যদি ইয়া নবী সালাম আলাইকা বলে নবী করীম ﷺ কে সালাম প্রদান এবং ‘ঈদে মীলাদুন্নবী সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম’ আয়োজনকে বিদআত এবং আয়োজকদের বিদআতি বলা হয় শুধু এ কারণ যে, তা প্রিয় নবী ﷺ, সাহাবায়ে কেরাম বা উত্তম যুগে ছিল না এবং হাদীস শরীফে বর্ণিত ‘প্রত্যেক বিদআত গোমরাহী’ কথাটিকে এমন আক্ষরিক অর্থে নেওয়া হয় যে, রাসূলুল্লাহ ﷺ-এর যুগে কোনো নির্দিষ্ট কাজ, পদ্ধতি বা আয়োজন ছিল না, তাই পরবর্তীকালে সেটি করা মাত্রই গোমরাহী বিদআত হয়ে যাবে, তাহলে বিশ্ব ইজতেমা, সালানা ইজলাস, প্রচলিত ছয় উসুলী তাবলিগ, শোকরানা মাহফিল, কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতা, খতমে বুখারি মাহফিল, কুরআন হিফজ সমাপনী অনুষ্ঠান, বই প্রকাশনা অনুষ্ঠান, সীরাতুন্নবী মাহফিল, সীরাত অলি¤িপয়াড, সীরাত ক¤িপটিশন, আজমতে সাহাবা মাহফিল, নির্ধারিত রুটিন মাফিক মাদরাসার ক্লাস গ্রহণ, শানে রিসালাত মাহফিলসহ এসব কাজের কোনোটি রাসূলুল্লাহ ﷺ-এর যুগে বর্তমান একই আকার, একই প্রযুক্তি, একই সংগঠন বা একই নামের ছিল না। তাই এসকল কিছুই বিদআত হয়ে যাবে। অথচ এসকল আয়োজন বিশ্বের সকল মতাদর্শের আলেমগণ বিশেষ করে বাংলাদেশের কওমী, লা-মাযহাবী, আহলে হাদীসপন্থীগণ করে থাকেন এবং তখন কেউ উপরোক্ত প্রশ্ন উত্থাপন করেন না যে এগুলোতো নববী যুগে ছিল না ইত্যাদি ইত্যাদি। অথচ শুধু নব উদ্ভাবিত বলে এগুলোকে গোমরাহী বলা যুক্তিসঙ্গত নয়। কারণ এসবের মূল উদ্দেশ্য, কুরআন শিক্ষা, হাদিস শিক্ষা, সীরাত আলোচনা, দ্বীনি জ্ঞান প্রচার, নসিহত, মুসলমানদের কল্যাণ এবং ভালো কাজে উৎসাহ প্রদান, এসবের শরীয় ভিত্তি রয়েছে।
‘নতুন পদ্ধতি’ আর ‘নতুন ইবাদত’ এক জিনিস নয়, এখানে একটি মৌলিক পার্থক্য মনে রাখা জরুরি। কুরআন শিক্ষা একটি শরীয় আমল। কিন্তু কুরআন শিক্ষা দেওয়ার জন্য মাদরাসা প্রতিষ্ঠা, অনলাইন ক্লাস, পরীক্ষা, প্রতিযোগিতা, সার্টিফিকেট, বই, অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্ম, এসব হলো বিভিন্ন মাধ্যম ও পদ্ধতি। একইভাবে সীরাত আলোচনা শরিয়তসম্মত। তার জন্য মাহফিল, সেমিনার, ক্যুইজ, অলি¤িপয়াড বা প্রতিযোগিতা আয়োজন করা হলো পদ্ধতি। কুরআন তিলাওয়াত শরিয়তসম্মত। তার দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিযোগিতা আয়োজন করা হলো একটি ব্যবস্থা। তাহলে, কখন নতুন বিষয় বিদআতে দালালাহ হবে? যদি কোনো নতুন ধর্মীয় পদ্ধতি এমনভাবে প্রবর্তন করা হয়, যার শরিয়তসম্মত কোনো ভিত্তি নেই এবং যা কুরআন, সুন্নাহ, ইজমা বা শরিয়তের প্রতিষ্ঠিত মূলনীতির বিরোধিতা করে, অথবা শরিয়ত যে বিষয়কে নিষিদ্ধ করেছে, সেটিকে ধর্মের মৌলিক অংশ এবং ধর্মীয় সওয়াবের কাজ হিসেবে প্রতিষ্ঠা করা হয়, তাহলে সেটি নিন্দনীয় বিদআতের অন্তর্ভুক্ত হতে পারে। অতএব মূল প্রশ্ন হওয়া উচিত নয়, ‘এটা কি নবী ﷺ-এর যুগে ছিল?’ বরং প্রশ্ন হওয়া উচিত, ‘এটি কি শরিয়তের বিরোধী, নাকি শরিয়তসম্মত কোনো উদ্দেশ্য বাস্তবায়নের বৈধ নতুন পদ্ধতি?” এই পার্থক্য না করলে মাদরাসা, মাদরাসার পরীক্ষা, কুরআন প্রতিযোগিতা, ইসলামী বিশ্ববিদ্যালয়, সীরাত সম্মেলন, দ্বীনি বই প্রকাশ, অনলাইন কুরআন শিক্ষা, সবকিছুকেই শুধু ‘রাসূল ﷺ-এর যুগে ছিল না’ এই যুক্তিতে গোমরাহী বলতে হবে। অথচ ইমাম ইবনু আবদিস সালামসহ বহু প্রখ্যাত আলেম নতুন বিষয়কে শরিয়তের পাঁচ বিধানের অধীনে বিচার করার কথা বলেছেন। সুতরাং ‘সকল বিদআত গোমরাহী’ কথাটির সঠিক শরীয় ব্যাখ্যা হলো, শরিয়তবিরোধী বিদআত গোমরাহী; প্রত্যেক নতুন মাধ্যম, সংগঠন, প্রযুক্তি বা বৈধ পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে গোমরাহী নয়।
ইনসাফ, ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ নীতি হলো: ‘যা কুরআন-সুন্নাহ ও শরিয়তের মূলনীতির বিরোধী, সেটিই নিন্দনীয় বিদআত; আর যা শরিয়তের বৈধ উদ্দেশ্যের অধীন নতুন মাধ্যম বা ব্যবস্থা, তাকে শুধু নতুন হওয়ার কারণে গোমরাহী বলা যাবে না। তাই যদি বলা হয়, ‘এসবের শরীয় উদ্দেশ্য ও ভিত্তি রয়েছে, তাই এগুলো নতুন হলেও সরাসরি গোমরাহী বলা যাবে না’, তাহলে একই নীতিতে মীলাদুন্নবী ﷺ-এর আয়োজনকেও তার উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও শরয়ি সীমারেখার ভিত্তিতে বিচার করতে হবে। একই ধরনের নতুনত্বকে এক ক্ষেত্রে দ্বীনের স্বার্থে বৈধ ব্যবস্থা এবং অন্য ক্ষেত্রে গোমরাহী বলা হলে সেখানে অন্তত ন্যায়সংগত মাপকাঠির প্রশ্ন উঠবেই। উগ্রতার সমস্যা এখানেই।
দুঃখজনকভাবে কিছু উগ্র কওমী/দেওবন্দী বক্তার বক্তব্যে বিদআত-বিষয়ক আলোচনা কখনো কখনো এমন পর্যায়ে পৌঁছে যায়, যেখানে শাখাগত মতভিন্নতাকে কেন্দ্র করে সাধারণ মুসলমানকে হেয় করা, মীলাদ পালনকারীদের বিদআতি বলে চিহ্নিত করা এবং ভালোবাসা ও সম্মানের প্রকাশকেও সন্দেহের চোখে দেখা হয়। এ ধরনের ভাষা দ্বীনি দাওয়াতের সৌন্দর্য বাড়ায় না; বরং মুসলমানদের মধ্যে বিভাজন বাড়ায়। বিশেষ করে যখন একই বক্তা বা একই ধারার মানুষ নিজেরা এমন বহু সাংগঠনিক পদ্ধতি ও আয়োজন গ্রহণ করেন, যেগুলো নববী যুগে বর্তমান রূপে ছিল না, তখন অন্যের আয়োজনকে শুধু ‘নবী ﷺ-এর যুগে ছিল না’ বলে বাতিল করা দ্বৈত মাপকাঠির অভিযোগ সৃষ্টি করে। সমালোচনা করতে হলে সবার জন্য একই মানদ- প্রয়োগ করতে হবে। মীলাদে যদি কোনো শরিয়তবিরোধী বিষয় থাকে, তা নির্দিষ্ট করে দেখান।
কোনো বক্তব্য ভুল হলে, সেটি দলিল দিয়ে সংশোধন করুন। কোনো অনুষ্ঠান শরিয়তের সীমা লঙ্ঘন করলে, সেই সীমালঙ্ঘনের সমালোচনা করুন। কিন্তু শুধু ‘এটি সাহাবাদের যুগে এই নামে ছিল না, এটুকুকে গোমরাহির চূড়ান্ত প্রমাণ হিসেবে দাঁড় করানো হলে একই প্রশ্ন আপনাদের নিজেদের বহু প্রচলিত পদ্ধতির প্রতিও ফিরে আসবে। আশা করি, দীন ও উম্মাহ যখন নানা সংকট, বিভাজন ও প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে, তখন আমাদের দায়িত্বশীল আলেম-উলামা, খতিব, বক্তা ও দ্বীনি নেতৃত্ব এ বিষয়টি আরও প্রজ্ঞা ও ভারসাম্যের সঙ্গে বিবেচনা করবেন। যেসব আমল নিয়ে উলামায়ে কেরামের মধ্যে মতভিন্নতা রয়েছে, সেসব আমল যাদের কাছে গ্রহণযোগ্য ও পছন্দনীয়, তারা শরিয়তের সীমারেখা মেনে তা পালন করবেন; আর যাদের কাছে তা গ্রহণযোগ্য নয়, তারা তা পরিহার করবেন। কিন্তু মতভিন্নতার কারণে একে অপরকে হেয় করা, অপমান করা, বিদআতি বলে সামাজিকভাবে চিহ্নিত করা কিংবা মুসলিম সমাজে পার¯পরিক বিদ্বেষ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। মতভেদ থাকুক, কিন্তু পার¯পরিক সম্মানও থাকুক। মত আলাদা হোক, কিন্তু উম্মাহর ঐক্য নষ্ট না হোক। বিশেষ করে দায়িত্বশীল আলেমদের প্রতি বিনীত আহ্বান, আপনারা মতভিন্নতাকে উত্তেজনার বিষয় না বানিয়ে ইলমি আলোচনার পর্যায়ে রাখুন। সাধারণ মানুষকে একে অপরের বিরুদ্ধে উসকে দেওয়ার পরিবর্তে কুরআন-সুন্নাহর আদব, সহনশীলতা, ভ্রাতৃত্ব ও উম্মাহর বৃহত্তর স্বার্থের শিক্ষা দিন।
লেখক : প্রধান মুহাদ্দিস, দারুল হাদিস লতিফিয়া নর্থওয়েস্ট, ইউকে।
