শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে বিএনপি ও জিয়া পরিবারের প্রতি যে অত্যাচার, জুলুম, নির্যাতন এবং নির্মমতা দেখানো হয়েছে, তার পেছনে ভারতের সমর্থন ছিল বলেই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। সে সময় অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনাকে রাজি করাতে বিএনপির কোনো কোনো নেতা ভারতের দ্বারস্থ হয়েছিলেন বলে শোনা যায়। কিন্তু সেখান থেকে কোনো পজিটিভ সিগনাল পাওয়া যায়নি। অথচ, সেই খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে শরিক হতে স্বয়ং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয় সঙ্করের বাংলাদেশে আগমন এবং খালেদা জিয়ার সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শোকবার্তা পৌঁছে দেয়াÑ অনেকটাই অভাবিত। এই শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খালেদা জিয়ার ভূয়সী প্রশংসা করেছেন, পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়নের বিশেষ বার্তাও দিয়েছেন। এদিকে দিল্লির অন্যতম প্রভাবশালী মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ দূতাবাসে গিয়ে খালেদা জিয়ার জন্য খোলা শোক বইতে স্বাক্ষর করেছেন। শোক বইয়ে রাজনাথ সিং খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে লিখেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে বিশেষ অবদান রেখে গেছেন খালেদা জিয়া। ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারে তার অবদান আগামী দিনগুলোতে স্মরণ করা হবে।

বিএনপি ও খালেদা জিয়ার জন্য ভারতের এই আচরণ ঢাকা-দিল্লি সম্পর্কের গুরুত্বপূর্ণ বাঁক বদল কিনা তা নিয়ে দেশে-বিদেশে ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। ৩৬ জুলাই পরবর্তীকালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধে জড়িত নেতাকর্মীদের এবং বাংলাদেশে অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের আশ্রয় দেয়া এবং বাংলাদেশবিরোধী ব্যাপক প্রচারণা, শেখ হাসিনার উস্কানিমূলক মুখ বন্ধ করার ব্যাপারে বাংলাদেশের পুনঃ পুনঃ অনুরোধ উপেক্ষা ইত্যাদির কথা কারো অজানা নেই। খালেদা জিয়া বেঁচে থাকা পর্যন্ত ভারত এই রকম নমনীয় আচরণ দেখায়নি।

তাঁর মৃত্যুর পর ভারত যেভাবে তাকে স্মরণ করছে, তা কেবলই কূটনৈতিক শিষ্টাচার বলে রাজনৈতিক বিশেষজ্ঞগণ মনে করছেন না। তাদের মতে, এর মাধ্যমে ভারত বাংলাদেশ বিষয়ে নীতিগত পরিবর্তনের আভাস দিয়েছে। এ ব্যাপারে বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেছেন, ‘হঠাৎ করে তারা সব কিছু পেছনে ফেলে ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়তে চাইছে, তা ভাবার কোনো কারণ নেই। আসলে তাদের সামনে কোনো বিকল্প নেই। জুলাই বিপ্লবে হাসিনার পতনের মাধ্যমে বাংলাদেশ ইস্যুতে ভারতেরও রাজনৈতিক পরাজয় হয়েছে। সম্প্রতি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের চেষ্টা এবং খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে মোদি সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে আমার মনে সন্দেহ আছে।’ আরেকজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেছেন, ‘ভারত এখনো জুলাই বিপ্লবকে মেনে নিতে পারেনি। তারা জুলাই বিপ্লবের স্পিরিটকে ব্যর্থ করতে চায়। জুলাই বিপ্লব কেবল হাসিনার নয়, দিল্লিরও পরাজয় ঘটিয়েছে। তাই দিল্লির আগামী দিনের পদক্ষেপের ওপর আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।’

এই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন লেখালেখি হচ্ছে, ভারত কি বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, ঠিক তখনই সামনে এলো এক নতুন তথ্য। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে ভারতীয় সাংবাদিককে দেয়া এক সাক্ষাৎকারে একটি প্রশ্নের উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, ২০২৫ সালে তাঁর বাইপাস সার্জারির পর ভারতের দুজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছিলেন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, নিজের বাসভবনে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ওই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। ওই সাক্ষাৎকারে জামায়াতের আমির রয়টার্সকে আরো বলেন, ‘অন্যান্য দেশের কূটনীতিকেরা যেমন প্রকাশ্যে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ভারতীয় কূটনীতিকরা তেমনটি করেননি। ভারতীয় ওই কর্মকর্তারা বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন।’

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বাংলাদেশ ও ভারতে জামায়াতে ইসলামীকে প্রবল ভারতবিরোধী একটি রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয়। এই দলটির নেতাকর্মীদের রাজনৈতিক বক্তব্যে ভারতবিরোধী উত্তাপ ও উপাদান থাকে। ফলে এই বৈঠককে ঘিরে সকলের মাঝে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়েছে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও জামায়াতের আমির আরো কিছু বিষয় প্রকাশ করেননি। যেমন, তিনি কার কার সাথে বৈঠক করেছিলেন? তারা কোন ধরনের কূটনীতিক? তারা কি বাংলাদেশে দায়িত্বরত, নাকি ভারত থেকে সরাসরি এসেছিলেন? তারা কি ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে জড়িত? উভয় পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে? কোন বিশেষ প্রেক্ষাপটে এই আলোচনা বা বৈঠকের খবর গোপন রাখতে অনুরোধ করেছিলেন ওই ভারতীয় কূটনীতিকরা? কী এমন বিশেষ জরুরি বিষয় ছিল এখানে? জামায়াতের আমির কেন তা প্রকাশ করেননি অথবা কেন উক্ত ভারতীয় কূটনীতিকদের অনুরোধ এতদিন মেনে এসেছিলেন এবং কেনই বা এতদিন পরে এখন প্রকাশ করলেন? এছাড়াও আরো কিছু প্রশ্ন রয়েছে যেমন, জামায়াতে ইসলামীর ভারত সম্পর্কে বা ভারতের জামায়াত ইসলামী সম্পর্কে নীতিগত কোনো পরিবর্তন হয়েছে কিনা? বৈঠকে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কীনা, হলে সেটা কী?

সাধারণত কোনো একটি রাজনৈতিক দলের সাথে অন্য দেশের কূটনীতিকদের আভ্যন্তরীণ বিষয়ে বৈঠক কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তবে বাংলাদেশের সরকার ও রাজনৈতিক দলগুলো এটাকে সাধারণ বিষয়ে ও আমাদের সংস্কৃতি বানিয়ে ফেলেছে। এদেশের সরকার ও রাজনৈতিক দলগুলো নিয়মিতভাবে আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়াদি নিয়ে বিদেশি কূটনীতিকদের সাথে আলাপ-আলোচনা ও বৈঠক করে ব্রিফিং করে এবং তাদের কাছে সহায়তা চায়। এই সুযোগ নিয়ে বিদেশি কূটনীতিকরাও বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে হস্তক্ষেপ করে থাকে। অসুস্থ থাকার সময় জামায়াতের আমিরের সাথে যে সমস্ত বিদেশি কূটনীতিক সাক্ষাৎ করেন তা প্রকাশ্যেই হয়েছে। কিন্তু আলোচিত ভারতীয় কূটনীতিকরা কে ছিলেন এবং কেন তাদের আলোচনা পর্বটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন সেটি একটি মিলিয়ন ডলার প্রশ্ন। লেখক ও ইউটিউবার গৌতম দাস একটি অনলাইন টকশোতে দাবি করেছেন, লন্ডনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর সাবেক কর্মকর্তা অমিতাভ মাথুরের সাথে বৈঠক হয়েছে। তিনি এটি নিশ্চিত করে বলেছেন। তবে এটা গণমাধ্যমে আলোচিত হয়নি। কাজেই বাংলাদেশেও বিগত আগস্ট মাসে যে ভারতীয় কূটনীতিকরা ডা. শফিকুর রহমানের সাথে দেখা করেছেন তারা একই শ্রেণীর কর্মকর্তা ছিলেন কিনা সে প্রশ্ন উঠেছে। সেই সাথে ভারতের সাথে সম্পর্ক তৈরির ব্যাপারে ডা. শফিকুর রহমানের প্রকাশ্যে দেয়া একাধিক বক্তব্যের সাথে এই বৈঠকের কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটাও মিলিয়ে দেখা যেতে পারে।

অনেকের মতে, দীর্ঘ ছয় মাস পরে জামায়াত আমিরের এই বৈঠকের কথা ফাঁস করার পিছনে সুনির্দিষ্ট কিছু কারণ থাকতে পারে। প্রথমত রুমা পাল নামে ভারতীয় এই সাংবাদিক জামায়াতের আমিরকে ওই বৈঠকের ব্যাপারে সুনির্দিষ্ট প্রশ্ন করেছিলেন, যার উত্তরে তিনি স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছিলেন। আবার কারো মতে, জামায়াতের সাথে উক্ত বৈঠকে যে সকল আলোচনা বা সমঝোতা হয়ে থাকতে পারে সেগুলো বর্তমান সময়ে কিছুটা ব্যত্যয় ঘটায় তিনি হয়তো এই বৈঠকের কথা ফাঁস করেছেন। অনেকের মতে, বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আগমন এবং তারেক রহমানের সাথে বৈঠকের কারণে দেশের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হতে পারে যে, ভারত আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে পছন্দ করেছে এবং তাকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, বিষয়টি জামায়াতের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে পারে। ফলে এই পরিস্থিতিতে নেতাকর্মীদের চাঙ্গা করতেই তিনি ওই বৈঠকের কথা প্রকাশ করে সবাইকে বোঝাতে চাইলেন যে, ভারত কেবল বিএনপির সাথে না জামায়াতের সাথেও আলাপ-আলোচনা করছে। এগুলো হাইপোথিসিস এবং প্রকৃত কারণ উক্ত দুই পক্ষের বাইরে আর কারো জানার উপায় আছে বলে মনে হয় না।

তবে জামায়াতের আমিরের ওই বৈঠকের গোপনীয়তা রক্ষা করার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। আমরা আমাদের রাজনৈতিক অঙ্গনে এরকম আরো একটি ঘটনার নতিজা দেখতে পাই। তিন দিনের ভারত সফর শেষে ২০২৩ সালের ২৩ আগস্ট দেশে ফিরে সাংবাদিকদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘আমি ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলোচনা হয়েছে। সেই আলাপ কার সঙ্গে হয়েছে এবং কী বিষয়ে হয়েছে, সেটি বিস্তারিত কিছু বলতে পারব না। তাঁরা যদি প্রকাশ করতে চান, করবেন। কিন্তু তাঁদের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না।’ দেশের মানুষ আশা রাখে, উল্লেখিত প্রশ্নগুলোর উত্তর দিতে জামায়াতের আমিরের কারো অনুমতির প্রয়োজন হবে না।

palash74@gmail.com