একটি গণতান্ত্রিক দেশের নাগরিকরা ভোটের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবে এবং করতে পারাটাই হলো গণতন্ত্রের পূর্বশর্ত। দীর্ঘদিন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত ছিল। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নাগরিকদের কাঙ্ক্ষিত নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশের নাগরিকরা শুধু জনপ্রতিনিধি নির্বাচনেই ভোট দেবেন না, সাথে গণভোটেও অংশগ্রহণ করবেন। অর্থাৎ একজন নাগরিককে দুটি ভোট দিতে হবে।
একটি ভোট জনপ্রতিনিধি নির্বাচন করবে, আরেকটি ভোট দিতে হবে হ্যাঁ অথবা না-তে। এটা হলো গণভোট। এই লক্ষ্যে গণভোট অধ্যাদেশ-২০২৫ জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কিনা তা যাচাইয়ের জন্য গণভোটের বিধান প্রণয়নকল্পে এই অধ্যাদেশ প্রণীত হয়েছে।
গণভোট কী? আমার দেশের নাগরিকদের মধ্যে এ সম্পর্কে কতটা সচেতনতা আছে? হ্যাঁ ভোট দিলে কী কী পরিবর্তন আসবে, আবার না ভোট দিলে কী কী পরিবর্তন হবে তা কি আমরা জেনেছি? জানলেও শতকরা কতজন ভোটার বুঝেছেন বিষয়টা? যারা বোঝেনি তাদের জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? নির্বাচনের হাওয়ায় দেখা যাচ্ছে হ্যাঁ ভোটের জন্য ক্যাম্পেইন চলছে। হ্যাঁ ভোটের মাধ্যমে কী কী হবে তা প্রচারের ব্যবস্থা করা হচ্ছে কিন্তু না ভোটের ক্ষেত্রে কেন নয়? সংবিধানের অনুচ্ছেদ-৩৯ মতে বিবেক, চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করা হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ-৩৯(১) মতে প্রত্যেক নাগরিকের চিন্তা ও বিবেকের স্বাধীনতা থাকবে। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অপরিহার্য অংশ–যা নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতাকে আইনি ভিত্তি দেয়।
নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এবং এই নির্বাচনকে জনবান্ধব করার জন্য গণভোট সম্পর্কে প্রচার-প্রচারণা অবশ্যই জরুরি। তবে প্রচারণা শুধু হ্যাঁ-এর জন্য হওয়ায় তা পক্ষপাতদুষ্ট হয়ে পড়ছে। সরকার হবে নিরপেক্ষ। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সরকার হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য ব্যাপক প্রচারণা শুরু করেছে। বিভিন্ন ব্যাংক, সেবা প্রদানকারী সংস্থা এবং রাস্তায় ব্যানার টাঙিয়ে এসব প্রচারণা চলছে। সরকার বা তার কোনো প্রতিষ্ঠান হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে কিনা? বিষয়টার নৈতিক ব্যাখ্যা কী হতে পারে? এমনকি দেখা যাচ্ছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীও ভোট চাইতে গিয়ে তার প্রতীকের ভোট চাওয়ার পাশাপাশি হ্যাঁ ভোটের জন্য প্রচারণা করছেন এবং জনগণ যেন হ্যাঁ ভোট দেন তার প্রচার-প্রচারণায় ব্যস্ত। এতে ভিন্নমত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার বাস্তবতা তৈরি করে।
সংবিধানের অনুচ্ছেদ-৩২-এ জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার নিয়ে বলা হয়েছে। ব্যক্তিস্বাধীনতা হলো ব্যক্তির অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা। এটি সরকার সাধারণত নির্ধারিত প্রক্রিয়া ব্যতীত আইন বা বিচারিক প্রক্রিয়া প্রয়োগ করে গর্ব করতে পারে না। নৈতিকভাবে সরকার যখন কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর বেশি জোর দেয় তখন তা পক্ষপাত দোষে দুষ্ট হবার সম্ভাবনা তৈরি করে।
পরিশেষে বলতে চাই, ভিন্নমত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে। জনগণ তার ইচ্ছামতো পছন্দের প্রার্থীকে পছন্দের প্রতীকে এবং কাঙ্ক্ষিত গণভোটে হ্যাঁ অথবা না ভোট দিতে পারলে একটি গ্রহণযোগ্য এবং নাগরিক সম্পৃক্ততামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত হবে বলে আশা করা যায়।। আগামী নির্বাচনে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব–বাক্যটির যথাযথ প্রয়োগ নিশ্চিত হবে, এই প্রত্যাশা সবার।
শিল্পী সাহা: আইনজীবী ও মানবাধিকারকর্মী।
