এক শোচনীয় অর্থনৈতিক উত্তরাধিকার নিয়ে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। স্বৈরাচার আওয়ামী সরকারের দেড় দশকের লুটপাট ও অর্থপাচারে ক্ষতবিক্ষত অর্থনীতি এবং গণঅভ্যুত্থানে তার পতনের পর অন্তর্বর্তী সরকার সেই অর্থনীতিকে উদ্ধার করতে না পারার ব্যর্থতার বোঝা এখন বিএনপি সরকারের কাঁধে চেপেছে। অন্তর্বর্তী সরকার অর্থনীতির সব সূচক সর্বনি¤œ অবস্থায় রেখে গেছে। বিস্ময়ের ব্যাপার হচ্ছে, অর্থনীতির এ খরাদশার মধ্যেও অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টার বিরুদ্ধে এখন এন্তার দুর্নীতির অভিযোগ উঠছে। ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তিন প্রভাবশালী উপদেষ্টার সমন্বয়ে ‘কিচেন কেবিনেট’-এর কথাও ফাঁস করেছেন আরেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। উপদেষ্টাদের কারো কারো বিরুদ্ধে হাজার কোটি টাকা দুর্নীতি ও পাচারের অভিযোগ নানা মাধ্যমে উঠে এসেছে। ইতোমধ্যে সাবেক প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নামে-বেনামে দুর্নীতির অভিযোগ দেয়া হয়েছে বলে একটি দৈনিকের ডিজিটাল প্রতিবেদনে বলা হয়েছে। কমিশন এসব অভিযোগ যাচাই-বাচাই করে দেখছে বলে জানা গেছে। দুঃখ এই যে, অর্থনীতি হাসিনা যে তলাবিহীন অবস্থায় রেখে গেছে, সেই পরিস্থিতিতেও অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা দুর্নীতি করতে পিছপা হননি। তার উপর একের পর এক ঋণের বোঝা বাড়িয়েছে। দেশি-বিদেশি এই ঋণের বোঝা এখন প্রায় ২৩ লাখ কোটি টাকা।
দুই. এই ঋণের বোঝা এবং তলাবিহীন অর্থনীতি সামনে নিয়েই বিএনপি সরকার এগুচ্ছে। বলা যায়, এক কঠিন পরিস্থিতি নিয়ে চলা শুরু করেছে। যেখানে মানুষের অভাব-অনটন ও কষ্টের সীমা নেই, বেকারত্ব, বিনিয়োগ শূন্যতা, উচ্চ মূল্যস্ফীতি ইত্যাদি রেডলাইনের মধ্যে রয়েছে। হাসিনার আমল থেকে টিসিবির ট্রাকের সামনে মানুষের যে লাইন শুরু হয়েছে, তা এখন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছরে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিল। এই বাজেটের শেষ দিকে বিএনপি ক্ষমতায় এসেছে। একটি ভাঙা আর্থিক বছর এবং যেখানে অন্তর্বর্তী সরকার বাজেটের ঘাটতি ৩৫ হাজার ৩৩৩ কোটি টাকা, যার মধ্যে বেশির ভাগই ঋণ করা হয়েছে, এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে নতুন সরকার রয়েছে। ড.
ইউনূস অন্তর্ববর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর বিশ্বপ্রশংসায় ভেসে গিয়েছিলেন। পরাশক্তি থেকে শুরু করে আর্ন্তজাতিক আর্থিক সংস্থাগুলো মিলিয়ন মিলিয়ন ডলার সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। দেখা গেছে, তার কিছুই অন্তর্বর্তী সরকার আনতে পারেনি। দেশীয় বিনিয়োগ ও শিল্পোৎপাদন বাড়াতে পারেনি। উল্টো নিজেরা দুর্নীতির মাধ্যমে আখের গুছিয়েছেন। অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার ছিল না। একদল দেশি-বিদেশি লোক নিয়ে গঠিত হয়েছিল। ফলে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা ছিল না। তাদের কেউ কেউ নির্বাচন না দিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন, যাতে ক্ষমতা উপভোগ করা যায়। তারা জনগণের অর্থনৈতিক উন্নতির পরিবর্তে অবনতি ঘটান। এ সময় শত শত শিল্পকারখানা বন্ধ হয়ে যায়। লাখ লাখ কর্মজীবী বেকার হয়।
মানুষের আয় কমে যায়। তাদের নুন আনতে পান্তা ফুরায় দশার সৃষ্টি হয়। রফতানি বাণিজ্যের প্রবৃদ্ধি প্রান্তিক পর্যায়ে নেমে আসে। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো মাথাব্যথা ছিল না। জবাবদিহিতাও ছিল না। ফলে যেভাবে খুশি সেভাবে চলেছে। সরকার চলার জন্য ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিত এবং নতুন টাকা ছাপাত। এতে মূল্যস্ফীতি আকাশ ছোঁয়া হয়ে পড়ে। মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। বলা হয়ে থাকে, অন্তর্বর্তী সরকার নানা টালবাহানায় পাঁচ, দশ কিংবা আরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার খায়েশ পোষণ করেছিল। জনগণ তাকে চায়, এমন বয়ান তৈরি করা হয়েছিল। যখন বিএনপি, সেনাবাহিনীসহ দেশি-বিদেশি স্টেকহোল্ডাররা নির্বাচন প্রশ্নে দৃঢ় অবস্থান নেয়, তখন বাধ্য হয়ে সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে। দায়বদ্ধহীন একটি সরকারে যা হয়, অন্তর্বর্তী সরকারের মধ্যেও সেই বৈশিষ্ট্য দেখা যায়। দেশের অর্থনীতি দাঁড় করানোর পরিবর্তে অবনতি ঘটে। দেশকে ঋণের মধ্যে ডুবিয়ে ফেলে। শুধু বিদ্যুৎ খাতেই প্রায় ৪৫ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রাখে। অর্থনীতির অন্যখাতগুলো ঋণাত্মক পর্যায়ে রেখে যায়। এর কারণ হচ্ছে, সরকার জানত, নির্বাচন হলে বিএনপি নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে। তাই বিএনপির উপর নাখোশ অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে এমন পর্যায়ে রেখে যায়, যাতে বিএনপি ক্ষমতায় এসেই বিপাকে পড়ে। শুরুতেই জনগণ যাতে তার ওপর বিরূপ হয়ে ওঠে। বলা বাহুল্য, বিএনপি এমন সময় ক্ষমতা লাভ করে, যখন রোজা শুরু হয়। এ সময়ে সাধারণত সিন্ডিকেটের কারণে জিনিসপত্রের দাম বেশি থাকে। বিদ্যুতের ক্রাইসিস থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা থাকে। বিএনপিকে এমন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাত্রা শুরু করতে হয়েছে।
তিন. অন্তর্বর্তী সরকার কি এত সহজে নির্বাচন দিত? কিংবা পাঁচ-দশ বছরের আগে ক্ষমতা থেকে যেত? এমন প্রশ্ন রাজনৈতিক মহলে উঠেছে। এসব প্রশ্নের জবাবে বলা যায়, যদি দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকত, তাহলে এ সরকার তাদের ইচ্ছামতো ক্ষমতায় থেকে যেত। সেটা করতে পারেনি অর্থনৈতিক দুর্দশার কারণে। দেশের অর্থনীতি এতটাই শোচনীয় ছিল যে, সরকারের পক্ষে দেশ চালানো কঠিন হয়ে পড়েছিল। ফলে তাকে বাধ্য হয়ে নির্বাচন দিয়ে সরে যেতে হয়েছে। বলা বাহুল্য, যেকোনো দেশের সরকারের স্থিতিশীলতা নির্ভর করে অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর। জনগণ যদি ভালো থাকে, তাদের হাতে টাকা থাকে, ব্যবসা-বাণিজ্য চাঙ্গা থাকে, তাহলে সরকারের উপর জনগণের আস্থা, সন্তুষ্টি ও নির্ভরতা থাকে।
ফ্যাসিস্ট শেখ হাসিনা টিকে থাকতে না পারার অন্যতম কারণ ছিল, দেশের অর্থনীতি ফোকলা হয়ে যাওয়া। দেড় দশকে তার সরকার এতটাই দুর্নীতি ও লুটপাট করেছে যে, দেশের অর্থনীতি বলতে কিছু ছিল না। বড় বড় প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচার করেছে। দেশের মানুষ নিদারুণ কষ্টে ছিল। তাদের জীবন চালানো দায় হয়ে পড়ে। ফলে বাধ্য হয়ে তারা রাস্তায় নামে, গণঅভ্যুত্থান ঘটায় এবং হাসিনার পতন হয়। শুধু হাসিনা সরকার নয়, নেপাল ও শ্রীলঙ্কায়ও সরকার পতন ঘটে অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতির কারণে। খায়েশ থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার টিকে থাকতে পারেনি অর্থনৈতিক সংকটের কারণে। এই সংকটের মধ্যে এখন বিএনপি সরকার রয়েছে। এর মধ্যে শুরু হয়েছে ইরান ও ইহুদি-মার্কিন যুদ্ধ। পুরো মধ্যপ্রাচ্য অশান্ত।
এর বিরূপ প্রতিক্রিয়া বিশ্ব অর্থনীতিতে পড়বে। তেলের দামসহ খাদ্যসামগ্রীর দাম বাড়বে। এর নেতিবাচক প্রতিক্রিয়া বাংলাদেশেও পড়বে। ফলে নাজুক অর্থনীতির জন্য এ এক অশনি সংকেত। এক্ষেত্রে বিএনপি সরকারের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে, দেশের অর্থনীতিকে সবল করার উদ্যোগ নেয়া। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মানুষের হাতের নাগালের মধ্যে রাখা। চলমান যেসব সংকট রয়েছে সেগুলো প্রথমেই সমাধান করা। যেমন গ্যাস, বিদ্যুতের যে সংকট, তা সহনীয় পর্যায়ে রাখা। ইতোমধ্যে বিএনপি সরকার তার নির্বাচনী ইশতেহারের প্রধান দুটি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। চার কোটি পরিবারের মধ্যে যে ফ্যামিলি কার্ড দেয়ার কথা, তা ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন।
শুরুতে পাইলট প্রকল্পের মাধ্যমে প্রান্তিক, দরিদ্র ও নি¤œআয়ের প্রায় দশ হাজার পরিবারকে এই কার্ড দেয়া হবে। পর্যায়ক্রমে সকল পরিবার এর আওতায় আসবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রত্যেক পরিবার মাসে আড়াই হাজার টাকা পাবে। এর মাধ্যমে নিচের দিকে যাওয়া দারিদ্র্যের হার কিছুটা হলেও ঠেকানো যাবে। কারণ, একটি দরিদ্র পরিবারের আয়ের সাথে যদি মাসে আড়াই হাজার টাকা যুক্ত হয়, তাহলে তা বড় ধরনের সাপোর্ট হয়ে দাঁড়ায়। ঐ পরিবারে কিছুটা স্বচ্ছন্দ আসে। কষ্টের হার একটু সহজ হয়। বিএনপির দ্বিতীয় প্রতিশ্রুতির মধ্যে কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে দেয়া। এতে ঋণগ্রস্ত হাজার হাজার কৃষক স্বস্তি পাবে। ঋণের কিস্তির যে টাকাটা বাচবে, তা তার পরিবারের খরচের সাথে যুক্ত হবে, সংসারের টানাপোড়েন কিছুটা হলেও কমবে। এছাড়া, এ অর্থ কৃষিকাজে ব্যবহার করতে পারবে। বিএনপি সরকারের এই দুটি কাজ যে, সাধারণ মানুষের অর্থনৈতিক সংকটের মধ্যে কত বড় সাপোর্ট হবে, তা দ্রুতই বোঝা যাবে। বিএনপি সরকারের এই আর্থিক সাপোর্ট আপৎকালীন। মানুষকে সাময়িক স্বস্তি দেবে। তবে সরকারকে মানুষের স্থায়ী আয়ের উৎস সৃষ্টি করতে হবে। এর জন্য দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া ও রুগ্ন কলকারখানা চালু করার নির্দেশনা দিয়েছে সরকার। এতে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি নতুন বিনিয়োগের মাধ্যমে শিল্পকারখানা চালুর ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যেসব আমলাতান্ত্রিক জটিলতা ও ‘ডুয়িং বিজনেস’-এর যেসব বাধা রয়েছে, তা দূর করতে হবে। তরুণদের মধ্যে উদ্যোক্তা তৈরির উদ্যোগ নিতে হবে, যাতে প্রত্যেক বেকার তরুণ নিজ থেকে কিছু করে স্বাবলম্বী হয়।
চার. বিএনপি সরকারকে মনে রাখতে হবে, তার সাফল্য নির্ভর করছে, দেশের অর্থনীতিকে কত দ্রুত শক্তিশালী করা যায়, তার ওপর। অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হলে, মানুষও ভালো থাকে। সাধারণ মানুষ দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারলে, তারা খুশি থাকে। তাদের এই খুশি বাড়াতে সরকারকে দ্রুত অর্থনীতির চাকা সচল করতে হবে। তবে এ কাজটি সহজ নয়। কারণ, একেতো সরকার উত্তরাধিকার সূত্রে একটি ভঙুর অর্থনীতি পেয়েছে, দ্বিতীয়ত মধ্যপ্রচ্যের যুদ্ধে বিশ্ব অর্থনীতিতে মন্দাবস্থার শঙ্কা। এতে আমদানি-রফতানি বিঘœ হবে, রেমিট্যান্স কমে যাবে, জ্বালানি তেলের দাম বাড়বে। দেশের অর্থনীতি অস্থিতিশীল হবে। তবে সরকারকে এক্ষেত্রে অত্যন্ত কৌশলী হতে হবে। দেশের খাদ্য মজুত ঠিক রাখা এবং নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রেখে সাধারণ মানুষের ওপর তার প্রভাব পড়তে না দেয়ার ব্যবস্থা করতে হবে। আশার কথা, বিএনপি সরকার অত্যন্ত সতর্কতার সাথে যাত্রা শুরু করেছে। প্রধানমন্ত্রী ‘ক্ষমতা নয়, জনতা’ এ নীতি নিয়ে চলার ম্যাসেজ ইতোমধ্যে দিয়ে দিয়েছেন। তার কর্মপ্রক্রিয়া এবং কিচ্ছ্র সাধন প্রশাসনকে যেমন গতিশীল করেছে, তেমনি বাহুল্য খরচ সাশ্রয় করছে। বিএনপি সরকারকে মনে রাখতে হবে, মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাকে আমলে নিয়ে তা সমাধান করতে হবে। সাধারণ মানুষকে সবসময় স্বস্তিতে রাখতে হবে।
darpan.journalist@gmail.com
