রাজধানীতে আবারও তল্লাশির নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে নাগরিকের মোবাইল ফোন চেক করার অভিযোগ উঠল। সমকালসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে বিভিন্ন সময়ে নাগরিক সমাজে বহুল সমালোচিত এ তৎপরতা চালানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ওই কর্মসূচি উপলক্ষে পুলিশ রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে অভিযান চালিয়েছে। এ সময় পুলিশ বহু মানুষের মোবাইল ফোনও তল্লাশি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার বিভিন্ন প্রবেশদ্বারেও বাস থামিয়ে পুলিশ যাত্রীদের ব্যক্তিগত ফোন চেক করেছে বলে সংবাদমাধ্যমে খবর এসেছে।
মোবাইল ফোন বিশ্বের সর্বত্রই নাগরিকের ব্যক্তিগত সম্পদ বলে বিবেচিত। বাংলাদেশও এ ক্ষেত্রে ব্যতিক্রম নয়। স্মার্টফোনকে তো এখন সংশ্লিষ্ট ব্যক্তির তথ্যভান্ডার বললে ভুল হয় না। তার ব্যক্তিগত সব তথ্য এখানে থাকে। ব্যক্তির প্রিয় মুহূর্তের ছবি, পছন্দের ভিডিও তার মোবাইলে থাকতে পারে। এমনকি কর্মক্ষেত্রের সংবেদনশীল তথ্য-উপাত্ত, দলিলও এতে থাকতে পারে। এগুলো তৃতীয় কোনো ব্যক্তির দেখার সুযোগ থাকে না, যদি সংশ্লিষ্ট ব্যক্তি অনুমতি না দেয়। সর্বোপরি প্রত্যেকেরই ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবন থাকে, যার বহু কিছু প্রকাশযোগ্য নয়। পুলিশ তাহলে সেই ফোন হাতায় কেন?
বিশেষ বিশেষ সময়ে পুলিশ তল্লাশি করতেই পারে। কিন্তু তল্লাশির নামে মানুষকে দুর্ভোগে ফেলা কাম্য নয়। আর সে তল্লাশির সময় পুলিশের ইচ্ছামতো ব্যক্তিগত জিনিসপত্র বিশেষ করে মোবাইল ফোন বা ল্যাপটপ চেকিং মানুষের দুর্গতি বাড়ায়। ব্যক্তিগত যোগাযোগের বস্তু ও তথ্য এভাবে তল্লাশির সুযোগ নেই। এসব তল্লাশি মানুষের ব্যক্তিস্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল। এর মাধ্যমে ব্যক্তি সুরক্ষার অধিকার ক্ষুণ্ন হয়। এটি চলার সুযোগ নেই।
বিগত সরকারের সময় আমরা দেখেছি, রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকার প্রবেশপথসহ বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির পাশাপাশি সাধারণ মানুষের মোবাইল ফোন চেক করা হতো। গত জুলাই-আগস্টে শিক্ষার্থী-জনতার আন্দোলনকালে পুলিশের একই আপত্তিকর তৎপরতা আমরা দেখেছি। তখন পুলিশের পাশাপাশি বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ-যুবলীগের সদস্যরাও মানুষের মোবাইল ফোন চেক করেছিল। শাহবাগে লাঠিসোটা নিয়ে ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের কোটা সংস্কার আন্দোলনকারীদের খুঁজতে গিয়ে মানুষের মোবাইল ফোনও চেক করার ছবি সব সংবাদমাধ্যমে তখন দেখা গেছে। সংবাদপত্রের খবরে এও দেখা গেছে, গণঅভ্যুত্থানে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেসে মেসে গিয়ে তাদের মোবাইল ফোন চেক করেছিল পুলিশ।
সে সময় পুলিশ কতটা ভয়ানক ছিল, তা আমরা জানি। অনেক ভয়ানক বিষয় ইতোমধ্যে পরিচালিত তদন্তে বেরিয়ে এসেছে। অবিশ্বাস্য মনে হলেও পুলিশ লাইনের ভেতরে কারাগারের মতো গোপন বন্দিশালা তৈরি করে রাখা হয়েছিল। আমরা বগুড়ায় তা পেয়েছি। এখানে বিভিন্ন জেলা থেকে বন্দিদের এনে রাখা হতো। জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হতো। সেই পুলিশ কাজ করত একটা অনির্বাচিত-অগণতান্ত্রিক সরকারের অধীনে; স্বৈরতন্ত্রের চূড়ান্ত রূপ যে ধারণ করেছিল। কিন্তু একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকারের অধীনে পুলিশ কেন আগের মতো আচরণ করবে? সেই পুলিশের পূর্বের সব রকম আচরণের পরিবর্তন জরুরি। পুলিশ জনগণের বন্ধু হিসেবে ইতিবাচক ধারায় ফিরে আসুক– এটাই আমাদের প্রত্যাশা।
পুলিশের এ ধরনের তৎপরতা সার্বজনীন মানবাধিকার ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক। ১৯৪৮ সালে ঘোষিত জাতিসংঘ মানবাধিকার ঘোষণার ১২ নম্বর অনুচ্ছেদে বিষয়টি এসেছে। সেখানে বলা হয়েছে, ‘ব্যক্তির গোপনীয়তা, পরিবার, বাসস্থান বা চিঠিপত্রের বিষয়ে খেয়াল-খুশিমতো হস্তক্ষেপের শিকার কেউ যেন না হয়, কিংবা তার সম্মান ও সুনামের ওপর আঘত করা চলবে না। প্রত্যেকেরই এমন হস্তক্ষেপ বা আক্রমণের বিরুদ্ধে আইনের সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে।’ বাংলাদেশের সংবিধানের ৪৩ অনুচ্ছেদেও বলা হয়েছে, ‘রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ-সাপেক্ষে প্রত্যেক নাগরিকের চিঠিপত্রের ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকিবে।’
জনআকাঙ্ক্ষার একটা সরকারের দায়িত্ব নাগরিকের সেই সর্বজনীন ও সংবিধান-স্বীকৃত অধিকার কার্যকর করা শুধু নয়; রক্ষা করা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ধরন অনেকটা আগের আমলের মতোই রয়ে গেছে। এক অস্থির সমাজে আমরা বাস করছি। এই সরকারের মেয়াদ এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সরকার কোনো ক্ষেত্রেই শক্তিশালী দিকনির্দেশনা দিতে পারছে না। সরকার ইতোমধ্যে বিভিন্নি পদক্ষেপ গ্রহণ করেছে বটে। পুলিশ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। পুলিশের আচরণ পরিবর্তন বিষয়ে সুপারিশ করেছে। ইতোমধ্যে পুলিশের পোশাকেও পরিবর্তন এসেছে।
তবে শুধু পোশাক পরিবর্তনের মধ্য দিয়ে মৌলিক পরিবর্তন সাধিত হয় না। মৌলিক পরিবর্তন যদি না ঘটে তবে পুলিশের মেরুদণ্ড শক্ত হওয়া বা ঘুরে দাঁড়ানোর মতো ঘটনা ঘটবে না। পোশাক পরিবর্তনের প্রভাব একদম পড়ে না, তা নয়। কিন্তু প্রভাবের মাত্রাটা এতই সামান্য যে, সেটা ধর্তব্যে নেওয়া হয় না। পুলিশ প্রশিক্ষণ, পুলিশের কাজ করার পরিবেশ, পুলিশের স্বাস্থ্য সুরক্ষা, পদায়ন, পদোন্নতি, নিয়োগ এসবে যদি পরিবর্তন না আসে, তবে তার মধ্যে আচরণগত পরিবর্তন আসবে না। আর পরিবর্তন না এলে পোশাক বদলে দিয়ে যে চেষ্টা করা হচ্ছে তা কার্যকর নাও হতে পারে। পুলিশের আচরণগত পরিবর্তন যে হয়নি– মোবাইল ফোনের মতো ব্যক্তিগত স্পর্শকাতর বিষয় চেকিং তারই অংশ।
পুলিশ দ্বারা মানুষকে হয়রানি করার যে কোনো পন্থা, যে কোনো কার্যক্রম বন্ধ হওয়া উচিত। মানুষকে বিনা পরোয়ানায় পুলিশের তল্লাশি করার বিষয়টি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় বলা আছে। এই ধারায় যে অধিকার দেওয়া হয়েছে, সেটি হাইকোর্ট বিভাগ ২০০৩ সালে পরিবর্তন করে পুলিশকে ১৫ দফা নির্দেশনা দিয়েছেন। এই ১৫ দফা নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে রাষ্ট্রপক্ষ আপিল করে। এর পর আপিল বিভাগও কিছুটা পরিবর্তন করে সেই ১৫ দফা বহাল রাখে। সেই নির্দেশনার আলোকেও পুলিশের এভাবে গণহারে মানুষকে তল্লাশি করার অধিকার নেই।
নূর খান লিটন: মানবাধিকারকর্মী ও গুম তদন্ত কমিশনের অন্যতম সদস্য
