনা, নদী, গুহা, মেঘ, জীববৈচিত্র্য এবং বৈচিত্র্যময় সংস্কৃতির এক অনন্য সমন্বয়। কাপ্তাই হ্রদ, শুভলং, আলুটিলা, রিছাং ঝরনা, দেবতাপুকুর, নীলগিরি, নীলাচল, বগালেক, থানচি, রেমাক্রি কিংবা নাফাখুম— এসব গন্তব্যকে আলাদা আলাদা পর্যটনকেন্দ্র হিসেবে দেখলে সম্ভাবনার বড় অংশই অপূর্ণ থেকে যাবে।

প্রয়োজন একটি সমন্বিত Hill-Lake-Culture Tourism Circuit। রাঙ্গামাটির হ্রদভিত্তিক পর্যটন, খাগড়াছড়ির পাহাড় ও কৃষি পর্যটন এবং বান্দরবানের অ্যাডভেঞ্চার ও প্রকৃতিনির্ভর পর্যটনকে একই প্যাকেজের আওতায় আনা যেতে পারে। এর সঙ্গে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের বিদ্যমান পর্যটন করিডোর যুক্ত হলে দেশি-বিদেশি পর্যটকদের জন্য দীর্ঘমেয়াদি ভ্রমণপথ তৈরি করা সম্ভব। এতে পর্যটকের অবস্থানকাল বাড়বে এবং পর্যটন ব্যয়ের বড় অংশ স্থানীয় অর্থনীতিতে ধরে রাখা যাবে। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় সম্ভাবনা শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যে নয়; প্রকৃতি ও সংস্কৃতির সম্মিলিত উপস্থিতিতেই এর স্বাতন্ত্র্য। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রো, বম, খুমি, খেয়াং, পাংখোয়া, লুসাইসহ বিভিন্ন জনগোষ্ঠীর জীবনধারা, খাবার, পোশাক, সংগীত, নৃত্য, কারুশিল্প ও ঐতিহ্য পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণ সৃষ্টি করতে পারে। তবে এসব সংস্কৃতিকে নিছক বাণিজ্যিক ‘পণ্য’ বানানো যাবে না। স্থানীয় মানুষের সম্মতি, সাংস্কৃতিক মর্যাদা এবং ন্যায্য অর্থনৈতিক অংশীদারিত্ব নিশ্চিত করেই সাংস্কৃতিক পর্যটন গড়ে তুলতে হবে।

এ ক্ষেত্রে সবচেয়ে কার্যকর মডেল হতে পারে কমিউনিটি-বেজড ট্যুরিজম। স্থানীয় পরিবারকে হোমস্টে, গাইড, নৌযান, পাহাড়ি খাবার, কৃষিপণ্য, হস্তশিল্প, সাংস্কৃতিক পরিবেশনা ও ক্ষুদ্র পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত করা গেলে পর্যটনের অর্থ সরাসরি স্থানীয় মানুষের হাতে পৌঁছাবে। আন্তর্জাতিক অভিজ্ঞতাও এ মডেলের গুরুত্ব দেখাচ্ছে। UN Tourism-এর Best Tourism Villages কর্মসূচি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা, ক্ষুদ্র ব্যবসা, নারী ও যুব ক্ষমতায়ন, স্থানীয় মূল্যশৃঙ্খল এবং পরিবেশ সংরক্ষণকে পর্যটন উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। পাহাড়ি কৃষি ও পর্যটনকে একত্রিত করার সুযোগও অসাধারণ। আনারস, আম, হলুদ, আদা, কাজুবাদাম, কফি, বাঁশ, মসলা ও অন্যান্য কৃষিপণ্যকে ঘিরে Farm to Table, ফলবাগান ভ্রমণ, কফি ও কাজুবাদাম পর্যটন, কৃষিভিত্তিক হোমস্টে এবং পাহাড়ি রান্নার অভিজ্ঞতা চালু করা যায়। এতে পর্যটক শুধু একটি দৃশ্য দেখে ফিরে যাবেন না; তিনি স্থানীয় কৃষি, খাদ্য ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হবেন। এতে একই সঙ্গে কৃষকের আয় বাড়বে এবং স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারিত হবে। তবে পর্যটন উন্নয়নের নামে পাহাড় কাটা, বন উজাড়, অপরিকল্পিত স্থাপনা কিংবা ঝরনা-হ্রদ দূষণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পাহাড়ের প্রকৃতি ধ্বংস করে পাহাড়ের পর্যটন উন্নয়ন সম্ভব নয়। তাই পার্বত্য চট্টগ্রামে প্রয়োজন low-impact, high-value tourism- প্রকৃতির ওপর চাপ কমিয়ে পর্যটনের অর্থনৈতিক মূল্য বাড়ানো। প্রতিটি পর্যটনকেন্দ্রের carrying capacity নির্ধারণ, বর্জ্য ব্যবস্থাপনা, পানির উৎস সংরক্ষণ, ভূমিধস ঝুঁকি বিবেচনা এবং বড় প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করা দরকার।

প্রযুক্তি এ খাতকে নতুন মাত্রা দিতে পারে। একটি Digital CHT Tourism Platform গড়ে তোলা হলে একই প্ল্যাটফর্মে পর্যটনকেন্দ্র, হোটেল, হোমস্টে, অনুমোদিত গাইড, পরিবহন, আবহাওয়া, নিরাপত্তা সতর্কতা, অনলাইন বুকিং, স্থানীয় পণ্য এবং জরুরি যোগাযোগের তথ্য দেওয়া সম্ভব। ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পর্যটকের সময়, বাজেট ও আগ্রহ অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক ভ্রমণপথ তৈরি করা যেতে পারে। একই সঙ্গে নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন অপরিহার্য। সড়ক, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা, জরুরি উদ্ধারব্যবস্থা ও ডিজিটাল পেমেন্ট— এসবকে পর্যটন অবকাঠামোর অংশ হিসেবেই দেখতে হবে। পর্যটকের নিরাপত্তা ও আস্থা নিশ্চিত না হলে আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা কঠিন।

পর্যটন উন্নয়নের দায়িত্বও একক কোনো মন্ত্রণালয়ের নয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পরিবেশ, সড়ক, সংস্কৃতি, কৃষি, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও আইসিটি বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি তিন পার্বত্য জেলা পরিষদ, আঞ্চলিক পরিষদ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারি, নারী, তরুণ, উদ্যোক্তা ও বেসরকারি খাতকে পরিকল্পনা ও বাস্তবায়নে সম্পৃক্ত করতে হবে। এ ধরনের বহুস্তরীয় অংশীদারিত্বই আন্তর্জাতিক টেকসই পর্যটন মডেলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাংলাদেশের অর্থনীতিকে আগামী দিনে বহুমুখী করতে হলে তৈরি পোশাক, প্রবাসী আয় ও কৃষির পাশাপাশি সেবা অর্থনীতির নতুন স্তম্ভ গড়ে তুলতে হবে। পর্যটন সেই সম্ভাবনাময় স্তম্ভগুলোর একটি। আর পার্বত্য চট্টগ্রাম হতে পারে তার অন্যতম প্রধান কেন্দ্র।

মনে রাখতে হবে, পাহাড়ের সবচেয়ে বড় সম্পদ পাহাড়ের ভেতরে থাকা কোনো একক কাঁচামাল নয়; তার প্রকৃতি, জীববৈচিত্র্য, সংস্কৃতি এবং মানুষ— সব মিলিয়েই তার আসল সৌন্দর্য। তাই পাহাড়কে কংক্রিটের জঙ্গলে পরিণত করে পর্যটন উন্নয়ন নয়; পাহাড়কে পাহাড়ের মতো রেখেই পর্যটন ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। বিশ্ব পর্যটন দিবসে আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু পর্যটক বাড়ানো নয়— পর্যটনের মাধ্যমে মানুষের আয় বাড়ানো; শুধু অবকাঠামো নির্মাণ নয়— স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা; শুধু প্রকৃতি দেখানো নয়— প্রকৃতি সংরক্ষণ করা; শুধু পাহাড়ে পর্যটক পাঠানো নয়— পাহাড়ের মানুষকে পর্যটন অর্থনীতির প্রকৃত অংশীদার করা। পর্যটনকে যদি আমরা ‘অবকাশ’ থেকে ‘অর্থনীতি’, আর ‘ভ্রমণ’ থেকে ‘রূপান্তর’-এর হাতিয়ারে পরিণত করতে পারি, তাহলে বাংলাদেশের গ্রাম, উপকূল, হাওর ও পাহাড়— সব অঞ্চলই নতুন অর্থনৈতিক খাত পাবে। সেই বৃহত্তর যাত্রায় পার্বত্য চট্টগ্রাম হতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতির অন্যতম প্রধান প্রবেশদ্বার।

লেখক: অর্থনীতি বিশ্লেষক, কলামিস্ট ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষক।