ভাষা মানবসভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অর্জনগুলোর একটি। মানুষের চিন্তা, অনুভূতি, ইতিহাস, জ্ঞান ও পরিচয় ভাষার মধ্য দিয়েই প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হয়। কিন্তু আধুনিকায়ন, নগরায়ণ, বৈশ্বিক ভাষার প্রভাব, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে পৃথিবীর অসংখ্য ভাষা আজ বিলুপ্তির মুখে। ভাষাবিদদের মতে, বর্তমানে বিশ্বে প্রচলিত প্রায় সাত হাজার ভাষার মধ্যে অর্ধেকেরও বেশি এই শতাব্দীর শেষে হারিয়ে যেতে পারে। একটি ভাষা বিলুপ্ত হওয়া মানে শুধু কিছু শব্দ বা ব্যাকরণ হারানো নয়, বরং একটি সম্পূর্ণ সংস্কৃতি, ইতিহাস, লোকজ জ্ঞান, পরিবেশ-সংক্রান্ত অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গির অবসান। এই ভয়াবহ বাস্তবতায় প্রযুক্তি একটি আশার আলো হিসেবে আবির্ভূত হয়েছে।

ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য সংরক্ষণ ব্যবস্থা এবং যোগাযোগ প্রযুক্তির সমন্বয়ে বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় ভাষা সংরক্ষণ আজ আর কেবল তাত্ত্বিক আলোচনা নয়, বরং একটি বাস্তব ও কার্যকর উদ্যোগে পরিণত হয়েছে। প্রযুক্তি ভাষাকে কেবল আর্কাইভে বন্দি করে রাখে না, বরং তা পুনর্জীবিত করার পথও তৈরি করে। ভাষা হারিয়ে যাওয়ার প্রভাব শুধু ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব সমগ্র মানবসভ্যতার ওপর পড়ে। অনেক ভাষার সঙ্গে যুক্ত থাকে লোকজ চিকিৎসা, পরিবেশগত জ্ঞান, কৃষিপদ্ধতি ও দর্শন। একটি ভাষা বিলুপ্ত হলে এই জ্ঞানও হারিয়ে যায়, যা মানবজাতির জন্য অপূরণীয় ক্ষতি। \r\nআগে ভাষা সংরক্ষণ বলতে হাতে লেখা পাণ্ডুলিপি, কাগজে লেখা অভিধান বা গবেষণাপত্র বোঝানো হতো, যা সময়ের সঙ্গে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে থাকত।

বর্তমানে ডিজিটাল রেকর্ডিং প্রযুক্তির মাধ্যমে ভাষার শব্দভাণ্ডার, উচ্চারণ, ব্যাকরণ, কথোপকথন, গান, কবিতা ও লোককথা অডিও ও ভিডিও আকারে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। উচ্চমানের অডিও রেকর্ডার ও ভিডিও ক্যামেরার সাহায্যে মাতৃভাষীদের কণ্ঠে ভাষার প্রকৃত ধ্বনি, টান, আবেগ ও ব্যবহার ধারণ করা যায়, যা ভবিষ্যৎ গবেষণার জন্য অমূল্য সম্পদ। একই সঙ্গে ডিজিটাল টেক্সট আর্কাইভ তৈরি করে ভাষার লিখিত রূপ সংরক্ষণ করা হচ্ছে। ইউনিকোড ও আধুনিক ফন্ট প্রযুক্তির ফলে বহু বিলুপ্তপ্রায় ভাষা এখন কম্পিউটার ও মোবাইল স্ক্রিনে জায়গা পাচ্ছে। এসব ডেটা অনলাইন ডাটাবেসে সংরক্ষণ করে গবেষক, শিক্ষার্থী ও আগ্রহী মানুষ সহজেই বিশ্বব্যাপী প্রবেশাধিকার পাচ্ছে।

এভাবে প্রযুক্তি ভাষা সংরক্ষণকে স্থানীয় সীমাবদ্ধতা থেকে মুক্ত করে বৈশ্বিক পর্যায়ে নিয়ে গেছে এবং নতুন দিগন্ত খুলে দিয়েছে। যেমন- ১. ডিজিটাল আর্কাইভ ও ডকুমেন্টেশন: অডিও, ভিডিও ও টেক্সটের মাধ্যমে ভাষা সংরক্ষণ এখন অনেক সহজ। ভাষাবিদরা হারিয়ে যেতে বসা ভাষার শব্দভাণ্ডার, ব্যাকরণ, গল্প ও গান ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করছেন, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ। ২. মোবাইল অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম: ভাষা শেখার অ্যাপ, অনলাইন কোর্স ও ভিডিও প্ল্যাটফর্মের মাধ্যমে সংখ্যালঘু ভাষা শেখা ও শেখানো সম্ভব হচ্ছে। এতে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। ৩.

কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভাষা প্রযুক্তি: কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভাষা অনুবাদ, স্বয়ংক্রিয় বক্তৃতা শনাক্তকরণ (ংঢ়ববপয ৎবপড়মহরঃরড়হ) ও টেক্সট-টু-স্পিচ প্রযুক্তি উন্নত হচ্ছে। এসব প্রযুক্তি ছোট ভাষাগুলোকে ডিজিটাল দুনিয়ায় দৃশ্যমান করে তুলছে। ৪. সামাজিক যোগাযোগমাধ্যম: ফেসবুক, ইউটিউব ও অন্যান্য সামাজিক মাধ্যম মানুষকে তাদের মাতৃভাষায় লেখা, গান, গল্প ও ভিডিও প্রকাশের সুযোগ দিচ্ছে। এতে ভাষার ব্যবহার বাড়ছে এবং ভাষাটি জীবিত থাকছে।\r\nকৃত্রিম বুদ্ধিমত্তাও বিলুপ্ত ভাষা সংরক্ষণে নতুন মাত্রা যোগ করেছে। মেশিন লার্নিং ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে সীমিত তথ্য থাকা সত্ত্বেও ভাষার কাঠামো বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে।

পুরানো রেকর্ডিং বা পাণ্ডুলিপি থেকে স্বয়ংক্রিয়ভাবে শব্দ, বাক্যগঠন ও অর্থ শনাক্ত করে ডিজিটাল অভিধান ও ব্যাকরণ তৈরি করা হচ্ছে। স্পিচ-টু-টেক্সট ও টেক্সট-টু-স্পিচ প্রযুক্তি বিলুপ্তপ্রায় ভাষায় কথা বলা ও শোনার সুযোগ তৈরি করছে, যা ভাষা শেখার আগ্রহ বাড়ায়। এমনকি কিছু ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ভাষার অনুপস্থিত শব্দভাণ্ডার অনুমান করে নতুন প্রজন্মের জন্য ব্যবহারযোগ্য রূপ দেওয়া হচ্ছে। ভার্চুয়াল সহকারী, চ্যাটবট ও শিক্ষামূলক অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভাষা শেখা সহজ ও আকর্ষণীয় হয়ে উঠছে। এই প্রযুক্তিগুলো ভাষাকে কেবল সংরক্ষিত স্মৃতিচিহ্ন হিসেবে নয়, বরং ব্যবহারযোগ্য জীবন্ত মাধ্যম হিসেবে পুনরুদ্ধার করতে সাহায্য করছে। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমও বিলুপ্ত ভাষা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

আগে ছোট জনগোষ্ঠীর ভাষা বৃহৎ সমাজে তেমন পরিচিতি পেত না, ফলে নতুন প্রজন্ম সেই ভাষা শেখার আগ্রহ হারাত। বর্তমানে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, পডকাস্ট, অনলাইন কোর্স ও সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপের মাধ্যমে ভাষা ব্যবহারকারীরা নিজেদের ভাষায় কনটেন্ট তৈরি ও শেয়ার করতে পারছে। ফলে ভাষা নিয়ে গর্ববোধ তৈরি হচ্ছে এবং ভাষার সামাজিক মর্যাদা বাড়ছে। অনলাইন কমিউনিটি গড়ে ওঠার মাধ্যমে ভাষাভাষীরা একে অপরের সঙ্গে যুক্ত থাকছে, অভিজ্ঞতা বিনিময় করছে এবং ভাষা ব্যবহারে উৎসাহ পাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা যেমন ইউনেস্কো প্রযুক্তিনির্ভর ভাষা সংরক্ষণ প্রকল্পে সহায়তা দিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াচ্ছে।

এই সম্মিলিত উদ্যোগ প্রমাণ করে যে প্রযুক্তি ও মানবিক চেতনার সমন্বয় ভাষা বিলুপ্তির প্রবণতাকে প্রতিরোধ করতে পারে।\r\nপ্রযুক্তি বিলুপ্ত ভাষা সংরক্ষণের এক শক্তিশালী হাতিয়ার হলেও এটি একমাত্র সমাধান নয়। প্রযুক্তির কার্যকারিতা নির্ভর করে মানুষের ইচ্ছা, সামাজিক অংশগ্রহণ ও নীতিগত সহায়তার ওপর। স্থানীয় জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া ভাষা সংরক্ষণ কখনই টেকসই হয় না। প্রযুক্তিকে ব্যবহার করে শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষার অন্তর্ভুক্তি, ডিজিটাল শিক্ষাসামগ্রী তৈরি এবং সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতে হবে। সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষক ও প্রযুক্তিবিদদের সম্মিলিত প্রচেষ্টায় ভাষা সংরক্ষণ একটি সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষাকে কেবল জাদুঘরের নিদর্শন হিসেবে নয়, বরং জীবন্ত, ব্যবহারযোগ্য ও সম্মানিত পরিচয়ের অংশ হিসেবে টিকিয়ে রাখাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। প্রযুক্তির সঠিক ও মানবিক ব্যবহারের মাধ্যমে বিলুপ্ত ভাষাকে নতুন জীবন দেওয়া সম্ভব, এটাই আধুনিক সভ্যতার প্রতি আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। তবে প্রযুক্তি থাকা সত্ত্বেও ভাষা সংরক্ষণ সহজ নয়। অনেক ভাষার নিজস্ব লিপি নেই, অনেক ভাষাভাষীর প্রযুক্তিতে প্রবেশাধিকার সীমিত, আবার অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তার অভাবও বড় বাধা। তবুও সচেতনতা ও পরিকল্পিত উদ্যোগ থাকলে এই চ্যালেঞ্জগুলো অতিক্রম করা সম্ভব।\r\nভাষা মানুষের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। মানুষের চিন্তা, অনুভূতি ও জ্ঞান আদান-প্রদানে ভাষার ভূমিকা অপরিসীম।

এই জায়গায় ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অনুবাদ সফটওয়্যার ভাষা শেখা, সংরক্ষণ ও ব্যবহারকে নতুন মাত্রা দিয়েছে। অর্থাৎ প্রযুক্তি ভাষাকে যেমন দ্রুততর, সহজ ও বৈশ্বিক করেছে, তেমনি ভাষা শেখাকেও করেছে সহজ। অনলাইন ক্লাস, অনুবাদ সফটওয়্যার ও ডিজিটাল অভিধানের মাধ্যমে মানুষ খুব সহজেই নতুন ভাষা শিখতে পারছে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা ভাষা বিশ্লেষণ ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে ভাষা ও প্রযুক্তি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত হয়ে পড়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মানুষ মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে নিজের ভাষায় যোগাযোগ করতে পারছে। আগে যেখানে চিঠি পৌঁছাতে দিনের পর দিন লাগত, এখন সেখানে এক ক্লিকেই বার্তা পাঠানো সম্ভব। এতে ভাষার প্রচলন যেমন বেড়েছে, তেমনি নতুন শব্দ ও প্রকাশভঙ্গির জন্ম হয়েছে। তবে প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে ভাষার শুদ্ধতা নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া ও দ্রুত বার্তা আদান-প্রদানের (যেমন- ঝগঝ, চ্যাটিং) অতিরিক্ত ব্যবহারে বাংলা ভাষার বানান, ব্যাকরণ ও শব্দচয়নে অসংলগ্নতা তৈরি হচ্ছে। ইংরেজি ও বাংলার মিশ্রণ, বর্ণগত ভুল এবং সংক্ষিপ্ত রূপ ব্যবহারের ফলে ভাষার শুদ্ধতা ও নান্দনিকতা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এটি ভাষার নিজস্ব ব্যবহার বিধি ও মর্যাদা ক্ষুণ্ন করছে, যা ভবিষ্যৎ প্রজন্মের ভাষা দক্ষতার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।