ইউরোপে পনেরো শতকে শুরু হয়েছিল রেনেসাঁ। ষোলো শতকে রিফর্মেশন আন্দোলন। দুটো ধারা আলাদাভাবে ক্রিয়াশীল ছিল। একদিকে রিফর্মেশন আন্দোলন, অন্যদিকে রেনেসাঁ ইউরোপীয় সমাজে সামন্তবাদ বিরোধিতা, বিজ্ঞান ও যুক্তিনির্ভরতা, জাতিরাষ্ট্রের আবির্ভাবকে এগিয়ে নেওয়া ইত্যাদিকে ক্রমশ বেগবান করছিল। রেনেসাঁর সঙ্গে ধর্মীয় আন্দোলনের সম্পর্ক ছিল না। এর মধ্য দিয়ে বিকাশ ঘটেছিল আধুনিক সংস্কৃতির। সামন্তবাদের বিরোধিতা এবং বাণিজ্যিক বুর্জোয়ার অর্থনৈতিক প্রতিষ্ঠার প্রচেষ্টাকেও ত্বরান্বিত করেছিল এ আন্দোলন। \r\nএতে আলোড়িত হয়েছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মেঘনাদবধ কাব্য ছাড়াও বুড়ো শালিকের ঘাড়ে রোঁ একেই কি বলে সভ্যতা? ইত্যাদি প্রহসনে এর ছাপ রয়েছে। রেনেসাঁর ঢেউ লেগেছিল হিন্দু কলেজে তার সমসাময়িক অন্য অনেকের মধ্যে।

ইতিহাসে যারা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আন্দোলনের মাঝামাঝি সময়ে এদের আবির্ভাব। এই ইয়ংদের আন্দোলন সমাজে ঢেউ তুলেছিল। হেনরি ভিভিয়ান ডিরোজিওর নেতৃত্বে এ আন্দোলনে আর যারা ছিলেন তাদের মধ্যে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, তারাচাঁদ চক্রবর্তী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রাম গোপাল ঘোষ প্রমুখ উল্লেখযোগ্য। ইয়ংবেঙ্গল আন্দোলনের স্থায়িত্ব খুব বেশিদিন ছিল না এবং সমাজ-ধর্মের প্রতি তাদের বিদ্রোহ শেষ পর্যন্ত উল্টো স্রোতে বয়েছিল। অর্থাৎ তারা ফিরেছিলেন প্রচলিত সমাজের গড্ডলিকায়। এর অন্যতম কারণ ছিল নিজের দেশ ও সমাজকে সঠিকভাবে চিনতে না পারা। উনিশ শতকের বাংলাদেশকে তারা উনিশ শতকের ইংল্যান্ড হিসেবে দেখতে চেয়েছিলেন।

হয়তো সে জন্যই হিন্দু ধর্মের কুসংস্কারের ঊর্ধ্বে উঠে সংস্কার আন্দোলনকে ধর্মের বাইরে রেখে বিধবা বিবাহ আন্দোলন, বহুবিবাহ ও বাল্যবিয়ে রোধ আন্দোলনের নতুন ধারা তারা শুরু করলেও শেষে পুরোদস্তুর ধর্মীয় রীতিনীতি সংরক্ষণে মনোযোগী হয়েছিলেন।\r\nমধুসূদন পৈত্রিক ধর্মে আর প্রত্যাবর্তন করেননি। তিনি ইউরোপ গিয়েছিলেন আঠারোশ বাষট্টি সালে। যাওয়ার আগের ছয় বছর তার জীবনের শ্রেষ্ঠ সৃজনশীল সময়। এ সময় একে একে লেখেন শর্মিষ্ঠা, একেই কি বলে সভ্যতা?, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ইত্যাদি নাটক ও প্রহসন, রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ, তিলোত্তমা সম্ভব, ব্রজাঙ্গনা, মেঘনাদবধ, বীরাঙ্গনা ইত্যাদি কাব্য ও কবিতা এবং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদও এ সময় করেন।

\r\nআঠারোশ সাতষট্টি সালে দেশে ফিরে কলকাতা হাইকোর্টে আইন প্র্যাকটিস করেন। এ সময় প্রচুর টাকা আয় করলেও অমিতব্যয়িতার কারণে আবার অর্থ কষ্টে পড়েন। দীনহীনভাবে মৃত্যু হয় বাংলা সাহিত্যের সত্যিকারের এই দিকপালের।\r\nবুর্জোয়া বিপ্লবের আলোয় গোটা ইউরোপ তথা ইংল্যাণ্ড যেভাবে জেগে উঠেছিল তার আভা উপনিবেশশাসিত ভারত বর্ষেও পৌঁছেছিল। কিন্তু তাতে বাঙালি হিন্দু সমাজ আলোকিত হলেও মুসলমান সমাজকে স্পর্শ করেছে অনেক পরে, আঠারোশ সাতান্নর সিপাহী বিপ্লবের পর। এতকাল পর তারা ব্রিটিশ শাসকদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজন অনুভব করলেন, সেই সঙ্গে ইংরেজি শিক্ষার গুরুত্ব। যার প্রভাব পড়ছিল মাতৃভাষাতেও। বাংলা ভাষা ও সাহিত্য সে সময় এগুচ্ছিল দুর্দান্ত গতিতে।

শহর-গ্রাম অভিজাত-নিম্নবর্গ সবার ভাষা বাংলা হওয়ায় বাংলা ভাষার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিকশিত হয়েছিল সহজে। মুসলমানদের মধ্যে আশরাফ আতরাফ -এর বিভাজন ভাষা ও সংস্কৃতি বিকাশে প্রচণ্ড বাধা সৃষ্টি করেছিল। শহুরে আশরাফদের ভাষা ফারসি আর গ্রামীণ আতরাফদের ভাষা বাংলা হওয়ায় সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠানের বিকাশ ও বিভাজিত হয়েছিল। হয়তো সে জন্যই উনিশ শতকে মুসলমানরা ইংরেজি শিক্ষার গুরুত্ব উপলব্ধি করলেও শিক্ষার একটি ধারা পেছনমুখী রয়ে যায়। এ ধারাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মূল ভূমিকা রেখেছিলেন আবদুল লতিফ নামে ব্রিটিশ সরকারের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং সে সময়ের মুসলমান সমাজের প্রভাবশালী নেতা। মুসলমানদের মধ্যে ইংরেজি শিক্ষা প্রসারের জন্য সবচেয়ে সরব ছিলেন তিনি।

কিন্তু চিন্তায় এক অদ্ভুত বৈপরীত্য নিয়ে তিনি চাইতেন মুসলমানরা ইংরেজি ভাষায় শিক্ষিত হবে ঠিকই কিন্তু পাশ্চাত্য আধুনিক চিন্তা ধারায় প্রভাবিত হবে না।\r\nএকসময় বাঙালি মুসলমান মধ্যবিত্তের এক অংশ বিভ্রান্ত ছিল তারা বাঙালি না মুসলমান- এ প্রশ্নে। তারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন নিজের সংস্কৃতি থেকে। ভাবতে পারেননি চর্যাপদ, পদাবলি, মঙ্গল কাব্য বাঙালি হিন্দুর সম্পদ যতখানি ঠিক ততখানি তাদেরও। বঙ্কিম, বিদ্যাসাগর, মধুসূদন, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুলকে বাদ দেয়া যায় না। কিন্ত বাতিলের কাজটি তারা সযত্নে করতে চেয়েছিলেন। হয়তো সে জন্যই একসময় প্রগতিশীল বলে পরিচিত কবি ফররুখ আহমদ পাকিস্তানের জন্য লড়ে আমূল বদলে গিয়েছিলেন।

নিজের সমৃদ্ধ সাহিত্যিক ঐতিহ্য উপেক্ষা করে ভিন দেশি সাহিত্য সংস্কৃতিতে ভরসা করতে চেয়ে রচনা করেছিলেন নৌফেল ও হাতেম। ছদ্ম নাম নিয়েছিলেন হায়াত দরাজ খান পাকিস্তানি। \r\nউনিশ শতকে ঝড়ের মতো আবির্ভূত হয়ে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের গদ্যে-পদ্যে আধুনিকতার আলো ছড়িয়ে দিয়েছিলেন দুর্দান্ত বর্ণময়তায়। তার আবির্ভাবের প্রচণ্ডতা ধারণ করার ক্ষমতা সেকালের বাঙালি সমাজের ছিল না বলেই তার সাহিত্য-কর্ম নিয়ে যতটা না আলোচনা, তার চেয়ে বেশি সমালোচিত তিনি তার ব্যক্তিগত জীবনযাপনের জন্য।

স্কুল পাঠ্যবইয়ে তার সঙ্গে পরিচয় কপোতাক্ষ নদ এর মধ্য দিয়ে-\r\nসতত, হে নদ, তুমি পড় মোর মনে\r\nসতত তোমার কথা ভাবি এ বিরলে;\r\n...বহু দেশে দেখিয়াছি বহু নদ-দলে,\r\nকিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?\r\nদুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে!\r\nআর কি হে হবে দেখা? -যত দিন যাবে\r\nওই বয়সে এ কবিতা সুখপাঠ্য হওয়ার কথা নয়। তবু মাইকেল মনে গেঁথে আছেন অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক বাংলার প্রথম মহাকাব্যের জনক ইত্যাদি পরীক্ষা পাসের পাঠক্রম পেরোনোর মুখস্থ বিদ্যার পাশাপাশি তার বর্ণিল ব্যক্তি জীবনের জন্য। বাংলা সাহিত্যে দু জন উজ্জ্বল নক্ষত্র কর্মজীবন এবং ব্যক্তিজীবনে সমান বিদ্রোহী ছিলেন। একজন মধুসূদন দত্ত অন্যজন কাজী নজরুল ইসলাম। এদের জীবনে শঠতা বা ভণ্ডামি ছিল না, যা ভেবেছেন যা সত্য মনে করেছেন, তাই করেছেন। \r\nসে জন্যই দু জনার ব্যক্তিগত জীবন কেটেছে নানা দুঃখে-কষ্টে। যদিও দুজনার শ্রেণি অবস্থান বিপরীতমুখী, তা হলেও সামাজিক রীতিনীতি, সংস্কারের তীর দুজনাকেই সমান বিদ্ধ করেছে। ছাপোষা কিংবা সুবিধাভোগী সাহিত্যিক বুদ্ধিজীবীদের মতো তাল মিলিয়ে চলার গতানুগতিক জীবন বেছে নেননি।\r\nইংরেজি ভাষা ও ইংরেজ জীবনযাপনে প্রচণ্ড প্রভাবিত ছিলেন মধুসূদন কিন্তু যখন নিজের সৃষ্টিতে মনোযোগী হলেন- ফিরলেন একেবারে নিজের ঐতিহ্য ও মিথের দিকে। বাল্মীকি রামায়ণকে উল্টে দিলেন। নিয়তির আশীর্বাদপুষ্ট নায়ক রামকে তিনি পাত্তাই দিলেন না। পাশ্চাত্য শিক্ষায় মধুসূদন আলোকিত হয়েছিলেন ইউরোপীয় রেনেসাঁয়।