ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক ঘোষণার পর অপরাধ সংক্রান্ত কিছু দলিল পুনরায় খতিয়ে দেখার সময় এসেছে। গত মার্চের শুরুতে ইসরায়েল যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য মার্কিন সব কুতর্ক সামনে এনেছিল, তখন জায়নবাদী লেখক ব্রেট স্টিফেনস তাঁর ইচ্ছার একটি তালিকা প্রকাশ করেন। এ খাতে তিনি অচিরেই পরাজিত হতে চলা ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তা তুলে ধরেন।
কে এই স্টিফেনস? তিনি নিউইয়র্ক টাইমসে নিয়মিত কলাম লেখেন। এতে তিনি এমন এক ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন জানান, যারা মানুষকে ধর্ষণের জন্য কুকুরকে প্রশিক্ষণ দেয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অবিলম্বে শত্রুতা বন্ধ হয়ে যাওয়ায় সেই আড়ম্বর ও ভ্রান্তিপূর্ণ, ভারসাম্যহীন কলামটি পুনরায় পর্যালোচনা করার সময় এসেছে। স্টিফেনস ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিজয়ের চারটি পরিস্থিতি কল্পনা করেছিলেন। প্রথমটি ছিল শাসন ব্যবস্থার পরিবর্তন। তাঁর মতে, ‘এ ক্ষেত্রে এটি কারও উপেক্ষা করা উচিত নয়, বিশেষ করে যদি ইরান সামরিক ও রাজনৈতিকভাবে ক্রমাগত বিধ্বস্ত হতে থাকে। আর সম্ভবত নেতৃত্বের আরও কয়েকটি স্তরও হারিয়ে যায়।’
দ্বিতীয়টি ছিল শাসন ব্যবস্থার পুনর্গঠন। তাঁর মতে, এটি ‘এমন একটি শাসন ব্যবস্থা, যা বহাল থাকবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দাবি মেনে চলবে।’ তিনি লিখেছেন, এই বিচ্ছিন্নতা ‘বিশেষভাবে প্রকট হবে যদি মার্কিন বাহিনী খার্গ দ্বীপ দখল করে নেয়... যা ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানির টার্মিনাল হিসেবে কাজ করে।’ তৃতীয়টি ছিল একটি দীর্ঘস্থায়ী যুদ্ধ, যা শেষ পর্যন্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে চুরমার করে দেবে। ‘এই তৃতীয় পরিস্থিতি ইঙ্গিত দেয়– শাসন ব্যবস্থাটি কেবল একটি জম্বি বা জীবন্মৃত অবস্থায় টিকে থাকবে।’
চতুর্থটি ছিল ‘শাসন ব্যবস্থার পরিবর্তন নয়, বরং রাষ্ট্রের পতন। এর সবচেয়ে উদ্বেগজনক রূপ হতে পারত ১৩ বছরব্যাপী গৃহযুদ্ধ চলাকালীন সিরিয়ার মতো, যেখানে ইরানের কিছু এলাকায় শাসন ব্যবস্থা টিকে থাকবে, অন্য জায়গায় তার পতন ঘটবে। বিদেশি হস্তক্ষেপকে আমন্ত্রণ জানাবে এবং মহামারি আকারে হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটাবে। সেই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যজুড়ে এবং ইউরোপ ও অস্ট্রেলিয়ায় শরণার্থীর ঢল নামবে... ইসরায়েলিরা হয়তো এই পরিস্থিতিকে পুরোপুরি খারাপ চোখে দেখবে না এই যুক্তিতে– বিভক্ত ইরান তাদের সমস্যা নয়।’
স্টিফেনসের নিজের সুপারিশ কী? তিনি লিখেছিলেন, “তাহলে ট্রাম্প প্রশাসনের কী করা উচিত? আমার পরামর্শ হলো, খার্গ দ্বীপ দখল করুন। ইরানের অবশিষ্ট বন্দরগুলোতে মাইন বসান বা অবরোধ করুন। আগামী এক বা দুই সপ্তাহের মধ্যে ইরানের যতটা সম্ভব সামরিক সক্ষমতা ধ্বংস করুন, যার মধ্যে থাকবে ইরানের পারমাণবিক সক্ষমতা ও জ্ঞানের অবশিষ্টাংশ নির্মূল করার জন্য দ্বিতীয় একটি ‘মিডনাইট হ্যামার’ অভিযান।”
ওই জঘন্য কলামটি হলো বিভ্রমে ভোগা জায়নবাদীদের গণহত্যাকারী মানসিকতার ঐতিহাসিক দলিল। তাদেরকেই এই শহরে প্রতি সপ্তাহে একটি পুরো কলাম দেওয়া হয় অন্য জাতিদের প্রতি ঘৃণা ছড়ানোর জন্য। গণহত্যায় লিপ্ত ইসরায়েলের সর্বোত্তম স্বার্থে এবং তাদের রক্ষার জন্য তাদের অর্থ দেওয়া হয়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন গেল। পরদিন ছিল মূলত ইসরায়েলিদের মার্কিন প্রেসিডেন্টকে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর বোমা হামলায় তাদের সঙ্গে যোগ দিতে উস্কানি দেওয়ার ১০৬তম দিন। ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান এবং মিসরে প্রায় ৮০ বছরের গণহত্যা, জাতিগত নির্মূল কার্যকলাপ, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং ভূমি দখলের পর ইসরায়েলকে ঐতিহাসিক মাত্রার এক চরম পরাজয় বরণ করতে হয়েছে।
যুদ্ধে নিহত সন্তানদের জন্য বাবা-মায়েরা শোক করছেন। সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে ফিরে যাচ্ছে। ইরান ঘুরে দাঁড়াবে এবং ইরানিরা শিগগিরই তাদের নাগরিক স্বাধীনতার জন্য ঐতিহাসিক সংগ্রাম পুনরায় শুরু করবে। আর বিশ্বাসঘাতক রাজতন্ত্রী, তাদের দালাল থিঙ্ক ট্যাঙ্কার এবং তাদের কুৎসিত ইসরায়েলি প্রতিমাগুলোকে ইতিহাসের নর্দমায় নিক্ষেপ করবে। সারাবিশ্ব যখন এই অপরাধমূলক কর্মকাণ্ড ঘটতে দেখছিল, তখন নিউইয়র্ক টাইমসের দুই ইসরায়েলপন্থি কলামিস্ট টমাস ফ্রিডম্যান ও ব্রেট স্টিফেনস পুরো আলোচনা পাল্টে দিতে মরিয়া ছিলেন। তাদের উদ্দেশ্য ছিল এই দখলদার উপনিবেশকে এক ন্যায়সংগত অভিযান হিসেবে দেখানো।
হামিদ দাবাশি: নিউইয়র্ক সিটির কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইরানিয়ান স্টাডিজ ও তুলনামূলক সাহিত্যের হাগোপ কেভোরকিয়ান অধ্যাপক; দ্য মিডল ইস্ট আই থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম
