যে যুদ্ধকে ওয়াশিংটন ‘মহাকাব্যিক উন্মত্ততা’ এবং তেহরান ‘চতুর্থ প্রকৃত প্রতিশ্রুতি’ নাম দিয়েছে, তার ৪০তম দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিয়েছে। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতিতে কোনো ক্ষেপণাস্ত্র হামলা বা বিমান হামলা হবে না। এছাড়া শুক্রবার আলোচকরা ইসলামাবাদে মিলিত হবেন বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

ফেব্রুয়ারির শেষের পর এই প্রথম জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের অনুমতি দেওয়া হবে। এই যুদ্ধবিরতিতে ইরানের ১০ দফা শান্তিপ্রস্তাব স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বিশ্ব একটি কূটনৈতিক রূপরেখার মতো কিছু একটা পেয়েছে। তবে এই চুক্তির কাঠামো খতিয়ে দেখার আগে সংঘাতের উৎস, এর আইনি ভিত্তি এবং শেষ পর্যন্ত এর ব্যয়ভার কারা বহন করেছিল তা দেখা দরকার।

এই যুদ্ধটি মার্কিন-ইরান দীর্ঘদিনের সংঘাত থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত হয়নি, যা ৪৭ বছর ধরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি সংজ্ঞায়িত করেছে। এটি ইরানের কোনো নির্দিষ্ট আগ্রাসী কর্মকাণ্ডের ফল ছিল না, কিংবা শক্তি প্রয়োগকে বৈধতা দেওয়ার জন্য আন্তর্জাতিক আইনের প্রয়োজনীয় পদ্ধতিগত কাঠামোও অনুসরণ করেনি। বরং এই ধারা সৃষ্টি হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর পরবর্তী ইসরায়েলের কৌশলগত মতবাদ থেকে। এই ধারাকে ইসরায়েলি পরিকল্পনাকারীরা নীরবে ‘হুমকি নির্মূল করা’ বলে তুলে ধরেছিলেন। আর তাদের মতে, এটি ছিল অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত বিষয়গুলোকে নিষ্ক্রিয় করার একটি সুপরিকল্পিত অভিযান, যার মধ্যে ইরানকে সবচেয়ে গুরুতর বলে মনে করা হতো।

সামরিক সক্ষমতা জুগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল দিয়েছিল কৌশলগত যুক্তি। কেউই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন, জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদের অধীনে আত্মরক্ষার বিশ্বাসযোগ্য দাবি, কিংবা আন্তর্জাতিক আইনের ন্যূনতম শর্ত পূরণ করতে পারে এমন কোনো আইনি কাঠামো প্রদান করেনি। এটি ছিল একটি পরিকল্পিত যুদ্ধ। আর বেশিরভাগ সাজানো যুদ্ধের মতোই, এটিকে দেশীয় ও আন্তর্জাতিক মহলে প্রয়োজনীয়তা এবং পূর্বপ্রস্তুতিমূলক ভাষায় তুলে ধরা হয়েছিল। এর পরিণতি অনুমান করা কঠিন ছিল না। ইরানের সামরিক অবকাঠামো দুর্বল হয়ে পড়েছে এবং অর্থনীতি ক্রমবর্ধমান চাপের মধ্যে; সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক পথ নিয়ন্ত্রণকারী যেকোনো রাষ্ট্রের মতোই দেশটি প্রতিক্রিয়া দেখিয়েছিল। তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। আঞ্চলিক নিরাপত্তার নামে শুরু হওয়া এই অভিযানটি দ্রুতই বিশ্ব অর্থনীতিতে কয়েক দশকের মধ্যে অন্যতম গুরুতর জ্বালানি সংকট তৈরি করে, যার রেশ টোকিও, বার্লিন ও সাও পাওলোর বাজারজুড়ে অনুভূত হয়েছিল। ইরানের ১০-দফা শান্তি কাঠামো, যা এখন যুদ্ধবিরতি চুক্তির অন্তর্ভুক্ত, তা পশ্চিমা ভাষ্যের বৈশিষ্ট্যপূর্ণ সরলীকৃত দৃষ্টিভঙ্গির পরিবর্তে নিজস্ব আঙ্গিকে বিশ্লেষণের দাবি রাখে।

প্রস্তাবটি কয়েকটি পরস্পর সংযুক্ত দাবির ওপর ভিত্তি করে রচিত হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে, ইরানের ভূখণ্ডে ভবিষ্যতে সামরিক হামলার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক নিশ্চয়তা; সাময়িক স্থগিতাদেশের পরিবর্তে শত্রুতার স্থায়ী অবসান; লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা; মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার; এবং ইরানের মিত্রদের আঞ্চলিক সংঘাত বন্ধ করা। এসব শর্তের বিনিময়ে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, নিরাপদ সামুদ্রিক চলাচলের জন্য একটি বিধিবদ্ধ কাঠামো প্রতিষ্ঠা করা, ওমানের সাথে ট্রানজিট ফি ভাগ করে নিতে এবং সেই রাজস্ব ক্ষতিপূরণ আদায়ের পরিবর্তে পুনর্গঠনের কাজে ব্যবহার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

যে বিষয়টি নিয়ে গুরুতর বিতর্কের অবকাশ নেই, তা হলো অঞ্চলটির কাঠামোগত পরিবর্তন ঘটেছে। শক্তি প্রয়োগের আইনি নিয়মগুলো একেবারে ভেঙ্গে না পড়লেও চাপের মুখে পড়েছিল। ছোট রাষ্ট্রগুলো এমন এক সংঘাতের কারণে মূল্য দিতে হয়েছে, যা প্রতিরোধ করার ক্ষমতা তাদের ছিল না। আর কূটনৈতিক পুঁজি, অর্থনৈতিক ক্ষতি ও প্রাণহানির পূর্ণাঙ্গ হিসাব এখনও অসম্পূর্ণ।

দশ দফা প্রস্তাব চল্লিশ দিনের ধ্বংসযজ্ঞকে পাল্টে দিতে পারবে না। কিন্তু যদি ইসলামাবাদের মধ্যস্ততা সফল হয়, এবং রাজনৈতিক শৃঙ্খলা যদি উভয় পক্ষই দেখাতে পারে, তবে প্রণালীটি হয়তো খোলা থাকবে, বাণিজ্য পুনরায় শুরু হতে পারে। তাছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় একটি অবৈধ যুদ্ধের জন্য জবাবদিহিতা প্রতিষ্ঠার ধীর ও কঠিন কাজটি শুরু করতে পারবে। আর যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে তার চেয়ে আরও টেকসই কিছু নির্মাণ করতে পারবে।

মাহজুব জুইরি: ইরান ও মধ্যপ্রাচ্যের রাজনীতি বিশেষজ্ঞ; আলজাজিরা থেকে ভাষান্তর ইফতেখারুল ইসলাম