রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। বাসমালিকরাও ভাবেন, এই তো মৌসুম! ঢাকা থেকে কোটি মানুষ দেশের বাড়ি যাবে ঈদের ছুটিতে। তারা ফিরেও আসবে। তাই বাসভাড়া যদি বাড়িয়ে নেওয়া যায় তাহলে দান মারা যাবে। এক ধাক্কায় বিপুল মুনাফা। চাকরিতে বোনাস আছে, তাদের তো বোনাস নেই। তাই মানুষের পকেট কেটে বোনাস জোগাড়ের কৌশল কিনা কে জানে। বছরে দুই ঈদের প্রথমটি ঈদুল ফিতর, যার আগে এক মাসের সিয়াম সাধনা থাকে। ঈদের আগে শতভাগ ইচ্ছুুকদের পক্ষে ঢাকা ত্যাগ সম্ভব হয় না। অনেকেই ঈদের দিন ও ঈদের পরদিন ঢাকা ছাড়েন। প্রধান কারণ যাতায়াতের মাধ্যম নিশ্চিত না হওয়া। সোজা কথায় রেল, বাস ও লঞ্চের টিকিট না পাওয়া।

এমন বাস্তবতায় টিকিটের দাম বাড়ানো বড়ই অমানবিকতা।\r\nআসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে নৌযানের রুট পারমিট, লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। লঞ্চে অতিরিক্ত যাত্রী বা মালামাল বহন থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ। লঞ্চের ছাদে যাত্রী ওঠানো যাবে না। সড়ক মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে কেউ বেশি নিতে পারবে না। অতিরিক্ত ভাড়া আদায় বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। প্রয়োজন হলে বাতিল করা হবে রুট পারমিট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সড়কে তদারকি জোরদার করবে।

সড়ক পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না। এ সুযোগে ঈদে বা উৎসবে ইচ্ছেমতো ভাড়া আদায় করে থাকে এসি বাসের মালিকেরা। সড়কমন্ত্রী হয়তো এ বিষয়ে অবগত নন। এ বিষয়ে দ্রুত নির্দেশনা আসা দরকার।\r\nআশার কথা, সড়কপথে আসন্ন ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ঈদে সড়ক, রেল ও নৌপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রস্তুতি সভায় ২৮ দফা নির্দেশনা ও বাস্তবায়নের সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সড়কে গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের কারণে সৃষ্টি হয় যানজট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু সদস্য এবং বিভিন্ন সন্ত্রাসী এসব চাঁদা তুলে থাকে। আসন্ন ঈদুল ফিতরের যাত্রায় যাতে সে ধরনের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।\r\nআমরা আশা করব, নির্বাচিত সরকারের সময়ে অরাজক পরিস্থিতির অবসান হবে। ভাড়ার প্রশ্নে প্রতিষ্ঠিত হবে ন্যায্যতা। ঈদ মৌসুমে নাগরিকদের ওপর মড়ার উপর খাঁড়ার ঘায়ের সমতুল্য আপদ বাড়তি ভাড়া আরোপ করা হবে না। বাড়তি ভাড়ার জুলুম থেকে যাত্রীরা পরিত্রাণ পাবে। এরপরও যদি কোনো ধরনের অনিয়ম অন্যায় ও অন্যায্যতার প্রকাশ ঘটে, তবে প্রশাসন কঠোর হাতে সেসব দমন এবং দোষী ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে কঠোর আইনের প্রয়োগ করবে নিশ্চয়ই।