ডিজিটাল যুগে প্রতিনিয়ত তথ্য হ্যাকিং হচ্ছে এবং এটি একটি ক্রমবর্ধমান সাইবার অপরাধ। যদিও সফটওয়্যার ডেভেলপারদের লক্ষ্য থাকে তাদের দ্বারা ডেভেলপকৃত সফটওয়্যারটি ব্যবহার করে ইউজারের সব তথ্য যেন সবসময় সুরক্ষিত থাকে। তবুও কার্যত সকল সফটওয়্যার এবং হার্ডওয়্যারেই কিছু না কিছু দুর্বলতা (বাগ) থেকে যায়। পরবর্তীতে সেই বাগ থেকেই হ্যাকাররা সফটওয়্যারটিকে অ্যাটাক করে। বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাটাকের মধ্যে রয়েছে ম্যালওয়্যার (যেমন- ভাইরাস, ট্রোজান), ফিশিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। এছাড়া পাইরেটেড বা ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার করাও একটি ঝুঁকিপূর্ণ কাজ, যা ম্যালওয়্যার অ্যাটাকের সম্ভাবনা বাড়ায়। যে কোনো অ্যাটাকই তথ্য নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তবে বর্তমান সময়ে সবচেয়ে বিপজ্জনক এবং চ্যালেঞ্জিং আক্রমণের একটি হচ্ছে জিরো ডে অ্যাটাক । এই ধরনের আক্রমণ সাধারণত সফটওয়্যার বা সিস্টেমের অজানা দুর্বলতার সুযোগ নিয়ে সংঘটিত হয়, যা সফটওয়্যার ডেভেলপার বা নিরাপত্তা বিশেষজ্ঞরা আগে থেকে জানতে পারেন না। জিরো ডে শব্দটি বোঝায় যে, যখনই দুর্বলতাটি প্রথমবার আবিষ্কৃত হয়, তখন এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য কোনো সময় থাকে না। অর্থাৎ উক্ত দুর্বলতাটি প্রতিরোধ করতে ডেভলপারদের হাতে মাত্র শূন্য দিন সময় থাকে। যেহেতু সদ্য আবিষ্কৃত দুর্বলতাটি সম্পর্কে সফটওয়্যার নির্মাতারা এখনো জানেই না এবং সে মতে সমস্যাটি সমাধানের জন্য প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগই পায় না। তাই এটিকে জিরো ডে অ্যাটাক বলা হয়।\r\n জিরো ডে অ্যাটাক সাধারণত নিম্নের কয়েকটি ধাপে ঘটে থাকে।

প্রথমে আক্রমণকারী নির্দিষ্ট দুর্বলতাটি শনাক্ত করে এবং এরপর বিশেষভাবে তৈরি করা ক্ষতিকর কোড, ম্যালওয়্যার বা এক্সপ্লয়েটের মাধ্যমে সিস্টেমে প্রবেশ করে সম্পূর্ণ সিস্টেম নিয়ন্ত্রণে নেয়। অতঃপর আক্রমণের মাধ্যমে সংবেদনশীল তথ্য চুরি করে সম্পূর্ণ সিস্টেমের কার্যকারিতা নষ্ট করে দেয়। যেহেতু সিকিউরিটি সফটওয়্যার বা অ্যান্টিভাইরাস এই নতুন ধরনের আক্রমণ সম্পর্কে আগে থেকে কিছুই জানে না, তাই তারা কোনো সতর্কতাও দিতে পারে না। এই কারণে জিরো ডে অ্যাটাক সাইবার জগতে সবচেয়ে বিপজ্জনক আক্রমণগুলোর একটি। জিরো ডে অ্যাটাক সাধারণত অত্যন্ত দক্ষ হ্যাকার, সংঘটিত সাইবার অপরাধচক্র বা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার মতো উন্নত গ্রুপগুলোর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

তারা প্রায়ই দীর্ঘ সময় ধরে সফটওয়্যারের গভীরে অনুসন্ধান চালিয়ে এমন ত্রুটি খুঁজে বের করে, যা অন্য কেউ আগে খুঁজে পায়নি। আক্রমণকারীরা ওই দুর্বলতাটিকে গোপন রাখতে চায় যাতে যতদিন সম্ভব তারা এর সুবিধা নিতে পারে। অনেক ক্ষেত্রে তারা এসব দুর্বলতা ডার্ক ওয়েবে বিক্রিও করে থাকে। কারণ জিরো ডে ভলনারেবিলিটির দাম অত্যন্ত বেশি এবং সাইবার দুনিয়ায় এগুলোর চাহিদাও প্রচুর।\r\nজিরো ডে অ্যাটাকের (এক্সপ্লয়েট) মাধ্যমে হ্যাকাররা লাখ লাখ ডলার আয় করে থাকে। এ ধরনের ক্রেতা প্রধানত তিন প্রকারের হয়ে থাকে। ১. হোয়াইট বা সাদা- বিক্রেতা অথবা জিরো ডে ইনিশিয়েটিভের মতো তৃতীয় পক্ষ যারা বিক্রেতার কাছে সফটওয়্যারটির বাগ বা দুর্বলতার কৌশল/ধারণা প্রকাশ করে। প্রায়ই এ ধরনের প্রকাশ একটি বাগ বাউন্টির বিনিময়ে করা হয়।

সমস্ত কোম্পানি প্রকাশের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া জানায় না। কারণ এটি আইনি দায়বদ্ধতা এবং পরিচালনাগত ওভারহেডের কারণ হতে পারে। ২. গ্রে বা ধূসর- বৃহত্তম এবং সবচেয়ে লাভজনক। সরকার বা গোয়েন্দা সংস্থাগুলো জিরো-ডে কিনে এবং আক্রমণে এটি ব্যবহার করতে পারে, দুর্বলতা মজুদ করতে পারে অথবা বিক্রেতাকে অবহিত করতে পারে। এই গ্রুপের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার অন্যতম। বিভিন্ন পরিসংখ্যান থেকে দেখা যায় যে ফাইভ আইস (মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড) এবং রাশিয়া, ভারত, ব্রাজিল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, উত্তর কোরিয়া এবং ইরান এই গ্রুপের উল্লেখযোগ্য ক্রেতা। ৩. ব্লাক বা কালো- সংঘটিত অপরাধ, যারা সাধারণত দুর্বলতার জ্ঞানের চেয়ে সফটওয়্যার ব্যবহার করতে পছন্দ করে।

এই ব্যবহারকারীরা অর্ধ-দিন ব্যবহার করে যেখানে একটি বিশেষ প্যাচ তাদের জানা বা আয়ত্তে থাকে। প্যাচ হলো একটি বিদ্যমান সফটওয়্যার কৌশল/সংস্থান যা একটি প্রোগ্রাম বা ফাইল পরিবর্তন করার সময় সৃষ্ট বাগ বা দুর্বলতাকে ঠিক করতে ব্যবহৃত হয়। \r\n জিরো ডে অ্যাটাক রোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো দ্রুততম সময়ে প্যাচ বা আপডেট প্রকাশ ও ইনস্টল করা। পাশাপাশি থ্রেট ইন্টেলিজেন্স, এআই-ভিত্তিক অ্যানালাইসিস এবং মাল্টি-লেয়ার্ড সিকিউরিটি ব্যবস্থাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্য ফিশিং আক্রমণের মাধ্যমে জিরো ডে এক্সপ্লয়েট করা একটি সাধারণ কৌশল। অন্য কৌশলগুলো হলো কোনো সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের নতুন আপডেট সবসময় ইনস্টল করা। কারণ আপডেটগুলোতে নিরাপত্তা ত্রুটি সংশোধনের জন্য প্যাচ অন্তর্ভুক্ত থাকে।

শক্তিশালী অ্যান্টিভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার প্রোগ্রাম ব্যবহার করা, যা পরিচিত এবং অজানা উভয় ধরনের হুমকি শনাক্ত করতে পারে। ফায়ারওয়াল সর্বদা সক্রিয় রাখা এবং এটি সঠিকভাবে কনফিগার করা আছে কিনা তা নিশ্চিত করা। এটি অননুমোদিত অ্যাক্সেস ব্লক করতে সাহায্য করে। \r\nডার্ক ওয়েব বাণিজ্য বলতে অবৈধ এবং গোপনীয় কেনা-বেচা বোঝায়। এটি একটি লুকানো নেটওয়ার্ক, যেখানে প্রবেশ করার জন্য বিশেষ সফটওয়্যার প্রয়োজন হয় এবং এটি সাধারণ সার্চ ইঞ্জিন দ্বারা সূচিত হয় না। এই সুযোগেই হ্যাকারা গোপনীয়তা রক্ষার সফটওয়্যার, রিসার্চ ডাটা বা স্পর্শকাতর ডাটা ও এ-সংক্রান্ত টুলসও বিক্রি করে ফেলে। আর এভাবে অবৈধ বাণিজ্যের বিস্তার ঘটে বা ডার্ক ওয়েবের দখলে চলে যায়।

এখানে নকল ই-নথিপত্র, ডাটা লিক, হ্যাকিং টুলস, চুরি করা এবং ক্রেডিট কার্ড তথ্য পাচারের মতো অপরাধমূলক কার্যক্রমও চলে বৈশ্বিক পরিসরে। ডার্ক ওয়েব বাণিজ্যে ক্রিপ্টোকারেন্সি ব্যবহারের প্রবণতাও বিশেষভাবে লক্ষণীয়। এটি শুধু অপরাধ বাড়ায় না, বরং সমাজে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয় তৈরি করে। তথ্য বিক্রির মাধ্যমে পরিচয় চুরি (আইডেন্টিটি থেফট) বাড়ে, যা ভুক্তভোগীদের আর্থিক ক্ষতি করে। অন্যদিকে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব অপরাধ মোকাবিলায় বিপুল অর্থ বিনিয়োগ করতে হয়। অর্থাৎ ডার্ক ওয়েব বাণিজ্য একটি জটিল বৈশ্বিক বাস্তবতা। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এটি আরও বিস্তৃত হচ্ছে এবং অপরাধীদের পাশাপাশি সাধারণ মানুষেরও ব্যবহার বেড়েছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সহযোগিতা, শক্তিশালী সাইবার আইন, ডিজিটাল সাক্ষরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে অপরাধমূলক ডার্ক ওয়েব বাণিজ্য নিয়ন্ত্রণ করা জরুরি। ডার্ক ওয়েবকে সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয়। তবে সঠিক নীতিমালা ও প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে এর অপব্যবহার সীমিত করাই হতে পারে কার্যকর সমাধান। অবশ্য, ডার্ক ওয়েবের অস্তিত্ব কিছু ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। স্বৈরাচারী রাষ্ট্রে বসবাসকারী সাংবাদিক, মানবাধিকার কর্মী বা হুইসেলব্লোয়াররা তাদের পরিচয় রক্ষা করে তথ্য ফাঁস বা মতপ্রকাশে ডার্ক ওয়েব ব্যবহার করেন। তাই ডার্ক ওয়েবকে পুরোপুরি অপরাধ জগৎ বলে আখ্যা দেওয়া সমীচীন নয়। বরং এটি একটি দ্বিমুখী জগৎ, যেখানে গোপনীয়তা একইসঙ্গে সুরক্ষা ও বিপদের উৎস।\r\nজিরো ডে অ্যাটাক এবং ডার্ক ওয়েব একে অপরের পরিপূরক। কারণ সাইবার নিরাপত্তার জগতে জিরো ডে অ্যাটাক এবং ডার্ক ওয়েব এই দুটি শব্দ আলাদা হলেও বাস্তবে এরা পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত। অনেক ক্ষেত্রেই এরা একে অপরকে শক্তিশালী করে তোলে। কারণ ডার্ক ওয়েব হচ্ছে সেই গোপন বাজার, যেখানে জিরো ডে দুর্বলতা, এক্সপ্লয়েট, স্পাইওয়্যার এবং ম্যালওয়্যার বেচাকেনা হয়। এমনকি জিরো ডে আবিষ্কার হলেই তা তৎক্ষণাৎ ডার্ক ওয়েবে নিলাম হয়, এবং রাষ্ট্রীয় এজেন্ট, অপরাধী গোষ্ঠী ও প্রতিদ্বন্দ্বী হ্যাকাররা তা কিনে নেয়। তবে জিরো ডে অ্যাটাক যতদিন গোপন থাকে, ততদিন তার মূল্য বেশি। ডার্ক ওয়েব সেই গোপনীয়তা বজায় রাখে।\r\nলেখক : অধ্যাপক এবং তথ্যপ্রযুক্তিবিদ, আইআইটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়