বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হলে রেমিট্যান্স, রফতানি, বিদেশী বিনিয়োগ, বৈদেশিক ঋণ কিংবা আইএমএফের শর্ত; এসব বিষয়ই বেশি গুরুত্ব পায়। কিন্তু অর্থনীতির দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরির অন্যতম মৌলিক বিষয়, অর্থাৎ দেশের অভ্যন্তরীণ সঞ্চয়কে উৎপাদনশীল পুঁজিতে রূপান্তরের বিষয়টি খুব কমই আলোচনায় আসে। অথচ টেকসই উন্নয়নের জন্য নিজস্ব পুঁজি গঠনের কোনো বিকল্প নেই। বিদেশী ঋণ ও বিনিয়োগ উন্নয়নের গতি বাড়াতে পারে, কিন্তু একটি অর্থনীতির ভিত শক্ত করে তার নিজস্ব সঞ্চয় ও বিনিয়োগের সক্ষমতা।
বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ২০২৪-২৫ অনুযায়ী, ওই অর্থবছরে দেশের মোট দেশজ সঞ্চয় জিডিপির ২৩ দশমিক ২৫ শতাংশে নেমে এসেছে, যা আগের অর্থবছরে ছিল ২৩ দশমিক ৯৬ শতাংশ। একই সময়ে বিনিয়োগের অনুপাত ৩০ দশমিক ৭০ শতাংশ থেকে কমে ২৯ দশমিক ৩৮ শতাংশে দাঁড়িয়েছে। অর্থাৎ দেশের অভ্যন্তরীণ সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে জিডিপির ৬ দশমিক ১৩ শতাংশের সমপরিমাণ ব্যবধান রয়ে গেছে। এ ব্যবধান পূরণে বিদেশী সঞ্চয় ও অর্থায়নের ওপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে বেসরকারি বিনিয়োগের অনুপাতও ২৩ দশমিক ৯৬ শতাংশ থেকে কমে ২২ দশমিক ৪৮ শতাংশে নেমেছে। এসব পরিসংখ্যান আমাদের মনে করিয়ে দেয়, শুধু অর্থের জোগান নয়, বিনিয়োগের পরিবেশ ও অর্থায়নের কাঠামোও সমান গুরুত্বপূর্ণ।
ব্যাংক খাতে সাড়ে তিন দশকের বেশি সময় কাজ করার অভিজ্ঞতায় দেখেছি, বাংলাদেশের মানুষের সঞ্চয়ের প্রবণতা যথেষ্ট শক্তিশালী। গ্রামের কৃষক, শহরের চাকরিজীবী কিংবা প্রবাসী শ্রমিক—সামর্থ্য অনুযায়ী সবাই সঞ্চয় করেন। সমস্যা সঞ্চয়ের ইচ্ছায় নয়; সমস্যা হলো, সেই সঞ্চয়কে দীর্ঘমেয়াদি ও উৎপাদনশীল বিনিয়োগে রূপান্তরের প্রাতিষ্ঠানিক সক্ষমতার ঘাটতি। মানুষের অর্থের বড় অংশ ব্যাংক আমানত, জমি, ফ্ল্যাট কিংবা সোনায় আটকে থাকছে। শিল্প, অবকাঠামো ও নতুন উদ্যোগে সেই অর্থের প্রবাহ প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না।
এর মূলে রয়েছে আর্থিক খাতের প্রতি আস্থার সংকট। ১৯৯৬ ও ২০১০ সালের পুঁজিবাজার ধসের স্মৃতি বিনিয়োগকারীরা এখনো ভুলতে পারেননি। কারসাজি, দুর্বল তদারকি এবং অনিয়মের দৃষ্টান্তমূলক বিচার না হওয়ায় পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হয়নি। ব্যাংক খাতেও বড় অঙ্কের খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি এবং কিছু প্রতিষ্ঠানের আর্থিক দুর্বলতা আমানতকারীদের উদ্বিগ্ন করেছে। মানুষ যখন দেখে, বড় ঋণগ্রহীতাদের জবাবদিহিতা দুর্বল, তখন তার কষ্টার্জিত অর্থ বিনিয়োগে লাগানোর আগ্রহ কমে যায়। আস্থা ছাড়া কোনো আর্থিক বাজারে দীর্ঘমেয়াদি পুঁজি আসতে পারে না।
এর সঙ্গে যুক্ত হয়েছে বিনিয়োগের বিকল্পের সীমাবদ্ধতা। সাধারণ মানুষের সঞ্চয়ের প্রচলিত মাধ্যম মূলত ব্যাংকের মেয়াদি আমানত, সঞ্চয়পত্র, বীমা পণ্য এবং পুঁজিবাজার। অথচ একটি কার্যকর করপোরেট বন্ড বাজার, শক্তিশালী মিউচুয়াল ফান্ড শিল্প এবং পেশাদার পেনশন তহবিল গড়ে তোলার ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। ঢাকা স্টক এক্সচেঞ্জের ২০২৫ সালের আগস্টের তথ্য অনুযায়ী, সেখানে তালিকাভুক্ত করপোরেট বন্ড ছিল মাত্র ১৬টি; এগুলোর বাজারমূল্যও মোট বাজার মূলধনের তুলনায় অত্যন্ত সামান্য। ফলে একজন তরুণ চাকরিজীবী প্রতি মাসে কিছু অর্থ সঞ্চয় করতে চাইলেও ঝুঁকি ও মুনাফার ভারসাম্য বিবেচনায় নেয়ার মতো পর্যাপ্ত বিনিয়োগ পণ্য পান না।
বাংলাদেশের আর্থিক ব্যবস্থার আরেকটি বড় দুর্বলতা হলো ব্যাংকনির্ভরতা। শিল্পপ্রতিষ্ঠান থেকে অবকাঠামো—প্রায় সব ধরনের বিনিয়োগের অর্থায়নে ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা রয়েছে। কিন্তু ব্যাংকের প্রধান তহবিল আসে স্বল্প ও মধ্যমেয়াদি আমানত থেকে। সেই অর্থ দিয়ে দীর্ঘমেয়াদি শিল্প ও অবকাঠামো প্রকল্পের অর্থায়ন করলে সম্পদ ও দায়ের মেয়াদগত অসামঞ্জস্য তৈরি হয়। এতে ব্যাংকের তারল্য ও ঋণঝুঁকি বাড়ে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ছিল মাত্র ৬ দশমিক ৩৯ শতাংশ। এটি বিনিয়োগের স্থবিরতা ও উদ্যোক্তাদের অর্থায়ন সংকটের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
আন্তর্জাতিক অভিজ্ঞতা আমাদের জন্য শিক্ষণীয়। ভারতে ২০২৪-২৫ অর্থবছরে করপোরেট বন্ডের বকেয়া বাজারমূল্য ৫৩ দশমিক ৬ লাখ কোটি রুপিতে পৌঁছেছে, যা দেশটির জিডিপির প্রায় ১৫-১৬ শতাংশ। এর ফলে ব্যাংক ঋণের পাশাপাশি কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প তৈরি হয়েছে। ভিয়েতনামও সরকারি ও করপোরেট বন্ড বাজার সম্প্রসারণে বেশ এগিয়েছে। তবে সেখানে করপোরেট বন্ডে অনিয়ম ও আস্থার সংকটের অভিজ্ঞতা দেখিয়েছে, যথাযথ নিয়ন্ত্রণ ছাড়া বাজার সম্প্রসারণ ঝুঁকিপূর্ণ হতে পারে। অর্থাৎ শুধু বাজারের আকার বাড়ানো নয়, এর সঙ্গে সুশাসন ও বিনিয়োগকারীর সুরক্ষাও নিশ্চিত করতে হবে।
কর কাঠামোও পুঁজি গঠনের সহায়ক হওয়া প্রয়োজন। সুদ, লভ্যাংশ ও মূলধনি মুনাফার ওপর কর আরোপে নীতিগত সামঞ্জস্য এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহ দেয়ার বিষয়টি বিবেচনা করতে হবে। একই সঙ্গে জমি ও আবাসন খাতে অর্থের অনুৎপাদনশীল ব্যবহার নিরুৎসাহিত করা দরকার। বিনিয়োগকারীর কাছে বার্তা স্পষ্ট হওয়া উচিত—উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে নীতিগত সুবিধা পাওয়া যাবে।
এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্রথমেই আর্থিক খাতে আস্থা ফিরিয়ে আনতে হবে। পুঁজিবাজারে কারসাজির বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা, নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতা ও সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংকের পরিচালনায় সুশাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি ট্রেজারি বন্ডের বাজারকে আরো গভীর করে করপোরেট বন্ডের জন্য একটি কার্যকর মাধ্যম তৈরি করতে হবে। ভালো কোম্পানিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির শর্তে বন্ড ইস্যুতে উৎসাহিত করতে হবে।
একই সঙ্গে সর্বজনীন পেনশন ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও পেশাদার ভিত্তিতে পরিচালনা করতে হবে। পেনশন তহবিলের বিনিয়োগনীতি, ঝুঁকি ব্যবস্থাপনা ও আয়ের তথ্য নিয়মিত প্রকাশ করা জরুরি। যথাযথ সুরক্ষা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করে এসব দীর্ঘমেয়াদি তহবিলকে সরকারি ও করপোরেট বন্ড, অবকাঠামো এবং মানসম্পন্ন বিনিয়োগে যুক্ত করা গেলে তা দেশের পুঁজি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি মিউচুয়াল ফান্ডের সুশাসন, বীমা খাতের সংস্কার এবং শিক্ষা ব্যবস্থায় আর্থিক সাক্ষরতার প্রসারও জরুরি।
বাংলাদেশের মানুষের সঞ্চয় আছে, ব্যাংকিং ব্যবস্থায় বিপুল আমানতও রয়েছে। কিন্তু এ অর্থের কতটা নতুন শিল্প, কর্মসংস্থান, প্রযুক্তি ও উৎপাদনশীল অবকাঠামো তৈরিতে ব্যবহৃত হচ্ছে, সেটিই হওয়া উচিত আমাদের নীতিনির্ধারণী আলোচনার কেন্দ্রে। বিদেশী ঋণ ও বিনিয়োগের প্রয়োজন অস্বীকার করার সুযোগ নেই। তবে নিজস্ব সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তরের সক্ষমতা ছাড়া দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সম্ভব নয়।
প্রশ্নটি তাই শুধু আমাদের হাতে কত টাকা আছে, তা নয়। বরং আমরা কতটা দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সেই অর্থকে জাতীয় সম্পদে পরিণত করতে পারছি, সেটিই বাংলাদেশের উন্নয়নের পরবর্তী অধ্যায় নির্ধারণ করবে।
মামুন রশীদ : অর্থনীতি বিশ্লেষক ও ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের লিড পার্টনার
