পৃথিবীতে ঠিক কবে প্রথম যুদ্ধ হয়েছিল– নির্ণয় করা কঠিন। তবে প্রাগৈতিহাসিক যুগে, যখন মানুষ ছোট ছোট গোষ্ঠীতে বসবাস করত, তখন থেকেই খাদ্য, জমি বা সম্পদের জন্য সংঘর্ষ হতো। তবে সেগুলো সবসময় সংগঠিত ‘যুদ্ধ’ ছিল না। সংগঠিত যুদ্ধের প্রমাণ পাওয়া যায় প্রাচীন সভ্যতাগুলোর সময় থেকে, প্রায় পাঁচ হাজার বছর আগে।

মেসোপটেমিয়ার নগর রাষ্ট্রগুলোর সংঘর্ষ (বর্তমান ইরাক অঞ্চলে) ছিল প্রথম দিকের নথিভুক্ত যুদ্ধের উদাহরণ। সুমেরীয় অঞ্চলেও ভূমি ও ক্ষমতা দখলের জন্য নিয়মিত যুদ্ধ হতো। প্রাচীন কঙ্কালে অস্ত্রের আঘাতের প্রমাণ ইঙ্গিত করে– মানুষের মধ্যে সংঘর্ষ হাজার হাজার বছর ধরেই চলে আসছে। সে ক্ষেত্রে বলা যায়, যুদ্ধ মানুষের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিবর্তনের অবিচ্ছেদ্য অংশ। সাম্প্রতিক ইতিহাসে যুদ্ধে নিহত মানুষের মোট সংখ্যা নির্ধারণ করাও কঠিন। তবে গবেষকরা একমত, এর মানবিক মূল্য অত্যন্ত বিপুল। শুধু বিংশ শতাব্দীতেই প্রথম, দ্বিতীয় বিশ্বযুদ্ধসহ নানা আঞ্চলিক সংঘাতে সরাসরি যুদ্ধের ফলে ১০ থেকে ২০ কোটি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়। একবিংশ শতাব্দীর প্রথম ২৫ বছরে ইরাক, আফগানিস্তান, সিরিয়া আর ইয়েমেনের মতো দেশে আরও প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়েছে। তবে যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ, রোগ-ব্যাধি এবং বাস্তুচ্যুতির মতো পরোক্ষ কারণে মৃত্যুর ঘটনা যোগ করলে প্রকৃত সংখ্যা সম্ভবত আরও বেশি।

যুদ্ধের আর্থিক ব্যয়ও অত্যন্ত বিপুল। অর্থনীতিবিদ ও সমরবিদরা মনে করেন, কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধেই চার ট্রিলিয়ন ডলারেরও বেশি (২০শ শতকের মাঝামাঝি সময়ের ডলারের হিসেবে) খরচ হয়েছিল। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’-এর একটি গবেষণা অনুযায়ী, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধসহ ৯/১১-পরবর্তী সংঘটিত যুদ্ধগুলোর জন্য দেশটিকে আট ট্রিলিয়ন ডলারেরও বেশি খরচ করতে হয়েছে। কয়েক দিন আগে পেন্টাগন জানায়, ইরানের সঙ্গে যুদ্ধের কেবল প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কমপক্ষে ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার খরচ করেছে। অর্থাৎ চলমান এই যুদ্ধে প্রতি মিনিটে খরচ হছে ১ দশমিক ৩ মিলিয়ন বা ১৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৬ কোটি টাকা। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞকে উদ্ধৃত করে নিউইয়র্ক টাইমস পত্রিকার প্রখ্যাত সাংবাদিক নিকোলাস ক্রিস্টোফ সম্প্রতি একটি মন্তব্য প্রতিবেদনে উল্লেখ করেন, দীর্ঘ মেয়াদে সব খরচ যোগ করলে এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে কমপক্ষে এক ট্রিলিয়ন ডলার বা এক কোটি ২২ লাখ কোটি টাকা খরচ করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এই টাকা দিয়ে বাংলাদেশের আগামী ২৫ বছরের বাজেট মেটানো সম্ভব। যুদ্ধ ব্যয়ের তিন দিনেরও কম ব্যয় দিয়ে মারাত্মক অপুষ্টির সবচেয়ে ভয়াবহ রূপ, যাকে ‘সিভিয়ার ওয়েস্টিং’ বলা হয়, তা অনেকাংশে দূর করা যেত। এতে প্রতিবছর প্রায় ১৫ লাখ শিশুর জীবন রক্ষা পেত। এই যে এত বিপুল অর্থ ও প্রাণের অপচয়; তারপরও বিভিন্ন দেশ কেন যুদ্ধে জড়ায়?

প্রতিটি রাষ্ট্রই বিশ্বাস করে– তারা একটি ‘ন্যায়সংগত যুদ্ধ’ (জাস্ট ওয়ার) লড়ছে। বিশ্বজুড়ে রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়গুলো নৈতিকভাবে ‘ভালো’ ও ‘খারাপ’ যুদ্ধের মধ্যে পার্থক্য করেছে। তারা যুদ্ধকে একটি নৈতিক ও আইনগত প্রক্রিয়া হিসেবে বোঝার চেষ্টা করে। ন্যায়যুদ্ধ তত্ত্ব মূলত তিনটি বিষয়ের মধ্যে সমন্বয়ের চেষ্টা করে। প্রথমত, মানুষের জীবন কেড়ে নেওয়া একটি গুরুতর নৈতিক ভুল। দ্বিতীয়ত, রাষ্ট্রের দায়িত্ব হলো তার নাগরিকদের রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। তৃতীয়ত, নিরীহ মানুষের জীবন রক্ষা এবং গুরুত্বপূর্ণ নৈতিক মূল্যবোধ বজায় রাখতে কখনও কখনও শক্তি ও সহিংসতা ব্যবহারের প্রয়োজন হতে পারে।

কিন্তু বইয়ের এসব তত্ত্বকথা যুদ্ধক্ষেত্রে প্রায়ই অপ্রাসংগিক। পৃথিবীর যে কোনো দেশের সামরিক বাহিনীর উদ্দেশ্যই হচ্ছে মানুষ হত্যা করা। প্রতিটি যুদ্ধের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই লক্ষ্য অর্জনে বিপুল শক্তি প্রয়োগ করতে হয়। মানুষ হত্যা করা বা ধ্বংস সাধন ছাড়া এটি সম্ভব নয়। এমনকি সবচেয়ে আদর্শবাদী রাষ্ট্রও এই মৌলিক সত্য থেকে মুক্ত নয়।

একটি যুদ্ধ কেবল তখনই ন্যায়সংগত হতে পারে, যখন এটি বৈধ কারণের জন্য লড়া হয় এবং যথেষ্ট নৈতিক গুরুত্ব বহন করে। একইভাবে একটি যুদ্ধ প্রথমে ন্যায়হীনরূপে শুরু হলেও পরে ন্যায়সংগত হয়ে উঠতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটি থেকেই যায়, এই অসীম ধ্বংস, অগণিত প্রাণহানি, অমানবিক যন্ত্রণা– এসবের বিনিময়ে আমরা আসলে কী অর্জন করি?

যুদ্ধের বিজয়ীরা হয়তো মানচিত্রে নতুন সীমানা আঁকে; কিন্তু পরাজিত হয় মানবতা নিজেই। ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকে শিশুদের স্বপ্ন, মায়েদের আর্তনাদ, একেকটি জীবনের অমূল্য সম্ভাবনা। হয়তো সময় এসেছে ইতিহাসের এই রক্তাক্ত পাঠ থেকে সত্যিকারের শিক্ষা নেওয়ার। ক্ষমতার অহংকার নয়, সহমর্মিতা; প্রতিশোধ নয়, সংলাপ– এই মূল্যবোধগুলোই হোক আমাদের পথপ্রদর্শক।

ড. মো. আবু নাসের: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, বেকার্সফিল্ডের কমিউনিকেশন্স বিভাগের চেয়ার