আপনার মানিব্যাগ থেকে একটি ডলারের নোট বের করুন এবং এক মুহূর্তের জন্য সেটি হাতের তালুতে ধরে চিন্তা করুন। আপনি যা ধরে আছেন, তা মূলত তুলা ও লিনেন ফাইবারের মিশ্রণ, যার নিজস্ব বস্তুগত মূল্য প্রায় কিছুই নেই। অথচ এই এক টুকরো কাগজের জন্যই ব্রাজিলের কৃষক তার ফসল বিক্রি করে দিচ্ছেন; সৌদি আরবের তেলের শেখরা তাদের মহামূল্যবান খনিজ সম্পদ বিলিয়ে দিচ্ছেন; বাংলাদেশের মানুষ এবং চীনের কারখানার শ্রমিকরা দিনরাত পরিশ্রম করছেন। এই পুরো ব্যবস্থা টিকে আছে একটি মাত্র শব্দের ওপর– বিশ্বাস। অর্থনীতি, মুদ্রণ যন্ত্র কিংবা সুদের হার নয়, বরং পুরো বিশ্ব এই কাগজের টুকরোর ওপর আস্থা রাখতে একমত হয়েছে বলেই এটি আজ বিশ্বকে শাসন করছে।

এই বিশ্বাসের জন্ম কোনো আকস্মিক ঘটনা ছিল না। এর পেছনে ছিল চরম ক্ষমতা ও চতুর কৌশল। বিশেষ করে ১৯৭৪ সালের মরুভূমির উত্তাপে করা একটি চুক্তি আমেরিকান ডলারকে সেই দ্বিতীয় জীবন দিয়েছিল, যা আজ ‘পেট্রোডলার সিস্টেম’ নামে পরিচিত। কিন্তু ৫০ বছর ধরে বিশ্ব অর্থনীতি সচল রাখার পর এখন সেই সিস্টেমে ফাটল ধরতে শুরু করেছে। এটি কোনো নাটকীয় সিনেমার মতো হুট করে ভেঙে পড়ছে না, বরং অত্যন্ত ধীর ও নীরবে একটি কাঠামোগত পরিবর্তন ঘটছে, যা আপনার সঞ্চয়, অবসরকালীন পরিকল্পনা এবং নিত্যপণ্যের দামের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

এই পেট্রোডলার ব্যবস্থা কয়েক দশক ধরে আমেরিকাকে এক ‘অত্যধিক বিশেষাধিকার’ প্রদান করেছে। যেহেতু জ্বালানি কিনতে বিশ্বের প্রতিটি দেশের ডলারের প্রয়োজন, তাই বিশ্ববাজারে ডলারের একটি চিরস্থায়ী চাহিদা তৈরি হয়েছিল। এর ফলে আমেরিকা তার সামর্থ্যের বাইরে খরচ করতে পেরেছে; বড় বড় যুদ্ধ পরিচালনা করতে পেরেছে এবং বিশাল বাণিজ্যিক ঘাটতি থাকা সত্ত্বেও ডলারের মান ধরে রাখতে পেরেছে। কারণ বাকি বিশ্ব কেবল বাণিজ্যে অংশ নেওয়ার জন্যই সেই ডলারগুলো শোষণ করে নিয়েছে। কিন্তু ১৯৯০-এর দশকের শেষ দিকে ইউরোর জন্ম এবং বিশেষ করে ২০০৮ সালের বিশ্ব আর্থিক মন্দা এই একাধিপত্যের ভিত নাড়িয়ে দেয়। চীন ও রাশিয়ার মতো উদীয়মান শক্তিগুলো বুঝতে শুরু করে, ডলারের ওপর অতিরিক্ত নির্ভরতা তাদের নিজেদের অর্থনীতির জন্য একটি বিশাল ঝুঁকি হতে পারে। বেইজিং তখন থেকেই অত্যন্ত ধৈর্যের সঙ্গে ইউয়ানকে আন্তর্জাতিকীকরণের কাজ শুরু করে এবং ডলার-শাসিত সুইফট নেটওয়ার্কের বিকল্প হিসেবে নিজস্ব পেমেন্ট সিস্টেম তৈরি করে।

তবে প্রকৃত পরিবর্তনের নাটকীয় মোড় আসে ২০২২ সালে, ইউক্রেন যুদ্ধের পর। পশ্চিমা বিশ্ব যখন রাশিয়ার কয়েকশ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাতারাতি জব্দ করে দিল, তখন সারাবিশ্বের অর্থ মন্ত্রণালয়গুলোর কাছে একটি বার্তা অত্যন্ত পরিষ্কার হয়ে গেল– ডলার আর কোনো নিরাপদ বা নিরপেক্ষ সম্পদ নয়, বরং এটি ওয়াশিংটনের একটি রাজনৈতিক অস্ত্র। যে সরঞ্জাম ৫০ বছর ধরে জাতীয় সঞ্চয়ের নিরাপদ আধার হিসেবে পরিচিত ছিল, তা হঠাৎ একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে আত্মপ্রকাশ করল। এই উপলব্ধি একবার হয়ে যাওয়ার পর কোনো আশ্বাস দিয়েই আর আগের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি। এর ফলে শুরু হলো ‘ডি-ডলারাইজেশন’ বা ডলার বর্জনের এক নতুন জোয়ার। ভারত এখন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রুপিতে তেলের দাম মেটাচ্ছে; চীন ও রাশিয়া তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যের বড় অংশ নিজস্ব মুদ্রায় সরিয়ে নিয়েছে। এমনকি ব্রিকস জোটের সদস্য দেশগুলো এখন নিজেদের মধ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্যের কথা প্রকাশ্যে ঘোষণা করছে। সৌদি আরবও এখন আর কেবল ডলারের বৃত্তে সীমাবদ্ধ থাকতে চাইছে না, বরং তারা চীনের সঙ্গে ইউয়ানে তেল বিক্রির আলোচনা এগিয়ে নিচ্ছে।

অনেকে মনে করছেন, ডলারের আধিপত্য হয়তো কালই শেষ হয়ে যাবে। বাস্তব তথ্য বলছে অন্য কথা। বর্তমানে বিশ্ব রিজার্ভে ডলারের অংশ ৭০ শতাংশ থেকে কমে ৫৭ শতাংশে নেমেছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এটি একটি বাস্তব এবং কাঠামোগত পতন হলেও ডলার এখনও ইউরো বা ইউয়ানের চেয়ে বহুগুণ এগিয়ে। ডলারের এই পতন অত্যন্ত ধীরগতির হবে। কারণ এর পেছনে রয়েছে কয়েক দশকের ‘নেটওয়ার্ক ইফেক্ট’। সবাই ডলার ব্যবহার করে। কারণ অন্য সবাই এটি গ্রহণ করে। তবে সবচেয়ে বড় সংকেতটি পাওয়া যাচ্ছে স্বর্ণের বাজারে। তিন বছর ধরে বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনছে। স্বর্ণ হলো এমন এক সম্পদ, যাকে কেউ জব্দ করতে পারে না বা যার ওপর ওয়াশিংটন থেকে নিষেধাজ্ঞা দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় ব্যাংকগুলোর এই স্বর্ণপ্রীতিই প্রমাণ করে, তারা আর ডলারকে তাদের জাতীয় সম্পদের একমাত্র নিরাপদ জায়গা হিসেবে মনে করছে না।

সাইফুল হোসেন: অর্থনীতি বিশ্লেষক, ফাইন্যান্স ও বিজনেস স্ট্র্যাটেজিস্ট