(গত শুক্রবারের পর)

টোড়িমাসি সাঁতার কাটতে গেছে। মা বলল, সাঁতার দেখতে যাবি নাকি? কীভাবে বোঝাই সাঁতার কাটবার জিনিস, দেখবার নয়। কাল থেকে বৃষ্টি পড়ছে। উঁকি মেরে দেখি মার ঘরে সতর্কতাস্বরূপ লেপ বের হয়েছে। আগেই বলেছি আমাদের ড্রাইভার কামাল ভাই খুবই কেতাদুরস্ত পোশাক পরিচ্ছদ পরেন। ঢাকায় অল্প শীত পড়েছে। কামাল ভাই দেখি স্যুট পরে এসেছেন। আমার চোখে তো চমৎকার লাগছে। বাড়ির অন্যরা কী মত পোষণ করবে তা অবশ্য আমি জানি না। এদিকে বাড়িতে সবাই লেপের নিচে ঢুকে পড়েছে। আমি উইস্কনসিনবাসী। এখন ওখানে হাঁটু সমান বরফ। তাই চক্ষুলজ্জার খাতিরে আমি একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়েছি। যথারীতি সকালে উঠে দেখি ঠান্ডা লেগে গেছে। মা বলে চলেছে উইস্কনসিনের ঠান্ডা আর ঢাকার ঠান্ডা একদম আলাদা। থার্মোমিটার আর ব্যারোমিটার কীভাবে আলাদা হয় বুঝতে পারলাম না।

‘তোরা ঘরের ভেতর শর্টস পরে ঘুরে বেড়াস। এখানে মোজা পরতে হয়। পাতলা মোজা আছে, পরবি?’ আমি বিরক্ত হয়ে বলি হঠাৎ মোজা পরতে যাব কেন? মা থামবার পাত্র নয়। বলে চলেছে, ‘ফ্লাক্সে গরম জল আছে, সে ছাড়া খাস না। আর মাঝে মাঝে লবণ জল দিয়ে গার্গেল করিস।’ কোনো দুঃখে যে বলেছিলাম অল্প ঠান্ডা লেগেছে! আজ রুটির সঙ্গে খাওয়ার তরকারিটা বেশি সুবিধার ছিল না। আমি চার ভাগের এক ভাগ রুটি আর অল্প তরকারি খেয়ে বাকি খাবারসহ প্লেটটা রান্নাঘরে লুকিয়ে রেখেছি যেন শেফালি ছাড়া আর কেউ দেখতে না পায়। কিন্তু মা ঠিকই গোয়েন্দগিরি করে প্লেট খুঁজে বের করেছে। আমাকে বলে গেল যে পৃথিবীতে কত লোক না খেয়ে আছে। বিপ্লব শুধু মুখে মুখে। প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ বাজলেই মেসো বাদে বাড়ির সবাই টিভিতে সিরিয়াল দেখতে বসে। পুতুল, মিতুল, জগদ্ধাত্রী, পলাশ, পরাগ এইসব সব চরিত্র সেইসব সিরিয়ালের। তিন-চারটা সিরিয়াল হয় পরপর। আমার জাপানি কবিতা অনুবাদের অত্যাচারে ঠিকমতো দেখতে না পারলে মা একই জিনিস আবার দুপুরবেলা দেখে। সহ্য করতে না পেরে আমি ওদের জানিয়েছি যে শব্দ হতে থাকলে আমি লিখতে পারি না। মেনে নিয়েছে সবাই নির্দ্বিধায়। তবে মূল কথা সেটা নয়। এইসব ইতুল, মিতুল দেখবার কী প্রয়োজন, তাই আমি ভেবে পাইনা। একই ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে দেখায় আর দুই ইঞ্চি করে সিরিয়াল এগোয়। কিন্তু সকলের বেশ পছন্দ এইসব সিরিয়াল, বিশেষত মা এবং শেফালির। খুবই গভীর মনোযোগের সঙ্গে ওরা এসব দেখে আর আমি শুধু সমালোচনা করে যাই আমার আঁতেল আঁতেল কথাবার্তা দিয়ে।

ছেলেবেলায় টোড়িমাসি আমাকে আর আমার ছোটবোন অশ্রুকে পড়াশোনার রুটিন করে দিত। এমনকি টোড়িমাসির মেয়ে দুই বছরের ছোট্ট রুমকিরও রুটিন থাকত। সকাল দশটায় হাসা, এগারোটায় কান্না, বারোটায় যা খুশি তাই। টোড়িমাসি এখন নিজ চাকরির গুরুত্বপূর্ণ পদ থেকে অবসর নিয়েছে। কিন্তু কাল দেখি নিজের জন্য রুটিন করেছে। সকাল ৯:৩০ থেকে ১২:০০-ছাদে হাঁটা, সাঁতার ও অন্যান্য দুপুর ১২:৩০ থেকে ২:০০- বিশ্রাম বিকাল ৫:০০ থেকে ৬:০০- হাঁটা সন্ধ্যা ৬:০০ থেকে ৯:০০ ইচ্ছামতো রাত ৯:৩০- ঘুম পরিস্থিতি বড়ই সঙ্গীন! দুর্যোগ, দুর্যোগ, মহা দুর্যোগ বাড়িতে। সকাল থেকে মা’র ফোনে সাউন্ড আসছে না। এদিকে মা’র দেশ-বিদেশের বহু বন্ধু-বান্ধবের সঙ্গে কথা বলা থাকে। আমেরিকায় অশ্রুদের সঙ্গে কথা বলা থাকে। আমাকে দেখে দিতে বললে আমি এক ঘুরান মেরে চলে গেলাম।

মা’র বন্ধুরা মা’কে দারুণ টেকস্যাভি মনে করে। আসলেই তাই। মা’র বন্ধুরা মোটামুটি এরকম। ফেসবুকে ‘লাইক’ দেওয়া শেখালে তারা ‘শেয়ার’ টিপে সবকিছু সকলকে পাঠিয়ে দেয়। মা সে জায়গায় কমেন্ট দিতে পারে। ফোনে কথা বলতে পারছে না বলে মা নিজে নিজেই দারুণ বুদ্ধি করে মা’র ল্যাপটপ বের করে মেসেঞ্জার দিয়ে আমেরিকায় ফোন দিল। আমার ছোটবোন অশ্রু, অশ্রুর বর কমল আর ওদের ছেলে টিটু টেক সাপোর্ট দিতে এগিয়ে এলো। ওরা প্রায় সারাই করে এনেছে, এমন সময় আমি শেষ চালটা চাললাম। ভলিউমটা বাড়িয়ে দিলাম। সব চলতে শুরু করল। কিন্তু মা আমাকে একটা থ্যাঙ্ক ইউ-ও দিল না। মনে হয় এটা প্রথমে এক ঘুরান মেরে চলে যাওয়ার ফলাফল। আজও রমনা পার্কে মা’র সঙ্গে রোদ পোহাতে গিয়েছিলাম। হঠাৎ দেখি মা দুই হাত দুই পাশে ছড়িয়ে দিয়ে ওড়ার ভঙ্গিতে নাড়ছে।

আমি তো বুঝতেই পারলাম না মা হঠাৎ কেন উড়তে চাচ্ছে। পরে বুঝলাম এটাও একটা এক্সসারসাইজ। রমনায় যাওয়ার পথে দেখা গেল মিল্কভিটার গাড়ি। মা কামাল ভাইকে বলল, কিছু রসগোল্লা কিনে আনতে। রসগোল্লা শেষ। তখন বলল, ঠিক আছে রসমালাই কিনে আন। তারপর বলল, ‘থাক’। ফলে এখন বাড়িতে কোনো মিষ্টি নেই, চিনিও নেই। আমার বেঁচে থাকার সব পথ বন্ধ। এদিকে টোড়িমাসি বলছে, ‘যা গিয়ে দেখ, তোর মা ঠিক হিসাবের খাতায় লিখেছে চিনি-৫০ আর ব্ল্যাকে-১৫০।’ কাল রাতে আর একটা বিপর্যয় ঘটে গেছে। আমি মানসম্মান জলাঞ্জলি দিয়ে লেপ গায়ে দিয়ে ঘুমিয়েছি। সাত বছর পর লেপের নিচে বেশ ভালো লাগল। লাল শালুর লেপ। উপরে সাদা মার্কিনের কভার দেওয়া। বেশ কিছুক্ষণ যদিও অজগর সাপের চোখের মতো তাকিয়ে ছিলাম লেপের দিকে। এ জিনিস সত্যি গায়ে দেব?

বরফের নিচে পুরোপুরি চাপা পড়া আঠাশ বছরের উইস্কনসিনবাসীর প্রেস্টিজ পাংচার! জানি না কেন মা’র ফোন নম্বর আমি ফেসবুকে ব্রডকাস্ট করেছি। আর তার জন্য নাকি বিরাট ঝামেলা শুরু হয়ে গেছে। অনেক ফোন আসছে। আমি বললাম, তোমাকে কে ফোন করছে? কথাটায় খুবই অপমানের সূচনা হয়েছে। সুতরাং, নম্বরটা মুছে দিলাম। সেলিব্রিটিদের নিয়ে এই এক সমস্যা! এদিকে বাড়িতে সবাই লাউশাক ভালোবাসে বলে তিনজন ভালোবেসে লাউশাক পাঠিয়েছে। পরিস্থিতি ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না। বাসায় ‘গর্জনশীল চল্লিশা’। আজ মা’র বন্ধু রাজশাহীর তাহমিনা মাসি বেড়াতে এসেছিলেন। টোড়িমাসি ঘুরে ঘুরে বাড়ি দেখাল। শুধু মা’র ঘর দেখানো মানা ছিল। মা বলে দিয়েছে যখন সবাইকে বাড়ি দেখাবি, আমার ঘর দেখাবি না। ঘরের এক কোণে মশারি ঝোলানো থাকে এবং বেড কভারটা বেশি সুন্দর না।

কিন্তু কাল বেড কভার বদলানো হয়েছে। ফলে দেখলাম বন্ধু তাহমিনা মাসিকে মা নিজেই ঘুরে ঘুরে ঘর দেখালো। কিন্তু একটা ঘরের বারান্দা দেখানো হচ্ছে। সে বারান্দা থেকে পাশের ঘরের বারান্দা দেখা যায়। সে বারান্দার গ্রিলে ধুলা। আমার তো এইসব সূক্ষ্ম বিষয় চোখেই পড়ে না। কিন্তু আবারও ‘গর্জনশীল চল্লিশা’। ‘শেফালি!’ এরপর এল কামাল ভাইকে আইড় মাছ খেতে দেওয়া হয়েছে কিনা, তা নিয়ে তর্ক-বিতর্ক। মা’র ইচ্ছা কামাল ভাইকে আইড় মাছ খেতে দেওয়া হোক। এ বিষয়ে গভীর কথাবার্তার পর জানা গেল মাছ দেওয়া হয়েছে। শান্তি! আমরা তাহমিনা মাসিকে পৌঁছাতে গেলাম। পথে ঢাকার জ্যাম। কুকুর, মানুষ, গাড়ি সবাই চলেছে। একই স্পিডে। আমার ধৈর্যচ্যুতি। কিন্তু মা রাস্তার পাশে শসা দেখে ভীষণ ভালোবেসে বলে উঠল, ‘দেখেই কিনতে ইচ্ছা করছে।

এত্ত ফ্রেশ!’ সকালের লাউশাক নিয়ে দক্ষযজ্ঞের কথা স্রেফ ভুলে গেছে। এদিকে একটা মশা খুবই উৎপাত শুরু করেছে গাড়ির ভেতর। মা আমাকে বলে কি, ‘মশাটা মার।’ আমি বললাম, ‘আমি প্রাণীহত্যা করি না।’ স্তভিত কামাল ভাই আমাকে জানালেন, ‘আরে, হে তো আপনার শত্রু লাগে!’ শত্রু নিয়েই পথ চললাম। এদিকে অসহ্য জ্যামের দিকে মার কোনো ভ্রƒক্ষেপ নেই। বরং বলে চলেছে, ‘তাহমিনা আপা, কাল ফুরুশ গাছের সারি দেখলাম। কী যে সুন্দর! লাল, সাদা, গোলাপি অপূর্ব ফুটে আছে।’ আমার কেবলই মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে পড়ে জ্যামের মাঝ দিয়ে হেঁটে যাওয়া পথের বাদামি কুকুরটার গায়ে একটু হাত বুলিয়ে আসি। যদিও জানি এ কাজ করলে বাড়ি এসে হাত স্ট্রেরিলাইজ করতে হবে।

সকালবেলা তীক্ষè সুরে মোবাইলে গান শুরু হয়েছে, ‘দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না- সেই-যে আমার নানা রঙের দিনগুলি।’ সেইসঙ্গে বেডরুমের ভেতর টোড়িমাসি মিলিটারি স্পিডে লেফট, রাইট করছে। ঘরের ভেতরই মর্নিং ওয়াক। শেফালির রান্নাঘর থেকে নানা বিচিত্র শব্দ ভেসে আসছে। ঘ্যাচাং, খচাং-বাসন মাজার শব্দ। মা ধীরে ধীরে হেঁটে এসে বলল, ‘আনন্দ ওঠ, সকাল হয়ে গেছে।’ আরে সকাল যে হয়েছে তা কি সকলের কর্মকান্ড শুনে আমি আর বুঝছি না? আগে জানতাম কেউ ঘুমাতে থাকলে তার আশপাশে শব্দ করতে নেই। কিন্তু না, এ বাসায় কেউ ঘুমাতে থাকলে শুরু হয়ে যায়, ‘ধিতাং ধিতাং বোলে, কে মাদলে তান তোলে কার আনন্দ উচ্ছলে আকাশ ভরে জোছনায়।’ ঘুম থেকে উঠতে গিয়ে দেখি বেডরুমের দরজা বন্ধ। আব্রু! কামাল ভাই ও অন্যান্য ভাইরা এসে গেছে বলে।

আমার মামার ছেলে অনিকেত এডমন্টন থেকে এসেছে। তাই অসীম মামা, মামি, অনিকেত কাল দুপুরবেলা দেখা করতে এসেছিল। তাকিয়ে দেখি পুরোটা সময় শেফালি একটা বালতিতে জল আর কী একটা সলিউশন গুলে তা নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাপার কী? না, অসীমমামারা গেলে ওই মিশ্রণ দিয়ে মেঝে মুছবে। এখন মুছলে সকলের পায়ের ছাপ পড়ে যাবে। চিনি সত্যিই মার্কেট থেকে উধাও। ব্ল্যাক মার্কেট থেকে কামাল ভাইয়ের ‘হে আমার বন্ধু লাগে’ দের কাছ থেকেও চিনি পাওয়া যাচ্ছে না। আমি আমার চিনির ঘাটতি মেটাতে চমচম আর গোলাপজাম খাচ্ছি। কাল দুপুরে সবাই যখন ঘুমাচ্ছিল, আমি চারটা মিষ্টি খেয়েছি। টোড়িমাসিদের বাড়ি উত্তর-পূর্বমুখী। খুব একটা রোদ আসে না। আমরা যে ফুলগাছগুলো লাগিয়েছি তার কিছুই ফোটে না। কিন্তু টোড়িমাসি নিজের পরিস্থিতি নিয়ে খুবই তৃপ্ত।

বলে কী, ওই দেখ সামনের দক্ষিণমুখী বাড়িওয়ালাদের রোদে মাথা ফেটে যাবে। এদিকে চিরকাল শুনেছি দক্ষিণমুখী বাড়ি ভালো। আমি বললাম, শীতকালে তোমাদের বারান্দায় তো বেশ হাওয়া। টোড়িমাসি বলে সে তো মাত্র দু’মাস। সিদ্ধান্তে আসলাম, ‘দেশপ্রেম ভালো।’ কাল অবরোধ ছিল। ফলে গাড়ি বের করা যাবে না। অথচ আমার সাইকিয়াট্রিস্টের অ্যাপয়েন্টমেন্ট আছে। টোড়িমাসি বলল কামালকে নিয়ে সিএনজিতে যেতে হবে। আমি বহু আগে বেবি ট্যাক্সি নামক জিনিষে চড়েছি। কিন্তু সিএনজিতে কখনো চড়িনি। উঠে দেখি তিন কোণা যানবাহনটার চারপাশে গ্রিল দেওয়া। সেফটির জন্য। আমার অবশ্য খুব একটা সেফ লাগছিল না। মনে হচ্ছিল এই বুঝি উল্টাবে। তবে দেখি সামনের সিএনজিতে লেখা আছে, ‘আল্লাহ সর্বশক্তিমান।’ ভরসা পেলাম। যদিও খাঁচার ভেতর নিজেকে আমার টিয়াপাখির মতো লাগছিল।

কামাল ভাই সিএনজিওয়ালার পাশে বসলেন। উনি আমাদের পাহারাদার। আমি আর টোড়িমাসি পিছনের সিটে। এখানেও কামাল ভাই ‘হে আমার বন্ধু লাগে’ টাইপের মনোভাব নিয়ে সিএনজিওয়ালার সঙ্গে গল্প-গুজব শুরু করে দিলেন। সিএনজির ভেতর বেশ বাতাস। ঠান্ডার জন্য টোড়িমাসি চাদর আর মোজা পরে এসেছে। আর আমাকে বলে কী মাথার চুল ওড়না দিয়ে প্যাঁচা। খুব ধুলা। আমি পাগড়ি বাঁধতে রাজি হলাম না। লিফটে উঠে দেখি কিছুতেই আমাদের নয় তলা আর আসে না। আমরা গ্রাউন্ড ফ্লোরে যাই, তারপর চৌদ্দ তলায় যাই, তারপর আবার গ্রাউন্ড ফ্লোরে যাই। টোড়িমাসি লিফটের বোতামের কাছে। আমি বললাম, ‘বোতাম টিপেছ কি?’ টোড়িমাসি বলে কি, ‘না, ভুলে গেছি। এতদিন তো ওরাই টিপত।’ উচ্চপদে চাকরিরত অবস্থায় টোড়িমাসি সবসময় পাইক বরকন্দাজ নিয়ে চলাফেরা করত। এখন রিটায়ার করেছে।

সৈন্য-সামন্তহীন হয়ে একেবারে দিশেহারা অবস্থা টোড়িমাসির। লিফটের বোতাম টেপা শিখতে হচ্ছে। ডাক্তার চারটায় আসবার কথা। কিন্তু তিনি আসলেন সাড়ে ছয়টায়। ঢাকার পথে নাকি জ্যাম। আরে আমরা বুঝি গ্রামের পথ দিয়ে এসেছি? আজ অনেক কায়দা করে স্বাস্থ্য-উদ্ধার থেকে রক্ষা পেয়েছি। দশটার দিকে মা এসে বলে, ‘কী রে, রেডি হ। রমনায় হাঁটতে যাব।’ টোড়িমাসি এসে বলে, ‘এখনো ঘুমাচ্ছিস?’ আমি কোনো রকম নড়াচড়া না করে সব কথা শুনতে পেয়েও মটকা মেরে পড়ে থাকলাম। যেন গভীর ঘুমাচ্ছি। ওরা কোনো রকম সুবিধা করতে না পেরে আমাকে ছাড়া নিজেরাই স্বাস্থ্য-উদ্ধারে গেল। টোড়িমাসি সাঁতারে আর মা গুটিগুটি হাঁটতে। বাড়িতে দুজন ব্রিগেডিয়ার না থাকায় বাড়িটা খুবই এক শান্ত পরিস্থিতির ভেতর আছে। মেসো কোনো রকম হৈ-হল্লা, ডানদিকে কাপ রাখো, বামদিকে প্লেট রাখো-র মধ্যে নেই। নিজের মনে নিজের ঘরে বসে রবীন্দ্র-সঙ্গীত গাচ্ছেন। এদিকে শেফালির সঙ্গে আমার খুবই বন্ধুত্ব। ও মাঝে মাঝেই এসে আমাকে সুখ-দুঃখের কথা বলে যায়। একটু আগেই জানিয়ে গেল কতটা শুকনো লঙ্কা বাটতে হয়েছে আজ। সব গল্পই মাটির কাছাকাছি। শেফালির সঙ্গে ভাব থাকায় আমি কিছু বাড়তি সুবিধা পাই। ঘুম থেকে উঠে বিছানা তোলবার কথা আমার। কিন্তু যত ভালোভাবেই আমি করি, টোড়িমাসি এসে তা আর একবার করে। টানটান হয়নি নাকি। আজকাল তো আবার লেপ এসেছে। মশারি খুললে তার ভেতর লেপটাকে তিমি মাছ ধরা পড়েছে বলে মনে হয়। তবে আজ বাড়িতে কেউ নেই দেখে শেফালি এসে আমাকে বলল, ‘আপনার আর বিছানা করতে হবে না নে। আমিই কইর‌্যা দিতাছি।’ খুবই মুক্তি পেলাম। আমি কিছুতেই বিছানার একতলা, দোতালা ঠিক করে উঠতে পারি না। কোথায় বালিশ যাবে, কোথায় মশারি যাবে, কোথায় কাঁথা, কোথায় লেপ।

(ধারাবাহিক)

লেখক : সাহিত্যিক, সাবেক সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্পেশালিস্ট (যুক্তরাষ্ট্র)